আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এবারের ফুটবল বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার নগর পরিকল্পনা, স্থাপত্য, পরিবহন ও বৈশ্বিক বিনোদন অর্থনীতির এক বড় প্রদর্শনী। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করছে। ম্যাচ হবে ১৬টি শহরের ১৬টি স্টেডিয়ামে।
নতুন স্টেডিয়াম কম নির্মাণ হলেও পুরোনো স্টেডিয়ামগুলোকে আধুনিক প্রযুক্তি, টেকসই নকশা, উন্নত পরিবহন-সংযোগ ও দর্শকসুবিধার মাধ্যমে নতুনভাবে সাজানো হয়েছে। পাশাপাশি অনেক শহরে গণপরিবহন, বিমানবন্দর সংযোগ ও পর্যটন অবকাঠামোর উন্নয়নও করা হচ্ছে।
তাই বিশ্বকাপ ২০২৬ শুধু ফুটবল নয়, বরং স্থাপত্য, প্রযুক্তি ও নগর উন্নয়নের সমন্বয়ে গড়ে ওঠা এক বৈশ্বিক মেগা-ইভেন্ট।

প্রারম্ভিক ইতিহাস ও বিবর্তন
বিশ্বকাপ ফুটবল শুরু হয় উরুগুয়েতে, ১৯৩০ সালে। এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামটি বানানো হয়েছিল এই বিশাল উৎসবের জন্য। তখন স্টেডিয়ামগুলো ছিল মূলত বড় কংক্রিট গ্যালারি, যেখানে নিরাপত্তা বা বাণিজ্যিক দিক নিয়ে খুব বেশি ভাবা হয়নি।
পরবর্তী সময়ে ১৯৫০-এর মারাকানা, ১৯৬৬-এর ওয়েম্বলি ও ১৯৭০-এর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের স্থাপত্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ১৯৯০-এর পর থেকে স্টেডিয়ামগুলো ধীরে ধীরে বহুমাত্রিক বিনোদন কমপ্লেক্সে রূপ নেয়, যেখানে নিরাপত্তা, কর্পোরেট বক্স, মিডিয়া সুবিধা ও আধুনিক প্রযুক্তি যুক্ত হয়।
এবার যে স্টেডিয়ামগুলোয় খেলা হবে
বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬টি স্টেডিয়ামে। এর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায়। অধিকাংশ স্টেডিয়াম বিশ্বকাপের মান অনুযায়ী সংস্কার ও প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নেওয়া হয়েছে। স্টেডিয়ামগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক:

১. এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি
ফুটবলের ইতিহাসের দুটি সবচেয়ে আইকনিক মুহূর্ত রচিত হয়েছিল এই স্টেডিয়ামে। ১৯৭০ সালের বিশ্বকাপ ফাইনালে পেলে তার অমর কীর্তি গড়েন এ স্টেডিয়ামে। ইতালির বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে গোল করে পেলে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ৩টি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়েন। অন্যদিকে ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনা এই স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত “হ্যান্ড অফ গড” (ঈশ্বরের হাত) এবং শতাব্দীর সেরা গোলটি করেছিলেন। ফাইনালে জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল এই মাঠে।
২০২৬ সালের ১১ জুন ঐতিহাসিক ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
এর মাধ্যমে স্টেডিয়ামটি এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে। এটি হবে বিশ্বের প্রথম ভেন্যু, যেখানে তিনবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর ৪০ বছর পর আবারও একই মাঠে ফিরছে বিশ্বকাপের উদ্বোধনী আসর।
১৯৬৬ সালে নির্মিত প্রায় ৮৩ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামটির বিশেষত্ব হলো ভূপ্রকৃতিনির্ভর গ্যালারি বিন্যাস। এতে ধারণক্ষমতা বাড়ার সাথে সাথে দেখার অভিজ্ঞতারও উন্নতি হয়েছে। ২০২৬ বিশ্বকাপের জন্য এখানে আসন, মিডিয়া সুবিধা, আলোকসজ্জা ও দর্শক চলাচল ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে।
২. মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা
২০১৭ সালে নির্মিত প্রায় ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্থাপনাটির সবচেয়ে আলোচিত অংশ হলো এর পাখির ডানার মতো খোলা-বন্ধ হওয়া ছাদ। স্টেডিয়ামটি LEED Platinum সনদপ্রাপ্ত। অর্থাৎ পরিবেশবান্ধব নকশার দিক থেকে এটি বিশ্বের অন্যতম উন্নত ক্রীড়া স্থাপনা। বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরশক্তির ব্যবহার এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি এখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
৩. মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
২০১০ সালে নির্মিত প্রায় ৮২,৫০০ ধারণক্ষমতার এই মেটলাইফ স্টেডিয়াম ২০২৬ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে। এর বহিরাবরণ আলোক প্রযুক্তির মাধ্যমে রঙ পরিবর্তন করতে পারে, যা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে মানিয়ে যায়। বিশ্বকাপের জন্য এখানে কৃত্রিম টার্ফের বদলে প্রাকৃতিক ঘাস বসানো হচ্ছে।
৪. এটি অ্যান্ড টি স্টেডিয়াম, আরলিংটন, টেক্সাস
২০০৯ সালে নির্মিত প্রায় ৮০ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি বিশ্বের বৃহত্তম গম্বুজধারী ক্রীড়া স্থাপনাগুলোর একটি। এর রিট্র্যাকটেবল ছাদ ও বিশাল ঝুলন্ত ভিডিও স্ক্রিন একে বিশেষ পরিচিতি দিয়েছে। বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে মাঠের ঘাস, মিডিয়া জোন ও দর্শক চলাচল ব্যবস্থায় আধুনিকায়ন করা হয়েছে। এটি কনসার্ট ও বড় বিনোদনমূলক আয়োজনের জন্যও বহুমুখীভাবে ব্যবহৃত হয়।

৫. বিএমও ফিল্ড, টরন্টো
২০০৭ সালে নির্মিত বিএমও ফিল্ড মূলত ফুটবলকেন্দ্রিক স্টেডিয়াম। বিশ্বকাপ উপলক্ষে এর ধারণক্ষমতা বাড়ানো হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ধাঁচের খাড়া গ্যালারি ও দর্শক-ঘনিষ্ঠ নকশা এটিকে আলাদা করেছে।
৬. সো ফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
২০২০ সালে চালু হওয়া সো ফাই স্টেডিয়াম আসন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য লস অ্যাঞ্জেলেস অঞ্চলের প্রতিনিধিত্ব করবে। স্টেডিয়ামটির চারপাশে বিনোদনকেন্দ্র, বাণিজ্যিক স্পেস ও আবাসিক উন্নয়ন নিয়ে পুরো এলাকা নতুনভাবে গড়ে তোলা হয়েছে। ফলে এটি একটি পূর্ণাঙ্গ আরবান এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে। এটি বিশ্বের প্রথম ইনডোর-আউটডোর স্টেডিয়াম, যার একটি বিশেষ পলিমার ছাদ রয়েছে, যা দর্শকদের রোদ-বৃষ্টি থেকে রক্ষা করে কিন্তু একই সাথে প্রাকৃতিক বাতাস চলাচলের সুযোগ রাখে।
৭. বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
১৯৮৩ সালে নির্মিত এবং পরে সংস্কার করা বিসি প্লেসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর কেবল-সমর্থিত রিট্র্যাকটেবল ছাদ। স্টেডিয়ামের চারপাশে হাঁটার পথ, জলভিত্তিক পর্যটন ও গণপরিবহন সংযোগ বিশ্বকাপ পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৮. লুমেন ফিল্ড, সিয়াটল
এই সুবিশাল স্টেডিয়ামের আসনসংখ্যা প্রায় ৬৯,০০০। যা বড় ইভেন্টে আরও বাড়ানো যায়। দর্শকদের মাঠের খুব কাছাকাছি বসার ব্যবস্থা এবং ছাদের ডিজাইনের কারণে এখানে দর্শকদের আওয়াজ অনেক বেশি প্রতিধ্বনিত হয়, যা খেলোয়াড়দের জন্য একটি আলাদা চাপ তৈরি করে।

