স্থাপত্যের ইতিহাসে সবসময় দুটো ইচ্ছা কাজ করেছে। আর তা হলো, বড় মানে ক্ষমতা দেখানোর মতো ভবন বানানো। অথবা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করার মতো কিছু বনানো। ইতালীয় স্থপতি রেনজো পিয়ানো এই দুইয়ের মধ্যে সবচেয়ে ভালো ভারসাম্য রাখতে পেরেছেন।
তার প্রযুক্তিনির্ভর ভবনগুলো কখনো ভারী মনে হয় না। বরং মনে হয় বেশ হালকা, যেন নিঃশ্বাস নিচ্ছে এবং চারপাশের সাথে মানিয়ে আছে। তার কাজের বিশেষত্ব কোনো নির্দিষ্ট আকার নয়, বরং এই হালকা ভাব, স্বচ্ছতা আর মানুষের প্রতি সম্মান।
পম্পিদু সেন্টার থেকে সাম্প্রতিক কাজ পর্যন্ত তিনি সবসময় প্রযুক্তি-প্রকৃতি এবং, নতুন ও ঐতিহ্যের মধ্যে মিল খুঁজেছেন। অন্যরা যখন নাটকীয় আকৃতিতে নজর কাড়তে চান, পিয়ানো তখন বেছে নেন শান্ত পথ।

শুরুর গল্প: কারুকাজ, শিল্প ও প্রযুক্তির পাঠশালা
১৯৩৭ সালে ইতালির জেনোয়ায় এক নির্মাণ-ব্যবসায়ী পরিবারে রেনজো পিয়ানোর জন্ম। ছোটবেলা থেকেই নির্মাণকাজের কাছাকাছি বড় হওয়ায় তার কাছে স্থাপত্য মানে শুধু কনসেপ্ট বা ধারণা ছিল তেমন নয়। বরং কনসেপ্ট ও নির্মাণের মধ্যে একটা চলমান সংলাপই ছিল মূল ভাবনা। অনেক স্থপতি বিমূর্ত ধারণা দিয়ে শুরু করলেও পিয়ানো সবসময় গুরুত্ব দিয়েছেন উপকরণ আর বাস্তবে কীভাবে জিনিসটা তৈরি হবে তার ওপর।
তিনি মিলান পলিটেকনিকে স্থাপত্য পড়েন এবং পরে ফ্রাঙ্কো আলবিনি ও লুই কানের সাথে কাজ করে ইতালীয় আধুনিক স্থাপত্যের নিখুঁততা ও স্মারক স্থাপত্যের কাব্যিক শক্তি দুটোই শেখেন।
তার আন্তর্জাতিক পরিচিতি আসে ১৯৭৭ সালে, রিচার্ড রজার্সের সাথে মিলে প্যারিসের পম্পিদু সেন্টার জেতার মাধ্যমে। এই ভবনের কাঠামো, যন্ত্রপাতি আর চলাচলের পথ বাইরের দিকে খোলা রাখায় জাদুঘর নিয়ে প্রচলিত ধারণাই বদলে যায়।
শুরুতে এই রঙিন, প্রযুক্তিনির্ভর নকশা নিয়ে বিতর্ক হলেও, কয়েক দশক পর এটাই বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভবনগুলোর একটা হয়ে ওঠে যা প্রমাণ করে দেয় পিয়ানোর মূল ভাবনা: স্থাপত্য মানুষের মধ্যে মেলামেশার জায়গা তৈরি করবে, দূরত্ব নয়।

