• Home
  • বিশ্ব ঐতিহ্য
  • অজন্তা গুহা: পাথরের বুকে আঁকা প্রাচীন বুদ্ধের অনন্য নিদর্শন
অজন্তা গুহা

অজন্তা গুহা: পাথরের বুকে আঁকা প্রাচীন বুদ্ধের অনন্য নিদর্শন

ভারতের প্রাচীন স্থাপত্যের ইতিহাসে অজন্তা গুহা একটি অসাধারণ নাম। পাহাড়ের শক্ত পাথর কেটে তৈরি করা এই গুহাগুলো শুধু ধর্মীয় স্থাপনাই নয়। প্রাচীন ভারতের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা ও সামাজিক জীবনের এক মূল্যবান দলিল হিসেবেও সমধিক সমাদৃত। পাথরের দেয়ালে আঁকা ছবি, খোদাই করা বুদ্ধমূর্তি, বিশাল স্তম্ভ এবং গুহার অভ্যন্তরের পরিকল্পনা—সবকিছু মিলিয়ে অজন্তা আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন শিল্প ও স্থাপত্য নিদর্শন।

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ওয়াঘোরা নদীর উপত্যকার কাছে একটি খাড়া পাথুরে পাহাড়ের গায়ে অজন্তা গুহাগুলো তৈরি করা হয়েছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এখানে মোট ৩০টি গুহা রয়েছে, যার মধ্যে কয়েকটি গুহা এখনও অসম্পূর্ণ। এগুলোর মধ্যে কিছু ছিলো প্রার্থনা বা উপাসনার স্থান। উপাসনার গুহাগুলোকে চৈত্যগৃহ বলা হয়। আর অধিকাংশই ছিলো বৌদ্ধ ভিক্ষুদের বসবাস ও ধর্মীয় কর্মকাণ্ডের জন্য নির্মিত বিহার। ১৯৮৩ সালে অজন্তা গুহা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত হয়।

অজন্তা গুহার ইতিহাস

অজন্তার ইতিহাস একসময়ে তৈরি হয়নি। এর নির্মাণ ও ব্যবহার কয়েক শতাব্দী ধরে বিভিন্ন পর্যায়ে হয়েছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, অজন্তার প্রথম পর্যায়ের গুহাগুলো খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতাব্দীর সময়ের। পরে প্রায় চার শতাব্দী পর পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে দ্বিতীয় পর্যায়ে এখানে ব্যাপক নির্মাণ ও অলংকরণের কাজ হয়।

প্রথম পর্যায়ের নির্মাণ সাতবাহন শাসনামলের সঙ্গে সম্পর্কিত বলে জানা যায়। এই সময়ের গুহাগুলো তুলনামূলকভাবে সরল ছিলো। পরে বাকাটক রাজবংশের আমলে অজন্তায় নতুন গুহা খনন করা হয় এবং পুরোনো গুহাগুলোকেও সমৃদ্ধভাবে সাজানো হয়।

এই দ্বিতীয় পর্যায়েই অজন্তার চিত্রকলা ও ভাস্কর্য সবচেয়ে বেশি বিকশিত হয়। দেয়াল, স্তম্ভ, প্রবেশপথ এবং বিভিন্ন স্থানে অসাধারণ অলংকরণ যুক্ত করা হয়। বুদ্ধের মানবাকৃতির মূর্তি, ধর্মীয় কাহিনি এবং সমকালীন জীবনের নানা দৃশ্য তখন শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়।

পাহাড় কেটে তৈরি স্থাপত্য

অজন্তার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর নির্মাণ পদ্ধতি। এখানে আলাদা করে পাথর এনে ভবন তৈরি করা হয়নি। পাহাড়ের কঠিন শিলাস্তর সরাসরি কেটে ভেতরের জায়গা তৈরি করা হয়েছে। অর্থাৎ পাহাড়ই এখানে ভবনের দেয়াল, ছাদ ও কাঠামোর প্রধান উপাদান।

