• Home
  • টপ-পোস্ট
  • আগামীর স্থাপত্য: এআই সঙ্গে না থাকলে পথ হারানোর ঝুঁকি
Image

আগামীর স্থাপত্য: এআই সঙ্গে না থাকলে পথ হারানোর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রায় প্রতিটি পেশাগত ক্ষেত্রের কর্মপ্রবাহে ঢুকে পড়েছে। আর স্থাপত্য শিল্পও এর ব্যতিক্রম নয়। বহু বছর ধরে চলে আসা কাজের ধরনে এখন তাই নতুন করে ভাবার তাগিদ তৈরি হয়েছে। কারণ যে মডেলে স্থাপত্য প্রতিষ্ঠানগুলো দশকের পর দশক কাজ করে এসেছে, তা এখন তারা সীমাবদ্ধতার মুখোমুখি। 

আজকের স্টুডিওগুলোর ওপর চাপ কেবল বেড়েছে তা নয়, তার ধরনও বদলে গেছে। কম সময়ে বেশি কাজ, বাজেটের কড়াকড়ি, জটিল নিয়ন্ত্রক বিধি এবং ক্লায়েন্টের ক্রমবর্ধমান প্রত্যাশা একসঙ্গে সামলাতে হচ্ছে। এর ফলে সময়সীমা সংকুচিত হয়ে পড়ছে এবং নির্ভুলতার দাবি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ভুলের কোনো সুযোগ নেই। আর এই চাপের বড় অংশ প্রায়ই এসে পড়ে হাতে গোনা কয়েকজন অভিজ্ঞ কর্মীর ওপর, যাঁদের হাতে প্রকল্পের গুরুত্বপূর্ণ জ্ঞান কেন্দ্রীভূত থাকে।

এরমাঝেও যেসব প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, তারা কেবল বেশি উপকরণ করছে তা নয়। তারা কাজ কীভাবে সংগঠিত হয়, জ্ঞান কীভাবে সহজলভ্য হয় এবং মূল্য আসলে কোথা থেকে তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে নতুনভাবে ভাবছে বলেই তারা এগিয়ে।

আজকের স্টুডিওগুলোর ওপর চাপ কেবল বেড়েছে তা নয়, তার ধরনও বদলে গেছে। ছবি: সংগৃহীত
খণ্ডিত কাঠামোর সীমাবদ্ধতা

সাধারণ স্থাপত্য প্রতিষ্ঠান চলে বিশেষায়ণ, হাতে-কলমে তদারকি আর ভাগ করা দায়িত্বের ওপর ভিত্তি করে। বিল্ডিং কোড, এলাকাভিত্তিক নিয়ম আর সম্ভাব্যতা যাচাইয়ের জ্ঞান জমা থাকে মূলত কয়েকজন সিনিয়র স্থপতির কাছে। আগে এতে তেমন সমস্যা হতো না, কারণ কাজের চাপ কম থাকায় এই দুর্বলতা সামলে নেওয়া যেত।

কিন্তু এখন এই ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। অভিজ্ঞ কর্মীরা একসঙ্গে অনেক প্রকল্পে ব্যস্ত থাকেন। আর নতুন কর্মীরা হয়তো বোঝেন কোনো নিয়ম প্রযোজ্য, কিন্তু জানেন না সেটা কীভাবে ব্যাখ্যা করতে হবে বা কোথায় পাবেন। 

দলের ভেতরে এই ঘাটতি পূরণ না হলে কাজ হয় আটকে যায়, নয়তো বাইরের পরামর্শকের সাহায্য নিতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে। এখানেই বোঝা যায় আসল সমস্যাটা কোথায়, জ্ঞান প্রতিষ্ঠানে থাকলেও তা সবার কাছে সহজে পৌঁছায় না।

Ichi Plan-এর মতো প্ল্যাটফর্ম স্থপতিদের জন্য তৈরি একটি সহযোগিতামূলক এআই টুল। ছবি: সংগৃহীত
অপারেশনাল অবকাঠামো হিসেবে এআই

