একটি ঘুড়িকে আকাশে ওড়াতে যেমন আস্তে আস্তে সুতা ছাড়তে হয়, ঠিক এমনই বিনিয়োগ তাঁর ব্যবসায়িক উন্নয়নে। বড় পরিসরে ব্যবসা শুরু না করে ক্ষুদ্র পর্যায় থেকে ধীরে ধীরে বাড়িয়েছেন ব্যবসার পরিধি। তবে কাউকে অনুকরণ করে নয়। বরং নিজের বুদ্ধি ও কৌশলকে সম্বল করেই পরিচালনা করছেন ব্যবসা। তাঁর এই বুদ্ধিদীপ্ত মনোভাবের কারণে সফল একজন নির্মাণপণ্য ব্যবসায়ী হিসেবে আজ তিনি সুপ্রতিষ্ঠিত। বন্ধন-এর নিয়মিত আয়োজন ‘সফল যাঁরা কেমন তাঁরা’ পর্বের এবারের সফল ব্যবসায়ী আলহাজ খাঁন ওবাইদুল ইসলাম। নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ড, আশুলিয়া রোড, সাভারের ‘খাঁন ট্রেডিং কর্পোরেশন’-এর স্বত্বাধিকারী। আকিজ সিমেন্ট কোম্পানির আঞ্চলিক জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তা এ কে এম রউফকে সঙ্গী করে জানাবো তাঁরই ব্যবসায়িক সফলতার রহস্য!
ব্যবসায়ী আলহাজ খাঁন ওবাইদুল ইসলামের জন্ম ১৯৭১ সালের ৪ জুলাই ভান্ডারিয়া, পিরোজপুরে। বাবা মরহুম আবদুল মান্নান খাঁন ও মা মোছা. লুৎফুন্নেসা। বাবা ছিলেন স্থানীয় স্কুল শিক্ষক। পাঁচ বোন তিন ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। ১৯৮৭ সালে নদমুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৮৯ সালে ভান্ডারিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর একই কলেজ থেকে ১৯৯২ সালে স্নাতক সম্পন্ন করেন। বছর কয়েক পর জীবিকার তাগিদে পাড়ি জমান সিঙ্গাপুরে। দীর্ঘ ৯ বছর প্রবাসজীবন কাটিয়ে ফিরে আসেন দেশে। বড় ভাইয়ের ব্যবসার সুবাদে একপর্যায়ে তিনি ২০০৬ সালে শুরু করেন নির্মাণপণ্য ব্যবসা। এই ব্যবসাটিই তাঁকে এনে দেয় অভাবনীয় সাফল্য। বর্তমানে তিনি আকিজ সিমেন্টের সাভার-৩ টেরিটরির একজন সফল ডিস্ট্রিবিউটর।
খাঁন ওবাইদুল ইসলাম প্রথম দিকে খুচরা পর্যায়ে আকিজ সিমেন্ট বিক্রি করতেন। এরপর গ্রহণ করেন পণ্যটির রিটেইল ডিলারশিপ। বিক্রয় পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন প্রতিষ্ঠানটির প্রাইম সেলার। পণ্যটির অনন্য সম্ভাবনা উপলব্ধি করে ২০১৭ সালে তিনি গ্রহণ করেন ডিলারশিপ এরপরই হন ডিস্ট্রিবিউটর। শুরু থেকেই ব্যবসার প্রতিটি পর্যায়ে তিনি অর্জন করেছেন সাভার এলাকার সেরা বিক্রেতার স্বীকৃতি। গুণগতমানের এ পণ্যটিই তাঁকে এনে দিয়েছে অনন্য ব্যবসায়িক সাফল্য। সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি কোম্পানির পক্ষ থেকে পেয়েছেন মোটরসাইকেল, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, মাইক্রোওভেন, নগদ টাকা প্রভৃতি। এ ছাড়া প্রতিবছর কোম্পানির দেওয়া নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করায় পেয়েছেন সুইজারল্যান্ড, ফ্রান্স, দুবাই, তুরস্ক, থাইল্যান্ড, নেপালসহ নানা দেশ ভ্রমণের অফার।
