সীমিত জায়গার মধ্যে একটি বাড়িকে কতটা আরামদায়ক, কার্যকর এবং নান্দনিক করে তোলা যায়? সুইডেনের পশ্চিম উপকূলে স্টুডিও এলসিঙ্গারের নকশা করা হি হাউজ তার একটি চমৎকার উদাহরণ। প্রকল্পটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর আয়তন নয়। সীমিত জায়গায় এর সর্বোচ্চ ব্যবহার।
মাত্র প্রায় ৭ × ৭ মিটার আয়তনের এই কমপ্যাক্ট বাড়িটি উল্লম্ব বিন্যাস, প্রাকৃতিক আলো, কাঠের কাঠামো এবং সরল উপকরণের মাধ্যমে একটি প্রশস্ত ও বহুমাত্রিক আবাসিক অভিজ্ঞতা তৈরি করেছে।
ছোট জায়গায় বড় পরিসর
হি হাউজের নকশার মূল দর্শন হলো—বাড়ির আয়তন ছোট হলেও তার ভেতরে বসবাসকারীদের অভিজ্ঞতা ছোট হতে হবে তাই নয়। প্রায় ৫৬ বর্গমিটারের জায়গায় প্রয়োজনীয় বসবাসের জায়গা তৈরি করতে স্থপতিরা প্রচলিত প্রস্থের সম্প্রসারণের পরিবর্তে ভবনের উচ্চতাকে কাজে লাগিয়েছেন।
প্রায় ৭ মিটার উচ্চতার অভ্যন্তরীণ জায়গা বাড়িটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য বৈশিষ্ট্যগুলোর একটি। নিচের তলায় দৈনন্দিন বসবাসের প্রধান কার্যক্রমগুলো রাখা হয়েছে, আর উপরের অংশে মাচা তৈরি করে অতিরিক্ত ঘুমানো ও কাজের জায়গা বের করা হয়েছে।
এর ফলে একই জায়গায় বাড়িটি একাধিক স্থানিক স্তর অর্জন করেছে। নিচতলার জায়গা অপ্রয়োজনীয় পার্টিশন দিয়ে ছোট করা হয়নি। বরং উপরের খোলা জায়গা ব্যবহার করে একটি বৃহৎ অভ্যন্তরীণ অনুভূতি তৈরি করা হয়েছে।
প্রকৃতির মধ্যে অবস্থান
হি হাউজ সুইডেনের পশ্চিম উপকূলীয় প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। চারপাশে পাইনগাছ, ঘাস এবং পাথুরে ভূপ্রকৃতি—এই ল্যান্ডস্কেপকে বাড়িটির নকশার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
বাড়িটিকে প্রকৃতির ওপর চাপিয়ে দেওয়ার পরিবর্তে স্থপতিরা এমনভাবে স্থাপন করেছেন, যাতে ভবনটি তার চারপাশের ল্যান্ডস্কেপের সঙ্গে সংলাপ তৈরি করে। বাইরে থেকে এটি একটি সংযত ও সরল জায়গা হিসেবে দেখা যায় তবে ভেতরে প্রবেশ করলে উন্মুক্ততা ও দৃশ্যের বিস্তার অনুভব করা যায়।
এখানে স্থাপত্যের সৌন্দর্য অতিরিক্ত অলংকরণে নয়। ভবন, আলো এবং ল্যান্ডস্কেপের সম্পর্কের মধ্যে নিহিত।
উত্তর ও দক্ষিণের ভিন্ন স্থাপত্য কৌশল

হি হাউজের সামনের ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরের দিকটি তুলনামূলকভাবে বন্ধ। এর মাধ্যমে রাস্তা ও আশপাশের মানুষের দৃষ্টি থেকে গোপনীয়তাও নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণ ও পূর্বদিকে বড় খোলা অংশ এবং জানালা ব্যবহার করা হয়েছে। ফলে ঘরের ভেতরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশের পাশাপাশি আশপাশের বন ও মাঠের দৃশ্যও অভ্যন্তরের অংশ হয়ে ওঠে।
এই দ্বৈত কৌশল—একদিকে গোপনীয়তা, অপরদিকে বাইরের ল্যান্ডস্কেপের সাথে সংযোগ ছোট আবাসিক স্থাপত্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বড় প্লট বা বিস্তৃত বাগান না থাকলেও প্রদর্শনী ও খোলা অংশের সঠিক ব্যবহারে বসবাসের মান অনেক উন্নত করা সম্ভব।