এই প্রেক্ষাপটে স্থাপত্যকেন্দ্রিক এআই এখন আর বিচ্ছিন্ন কোনো উপকরণ নয়। উলটো তা কাজের একটি জরুরি অংশ হয়ে উঠছে। Ichi Plan-এর মতো প্ল্যাটফর্ম স্থপতিদের জন্য তৈরি একটি সহযোগিতামূলক এআই টুল। এটি নির্মাণ নথি পড়তে পারে, বিল্ডিং কোডের সঙ্গে তা মিলিয়ে দেখতে পারে, আর ঘণ্টার বদলে মিনিটেই উদ্ধৃতিসহ উত্তর দিতে পারে। এসব প্ল্যাটফর্ম সাধারণ সার্চ ইঞ্জিনের মতো নয়। এটি যেন দলের একজন সদস্যের মতো কাজ করে। প্রকল্পের প্রেক্ষাপট বুঝে স্থপতির পাশে থেকে সমস্যা বিশ্লেষণে সাহায্য করে, শুধু উত্তর দিয়েই থেমে যায় না।

এতে কাজের গতি বাড়ে, দলের কাজের ধরনও বদলে যায়। যে গবেষণায় আগে চার-ছয় ঘণ্টা লাগত, তা এখন পাঁচ মিনিটেরও কম সময়ে হয়ে যাচ্ছে। আর তথ্যসূত্রও পুরো দলের সঙ্গে ভাগ করে নেওয়া যাচ্ছে।

থ্য খুঁজতে যে সময় আগে লাগত, তা অনেকটাই বেঁচে যায়। ছবি: সংগৃহীত
পরিশ্রম নয়, দক্ষতার দিকে 

এই পরিবর্তনের প্রভাব শুধু একটি-দুটি কাজেই সীমাবদ্ধ নয়। স্থাপত্যের বেশিরভাগ কাজই পুনরাবৃত্তিমূলক। বিশেষ করে কোড গবেষণা, জোনিং বিশ্লেষণ, মান নিয়ন্ত্রণ পর্যালোচনা, নথি যাচাই ইত্যাদি। “এজেন্টিক ওয়ার্কফ্লো”-র মাধ্যমে এসব কাজ এখন আধা-স্বয়ংক্রিয়ভাবে সাজানো যাচ্ছে। সিস্টেম আগে একটি প্রাথমিক পর্যালোচনা করে। নথি দেখে, অসংগতি খুঁজে বের করে, সমস্যাগুলো তুলে ধরে। এরপর স্থপতিরা সেই সিদ্ধান্ত যাচাই করেন আর জটিল বিষয়গুলো সমাধান করেন। কিন্তু তথ্য খুঁজতে যে সময় আগে লাগত, তা অনেকটাই বেঁচে যায়।

জ্ঞান একটি ব্যবসায়িক সম্পদ

প্রাতিষ্ঠানিক জ্ঞান ঐতিহাসিকভাবে অনানুষ্ঠানিক ছিল। কথোপকথন আর ব্যক্তিগত স্মৃতিতেই তা সীমাবদ্ধ থাকত। কিন্তু এই জ্ঞানকে একটি সাধারণ সিস্টেমের মধ্যে গঠনবদ্ধ করা হলে তা একটি অপারেশনাল সম্পদে পরিণত হয়। দলগুলো তখন আগে একই ধরনের সমস্যা কীভাবে সমাধান করা হয়েছিল তা ফিরে দেখতে পারে। নিয়ম-কানুনের আগের ব্যাখ্যাগুলো ব্যবহার করতে পারে এবং সেই যুক্তি নতুন প্রেক্ষাপটে প্রয়োগ করতে পারে, সহকর্মীদের বিরক্ত না করেই।

একটি প্রতিষ্ঠানে দেখা গেছে, আগে যেসব রুটিন কোড-সংক্রান্ত প্রশ্নের জন্য বাইরের পরামর্শক প্রয়োজন হতো, তা এখন প্রতিষ্ঠানের ভেতরেই সমাধান করা যাচ্ছে। যার ফলে খরচ কমেছে এবং ধারাবাহিকতা বেড়েছে। 

