শব্দই কখনো কখনো একটি ভবনের রূপ, উপকরণ ও গঠন নির্ধারণ করে দিতে পারে। ফ্রান্সের এভিয়ানে সদ্য নির্মিত লা সোর্স ভিভ কনসার্ট হল তারই একটি দৃষ্টান্ত। ফরাসি স্থাপত্য প্রতিষ্ঠান পিসিএ-স্ট্রিম জেনেভা হ্রদের ধারে ঢালু বনভূমিতে গড়ে তুলেছে তামার আচ্ছাদনে মোড়া গম্বুজাকৃতির এই চেম্বার মিউজিক হল।
যাকে নকশা করা হয়েছে একেবারে “একটি বাদ্যযন্ত্রের মতো করে”। শব্দবিজ্ঞান বা আকুস্টিক্সকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই স্থাপনার প্রতিটি সিদ্ধান্ত আকৃতি থেকে শুরু করে উপকরণ নির্বাচন পর্যন্ত।

অবস্থান ও প্রেক্ষাপট
লা সোর্স ভিভ হলো ৪৯০ আসনবিশিষ্ট একটি চেম্বার মিউজিক হল, যা প্যাট্রিক বুশাঁর নকশা করা ১৯৯৩ সালের বিদ্যমান কনসার্ট হল লা গ্রাঞ্জ ও লাকের পাশেই অবস্থিত। নতুন হলটি চেম্বার সঙ্গীতের মহড়া, পরিবেশনা ও রেকর্ডিংয়ের জন্য একটি নিবেদিত স্থান হিসেবে কাজ করবে, আর সংস্কার করা এক হাজার আসনের কাঠের হল লা গ্রাঞ্জ ও লাক আগের মতোই বৃহদাকার অর্কেস্ট্রা পরিবেশনার জন্য ব্যবহৃত হবে।
এই দুটি হল মিলে গড়ে তুলেছে “লে মেলেজ” নামের একটি সাংস্কৃতিক কমপ্লেক্স, যা সংগীত ও পরিবেশনা শিল্পকলার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি জনহিতৈষী অ্যালিন ফোরিয়েল-দেস্তেজের উদ্যোগে।

শব্দকে কেন্দ্র করে নকশা
লা সোর্স ভিভের নকশার মূল চালিকাশক্তি ছিল উচ্চমানের আকুস্টিক্স অর্জন করা। যা ভবনের জ্যামিতি ও উপকরণ নির্বাচন উভয় সিদ্ধান্তকেই প্রভাবিত করেছে। স্থপতি ফিলিপ শিয়াম্বারেত্তি ও প্যাট্রিক বুশাঁ শব্দবিদ আলবার্ট শু-এর সঙ্গে মিলে ভবনটিকে একটি বাদ্যযন্ত্রের মতো নকশা করার চেষ্টা করেছেন, যেখানে অনুসন্ধান করা হয়েছে আকৃতি, উপকরণ ও পরিশীলন কীভাবে শব্দের গুণমানকে প্রভাবিত করতে পারে।
এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়েছে আকুস্টিক স্কেচ, ডিজিটাল মডেলিং, সিমুলেশন এবং নির্মাণকালীন বারবার সরেজমিন পরীক্ষা। পিসিএ-স্ট্রিম প্রকল্পটির একটি ডিজিটাল টুইনও তৈরি করেছে, যাতে বিভিন্ন পর্যায়ে হলটির শব্দ-আচরণ পর্যবেক্ষণ ও পরিমার্জন করা যায়।

গঠন ও বনভূমির সঙ্গে সংযোগ
লা সোর্স ভিভ তিনটি ভাগে বিভক্ত একটি কাচে ঘেরা ফয়ার, গম্বুজাকৃতির কনসার্ট হল, এবং ড্রেসিং রুমসহ পৃথক একটি ব্যাকস্টেজ ভবন। বিদ্যমান একটি ফাঁকা জায়গার মধ্যেই প্রকল্পটি স্থাপন করে স্থপতিরা বনভূমির উপর প্রভাব কমাতে চেয়েছেন, পাশাপাশি ল্যান্ডস্কেপ স্টুডিও কলোকোর সঙ্গে মিলে দেড়শোরও বেশি গাছ ও দুইশোরও বেশি ঝোপঝাড় রোপণ করে জীববৈচিত্র্য বাড়িয়েছেন।
পুরনো ও নতুন হলকে সংযুক্তকারী কাচের ফয়ারটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করে এতে যুক্ত করা হয়েছে একটি বার, টিকিট কাউন্টার ও কাঠের টেরাস। টেরাসের নিচে সংগৃহীত বৃষ্টির পানি আশপাশের ভূদৃশ্য সেচের কাজে পুনর্ব্যবহার করা হয়।

লা সোর্স ভিভ আমাদের শেখায়, স্থাপত্য যখন শব্দবিজ্ঞানের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে ওঠে, তখন তা কেবল একটি ভবন নয়, হয়ে ওঠে সঙ্গীতেরই একটি অংশ। তামার আচ্ছাদন, প্রাকৃতিক আলো, বনভূমির সঙ্গে সংবেদনশীল সংযোগ এবং শব্দকে কেন্দ্র করে গড়ে তোলা প্রতিটি নকশাগত সিদ্ধান্ত মিলে এভিয়ানের এই নতুন কনসার্ট হলকে করে তুলেছে সমসাময়িক সাংস্কৃতিক স্থাপত্যের এক উল্লেখযোগ্য সংযোজন, যা পুরনো লা গ্রাঞ্জ ও লাকের ঐতিহ্যের সঙ্গে নতুন এক মাত্রা যুক্ত করেছে।
তথ্যসূত্র: ডিজেইন। প্রকাশকাল: ২ আগস্ট ২০২৬।
