কাঠামোতে গ্লুলামের ব্যবহার
আধুনিক ও পরিবেশবান্ধব কাঠের উপাদান গ্লুলাম ভবনটির কাঠামোতেও সরলতা এবং দক্ষতার সমন্বয় সৃষ্টি করে। প্রধান কাঠামোগত ব্যবস্থায় গ্লুলাম ব্যবহার করা হয়েছে।
এটি এমন একটি উপাদান যা কাঠের একাধিক স্তরকে আঠার মাধ্যমে একত্রিত করে তৈরি প্রকৌশলগত কাঠ। এটি প্রচলিত কাঠের তুলনায় বেশি প্রস্থের ও নির্ভরযোগ্য গঠন দেওয়ার সুযোগ তৈরি করে।
হি হাউজে এই কাঠামোগত পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো—অভ্যন্তরের বড় জায়গাকে অতিরিক্ত বীম দিয়ে ভেঙে না দিয়ে তুলনামূলকভাবে মুক্ত রাখা সম্ভব হয়েছে। ফলে স্ট্রাকচার নিজেই ইন্টেরিয়রের অংশ হয়ে ওঠে।
বইয়ের তাকও যখন স্থাপত্যের অংশ
হি হাউজের ভেতরের অন্যতম আকর্ষণীয় উপাদান একটি বড় বুক শেলফ। এটি শুধুমাত্র বই রাখার ফার্নিচার হিসেবেই ব্যবহার করা হয়নি। বিভিন্ন কার্যকরী ভূমিকা একসঙ্গে পালন করার জন্য এই আসবাবটি ব্যবহার করা হয়েছে।
বুক শেলফটি কোন কিছু রাখার জায়গা হিসেবে যেমন তৈরি করা হয়েছে পাশাপাশি মাচার খুটির সঙ্গে একটি সহায়ক হিসেবেও কাজ করে।
এটি ছোট বাড়ির নকশায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আলাদা আলাদা আসবাব, পার্টিশন ও স্টোরেজ তৈরি করলে সীমিত জায়গা দ্রুত সংকুচিত হয়ে যায়। কিন্তু একটি উপাদানকে যদি একাধিক কাজে ব্যবহার করা যায়, তাহলে একই জায়গার কার্যকারিতা অনেক বাড়ানো সম্ভব। হি হাউজের বুক শেলফটি ঠিক সেই কাজটিই করেছে।

মাচার উল্লম্ব জায়গার সর্বোচ্চ ব্যবহার
বাড়িটির উচ্চতা কাজে লাগানোর সবচেয়ে স্পষ্ট উদাহরণ মাচা। নিচতলার জায়গা না বাড়িয়েই মাচার মাধ্যমে অতিরিক্ত ব্যবহারযোগ্য জায়গা তৈরি করা হয়েছে।
এখানে শিশুদের ঘুমানোর জায়গা, সোফার বিছানা এবং কাজের জায়গার মতো বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। পুরো বাড়িতে পরিবারের সদস্য ও অতিথিদের জন্য একাধিক ঘুমানোর জায়গা রাখা সম্ভব হয়েছে।
মাচার নিচের অংশ একই সঙ্গে বসার জায়গা হিসেবে কাজ করে। ফলে উলম্ব অংশের প্রতিটি স্তর আলাদা আলাদা কার্যক্রমের সঙ্গে যুক্ত।
এ ধরনের পরিকল্পনা বিশেষ করে অবকাশ যাপন কেন্দ্র, শহুরে ছোট জায়গার বাড়ি কিংবা ছোট প্লটের বাড়ির জন্য কার্যকর হতে পারে।
উপকরণে সরলতা
হি হাউজের বাহ্যিক চেহারায় উপকরণের ব্যবহার অত্যন্ত সংযত। ভবনের ছাদ ও গেবলছাদের অংশে অপরিশোধিত অ্যালুমিনিয়াম সাইনাস শিটিং ব্যবহার করা হয়েছে।
পশ্চিম সুইডেনের উপকূলীয় আবহাওয়ায় বৃষ্টি, বাতাস ও আর্দ্রতা গুরুত্বপূর্ণ বিষয়। তাই বাইরের অংশের জন্য এমন উপকরণ প্রয়োজন যা পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে এবং দীর্ঘমেয়াদে কার্যকর থাকে।
অপরিশোধিত অ্যালুমিনিয়ামের ব্যবহার বাড়িটিকে একটি শিল্পকারখানা এবং আধুনিক স্থাপত্যের সমসাময়িক চারিত্রিক রূপ দিয়েছে। সময়ের সঙ্গে উপকরণটির চেহারা পরিবর্তিত হলেও তা ভবনের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আরও সংযুক্ত হতে পারে।