এই ধরনের স্থাপত্যকে বলা হয় ‘রক-কাট আর্কিটেকচার’ বা শিলাকাটা স্থাপত্য। প্রাচীন ভারতের স্থপতি ও কারিগররা অত্যন্ত পরিকল্পিতভাবে পাথর কেটে বিশাল হল, কক্ষ, স্তম্ভ, মন্দির এবং ভাস্কর্য তৈরি করেছিলেন।

অজন্তার কিছু চৈত্যগৃহের ছাদ বাঁকানো এবং শেষ অংশ অর্ধবৃত্তাকার। গুহার ভেতরে সারিবদ্ধ স্তম্ভ মূল হলকে বিভিন্ন অংশে ভাগ করেছে। পেছনের দিকে থাকা স্তূপকে ঘিরে হাঁটার জন্যও জায়গা রাখা হয়েছিলো। ইউনেস্কোর বর্ণনা অনুযায়ী, এসব স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য প্রাচীন কাঠের নির্মাণশৈলীর রূপকে পাথরের মধ্যে পুনরায় প্রকাশ করে।

চৈত্যগৃহ ও বিহার

অজন্তার গুহাগুলোকে সাধারণভাবে দুটি প্রধান ধরনের স্থাপত্যে ভাগ করা যায়—চৈত্যগৃহ এবং বিহার।

‘চৈত্যগৃহ’ ছিল মূলত ধর্মীয় উপাসনা ও প্রার্থনার স্থান। এগুলোর ভেতরে সাধারণত একটি স্তূপ থাকে। অজন্তার পাঁচটি গুহা—৯, ১০, ১৯, ২৬ এবং ২৯—চৈত্যগৃহ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে ‘বিহারৎ ছিলো বৌদ্ধ ভিক্ষুদের থাকার স্থান। সাধারণত একটি বড় হলের চারপাশে ছোট ছোট কক্ষ তৈরি করা হয়েছে। এসব কক্ষ ভিক্ষুদের থাকার জন্য ব্যবহৃত হতো। কিছু বিহারের ভেতরে পরবর্তী সময়ে বুদ্ধের মূর্তি ও উপাসনাকক্ষ যুক্ত করা হয়।

এই পরিকল্পনা থেকে বোঝা যায়, অজন্তা শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্র ছিলো না। এটি ছিলো একটি সংগঠিত বৌদ্ধ মঠজীবনের অংশ।

অজন্তার বিখ্যাত চিত্রকলা

অজন্তা গুহার সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এর দেয়ালচিত্র। এসব চিত্রে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কাহিনি, বুদ্ধের জীবন এবং জাতক কাহিনির দৃশ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তৎকালীন মানুষের পোশাক, অলংকার, রাজদরবার, স্থাপনা, পশু-পাখি ও উদ্ভিদের নানা চিত্রও দেখা যায়।

অজন্তার শিল্পীরা শুধু ধর্মীয় বিষয় আঁকেননি। তাঁদের ছবিতে তৎকালীন সমাজের একটি জীবন্ত চিত্রও পাওয়া যায়। রাজা-রানি, সাধারণ মানুষ, সংগীতশিল্পী, পরিচারক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের দৃশ্য শিল্পের মাধ্যমে ফুটে উঠেছে এখানে।

চিত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষের মুখাবয়ব ও শরীরের ভঙ্গি। চোখ, হাত, শরীরের বাঁক এবং পোশাকের রেখা অত্যন্ত সূক্ষ্মভাবে আঁকা হয়েছে। ফলে ছবিগুলোতে স্থিরতার পাশাপাশি এক ধরনের গতিশীলতা দেখা যায়।

ইউনেস্কোর অজন্তার চিত্র ও ভাস্কর্যকে বৌদ্ধ ধর্মীয় শিল্পের মাস্টারপিস হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, অজন্তার শিল্পধারা ভারত ও ভারতের বাইরেও প্রভাব ফেলেছিলো।

