যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরকে বলা হয় মিউজিক সিটি। সংগীতই এই নগরের পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। সেই শহরের কাম্বারল্যান্ড নদীর পূর্ব তীরে নতুন টেনেসি পারফর্মিং আর্টস সেন্টার (টিপিএসি) শুধু একটি পারফরম্যান্স ভেন্যু নয়। এটি হতে যাচ্ছে শিল্প, জনপরিসর ও নগরজীবনের একটি নতুন স্থাপত্যিক সংযোগস্থল।
আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান বিয়ার্কে ইঙ্গেলস গ্রুপ (বিআইজি), উইলিয়াম রন অ্যাসোসিয়েটস এবং হেস্টিংস আর্কিটেকচারের যৌথ নকশায় নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটি ন্যাশভিলের পূর্ব তীরের পুনঃউন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিকল্পিত।
প্রায় ৩ লাখ ৭ হাজার বর্গফুট আয়তনের এই সাংস্কৃতিক কমপ্লেক্সটি কাম্বারল্যান্ড নদীর তীরে, কাম্বারল্যান্ড পার্ক এবং নিশান স্টেডিয়ামের কাছাকাছি অবস্থিত হবে। নির্মাণকাজ ২০২৭ সালে শুরু এবং ২০৩০ সালে ভবনটি চালুর পরিকল্পনা রয়েছে। স্থপতিদের।
মূল আকর্ষণ অ্যালুমিনিয়াম পাইপের সম্মুখভাগ
টিপিএসি’র নকশার সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো এর ভাস্কর্যধর্মী বহিরাবরণ। ভবনের চারপাশে বাঁকানো ও বিভিন্ন উচ্চতায় বিন্যস্ত অসংখ্য প্রতিফলক অ্যালুমিনিয়াম পাইপ। দূর থেকে এগুলোকে একসঙ্গে দেখলে মনে হয় ভবনটি যেন একটি বিশাল পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে।
এই সামনের অংশের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্যিক ইঙ্গিত হলো অর্গান বাঁশির পাইপ। বিভিন্ন ব্যাস ও উচ্চতার ধাতব পাইপের মতো উপাদানগুলো ন্যাশভিলের সংগীতনির্ভর সাংস্কৃতিক পরিচয়কে বিমূর্তভাবে প্রকাশ করে। ফলে সম্মুখভাগ কেবল সৌন্দর্য সৃষ্টির জন্য ব্যবহৃত কোনো অলংকার নয়; এটি ভবনের কার্যক্রম ও শহরের সাংস্কৃতিক পরিচয়ের মধ্যকার একটি স্থাপত্যিক ভাষাও তৈরি করে।
আবার কিছু জায়গায় এই সম্মুখভাগ উপরের দিকে উঠে গিয়ে প্রবেশপথ ও ছাউনি তৈরি করেছে। ফলে বাইরের ‘পর্দা’ যেন দর্শনার্থীদের জন্য নিজেই খুলে যাচ্ছে। স্থাপত্যের ভাষায় এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ—কারণ একটি পারফর্মিং আর্টস বিল্ডিং সাধারণত মঞ্চের ভেতরের জগতকে বাইরের শহর থেকে আলাদা করে। কিন্তু টিপিএসির নকশা সেই বিভাজনকে যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করেছে।

ভবনের কেন্দ্রেই পারফরম্যান্স
টিপিএসির পরিকল্পনায় চারটি প্রধান পারফরম্যান্স স্পেস রাখা হয়েছে। এগুলো হলো একটি বহুমুখী গ্র্যান্ড ব্রডওয়ে থিয়েটার, একটি নৃত্য ও অপেরা হল, একটি নমনীয় ব্ল্যাক-বক্স থিয়েটার এবং একটি অন্তরঙ্গ ক্যাবারে স্থান। এর পাশাপাশি রয়েছে রিহার্সেল স্টুডিও, ক্লাসরুম এবং অন্যান্য প্রয়োজনীয় জায়গা।
এই বিন্যাসের বিশেষত্ব হলো—পারফরম্যান্স ভেন্যুগুলো ভবনের মূল কেন্দ্রে সংগঠিত, আর চারপাশের জায়গাগুলো দর্শনার্থী ও সাধারণ মানুষের চলাচল, মিলন ও সামাজিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত। অর্থাৎ টিপিএসিকে শুধু ‘শো দেখার ভবন’ হিসেবেই নয়, একটি কালচারাল ক্যাম্পাস হিসেবে বিবেচনা করা হয়েছে।