ব্যবসায় সাফল্য পেতে বৃদ্ধি করতে হবে পণ্য বিক্রির পরিমাণ, আর অধিক পণ্য বিক্রি করতে বাড়াতে হবে ক্রেতাদের সঙ্গে সম্পৃক্ততা। ক্রেতাদের সঙ্গে উত্তম আচার-ব্যবহারের মাধ্যমেই গড়ে ওঠে ভালো সম্পর্ক। তা ছাড়া ব্যবসায়িক উন্নয়নে কমিটমেন্টও অনেক গুরুত্বপূর্ণ। আর এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বসহকারে পালন করেন ব্যবসায়ী ওবাইদুল ইসলাম। এটাই মূলত তাঁর উন্নতির চাবিকাঠি। অনেক ক্রেতাকে তিনি বিশ্বাস করে বাকিতে পণ্য দিয়েছেন কিন্তু আগে নিশ্চিত হয়েছেন তাঁরা তা পরিশোধ করবেন কি না। ক্রেতারাও সে বিশ্বাসের মর্যাদা রেখেছেন। তিনি মনে করেন, ‘ব্যবসা করলে সেবামূলক মানসিকতা থাকতে হবে। কোম্পানি আমাদের যে সুযোগ দেয়, আমাদেরও উচিত অভাবগ্রস্ত ক্রেতাদেরও সে সুযোগ দেওয়া। তাহলেই আসবে সমতা।’ অনেক সময় তিনি দরিদ্র ক্রেতাদের কাছ থেকে মুনাফা নেন না। এসব মানবিক পদক্ষেপ ও কৌশলই তাঁকে একজন সফল ব্যবসায়ী হতে সহায়তা করেছে।
ব্যবসায়ী ওবাইদুল ইসলাম বিয়ে করেন ২০০৮ সালে। স্ত্রী নাঈমা সুলতানা। এ দম্পতির দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে শারিহা ইসলাম জিম, তালিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মেজ ছেলে ইমাম হাসান তানজিল একই মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ছে। ছোট মেয়ে তাইফা ইসলাম, বয়স এক বছর। ব্যবসায় তিনি অনেক ব্যস্ত থাকেন। তা সত্ত্বেও সামাজিক ও ধর্মীয় কাজে রয়েছে তাঁর সরব পদচারণা। তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। যেগুলো তিনি নিজেই পরিচালনা করেন।
সিমেন্ট ব্যবসা ছাড়াও খান ওবাইদুল ইসলাম রড, হার্ডওয়্যার ও স্যানিটারিসামগ্রী বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত। আকিজ সিমেন্ট ছাড়াও বর্তমানে তিনি কেএসআরএম, লিরা পিভিসি পাইপ, হাতিম জিআই পাইপ, আরএফএল পিভিসি, গাজী ট্যাংকসহ কয়েকটি নির্মাণপণ্যের স্থানীয় ডিলার। বর্তমানে তাঁর রয়েছে তিনটি শোরুম ও তিনটি গোডাউন। প্রায় ২৫ জন শ্রমিক-কর্মচারী জড়িত তাঁর এসব ব্যবসার সঙ্গে। নির্মাণপণ্য ব্যবসা বেশ লাভজনক বিধায় বাড়াতে চান ব্যবসায়িক পরিসর। বিশেষ করে সিমেন্ট ব্যবসাটি ব্যাপক আকারে করতে চান। সে অনুযায়ী পরিকল্পনা ও সবার সঙ্গে পরামর্শ করছেন। তাঁর এমন সব শুভ ইচ্ছে যেন পূরণ হয় তেমনটাই চাওয়া ‘বন্ধন’ পরিবারের।
একনজরে
- ব্যবসাপ্রতিষ্ঠানের নাম: খাঁন ট্রেডিং কর্পোরেশন
- অবস্থান: নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ড, আশুলিয়া, সাভার
- ব্যবসা শুরু: ২০০৬
- পণ্য: সিমেন্ট, রড, হার্ডওয়্যার ও স্যানেটারী পণ্য
সাফল্যসূত্র
ব্যবসায়িক সাফল্য পেতে বাড়িয়েছেন পণ্য বিক্রির পরিমাণ, আর অধিক পণ্য বিক্রি করতে হলে থাকতে হবে ক্রেতা সম্পৃক্ততা ও সখ্যতা। ক্রেতাদের সঙ্গে উত্তম আচার-ব্যবহারের মাধ্যমেই গড়ে ওঠে সুসম্পর্ক। এ ছাড়াও ব্যবসায়িক উন্নয়নে কমিটমেন্ট পালনও সফল এ ব্যবসায়ীর সফলতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
প্রকাশকালঃ বন্ধন, ১২২তম সংখ্যা, অক্টোবর ২০২০