৯. এস্তাদিও বিবিভিএ, মেক্সিকো
২০১৫ সালে নির্মিত এই স্টেডিয়ামকে অনেকেই “স্টিল জায়ান্ট” নামে চেনেন। এই স্থাপনাটি LEED Silver সনদপ্রাপ্ত। পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্যকে নকশার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করে। এটি একটি পরিবেশবান্ধব স্টেডিয়াম এবং এর ক্যান্টিলিভার ছাদটি দর্শকদের জন্য ছায়াযুক্ত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে।
১০. হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
১৯৮৭ সালে নির্মিত এই স্টেডিয়ামটি পরবর্তীতে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে গেছে। এখানে ছাউনিযুক্ত দর্শক আসন, উন্নত আতিথেয়তার ব্যবস্থা এবং জলবায়ু উপযোগী নকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্টেডিয়ামটির প্রধান স্থাপত্য বৈশিষ্ট্য হলো এর ১৪ একর বিশিষ্ট সুদৃশ্য ছাদ। এটি গ্যালারির দর্শকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে। তবে খেলার মাঠটি প্রাকৃতিক সূর্যের আলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
১১. এস্তাদিও অ্যাক্রন, মেক্সিকো
অত্যাধুনিক ডিজাইন এবং অনন্য স্থাপত্যের জন্য পরিচিত এই স্টেডিয়ামটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি একটি আগ্নেয়গিরির মতো দেখায়, যা চারপাশের পরিবেশের সাথে মিশে থাকে। ফরাসি ডিজাইনার জঁ-মারি মাসো (Jean-Marie Massaud) এবং দানিয়েল পুজে (Daniel Pouzet) এর মূল নকশা তৈরি করেন। যা বাস্তবায়নে সহযোগিতা করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস (Populous) এবং মেক্সিকোর ভিএফও আর্কিটেক্টস (VFO Architects)।
১২. লিভাইস স্টেডিয়াম, সান্তা ক্লারা
২০১৪ সালে নির্মিত এই স্টেডিয়াম সৌরশক্তি ও পানি পুনর্ব্যবহার প্রযুক্তির জন্য পরিচিত। ক্যালিফোর্নিয়ার উষ্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে এখানে খোলা বায়ু চলাচল ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর্কিটেকচারাল ফার্ম ‘HNTB’ ক্যালিফোর্নিয়ার চমৎকার আবহাওয়াকে মাথায় রেখে এর উন্মুক্ত ও আলো-বাতাসপূর্ণ নকশা তৈরি করেছে। এর উন্মুক্ত গ্যালারি থেকে চারপাশের পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়।

৯. এস্তাদিও বিবিভিএ, মেক্সিকো
২০১৫ সালে নির্মিত এই স্টেডিয়ামকে অনেকেই “স্টিল জায়ান্ট” নামে চেনেন। এই স্থাপনাটি LEED Silver সনদপ্রাপ্ত। পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্যকে নকশার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করে। এটি একটি পরিবেশবান্ধব স্টেডিয়াম এবং এর ক্যান্টিলিভার ছাদটি দর্শকদের জন্য ছায়াযুক্ত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে।
১০. হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
১৯৮৭ সালে নির্মিত এই স্টেডিয়ামটি পরবর্তীতে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে গেছে। এখানে ছাউনিযুক্ত দর্শক আসন, উন্নত আতিথেয়তার ব্যবস্থা এবং জলবায়ু উপযোগী নকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্টেডিয়ামটির প্রধান স্থাপত্য বৈশিষ্ট্য হলো এর ১৪ একর বিশিষ্ট সুদৃশ্য ছাদ। এটি গ্যালারির দর্শকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে। তবে খেলার মাঠটি প্রাকৃতিক সূর্যের আলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
১১. এস্তাদিও অ্যাক্রন, মেক্সিকো
অত্যাধুনিক ডিজাইন এবং অনন্য স্থাপত্যের জন্য পরিচিত এই স্টেডিয়ামটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি একটি আগ্নেয়গিরির মতো দেখায়, যা চারপাশের পরিবেশের সাথে মিশে থাকে। ফরাসি ডিজাইনার জঁ-মারি মাসো (Jean-Marie Massaud) এবং দানিয়েল পুজে (Daniel Pouzet) এর মূল নকশা তৈরি করেন। যা বাস্তবায়নে সহযোগিতা করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস (Populous) এবং মেক্সিকোর ভিএফও আর্কিটেক্টস (VFO Architects)।
১২. লিভাইস স্টেডিয়াম, সান্তা ক্লারা
২০১৪ সালে নির্মিত এই স্টেডিয়াম সৌরশক্তি ও পানি পুনর্ব্যবহার প্রযুক্তির জন্য পরিচিত। ক্যালিফোর্নিয়ার উষ্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে এখানে খোলা বায়ু চলাচল ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর্কিটেকচারাল ফার্ম ‘HNTB’ ক্যালিফোর্নিয়ার চমৎকার আবহাওয়াকে মাথায় রেখে এর উন্মুক্ত ও আলো-বাতাসপূর্ণ নকশা তৈরি করেছে। এর উন্মুক্ত গ্যালারি থেকে চারপাশের পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়।

