স্থাপত্য কখনো শুধু একটি ভবন বা কাঠামো নির্মাণের বিষয় নয়। এটি একটি নির্দিষ্ট স্থান, তার ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক তৈরিরও একটি মাধ্যম। ইংল্যান্ডের নরফোকের নির্মিত ওয়াটার টাওয়ার সেই ধারণারই একটি চমৎকার উদাহরণ।
সেলা কালেক্টিভ এবং মিত্রে মানডের যৌথ নকশায় তৈরি এই স্থাপনাটি কাঠ, খড় ও কারুশিল্পকে একত্র করে সমকালীন স্থাপত্যে ঐতিহ্যবাহী উপকরণের নতুন সম্ভাবনা তুলে ধরেছে।
ইতিহাস থেকে অনুপ্রেরণা
ওয়াটার টাওয়ারের নকশার পেছনে রয়েছে হাউটন হলের ইতিহাস। স্থাপনাটি ১৭৭২ সালে নির্মিত একটি ঐতিহাসিক জলাধার টাওয়ারকে সমকালীনভাবে পুনর্ব্যাখ্যা করেছে। ফলে এটি নিছক একটি উৎসবের অস্থায়ী স্থাপনাই নয় বরং স্থানটির অতীতের সঙ্গে বর্তমানের একটি স্থাপত্যিক সংযোগ তৈরি করে।
প্রকল্পটির উচ্চতা প্রায় ৫.৫ মিটার। কাঠের ফ্রেমের ওপর নির্মিত কাঠামোটিতে চারটি বড় খোলা অংশ রয়েছে। এই খোলা অংশগুলোকে আলাদা করেছে সামান্য হেলানো দেয়াল, যেগুলো স্তরে স্তরে খড় দিয়ে আবৃত। উপরে রয়েছে খড়ের একটি বৃত্তাকার মুকুটসদৃশ ছাদ। এর ভেতরে কাঠের বসার ব্যবস্থা দর্শনার্থীদের জন্য তৈরি করেছে একটি ছায়াময় বিশ্রামস্থল।

স্থাপত্য যেন মাটি থেকেই উঠে এসেছে
ওয়াটার টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর উপকরণ ও আকৃতি। দূর থেকে দেখলে কাঠামোটিকে মনে হয় যেন মাটি ও জলাভূমির উদ্ভিদ থেকে ধীরে ধীরে উঠে এসেছে। এর খসখসে খড়ের দেয়াল প্রচলিত আধুনিক স্থাপত্যের মসৃণ ও নিখুঁত পৃষ্ঠের বিপরীতে একটি স্বাভাবিক কিন্তু আদিম চরিত্র তৈরি করেছে।
এই নকশার উদ্দেশ্য ছিল দর্শনার্থীকে এমন একটি অভিজ্ঞতা দেওয়া, যেখানে স্থাপত্য এবং প্রকৃতির সীমারেখা কিছুটা অস্পষ্ট হয়ে যায়। স্থপতিদের বক্তব্য অনুযায়ী, ছায়াময় অভ্যন্তর দর্শনার্থীকে শীতলতা ও স্বস্তি দেয় এবং হাতে তৈরি উপকরণের স্পর্শযোগ্য বৈশিষ্ট্যের সঙ্গে একটি সরাসরি সম্পর্ক তৈরি করে। এখানে স্থাপত্যকে দেখার পাশাপাশি অনুভব করার বিষয়ও বিবেচনা করা হয়েছে।
পুরোনো উপকরণের নতুন সম্ভাবনা
ওয়াটার টাওয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যিক শিক্ষা সম্ভবত এর খড় ব্যবহারে। খড়ের ছাউনি ইউরোপের ঐতিহ্যবাহী স্থাপত্যে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আধুনিক নির্মাণশিল্পে কংক্রিট, স্টিল, অ্যালুমিনিয়াম, কাচ ও বিভিন্ন সিন্থেটিক উপকরণের প্রাধান্য পাওয়ায়। এই ধরনের প্রাকৃতিক উপকরণের ব্যবহার অনেক ক্ষেত্রেই কমে গেছে। ওয়াটার টাওয়ারের সেই পুরোনো উপকরণকেই নতুন স্থাপত্যিক ভাষায় ফিরিয়ে এনেছে।