ভাস্কর্যের অনন্য সৌন্দর্য

চিত্রকলার পাশাপাশি অজন্তার ভাস্কর্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর কেটে তৈরি বুদ্ধের বিভিন্ন মূর্তি, অলংকৃত স্তম্ভ, দরজার ফ্রেম এবং অন্যান্য ভাস্কর্য গুহাগুলোর স্থাপত্যকে আরও সমৃদ্ধ করেছে।

পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীর গুহাগুলোতে ভাস্কর্যের ব্যবহার বিশেষভাবে বৃদ্ধি পায়। স্তম্ভ ও দেয়ালের সঙ্গে ভাস্কর্যকে এমনভাবে যুক্ত করা হয়েছে যে স্থাপত্য ও শিল্প একে অপরের অংশ হয়ে উঠেছে। ফলে অজন্তার গুহাগুলোকে শুধু একটি ভবন হিসেবে দেখা যায় না। এটি একই সঙ্গে একটি বিশাল ভাস্কর্য ও চিত্রকলার জগৎ।

আলো ও অন্ধকারের স্থাপত্য

অজন্তার আরেকটি আকর্ষণীয় দিক হলো আলো ব্যবহারের বিষয়টি। গুহার ভেতর স্বাভাবিক আলো সীমিত। প্রবেশপথ দিয়ে আসা আলো ধীরে ধীরে ভেতরের অন্ধকারে মিলিয়ে যায়। এই আলো-অন্ধকারের বৈপরীত্য গুহার ধর্মীয় পরিবেশকে আরও গভীর করে।

বিশেষ করে চৈত্যগৃহের ভেতরে প্রবেশ করলে বাইরের উজ্জ্বল পরিবেশ থেকে ধীরে ধীরে একটি শান্ত ও অন্ধকার জায়গায় পৌঁছানো যায়। স্থাপত্যের এই পরিবর্তন দর্শনার্থীর অনুভূতিতেও প্রভাব ফেলে।

অজন্তা ও বৌদ্ধ ধর্ম

অজন্তার সঙ্গে বৌদ্ধ ধর্মের সম্পর্ক অত্যন্ত গভীর। প্রথম পর্যায়ের কিছু গুহায় বুদ্ধকে সরাসরি মানবমূর্তি হিসেবে দেখানোর পরিবর্তে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছিলো। পপরে মহাযান বৌদ্ধধারার প্রভাবে বুদ্ধের মানবাকৃতির মূর্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর ফলে অজন্তার শিল্পে বৌদ্ধ ধর্মের পরিবর্তন ও বিকাশের একটি ধারাবাহিক চিত্রও পাওয়া যায়। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার মাধ্যমে ধর্মীয় ধারণাগুলো সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিলো।

প্রাচীন সমাজের ইতিহাসের দলিল

অজন্তার গুরুত্ব শুধু ধর্মীয় বা স্থাপত্যগত নয়। এখানকার চিত্র ও শিলালিপি প্রাচীন ভারতের সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মানুষের পোশাক, অলংকার, রাজদরবার, স্থাপত্য, প্রাণী, উদ্ভিদ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের দৃশ্য থেকে সেই সময়ের জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এ কারণে অজন্তাকে একটি বিশাল ঐতিহাসিক নথি হিসেবেও দেখা যায়। পাথরের দেয়ালে সংরক্ষিত শিল্পকর্মগুলো আমাদের বহু শতাব্দী আগের ভারতের সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

অজন্তা গুহার বিশ্ব ঐতিহ্য মর্যাদা

অজন্তা গুহা ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে অন্তর্ভুক্ত হয়। ইউনেস্কো অজন্তাকে প্রাচীন বৌদ্ধ রক-কাট স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে বিবেচনা করে। একই সঙ্গে এখানে শিল্প, স্থাপত্য, চিত্রকলা, ধর্মীয় ইতিহাস এবং সামাজিক ইতিহাসের অসাধারণ সমন্বয় রয়েছে বলে উল্লেখ করেছে।

