• Home
  • টপ-পোস্ট
  • সুইডেনের দূষিত জমিতে গোলাপি স্ফটিকের “লিথিয়াম ক্রিস্টাল সনা”
Image

সুইডেনের দূষিত জমিতে গোলাপি স্ফটিকের “লিথিয়াম ক্রিস্টাল সনা”

সুইডেনের উত্তরের শহর স্কেলেফটিওতে একটি নতুন স্থাপনা তৈরি হয়েছে। স্টকহোমের শিল্পী জুটি বিগার্ট ও বার্গস্ট্রম এই কাঠামোর নাম দিয়েছেন “লিথিয়াম ক্রিস্টাল সনা”। এটি একটি পুরনো শিল্প-এলাকায় গড়া হয়েছে, যা এখন নতুন করে সাজানো হচ্ছে।

সনা (Sauna) হলো এমন একটি বিশেষ ছোট কক্ষ বা ঘর,যেখানে কৃত্রিমভাবে তাপমাত্রা ও শুষ্ক উত্তাপ তৈরি করে। মানুষ সাধারণত শরীরকে ঘামানোর, ক্লান্তি দূর করার এবং রিল্যাক্স বা আরাম করার জন্য এখানে সময় কাটান। এটি বিশ্বজুড়ে বিশেষ করে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে (যেমন ফিনল্যান্ড ও সুইডেন) অত্যন্ত জনপ্রিয় একটি সংস্কৃতি।

এই এলাকাটি ভেস্টারবটেন অঞ্চলের সবচেয়ে দূষিত জায়গাগুলোর একটি ছিল। এখন এটিকে একটি বড় প্রকল্পের আওতায় সবার জন্য খোলা জায়গায় বদলে ফেলা হচ্ছে, প্রকল্পটির নাম “ওয়েস্টল্যান্ড ক্লাইমেট অ্যাকশন পার্ক”। এই সনাটিই সেই প্রকল্পের প্রথম স্থায়ী স্থাপনা, যা এখন সম্পূর্ণ হয়েছে।

লিথিয়াম ক্রিস্টাল সনাটি সুইডেনের উত্তরের শহর স্কেলেফটিওতে সাবেক শিল্প-কারখানা এলাকায় অবস্থিত। ছবি: ডিজেইন
জমির ইতিহাস ও প্রকল্পের প্রেক্ষাপট

শতাধিক বছর ধরে কাঠের মণ্ড (পাল্প) উৎপাদন থেকে নির্গত বিষাক্ত রাসায়নিকের কারণে দূষিত হয়েছিল স্কারিন (Scharin) শিল্প-এলাকাটি। জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কে রূপান্তরিত হওয়ার আগে এই জমিতে সতেরো বছর ধরে ব্যাপক মাটি পরিশোধন কাজ চালানো হয়েছে। 

জুটি বিগার্ট ও বার্গস্ট্রম জানিয়েছেন, জায়গার ইতিহাস মুছে ফেলার বদলে তারা সেই ইতিহাসের ওপর ভিত্তি করেই কিছু গড়ে তুলতে চেয়েছিলেন। একটি ভাস্কর্য ও সম্পূর্ণ কার্যকর সনার সমন্বয় তৈরিই ছিল তাদের লক্ষ্য।

নদীর দিকে মুখ করে একটি বিশেষভাবে তৈরি (কাস্টম) হিটার রাখা হয়েছে। ছবি: ডিজেইন
বাইরের অবয়ব: গোলাপি স্ফটিকের ডিজাইন

গোলাপি টাইটানিয়াম-প্রলেপিত আয়না-সদৃশ স্টেইনলেস স্টিল দিয়ে আবৃত এই সনার বাইরের অংশে রয়েছে প্রায় ২৮০টি প্রিজম দিয়ে গঠিত অসামঞ্জস্যপূর্ণ, বহুতলবিশিষ্ট (faceted) একটি আকৃতি। পুরো কাঠামোটি ডিজিটালি ডিজাইন করে সিএনসি মেশিন ও লেজার প্রযুক্তি দিয়ে কাটা হয়েছে। একটি বড় আকারের লিথিয়াম স্ফটিকের অনুরূপ দেখতে এই ডিজাইনের মাধ্যমে ব্যাটারি প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে লিথিয়াম খনিজের ভূমিকাকে ইঙ্গিত করা হয়েছে।

বিগার্ট ও বার্গস্ট্রম সুইডেনের উত্তরে একটি ক্রিস্টাল-আকৃতির সনা তৈরি করেছেন। ছবি: ডিজেইন

