অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের কুইন্সল্যান্ড পারফর্মিং আর্টস সেন্টার (QPAC)-এ যুক্ত হয়েছে এক নতুন থিয়েটার, গ্লাসহাউজ থিয়েটার। এই ডিজাইনের দায়িত্ব পেয়েছিল ব্রিসবেন-ভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ব্লাইট রেনার আর্কিটেকচার, নরওয়ের স্নোহেটার সঙ্গে অংশীদারিত্বে।
১,৫০০ আসনবিশিষ্ট এই সংযোজনের জন্য দেওয়া ডিজাইন-নির্দেশনাটি ছিল বেশ অন্যরকম। এমন একটি থিয়েটার তৈরি করতে হবে, যা একটি বাদ্যযন্ত্রের ভেতরের অনুভূতি দেয়। স্থপতিরা শুধু থিয়েটারের অভ্যন্তরকেই নয়, পুরো ভবনটিকেই তাই একটি যন্ত্রে রূপ দিয়েছেন।

হেরিটেজ ভবনের প্রতি শ্রদ্ধা
QPAC কুইন্সল্যান্ডের ১,৮০০টি নিবন্ধিত হেরিটেজ স্থাপনার একটি, যা সাউথ ব্যাংকের পাশে অবস্থিত। জায়গাটি ১৯৮৮ সালের বিশ্ব প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল, যা এখন পার্কল্যান্ডে রূপান্তরিত হয়ে ব্রিসবেনের জনপ্রিয় পর্যটন গন্তব্য।
মূল ভবনটি ১৯৭০-এর দশকের মাঝামাঝি স্থানীয় স্থপতি রবিন গিবসনের ডিজাইনে তৈরি। যিনি বিশ্বাস করতেন স্থাপত্যকে শুধু ব্যবহারকারীদেরই নয়, বাইরের মানুষদের চাহিদাও মেটাতে হবে। ব্লাইট রেনার এবং স্নোহেটার ডিজাইন করা এই ভবনের ইতিহাস ও দর্শনের প্রতি এক দায়িত্ববোধ থেকে অনুপ্রাণিত।

ডিজাইন প্রতিযোগিতা ও নির্বাচন
২০১৯ সালের মে মাসে ২৩টি প্রতিদ্বন্দ্বী দলকে পেছনে ফেলে স্নোহেটা ও ব্লাইট রেনার আর্কিটেকচার এই থিয়েটার ডিজাইনের প্রতিযোগিতায় জয়ী হয়। তৎকালীন কুইন্সল্যান্ড প্রিমিয়ার আনাস্টাসিয়া পালাসচুক ১৫ মে বিজয়ী ডিজাইনারের নাম ঘোষণা করেন এবং জানান, ১৫০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই থিয়েটার QPAC-কে অস্ট্রেলিয়ার বৃহত্তম পারফর্মিং আর্টস সেন্টারে পরিণত করবে। কুইন্সল্যান্ড সরকারের স্থপতি ম্যালকম মিডলটনের নেতৃত্বে একটি মূল্যায়ন প্যানেল এই বিজয়ী ডিজাইনটি বাছাই করে।
ঢেউখেলানো কাচের সম্মুখভাগ
নতুন থিয়েটারের সম্পূর্ণ স্বচ্ছ সম্মুখভাগ থেকে ব্রিসবেন শহরের দৃশ্য দেখা যায়। ডিজাইনটির বৈশিষ্ট্য হলো এর ঢেউখেলানো কাচের সম্মুখভাগ, যা প্রথম তলাকে ঘিরে ছয় মিটার পর্যন্ত রাস্তার দুই দিকে ছড়িয়ে থাকা এক ক্যান্টিলিভার কাঠামো তৈরি করেছে। যাতে বিদ্যমান প্লেহাউজ গ্রিনের ওপর দিয়ে প্রয়োজনীয় জায়গা তৈরি করা যায়।

ভেতরের অভিজ্ঞতা
১,৫০০ আসনের এই থিয়েটার নাচের পরিবেশনা থেকে শুরু করে সিম্ফনি অর্কেস্ট্রা পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের উপযোগী করে গড়া হয়েছে। অডিটোরিয়ামে রয়েছে দুটি স্টল মিলিয়ে ১,০০০ আসন এবং একটি বেলকনি স্তরে আরও ৫০০ আসন।
মঞ্চ থেকে সবচেয়ে দূরের আসনের দূরত্ব মাত্র ২৮ মিটার, যা দর্শক ও পরিবেশনকারী উভয়ের জন্যই এক ঘনিষ্ঠ পরিবেশ তৈরি করে। অডিটোরিয়ামের অভ্যন্তর গাঢ় রঙের, ধূসর আয়রনবার্ক কাঠের দেয়াল ও গাঢ় সবুজ কার্পেট দিয়ে সাজানো, যা উজ্জ্বল ও খোলামেলা ফোয়ারের সঙ্গে ইচ্ছাকৃতভাবেই বৈসাদৃশ্য তৈরি করে।
স্থানীয় ঐতিহ্য ও আদিবাসী প্রেরণা
স্থপতিরা তাদের ডিজাইন প্রক্রিয়ায় আদিবাসী অস্ট্রেলীয় শিল্পী আন্টি লিলা ওয়াটসনের একটি কবিতা থেকে অনুপ্রেরণা নিয়েছেন। ডিজাইন দলের মতে, সম্মুখভাগটি ব্রিসবেন নদীর ঢেউখেলানো জলের প্রতি ইঙ্গিত করে এই কবিতাকে শ্রদ্ধা জানায়।
এছাড়া ডিজাইনে ঘন আকৃতি গ্রহণ, বিদ্যমান কাঠামো সংরক্ষণ, প্রতিষ্ঠিত গ্রিড ও স্থানিক শ্রেণিবিন্যাস বজায় রাখা এবং ন্যূনতম উপাদানের ব্যবহারের মাধ্যমে বিদ্যমান স্থাপত্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে।

গ্লাসহাউজ থিয়েটার একটি হেরিটেজ ভবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমসাময়িক স্থাপত্যকে যুক্ত করার এক দৃষ্টান্ত। ব্লাইট রেনার আর্কিটেকচার ও স্নোহেটার এই সহযোগিতা প্রমাণ করে, ঐতিহ্য ও আধুনিকতা দুটোই একসঙ্গে টিকে থাকতে পারে, যদি নকশায় স্থান ও ইতিহাসের প্রতি যথাযথ সংবেদনশীলতা বজায় রাখা হয়।
তথ্যসূত্র:
আর্কপেপার
