অন্যদিকে কাঠের কাঠামো ও অভ্যন্তরীণ উপকরণ বাড়ির ভেতরে উষ্ণতা তৈরি করেছে। ফলে বাইরের তুলনামূলক কঠিন অ্যালুমিনিয়াম এবং ভেতরের উষ্ণ কাঠের পরিবেশের মধ্যে একটি আকর্ষণীয় উজ্জ্বলতা তৈরি হয়েছে।
ভেতরের আলোকিত পরিবেশ
হি হাউজের ইন্টেরিয়র ডিজাইনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সূর্যের আলো। বড় জানালা দিয়ে প্রবেশ করা প্রাকৃতিক আলো ইন্টেরিয়রে ব্যবহৃত কাঠ, দেয়াল ও আসবাবের ওপর পরিবর্তনশীল ছায়া তৈরি করে। দিনের বিভিন্ন সময়ে একই জায়গার পরিবেশ বারবার বদলে যায়।
ভেতরের উচ্চতা বেশি হওয়ার কারণে আলো শুধু চোখের সমতলে সীমাবদ্ধ থাকে না। এই আলো ঘরের উল্লম্ব পরিসরকেও সক্রিয় করে।
এই ধরনের দিনের আলোনির্ভর ডিজাইন ছোট বাড়ির ক্ষেত্রে বিশেষ কার্যকর। কারণ একটি ছোট ঘরকে বড় দেখানোর জন্য সবসময় বেশি জায়গা প্রয়োজন হয় না। সঠিকভাবে নিয়ন্ত্রিত আলো, উচ্চতা এবং বাইরের সাথে সংযোগ অনেক সময় বেশি কার্যকর।
গোপনীয়তা, উন্মুক্ত পরিবেশ
আধুনিক আবাসিক স্থাপত্যে গোপনীয়তা এবং উন্মুক্ততার মধ্যে ভারসাম্য তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। হি হাউজ এই সমস্যার সমাধান করেছে সামনের খোলা অংশের মাধ্যমে।
রাস্তার দিকে অপেক্ষাকৃত সংযত সম্মুখভাগ এবং ল্যান্ডস্কেপের দিকে বড় খোলা জায়গা বাড়িটিকে একই সঙ্গে ব্যক্তিগত ও উন্মুক্ত করে তুলেছে। অর্থাৎ বাড়িটি বাইরে থেকে যতটা সংহত, ভেতর থেকে ততটাই খোলামেলা।

এটি বিশেষভাবে লক্ষণীয় যে উন্মুক্ততা অর্জনের জন্য ভবনের চারদিকেই বড় জানালা ব্যবহার করা হয়নি। বরং যেখানে প্রয়োজন সেখানে খোলা এবং যেখানে গোপনীয়তা প্রয়োজন সেখানে সংযত ডিজাইন ব্যবহার করা হয়েছে।
স্থাপত্যের শিক্ষা
হি হাউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কম জায়গাকে বেশি কার্যকর করে তোলা। এখানে কোনো অপ্রয়োজনীয় স্থাপত্যিক প্রদর্শন নেই। বরং প্রতিটি উপাদান নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে।
৭ × ৭ মিটারের জায়গা, প্রায় ৭ মিটার উচ্চতা, মাচা, বড় বুক শেলফ, গ্লুগাম স্ট্রাকচার সবকিছু একটি অভিন্ন ধারণার অংশ।
সুইডেনের পশ্চিম উপকূলে স্টুডিও এলসিঙ্গারের হি হাউজ ছোট আকারের আবাসিক স্থাপত্যে একটি সংবেদনশীল ও কার্যকর নকশা-দৃষ্টিভঙ্গির উদাহরণ। প্রকৃতি, জলবায়ু, কাঠামো, আলো এবং দৈনন্দিন জীবনযাত্রাকে একসঙ্গে বিবেচনা করে তৈরি এই বাড়ি দেখিয়েছে—একটি ছোট ভবনও সমৃদ্ধ হতে পারে।
এর সবচেয়ে বড় শক্তি কোনো একটি বিশেষ উপকরণ বা আকৃতিতে নয়। সীমিত সম্পদকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করার পদ্ধতিতে।
আজকের দিনে যখন কম জমিতে বেশি কার্যকর আবাসন তৈরির প্রয়োজন বাড়ছে, তখন হি হাউজ হতে পারে সেই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যিক উত্তর।
সূত্র: ডিজাইনবুম





