আগামী দশকে যেসব প্রতিষ্ঠান এগিয়ে থাকবে, তারা এআইকে শুধু পুরনো কাজের সঙ্গে জুড়ে দেবে। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার
আগামী দশক যা পুরস্কৃত করবে

এখানে পরিবর্তনটা শুধু নতুন প্রযুক্তি যোগ হওয়াতেই সীমাবদ্ধ নয়। আসল বিষয় হলো, এই প্রযুক্তি কাজের ধরনটাকেই নতুন করে গড়ে তুলছে। এআই শুধু পুরনো কর্মপদ্ধতি উন্নত করছে না, বরং সেগুলোকে আগের মতো চালিয়ে যাওয়াও কঠিন করে তুলছে।

আগামী দশকে যেসব প্রতিষ্ঠান এগিয়ে থাকবে, তারা এআইকে শুধু পুরনো কাজের সঙ্গে জুড়ে দেবে না বরং প্রকল্পের পুরো যাত্রায়, প্রাথমিক সম্ভাব্যতা যাচাই ও কোড গবেষণা থেকে শুরু করে নির্মাণ নথি ও প্রশাসনিক কাজ পর্যন্ত, জ্ঞান কীভাবে প্রবাহিত হবে তা নতুন করে ভাববে।

শ্রমঘণ্টার হিসাবের বদলে জ্ঞানের কার্যকর প্রয়োগ ও বিতরণই ভবিষ্যতে মূল্য নির্ধারণের মাপকাঠি হয়ে উঠছে। ছবি: সংগৃহীত

এআই স্থাপত্য প্রতিষ্ঠানের কাঠামোকে যেভাবে বদলে দিচ্ছে, তা একটি গভীরতর রূপান্তর। যেসব প্রতিষ্ঠান কেবল নতুন উপকরণ ব্যবহারেই সীমাবদ্ধ না থেকে জ্ঞান-প্রবাহ, দলীয় সহযোগিতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে নতুনভাবে সংগঠিত করছে, তারাই ভবিষ্যতে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। 

শ্রমঘণ্টার হিসাবের বদলে জ্ঞানের কার্যকর প্রয়োগ ও বিতরণই ভবিষ্যতে মূল্য নির্ধারণের মাপকাঠি হয়ে উঠছে। শেষ পর্যন্ত এআই স্থপতিদের কাজকে প্রতিস্থাপন করছে না। স্থপতিদের বিচার-বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও সৃজনশীলতার জন্য আরও বেশি জায়গা তৈরি করে দিতে সহযোগিতা করছে মাত্র।

তথ্যসূত্র: 

আর্কডেইলি

Related Posts

চারদিকে পানি: বাংলাদেশের আবাসন কোন পথে?

একটি দেশের ভবিষ্যৎ অনেক সময় তার মানচিত্রেই লেখা থাকে। সেই লেখা বুঝতে হলে তাকাতে হয় পরিসংখ্যানের দিকে, নদীর…

ফর্ম, অর্ডার ও জীবন: বিংশ শতকের স্থাপত্যভাবনা

২০ শতকের স্থাপত্য কেমন হবে বা হওয়া উচিত তা নিয়ে অনেক আগেই দর্শনচর্চায় সাড়া ফেলেছে নানা তত্ত্ব। তারই…

নির্মাণ শ্রমিকের নিরাপত্তার জরুরি ১১ পদক্ষেপ

আমাদের চারপামে কত সুন্দর বাড়ি, ল্যান্ডস্কেপ আর নান্দনিক স্থাপনা। এর পেছ কার হাত? নি:সন্দেহে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের নামই…

অজন্তা গুহা: পাথরের বুকে আঁকা প্রাচীন বুদ্ধের অনন্য নিদর্শন

ভারতের প্রাচীন স্থাপত্যের ইতিহাসে অজন্তা গুহা একটি অসাধারণ নাম। পাহাড়ের শক্ত পাথর কেটে তৈরি করা এই গুহাগুলো শুধু…