হাই-টেক থেকে মানবিক স্থাপত্যের দিকে যাত্রা
পম্পিদু সেন্টারের পর পিয়ানো ধীরে ধীরে প্রযুক্তি-প্রদর্শনী থেকে সরে আসেন। প্রযুক্তি তখনও গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেটাই মূল লক্ষ্য না হলে স্থাপত্য একটা ভিন্ন মাধ্যম হয়ে ওঠে। পরের কাজগুলোতে বেশি নজর দেওয়া হয় পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ওপর।
১৯৮১ সালে তিনি গড়ে তোলেন রেনজো পিয়ানো বিল্ডিং ওয়ার্কশপ (RPBW)। যেখানে স্থপতি, প্রকৌশলী এবং কারিগররা একসাথে কাজ করেন। এই পদ্ধতি তাকে জটিল সমস্যা সমাধান করতে ও খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে সাহায্য করে।
১৯৯৪ সালে শেষ হওয়া কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তার অন্যতম এক প্রযুক্তিগত সাফল্য। কৃত্রিম দ্বীপে তৈরি এই টার্মিনালে ভূমিকম্প সামলাতে নতুন কাঠামোর প্রয়োজন ছিল। কিন্তু পিয়ানোর নকশায় শুধু প্রযুক্তির আড়ম্বর ছিল না। বরং লম্বা, বহতা ছাদটা এমনভাবে বানানো, যাতে ভেতরে শান্ত পরিবেশ তৈরি হয় এবং যাত্রীরা সহজে পথ খুঁজে পান। এটাই ছিল তার বড় গুণ। বড় প্রযুক্তিগত সমস্যা এমনভাবে লুকিয়ে ফেলতেন, যেন ব্যবহারকারীদের কোনো ঝামেলা ছাড়াই স্থাপত্য নিজেই তা সমাধান করে ফেলেছে!

সাম্প্রতিক ডিজাইন: হালকা হওয়ার সাধনা
গত কয়েক দশকে পিয়ানোর কাজ বেশি মনোযোগ দিয়েছে সাংস্কৃতিক ভবন আর পাবলিক স্পেসে। শহরের সাথে প্রতিযোগিতা না করে তার অনেক কাজ শহরেরই স্বাভাবিক অংশ হয়ে উঠতে চেয়েছে।
এর বড় উদাহরণ দ্য শার্ড (The Shard), যা ২০১২ সালে শেষ হয়। লন্ডনে ৩১০ মিটার উঁচু এই টাওয়ারটি প্রথমে তার মানুষ-কেন্দ্রিক নকশার সাথে না মিললেও, আসলে এটা গগনচুম্বী ভবন বানানোর একটা সূক্ষ্ম পদ্ধতি। একটা বড় ব্লকের বদলে পিয়ানো ভবনটাকে আলাদা কাচের অংশে ভাগ করেছেন। যা ওপরে গিয়ে আকাশে মিলিয়ে যায়। আলোর সাথে সাথে বদলে যাওয়া এই আকৃতি ভবনটাকে স্থির না লাগিয়ে সবসময় বদলাতে থাকা কিছু একটা মনে করায়।
দ্য শার্ড দেখায়, পিয়ানো বিশ্বাস করেন উঁচু ভবনেরও শহুরে জীবনে ভূমিকা থাকা উচিত। লন্ডন ব্রিজ স্টেশনের ওপরে থাকা এই টাওয়ারে অফিস, রেস্তোরাঁ, হোটেল এবং দর্শনার্থীদের জায়গা একসাথে আছে। এটা শুধু কর্পরেট ভবন নয়, শহরের জীবনের সাথে জড়িত। তবে এটা প্রশ্নও তোলে, গগনচুম্বী ভবন কি সত্যিই মানুষের জন্য আরামদায়ক হতে পারে, আর বিলাসবহুল টাওয়ার কি সাধারণ মানুষের কাজে লাগে? পিয়ানোর কাজ এই প্রশ্নগুলো এড়িয়ে না গিয়ে এর মধ্যেই সমাধান খোঁজে।

জাদুঘর: সংযোগের জায়গা
জাদুঘর পিয়ানোর কাজের একটা বড় জায়গা জুড়ে আছে। তার কাছে জাদুঘর শিল্পকর্ম রাখার জায়গার পাশাপাশি এমন একটা পাবলিক স্পেস, যেখানে মানুষ সংস্কৃতি ও প্রকৃতি একে অপরের সাথে মিলিত হয়।
১৯৯৭ সালে শেষ হওয়া ফন্দাসিওঁ বেয়েলার (Fondation Beyeler) ভবনে এই ভাবনার প্রথম স্পষ্ট প্রকাশ। দেখা যায় এখানে প্রাকৃতিক আলো আর চারপাশের প্রকৃতির সাথে ভবনের সম্পর্কটাই মুখ্য হয়ে ওঠে। পরের জাদুঘর প্রকল্পগুলোতে এই ভাবনা আরও এগিয়ে নিয়ে যান তিনি।
২০১৫ সালে শেষ হওয়া হুইটনি মিউজিয়াম অব আমেরিকান আর্ট তার সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ম্যানহাটনের হাই লাইনের কাছে অবস্থিত এই জাদুঘরটা শহরের সাথে সরাসরি সংযুক্ত।