এখানে খড় কোনো সাজসজ্জার স্তর নয়। বরং এটি স্থাপত্যের মূল নান্দনিক ও পরিবেশগত পরিচয়ের অংশ। খড়ের স্তরগুলো কাঠামোকে একটি গভীর টেক্সচার দিয়েছে এবং একই সঙ্গে সূর্যের আলো ও ছায়ার পরিবর্তনের সঙ্গে ভবনের চেহারাও বদলে দিয়েছে।
স্থপতিরা মনে করেন, খড় একই সঙ্গে প্রাচীন ও সমকালীন মনে হতে পারে। এই দ্বৈত চরিত্রই ওয়াটার টাওয়ারের নান্দনিক শক্তির অন্যতম উৎস।
উপকরণের পেছনে রয়েছে একটি সম্পূর্ণ ‘ইকোসিস্টেম’
প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো খড় সংগ্রহের পদ্ধতি। ব্যবহৃত খড় বা জলজ নলজাতীয় উদ্ভিদ সংগ্রহ করা হয়েছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) পরিচালিত নলখাগড়ার বিছানা (বন) থেকে। অর্থাৎ স্থাপত্যের উপকরণ সংগ্রহের সঙ্গে জলাভূমি সংরক্ষণ ও জীববৈচিত্র্যের সম্পর্কও তৈরি হয়েছে। এখানেই ওয়াটার টাওয়ার প্রচলিত টেকসই স্থাপত্যের ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।

সাধারণত টেকসই স্থাপত্য বলতে আমরা শক্তি সাশ্রয়, সৌরবিদ্যুৎ, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ কিংবা কম কার্বন নিঃসরণকে বুঝি। কিন্তু পুনরায় ফিরিয়ে আনা কোন ডিজাইন বা পুনর্জাগরণশীল নকশার ধারণা আরও বিস্তৃত। এখানে লক্ষ্য শুধু পরিবেশের ক্ষতি কমানোই শুধু নয়। নির্মাণের মাধ্যমে পরিবেশ, স্থানীয় অর্থনীতি, জীববৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি করা। ওয়াটার টাওয়ার সেই ধারণাটিই অনুসরণ করেছে।
স্থাপত্য ও জীববৈচিত্র্যের সম্পর্ক
খড় শুধু নির্মাণসামগ্রীর উৎস নয়। জলাভূমির এই উদ্ভিদগুলো স্থানীয় জলীয় পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থলের অংশ। ফলে খড় সংগ্রহের প্রক্রিয়াকে সংরক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত করার মাধ্যমে প্রকল্পটি উপকরণ ব্যবহারের একটি ভিন্ন মডেল দেখিয়েছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যিক প্রশ্ন উঠে আসে আমরা যে উপকরণ দিয়ে ভবন তৈরি করি, সেই উপকরণটি কোথা থেকে আসে এবং তার উৎপাদন প্রকৃতির ওপর কী প্রভাব ফেলে? ওয়াটার টাওয়ারের উত্তর হলো, উপকরণকে একটি বিচ্ছিন্ন পণ্য হিসেবে না দেখে তার সম্পূর্ণ পরিবেশগত জীবনচক্র বিবেচনা করা।