ভবনটি ন্যাশভিল ব্যালে, ন্যাশভিল অপেরা এবং ন্যাশভিল রেপার্টরি থিয়েটারের নতুন আবাস হিসেবেও কাজ করবে। একই সঙ্গে ব্রডওয়ে শো, নৃত্য, নাটক, অপেরা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।
শহর ও নদীর মধ্যে নতুন সংযোগ
স্থাপত্যটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ন্যাশভিল নগরকে একীভূতকরণ। টিপিএসি এমনভাবে পরিকল্পিত যে ভবনটি বিভিন্ন দিক থেকে মানুষের জন্য প্রবেশযোগ্য হবে। বাইরের সিঁড়ি ভবনকে নদীর তীরের সঙ্গে যুক্ত করবে এবং ছাদ থেকে কাম্বারল্যান্ড নদী এবং ন্যাশভিলের আকাশ দেখা যাবে।
এখানে ভবনটি নিজেকে একটি বিচ্ছিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করছে না। বরং রাস্তা, পার্ক, নদী ও আশপাশের জনপরিসরের সঙ্গে ধারাবাহিক সম্পর্ক তৈরি করছে। এই ধারণাটি আধুনিক নাগরিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা—যেখানে ভবন শুধু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নয়, পুরো শহরের মানুষের জন্য একটি সামাজিক অবকাঠামো হয়ে ওঠে।
আলোর সঙ্গে পরিবর্তনশীল সম্মুখভাগ
প্রতিফলনযোগ্য অ্যালুমিনিয়ামের পাইপ দিনের আলো, সূর্যের কোণ এবং দর্শকের অবস্থানের সঙ্গে ভিন্ন ভিন্ন চেহারা তৈরি করবে। ফলে ভবনটির চেহারা স্থির থাকবে না। সময় ও দৃষ্টিকোণের সঙ্গে পরিবর্তিত হবে।
এই পরিবর্তনশীলতা ন্যাশভিলে সংগীতের গতিশীল চরিত্রের সঙ্গেও একটি ধারণাগত সম্পর্ক তৈরি করে। সংগীত যেমন স্থির নয়—ছন্দ, গতি ও মুহূর্তের পরিবর্তনের মধ্য দিয়ে তার অভিজ্ঞতা তৈরি হয়। টিপিএসির সম্মুখভাগও তেমনি আলো ও দৃষ্টির পরিবর্তনে ক্রমাগত নতুন রূপ ধারণ করবে।

স্থাপত্যশৈলী
টেনেসি পারফর্মিং আর্টস সেন্টার (টিপিএসি)’র স্থাপত্যশৈলীকে একক কোনো প্রচলিত স্থাপত্যধারার মধ্যে সীমাবদ্ধ করা কঠিন। এটি মূলত সমকালীন নাগরিক স্থাপত্য, ভাস্কর্য স্থাপত্য এবং প্রাসঙ্গিক নকশার সমন্বিত প্রকাশ। স্থপতি বিয়ার্কে ইঙ্গেলস গ্রুপ (বিআইজি) ভবনটিকে এমনভাবে নকশা করেছে, যেখানে ন্যাশভিলের সংগীত-পরিচয়, নদীতীরের নগর, প্রকৃতি এবং জনসাধারণের জন্য উন্মুক্ত সাংস্কৃতিক পরিসর একই স্থাপত্যভাষায় যুক্ত হয়েছে।
সংগীত থেকে নেওয়া স্থাপত্যভাষা
টিপিএসির সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য এর সম্মুখভাগ। ভবনের বাইরের দিকে বিভিন্ন উচ্চতা ও ব্যাসের অসংখ্য ধাতব নল বা অ্যালুমিনিয়ামের পাইপ উল্লম্বভাবে সাজানো হয়েছে। এগুলোর বিন্যাস অনেকটা বিশাল একটি অর্গান বাঁশির পাইপের মতো।
এখানে স্থাপত্য সরাসরি ন্যাশভিলের ’মিউজিক সিটির’ পরিচয়কে ব্যবহার করেছে। অর্থাৎ সংগীতকে ভবনের ভেতরের কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে ভবনের বাহ্যিক অবয়বেই রূপান্তর করা হয়েছে। বিভিন্ন উচ্চতার পাইপগুলো যেন একটি বিশাল সংগীতযন্ত্রের বিমূর্ত রূপ।
ভাস্কর্যধর্মী স্থাপত্য
ভবনটির সামনের অংশ প্রচলিত সমতল পর্দার দেয়ালের মতো নয়। ধাতব উপাদানগুলো বিভিন্ন জায়গায় সামনে-পেছনে সরে, বাঁক নেয় এবং বিভিন্ন উচ্চতায় উঠে গেছে। ফলে ভবনটির বাইরের অবয়ব একটি ত্রিমাত্রিক ভাস্কর্যের মতো মনে হয়।
এই পদ্ধতিতে ভবনটি দিনের বিভিন্ন সময়ে আলোর সঙ্গে পরিবর্তিত চেহারা ধারণ করবে। প্রতিফলিত অ্যালুমিনিয়ামের পাইপে আকাশ, আলো ও আশপাশের নগরদৃশ্য প্রতিফলিত হওয়ায় সম্মুখভাগ একটি স্থির দেয়ালের পরিবর্তে পরিবর্তনশীল ভিজ্যুয়াল পৃষ্ঠ হিসেবে কাজ করবে।