এর বাইরের অংশ আশপাশের এলাকার সাথে মিলে যায়। এ ছাড়া টেরাস ও খোলা জায়গাগুলো দর্শনার্থীদের শহরের সাথে সম্পর্কিত করে। সাধারণত জাদুঘরে শিল্পকে বাইরের জগৎ থেকে আলাদা রাখা হয়। কিন্তু হুইটনিতে ভেতরের গ্যালারি, বাইরের টেরাস এবং শহরের দৃশ্য সব একসাথে মিলে যায়। মনে হয় শহরটাই জাদুঘর দেখার অভিজ্ঞতার একটা অংশ।
আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কিম্বেল আর্ট মিউজিয়ামের সম্প্রসারণ, যা ২০১৩ সালে শেষ হয়। লুই কানের বানানো মূল ভবনের পাশে কাজ করাটা কঠিন ছিল। একটা বিখ্যাত স্থাপত্যের সাথে প্রতিযোগিতা না করে নতুন অংশ যোগ করতে হতো।
পিয়ানো সমাধান খুঁজে পান অনুকরণে নয়, বরং সংলাপে। নতুন ভবনে প্রাকৃতিক উপকরণ, নিয়ন্ত্রিত আলো আর যত্ন নিয়ে মাপা জায়গা ব্যবহার করে কানের কাজের প্রতি একটা শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি করেন। যা দেখায়, পুরনো ইতিহাসে আটকে না থেকেও তাকে সম্মান জানানো সম্ভব।

সংকট-পরবর্তী স্থাপত্য: সমাজের জন্য নির্মাণ
সাম্প্রতিক বছরগুলোতে পিয়ানো সমাজের প্রতি দায়িত্ব পালনের বিষয়েও বেশি মনোযোগী হয়েছেন। এর বড় উদাহরণ জেনোয়ার সান জর্জো সেতু, যা ২০২০ সালে শেষ হয়। আগের সেতুটি ভেঙে পড়ে এক দুর্ঘটনায়। পিয়ানো এমন একটা সেতু বানান, যা যাতায়াতের পাশাপাশি শহরের পুনর্গঠন আর একসাথে ঘুরে দাঁড়ানোরও প্রতীক হয়ে ওঠে।
এই সেতুতে পিয়ানোর প্রিয় কিছু ভাবনা ফুটে ওঠে। সরলতা, নিখুঁত কাজ আর মানুষের প্রয়োজনের প্রতি সম্মান। সাদা ইস্পাতের এই কাঠামোয় বাড়তি সাজসজ্জা নেই, যেন বোঝায় কেবলমাত্র স্বচ্ছতার উদ্দেশ্য থেকেও সৌন্দর্য আসতে পারে।
এই প্রকল্প দেখায়, ভবন শুধু জায়গায় দাঁড়িয়ে থাকা বস্তু নয়, এর সাথে মানুষের আবেগ আর সামাজিক অর্থও জড়িয়ে থাকে। স্থাপত্য এভাবেই সমাজের স্মৃতির অংশ হয়ে যায়।

নির্ভার হওয়ার উত্তরাধিকার
পাঁচ দশকেরও বেশি কাজের পরও রেনজো পিয়ানোর স্থাপত্যকে নির্দিষ্ট কোনো ধরনে ফেলা কঠিন। হাই-টেক স্থাপত্যের পথিকৃৎ হিসেবে শুরু করলেও তিনি ধীরে ধীরে প্রযুক্তি দেখানো ছাড়িয়ে মানুষের অনুভূতির দিকে বেশি মনোযোগ দিয়েছেন। তার ভবন উন্নত প্রযুক্তির হলেও শীতল মনে হয় না। নতুন হলেও যেন তা ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন নয়।
পিয়ানোর কাজে “নির্ভার হওয়া” মানে সুধু চেহারা নয়, এ যেন এক মূল্যবোধ, অহেতুক জটিলতা কমানো, পরিবেশকে সম্মান করা, আলো-বাতাসকে ঢুকতে দেওয়া, আর এমন ভবন বানানো যা মানুষের কাজে লাগে, তাদের ওপর চেপে বসে না।
এখনকার সময়ে অনেক স্থাপত্যই নজরকাড়া চেহারা আর দ্রুত পরিচিতির দিকে ঝোঁকে। পিয়ানো সেখানে আলাদা পথ দেখান ভবিষ্যতের স্থাপত্যকে চমকপ্রদ হতে হবে না, বরং মানুষ, শহর আর প্রকৃতির মধ্যে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারলেই হবে।