কারুশিল্পের প্রত্যাবর্তন
প্রকল্পটিতে শুধু আধুনিক ডিজাইনারদের ভূমিকা ছিল না। ঐতিহ্যবাহী খড়ের চালার দক্ষ কারিগরদের জ্ঞানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেলা কালেক্টিভ এবং মিত্রে মানডের প্রধান কারিগর ওয়েন হাফপেনি এবং স্টিভ কেলি এই প্রকল্পের সঙ্গে কাজ করেছেন।
এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রাকৃতিক উপকরণ নিয়ে কাজ করার ক্ষেত্রে সবকিছু আগে থেকে নির্ধারিত নকশা অনুযায়ী করা যায় না। উপকরণের নিজস্ব বৈশিষ্ট্য, দৈর্ঘ্য, ঘনত্ব, বাঁক এবং স্থিতিস্থাপকতা নির্মাণের সিদ্ধান্তকে প্রভাবিত করে।
ফলে এখানে নকশা একটি স্থির অঙ্কন নয়, একটি গতিশীল প্রক্রিয়া। নির্মাণের সঙ্গে সঙ্গে বিকশিত হওয়া পরিবর্তনের সঙ্গে নকশাও পরিবর্তিত হয়।।
এই পদ্ধতিতে কারিগরের হাতে-কলমে অর্জিত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডিজিটাল মডেল বা বই থেকে সব ধরনের কারুশিল্প শেখা সম্ভব নয়। উপকরণকে হাতে নিয়ে তার আচরণ বোঝার জন্য বাস্তব অভিজ্ঞতাও প্রয়োজন।

ভেতরের স্থান: উৎসবের মধ্যে একটি শান্ত আশ্রয়
হাউটন ফেস্টিভাল মূলত সংগীত ও শিল্পের আয়োজন। এমন একটি প্রাণবন্ত পরিবেশের মধ্যে ওয়াটার টাওয়ারের ভূমিকা ছিল সম্পূর্ণ ভিন্ন। খাদ্য এলাকার কাছাকাছি এবং একটি মঞ্চের মাঝামাঝি অবস্থানে এটি দর্শনার্থীদের জন্য একটি নিরিবিলি বসার জায়গা হিসেবে কাজ করেছে।
ভেতরে কাঠের আসনগুলো দেয়ালের সঙ্গে যুক্ত হয়েছে। মাথার ওপর বৃত্তাকার ছাদের-খোলা অংশ দিয়ে আকাশ দেখা যায়। ফলে এটি একই সঙ্গে একটি শেল্টার, পেভিলিয়ন এবং সামাজিক সমাবেশের স্থান হিসেবেও কাজ করে। এখানে স্থাপত্য দর্শনার্থীর চলাচল নিয়ন্ত্রণ করে না। তাদের কিছুক্ষণের জন্য থামতে আমন্ত্রণ জানায়।
আলো, ছায়া ও স্পর্শের স্থাপত্য
ওয়াটার টাওয়ারের স্থাপত্যিক অভিজ্ঞতা কেবল এর আকারে সীমাবদ্ধ নয়। খড়ের পুরু দেয়াল সূর্যের আলোকে নরম করে, ফলে ভেতরে তৈরি হয় তুলনামূলক শীতল ও ছায়াময় পরিবেশ। বাইরে থেকে খড়ের রুক্ষ পৃষ্ঠ আর ভেতরে কাঠের উষ্ণতা—এই দুইয়ের সংমিশ্রণ দর্শনার্থীর জন্য একটি অনুভূতির অভিজ্ঞতা তৈরি করে। অর্থাৎ ওয়াটার টাওয়ারটি শুধু দেখার জন্যই নির্মাণ করা হয়নি স্পর্শ ও শরীর দিয়ে অনুভব করার স্থাপত্য।
উৎসব শেষে কী হবে?