পর্দার ধারণা
নকশাটির আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো পর্দা। পারফর্মিং আর্টসের সঙ্গে পর্দা বা মঞ্চের পর্দার সম্পর্ক সরাসরি। টিপিএসির ধাতব সম্মুখভাগ যেনো একটি বিশাল মঞ্চের পর্দা, যার আড়ালে রয়েছে থিয়েটার ও পারফরম্যান্সের জগৎ।
কিন্তু এটি পুরোপুরি বন্ধ পর্দা নয়। ভবনের প্রবেশপথে সম্মুখভাগ উপরে উঠে গিয়ে মানুষকে ভেতরে আমন্ত্রণ জানায়। অর্থাৎ স্থাপত্যের ‘পর্দা’ একই সঙ্গে আড়াল এবং আমন্ত্রণ—দুই ভূমিকা পালন করে।
সমসাময়িক নাগরিক স্থাপত্য
টিপিএসিকে শুধু একটি থিয়েটার ভবন হিসেবে না দেখে একটি নাগরিক ভবন হিসেবে নকশা করা হয়েছে। এর লবি, চলাচলের স্থান, সিঁড়ি, টেরেস এবং জমায়েতের এলাকা সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক পরিসর তৈরি করে।

এখানে স্থাপত্যের উদ্দেশ্য শুধু দর্শকদের নির্দিষ্ট সময়ে নাটক বা সংগীতের অনুষ্ঠান দেখানো নয়। বরং ভবনটি যেন প্রতিদিনের নগরজীবনের অংশ হয়ে ওঠে—মানুষ আসবে, বসবে, চলাচল করবে এবং নদী ও শহরের দৃশ্য উপভোগ করবে।
ল্যান্ডস্কেপ ও স্থাপত্যের সংযোগ
টিপিএসির নকশায় ভবন ও ল্যান্ডস্কেপকে আলাদা দুটি বিষয় হিসেবে দেখা হয়নি। কাম্বারল্যান্ড নদীর তীর, আশপাশের পার্ক এবং ন্যাশভিলের আকাশসীমাকে এর সঙ্গে ভবনটির সম্পর্ক গুরুত্বপূর্ণ।
ভেতরের স্থাপত্যে বৈচিত্র্য
বাহ্যিকভাবে একটি ঐক্যবদ্ধ স্থাপত্যিক ভাষা থাকলেও ভেতরে বিভিন্ন ধরনের পারফমেন্সের জন্য আলাদা খোলা জায়গা তৈরি করা হয়েছে। গ্র্যান্ড ব্রডওয়ে থিয়েটারের মতো বড় ভেন্যু থেকে শুরু করে ছোট ব্ল্যাকবক্স থিয়েটারের মতো প্রতিটি জায়গার মাপ এবং ব্যবহার ভিন্ন।
এ কারণে টিপিএসির স্থাপত্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নমনীয়তা। একই ভবনের মধ্যে বড় ব্রডওয়ে প্রযোজনা, অপেরা, নৃত্য, থিয়েটার এবং ছোট অন্তরঙ্গ অভিনয় সবকিছুর জন্য আলাদা পরিবেশ তৈরি করা হয়েছে।
স্থাপত্যিক মূল্যায়ন
সব মিলিয়ে টিপিএসির স্থাপত্যশৈলীকে বলা যায় সংগীত-অনুপ্রাণিত সমকালীন নাগরিক স্থাপত্য। এখানে সামনের অ্যালুমিনিয়ামের পাইপ ন্যাশভিলের সংগীত ঐতিহ্যের প্রতীক, পর্দার ধারণা পারফর্মিং আর্টের সঙ্গে সম্পর্ক তৈরি করে, আর উন্মুক্ত খোলা জায়গা ভবনটিকে শহরের মানুষের সঙ্গে যুক্ত করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিপিএসির মতো স্থাপত্য ভবনের কার্যক্রমকে শুধু ধারণ করে না—নিজেই সেই কার্যক্রমের একটি দৃশ্যমান প্রতীক হয়ে ওঠে। দিনের আলোয় ঝলমলে ধাতব পাইপগুলো দূর থেকে ন্যাশভিলের জন্য একটি নতুন সাংস্কৃতিক ল্যান্ডমার্ক তৈরি করবে, আর ভবনের ভেতরের পারফরমেন্স সেই ল্যান্ডমার্ককে বাস্তব সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।
অতএব, টেনেসি পারফর্মিং আর্টস সেন্টারের স্থাপত্যকে শুধু একটি দর্শনীয় ভবনের নকশা হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব ধরা পড়ে না। এটি মূলত সংগীত, পারফরম্যান্স, জনপরিসর ও নদীভিত্তিক নগরজীবনের সমন্বয়ে তৈরি একটি নতুন নগরিক স্থাপত্য যেখানে ভবনের বাইরের পর্দা যেমন মঞ্চের প্রতীক, তেমনি পুরো ভবনটি নিজেই ন্যাশভিলের সাংস্কৃতিক মঞ্চে পরিণত হওয়ার লক্ষ্য বহন করছে।
সূত্র: ডিজেইন

























