বেলজিয়ামের অস্টেন্ড বন্দরে নির্মিত এলিয়া গ্রুপের নতুন ‘অফশোর সার্ভিস সেন্টার’ যা সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রকল্প। ওইও আর্কিটেক্টস (OYO Architects) ও ট্র্যাকটেবেল (TRACTEBEL) এর নকশায় পরিকল্পিত এই ভবনটি সাধারণ অফিস ভবনের ধারণা থেকে অনেকটাই আলাদা। এখানে অফিস, ওয়্যারহাউজ, ওয়ার্কশপ, কন্ট্রোলরুম এবং জরুরি ব্যবস্থাপনার সুবিধাকে একই স্থাপত্য কাঠামোর মধ্যে যুক্ত করা হয়েছে।
সমুদ্রভিত্তিক কার্যক্রমের জন্য বিশেষায়িত স্থাপত্য
উত্তর সাগরে অফশোর উইন্ড এনার্জি বা সমুদ্র তীরবর্তী বায়ুশক্তির এর বিস্তারের ফলে সমুদ্রের মধ্যে থাকা বিদ্যুৎ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য স্থলভাগে দক্ষ অপারেশন সেন্টারের প্রয়োজন বাড়ছে। অস্টেন্ড বন্দরের অবস্থান এ ধরণের কার্যক্রমের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নতুন অফশোর সার্ভিস সেন্টার সেই প্রয়োজন পূরণ করার লক্ষ্যেই তৈরি। ভবনটির সঙ্গে বন্দর এলাকার ঘাট ও জেটির কার্যকরী যোগাযোগ রয়েছে। ফলে অফশোর অপারেশনের সঙ্গে স্থলভাগের কর্মী, যন্ত্রপাতি ও লজিস্টিকসের সংযোগ সহজ হয়।
ফিস ও শিল্প স্থাপনার সমন্বয়
প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর বিভিন্ন কার্যক্রমকে একই ভবনে একত্র করা। এখানে রয়েছে কর্মীদের অফিস, মিটিংরুম, অভ্যর্থনাকক্ষ, ওয়্যারহাউজ, ওয়ার্কশপ এবং অফশোর অপারেশন ভবন পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত সুবিধা।

ভবনের নিচের অংশকে অপেক্ষাকৃত ভারী ইন্ডাস্ট্রিয়াল ভলিউম হিসেবে পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ওয়্যারহাউজ ও অন্যান্য অপারেশনাল স্পেস রয়েছে। তার ওপর অপেক্ষাকৃত হালকা অফিসের জায়গাও স্থাপন করা হয়েছে। এই দুই স্তরের পার্থক্য ভবনের স্থাপত্যিক চরিত্রকে আরও স্পষ্ট করেছে।
এ ধরনের বিন্যাস শুধু নান্দনিক নয়, কার্যকরীও। ভারী যন্ত্রপাতি ও অপারেশনাল কর্মকাণ্ড নিচে এবং কর্মীদের কাজের জায়গা ওপরে রাখার ফলে ভবনের সার্কুলেশন ও কাজের ধরণ সুসংগঠিত হয়।
বন্দরের ল্যান্ডস্কেপে নতুন পরিচয়
অস্টেন্ড বন্দর মূলত একটি শিল্প ও বন্দরভিত্তিক পরিবেশ। এখানে ওয়্যারহাউজ, ভেসেল, ক্রেন এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক স্থাপনাও রয়েছে। এই পরিবেশের মধ্যে নতুন ভবনটি যেন আলাদা একটি করপোরেট অফিস না হয়ে পুরো বন্দর বাস্তুতন্ত্রের অংশ হয়ে ওঠে—নকশায় সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে।
উঁচুতে থাকা অফিসের জায়গা ভবনটিকে একটি স্বতন্ত্র দৃশ্যমান পরিচয় দেয়। একই সঙ্গে নিচের ইনডাস্ট্রিয়াল অংশটি আশপাশের বন্দর ল্যান্ডস্কেপের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে।
স্থায়িত্বের গুরুত্ব
নবায়নযোগ্য জ্বালানি খাতের সঙ্গে যুক্ত একটি স্থাপনার ক্ষেত্রে স্থায়িত্ব স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। প্রকল্পটির নকশায় শক্তি দক্ষতা এবং পরিবেশগত কর্মদক্ষতার বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।