অজন্তার সংরক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুহার প্রাকৃতিক পরিবেশ, আর্দ্রতা, দর্শনার্থীদের চাপ এবং কাঠামোগত স্থিতিশীলতার মতো বিষয়গুলো সংরক্ষণের ক্ষেত্রে বিবেচনা করতে হয়। ইউনেস্কোও বিশেষ করে চিত্রযুক্ত গুহাগুলোতে দর্শনার্থীর চাপ এবং গুহার কাঠামোগত স্থিতিশীলতা পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।

আধুনিক স্থাপত্যে অজন্তার শিক্ষা

অজন্তা আধুনিক স্থপতিদের কাছেও গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় কীভাবে প্রাকৃতিক পাহাড়কে ধ্বংস না করে তার ভেতরেই প্রয়োজনীয় স্থাপত্য তৈরি করা হয়েছিল। স্থানীয় উপাদান ব্যবহার, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে স্থাপত্যের সম্পর্ক এবং আলো-অন্ধকারের পরিকল্পিত ব্যবহার—এসব বিষয় আজও স্থাপত্যচর্চায় গুরুত্বপূর্ণ।

অজন্তার স্থাপত্যশৈলী থেকে দেখা যায় একটি স্থাপনা শুধু দেয়াল ও ছাদের সমষ্টি নয়। স্থাপত্যের সঙ্গে শিল্প, ধর্ম, সংস্কৃতি ও মানুষের জীবন একসঙ্গে যুক্ত হতে পারে। একটি ভবন তখনই আরও অর্থবহ হয়ে ওঠে, যখন তার নকশা মানুষের অনুভূতি ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করে।

অজন্তা গুহা ভারতের প্রাচীন স্থাপত্য ও শিল্পের এক অসাধারণ অধ্যায়। পাহাড় কেটে তৈরি গুহা, চৈত্যগৃহ, বিহার, পাথরের ভাস্কর্য এবং দেয়ালজুড়ে অসাধারণ চিত্র—সবকিছু মিলিয়ে এটি এক অনন্য সাংস্কৃতিক সম্পদ।

হাজার বছরেরও বেশি সময় ধরে অজন্তা মানুষের সৃজনশীলতার সাক্ষ্য বহন করে আসছে। এর দেয়ালে শুধু বুদ্ধের কাহিনি নেই।সেখানে প্রাচীন মানুষের জীবন, সংস্কৃতি, পোশাক, শিল্পবোধ এবং স্থাপত্যজ্ঞানও সংরক্ষিত রয়েছে। তাই অজন্তা শুধু ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়। এটি মানব সভ্যতার শিল্প ও স্থাপত্য ইতিহাসের একটি মূল্যবান অধ্যায়।

Related Posts

কুসুম্বা মসজিদ: বাংলার মধ্যযুগীয় স্থাপত্যের অনন্য নিদর্শন

বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে কুসুম্বা মসজিদ একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা। নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত…

দুই স্থপতির ভিন্ন নগরভাবনা

একটি শহরকে কীভাবে পরিকল্পনা করা উচিত? শহরের প্রতিটি রাস্তা, ভবন ও চলাচল যদি নির্দিষ্ট নিয়মে সাজানো হয়, তাহলে…

সাবেক সভাপতিকে ১ লাখ ৫০ হাজার পাউন্ড দিয়ে আইনি বিরোধ মেটাল RIBA

যুক্তরাজ্যের স্থপতিদের শীর্ষ সংগঠন রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (RIBA) তাদের সাবেক সভাপতি অ্যালান জোন্সকে ১,৫০,০০০ পাউন্ড দিয়ে…

ByByshuprova Oct 1, 2026

শিফট এমব্যাসির আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী MVRDV-র ‘রটারডাম রকস’!

শহরের বড় ভবন সাধারণত প্রকৃতিকে সরিয়ে জায়গা করে নেয়। নেদারল্যান্ডসের রটারডামে এবার উল্টো ভাবনার একটি ডিজাইন বেছে নেওয়া…