শিল্পীদের ভাষায়, লিথিয়াম আজকের সবুজ রূপান্তরের একটি প্রতীক হয়ে উঠেছে। এটি ব্যাটারি, বিদ্যুতায়ন এবং জীবাশ্ম-জ্বালানিমুক্ত ভবিষ্যতের সঙ্গে যুক্ত, অথচ এর উত্তোলন প্রক্রিয়া পরিবেশের মারাত্মক ক্ষতিও করতে পারে। স্কেলেফটিওর প্রেক্ষাপটে এই দ্বৈততাকেই তারা প্রাসঙ্গিক মনে করেছেন।

কাঠামোটি মাটি থেকে চার ডিগ্রি কোণে পেছনের দিকে হেলানো, যাতে মনে হয় এটি যেন সরাসরি মাটি ফুঁড়ে জেগে উঠেছে। এটি স্থানীয় হার্টউড পাইন কাঠ দিয়ে তৈরি একটি ষড়ভুজাকার কাঠের ডেকের ওপর বসানো। 

এর ভাস্কর্যময় কাঠের অভ্যন্তরটি দর্পণ-আবরণের বাইরের অংশের সঙ্গে বৈসাদৃশ্য তৈরি করে। ছবি: ডিজেইন
অভ্যন্তরীণ ডিজাইন: গুহার অনুভূতি

বাইরের আয়না-সদৃশ চেহারার বিপরীতে, সনার ভেতরটি তৈরি স্প্রুস কাঠামোর ওপর তাপ-প্রতিরোধী কাঠের ভিনিয়ার দিয়ে। শিল্পীদের বর্ণনায়, সনায় প্রবেশ করাটা যেন একটি গুহায় প্রবেশ করার মতো অনুভূতি দেয়। এটি মানব-ইতিহাসের সেই প্রাচীনতম পর্বের সঙ্গে যুক্ত, যখন মানুষ গুহায় আশ্রয় নিত এবং উষ্ণতার জন্য আগুন জ্বালাতে শুরু করেছিল।

সনাটিতে একসঙ্গে সর্বোচ্চ বারোজন মানুষ বসতে পারেন। হিটারের চারপাশে সাজানো রয়েছে হাতে তৈরি অ্যাল্ডার কাঠের বেঞ্চ, আর একটি কাচে ঘেরা দরজা দিয়ে দেখা যায় পাশের স্কেলেফটি নদীর দৃশ্য। মেঝেতে ব্যবহৃত হয়েছে স্থানীয় হার্টউড পাইন কাঠ, যা প্রাকৃতিকভাবে রেজিনসমৃদ্ধ বলে কোনো রাসায়নিক প্রলেপ ছাড়াই আর্দ্রতা ও ক্ষয় প্রতিরোধ করতে সক্ষম।

হাতে তৈরি অ্যাল্ডার কাঠের বেঞ্চগুলো হিটারটির চারপাশে সাজিয়ে রাখা হয়েছে। ছবি: ডিজেইন

লিথিয়াম ক্রিস্টাল সনা একটি ক্ষত-চিহ্নিত শিল্প-এলাকার পুনর্জন্মের রূপক। দূষিত জমি, প্রাচীন মানব-ঐতিহ্য এবং ভবিষ্যতের সবুজ প্রযুক্তির প্রতীক লিথিয়ামকে এক জায়গায় এনে বিগার্ট ও বার্গস্ট্রম দেখিয়েছেন কীভাবে একটি স্থাপনা একটি অঞ্চলের ইতিহাস, দ্বন্দ্ব ও ভবিষ্যতের বয়ানকেও ধারণ করতে পারে। 

তথ্যসূত্র: 

ডিজেইন

Related Posts

চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়

কাঠমান্ডু শহর পাহাড়ে ঘেরা এক উপত্যকায় বসানো। চারদিকে পাহাড়, মাঝখানে নদী আর সমতল জমি। এই জায়গাটাই একসময় মানুষকে…

মাটির নিচে আরেক পৃথিবী

গ্রিসের সিফনস দ্বীপের উপকূলীয় পাহাড়ে দাঁড়িয়ে থাকা ‘পৃথিবীর ভেতের’ (Within the Earth) যেন কোনো নতুন ভবন নয়। এটি…

ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে

যুক্তরাষ্ট্রের ব্রিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক “দ্য ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য এন্ট্রি জমা নেওয়া শুরু করেছে।…

ওয়াটার টাওয়ার: স্থাপত্যের ঐতিহ্য ও পুনর্জাগরনের এক অনন্য সংলাপ

স্থাপত্য কখনো শুধু একটি ভবন বা কাঠামো নির্মাণের বিষয় নয়। এটি একটি নির্দিষ্ট স্থান, তার ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়
within the earth
ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে
water tower
architecture
barbican
বালি’র জঙ্গলে এক চার পাতার ভিলা
মার্বেলের বর্জ্যে বানানো আর্বান মাইক্রো স্থাপত্য ফার্নিচার
ZHA বুনছে আজারবাইজানের পাইন বনে ‘বাকু এক্সপো সিটি’