ভবনের ছাদে ফটোভোল্টাইক প্যানেল ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা সৌরবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণের ওয়াকওয়েকে সোলার শেডের অংশ হিসেবেও ব্যবহারের ধারণা নেওয়া হয়েছে। অর্থাৎ একটি স্থাপত্য উকরণ একই সঙ্গে রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ নিয়ন্ত্রণের কাজ করছে।
প্রকল্পটি একটি উন্নতমানের পরিবেশবান্ধব ভবন হিসবে “BREEAM Very Good” সনদ পাওয়ার আশায় পরিবেশগত কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্য সামনে রেখে পরিকল্পিত হয়েছে। এর মাধ্যমে ভবনের শক্তির ব্যবহার, উপকরণ, ভেতরের পরিবেশ এবং সামগ্রিক স্থায়িত্বের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
কন্ট্রোলরুম ও জরুরি ব্যবস্থাপনা
অফশোর এনার্জি অবকাঠামো পরিচালনার ক্ষেত্রে কন্ট্রোলরুম একটি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্রের মধ্যে থাকা অবকাঠামো পর্যবেক্ষণ, যোগাযোগ এবং বিভিন্ন পরিচালার সিদ্ধান্ত নেওয়ার জন্য এ ধরণের বিশেষায়িত স্পেস প্রয়োজন।
প্রকল্পে সঙ্কট মোকাবিলার জন্যও আলাদা সুবিধা রাখা হয়েছে। কোনো যান্ত্রিক সমস্যা, দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বিভিন্ন কর্মী দলের মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে এসব স্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভবিষ্যতের অফশোর স্থাপত্য
এলিয়া গ্রুপের এই অফশোর সার্ভিস সেন্টার দেখায় নবায়নযোগ্য জ্বালানি স্থাপত্যের সঙ্গে স্থাপত্যশিল্পের সম্পর্ক কতটা পরিবর্তিত হচ্ছে। ভবিষ্যতে অফশোর উইন্ড ফার্ম এবং সমুদ্রভিত্তিক বিদ্যুৎ অবকাঠামো বাড়ার সঙ্গে সঙ্গে এমন আরও সার্ভিস সেন্টার, কন্ট্রোল সুবিধা এবং রক্ষণাবেক্ষণ হাব প্রয়োজন হবে।
এই ধরণের ভবনে তাই শুধু সুন্দর সম্মুখ ডিজাইন নয়; বরং লজিস্টিকস, প্রযুক্তি, আরামদায়ক কাজের পরিবেশ, স্থায়িত্ব এবং সামুদ্রিক সংযোগ সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হবে।
অস্টেন্ডের এলিয়া গ্রুপ অফশোর সার্ভিস সেন্টার একটি আধুনিক শিল্প ও কর্মক্ষেত্রের স্থাপত্যের সমন্বিত উদাহরণ। ওইও আর্কিটেক্টস ও ট্র্যাকটেবেলের পরিকল্পনায় ভবনটি অফিসের পাশাপাশি ওয়্যারহাউজ, ওয়ার্কশপ, কন্ট্রোলরুম এবং রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
সমুদ্রের সঙ্গে সরাসরি সম্পর্ক, নবায়নেযোগ্য জ্বালাতি অবকাঠামোর সেবা, ফটোভোল্টাইক সিস্টেম এবং এর বিশেষ সমন্বয় পদ্ধতি সব মিলিয়ে প্রকল্পটি ভবিষ্যতের অফশোর স্থাপত্যের সম্ভাব্য একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে। এটি প্রমাণ করে, আধুনিক স্থাপত্য শুধু একটি ভবন তৈরি করে না, শক্তি, প্রযুক্তি, কর্মক্ষেত্র ও পরিবেশের মধ্যে নতুন সম্পর্কও তৈরি করতে পারে।



