ওয়াটার টাওয়ারের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর পুনঃব্যবহারযোগ্যতা। এটি ভেঙে ফেলে সম্পূর্ণ পরিত্যাগ করার পরিবর্তে ভবিষ্যতের হাউটন ফেস্টিভালের সংস্করণগুলোতে পুনরায় স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এটি ফেস্টিভাল আর্কিটেকচারের প্রচলিত অস্থায়ী স্থাপনার ধারণার একটি গুরুত্বপূর্ণ বিকল্প।
সাধারণত উৎসবের জন্য তৈরি স্থাপনা কয়েক দিনের ব্যবহারের পর বর্জ্যে পরিণত হয়। তবে ওয়াটার টাওয়ারের ক্ষেত্রে তা একেবারেই ব্যতিক্রম। সেই সংস্কৃতির পরিবর্তে খুলে ফেলা, পরিবহন করা, নতুন করে সংস্থাপন করা এবং পুনরায় ব্যবহার করার একটি মডেল তৈরি করা হয়েছে। এভাবে অস্থায়ী স্থাপত্যও দীর্ঘমেয়াদি জীবনচক্র পেতে পারে।
সমকালীন স্থাপত্যে ওয়াটার টাওয়ারের গুরুত্ব
ওয়াটার টাওয়ার গুরুত্বপূর্ণ শুধু সুন্দর বা ব্যতিক্রমী একটি পেভিলিয়ন হিসেবেই নয়। এর গুরুত্ব রয়েছে কয়েকটি ধারণার সমন্বয়ে।
প্রথমত, এটি ঐতিহাসিক স্থাপত্যকে অনুকরণ না করে তার মূল ধারণাকে সমকালীনভাবে পুনর্ব্যাখ্যা করেছে।
দ্বিতীয়ত, এটি স্থানীয় ও প্রাকৃতিক উপকরণকে আধুনিক নকশার কেন্দ্রে নিয়ে এসেছে।
তৃতীয়ত, এটি ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক স্থাপত্যের সঙ্গে যুক্ত করেছে।
চতুর্থত, প্রকল্পটি টেকসই যোগ্যতা থেকে রিজেনারেটিভ ডিজাইনের দিকে মনোযোগ সরিয়েছে। এখানে নির্মাণ কেবল পরিবেশের ক্ষতি কমাবে না। পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির পুনরুদ্ধারেও ভূমিকা রাখবে।
এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওয়াটার টাওয়ার দেখিয়েছে, ভবিষ্যতের স্থাপত্য সবসময় নতুন উপকরণ আবিষ্কারের ওপর নির্ভরশীল নয়। কখনো কখনো ভবিষ্যতের উত্তর লুকিয়ে থাকে অতীতের উপকরণ, স্থানীয় জ্ঞান এবং প্রকৃতির সঙ্গে মানুষের পুরোনো সম্পর্কের মধ্যে।
সেলা কালেক্টিভ ও মিত্রে মানডের ওয়াটার টাওয়ার তাই একটি উৎসবের জন্য নির্মিত সাধারণ অস্থায়ী স্থাপনা নয়। এটি ইতিহাস, প্রকৃতি, কারুশিল্প ও সমকালীন স্থাপত্যের একটি পরীক্ষাগার।

১৭৭২ সালের হাউটন হলের জল টাওয়ার থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই ৫.৫ মিটার উচ্চ কাঠ ও খড়ের কাঠামো একই সঙ্গে অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের সম্ভাবনা বহন করে। আরএসপিবি পরিচালিত নলখাগড়ার বন থেকে সংগৃহীত উপকরণ, ঐতিহ্যবাহী খড়ের চালার কারিগরদের জ্ঞান এবং পুনঃব্যবহারের পরিকল্পনা—সব মিলিয়ে এক অনন্য আয়োজন।
এটি এমন এক স্থাপত্যের ধারণা সামনে আনে যেখানে উপকরণ শুধু ভবন তৈরি করে না উপকরণের সঙ্গে যুক্ত পরিবেশ, মানুষ, ইতিহাস ও সংস্কৃতিও ভবনের অংশ হয়ে ওঠে।
সমকালীন স্থাপত্যে যখন কার্বন নিঃসরণ, জীববৈচিত্র্য এবং উপকরণের জীবনচক্র ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন ওয়াটার টাওয়ারের মতো প্রকল্প মনে করিয়ে দেয় অন্য কথা। টেকসই ভবিষ্যৎ হয়তো সবসময় উচ্চপ্রযুক্তির মধ্যে নয়। কখনো সেটি পাওয়া যেতে পারে কাঠ, খড়, জলাভূমি এবং মানুষের হাতের কারুশিল্পের মধ্যেই।



