নির্ভার হওয়ার দ্বন্দ্ব: মানবিকতা বনাম স্থাপত্যিক উচ্চাকাঙ্ক্ষা
রেনজো পিয়ানোর স্থাপত্য সুন্দর ও যত্ন নিয়ে বানানো হলেও সমালোচনার বাইরে না। তার পরিচিতির মূল কারণ সূক্ষ্মতা, স্বচ্ছতা আর প্রযুক্তিগত নিখুঁততা এগুলোই মাঝে মাঝে তার ভবন আর সমাজের বাস্তবতার মধ্যে দূরত্ব তৈরি করে। কিছু সমালোচক মনে করেন, তার ভবনগুলো সুন্দর হলেও বেশিরভাগ সময় বড় প্রতিষ্ঠান বা ধনী মানুষদের জগতেই সীমাবদ্ধ থাকে, সাধারণ মানুষের নাগালের বাইরে। দ্য শার্ড এই টানাপোড়েন ভালোভাবে দেখায়। একদিকে এটা শহরের সাথে যুক্ত হতে চায়, অন্যদিকে এটা ব্যবসায়িক স্বার্থ আর শহর উন্নয়নের টাকার সাথেও জড়িয়ে আছে।
এই সমস্যা আজকের স্থাপত্যের একটা বড় প্রশ্ন তুলে ধরে “নির্ভার” দেখানোর জন্য প্রচুর টাকা আর প্রযুক্তি লাগে। যা প্রশ্ন তোলে, এটা কি সবার জন্য নাকি শুধু কিছু মানুষের জন্য? সুন্দর কাচের দেয়াল দেখতে চমৎকার লাগলেও এর পেছনে থাকে জটিল এক বৈশ্বিক উৎপাদন ব্যবস্থা। তাই পিয়ানোর কাজ একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে থাকে। চমক-নির্ভর না হলেও এটা সেই একই বৈশ্বিক ব্যবস্থার অংশ, যেখানে বড় ভবনকে ক্ষমতা আর টাকার প্রতীক হিসেবে দেখা হয়।
তবে এই সমালোচনা তার কাজের গুরুত্ব কমায় না, বরং দেখায় আজকের স্থাপত্যচর্চা কতটা জটিল। তার কাজ প্রমাণ করে, মানুষের কথা ভেবে কাজ করা স্থপতিকেও আদর্শ আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে হয়। হয়তো তার কাজের আসল গুরুত্ব এই সমস্যা “সমাধান” করায় না, বরং সেগুলোকে সবার সামনে তুলে ধরায়।

রেনজো পিয়ানোর কাজ মনে করিয়ে দেয়, স্থাপত্য আসলে ভারসাম্যের শিল্প। এই ভারসাম্য বড় স্বপ্ন ও সীমাবদ্ধতার মধ্যে, সৌন্দর্য ও দায়িত্বের মধ্যে, আর অসাধারণ কিছু গড়ার ইচ্ছা ও সাধারণ মানুষের প্রয়োজনের মধ্যে। পম্পিদু সেন্টারের মতো প্রযুক্তি-নির্ভর নকশা থেকে জেনোয়ার সেতুর মতো শান্ত, মানবিক কাজেও এই বিষয়গুলোই বারবার ফুটে উঠেছে।
বাংলাদেশের মতো দ্রুত শহর হয়ে ওঠা দেশের জন্যও পিয়ানোর এই কম জাঁকজমক, বেশি যত্ন, মানুষকে সবার আগে রাখার ভাবনাটা একটা বড় শিক্ষা হতে পারে।
তথ্যসূত্র
প্যারামেট্রিক আর্কিটেকচার
