১৩. অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
১৯৭২ সালে নির্মিত এই স্টেডিয়াম মূলত আমেরিকান ফুটবলের জন্য পরিচিত হলেও বিশ্বকাপের জন্য এটিকে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে। দর্শকের শব্দধারণ ক্ষমতা এবং ঐতিহ্যবাহী বোল-স্টাইল গ্যালারি এর প্রধান বৈশিষ্ট্য। আর্কিটেক্ট চার্লস ডিটন এই স্টেডিয়ামের মূল নকশা করেন। ফুটবল খেলার দর্শকদের বসার জন্য একদম নিখুঁত সাইট-লাইন বজায় রেখে এটি তৈরি করা হয়েছিল।
১৪. এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
এর ছাদ এবং চারপাশের দেয়াল তৈরিতে বিশেষ স্বচ্ছ ট্র্যান্সলুসেন্ট ফেব্রিক মেমব্রেন এবং কাচ ব্যবহার করা হয়েছে, যার ফলে ছাদ বন্ধ থাকলেও ভেতরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। রিট্র্যাকটেবল ছাদবিশিষ্ট এই স্টেডিয়ামটি গরম আবহাওয়ার মধ্যেও আরামে খেলা ও দেখা যায়। বিশ্বকাপ উপলক্ষে মাঠ ও সম্প্রচার প্রযুক্তি উন্নত করা হচ্ছে।
১৫. জিলেট স্টেডিয়াম, বোস্টন
২০০২ সালে নির্মিত জিলেট স্টেডিয়ামকে বিশ্বকাপের জন্য নতুন মিডিয়া অবকাঠামো ও দর্শক সুবিধা দিয়ে উন্নত করা হয়েছে। স্টেডিয়ামটিতে একটি ২১-তলা উচ্চতার সুবিশাল লাইটহাউস এবং একটি বিশাল আকারের কার্ভড ভিডিও বোর্ড যুক্ত করা হয়েছে। স্টেডিয়ামটির ঠিক বাইরেই গড়ে উঠেছে একটি উন্মুক্ত শপিং, ডাইনিং এবং বিনোদন কমপ্লেক্স যা ‘প্যাট্রিয়ট প্লেস’ নামে পরিচিত।
১৬. লিংকন ফিন্যানশিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
২০০৩ সালে নির্মিত এই স্টেডিয়ামে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, সৌরশক্তি ব্যবহার এবং আধুনিক নিরাপত্তা অবকাঠামো যুক্ত করা হয়েছে। শহরের ঐতিহাসিক ও আধুনিক অংশের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি পর্যটকদের জন্যও গুরুত্বপূর্ণ। স্টেডিয়ামটির দুই পাশে ঈগলের ডানার মতো বাঁকানো ছাদ রয়েছে, যা ফিলাডেলফিয়া ইগলস দলের নামের সাথে মিল রেখে ডিজাইন করা হয়েছে। স্টেডিয়াম প্রাঙ্গণে প্রায় ১৫,৫০০টি সোলার প্যানেল এবং ১৪টি উইন্ড টারবাইন বসানো হয়েছে, যা এর মোট প্রয়োজনীয় বিদ্যুতের ৩০% উৎপাদন করে।

নতুন প্রযুক্তির ব্যবহার ও স্মার্ট স্টেডিয়াম ধারণা
বিশ্বকাপ ২০২৬-এর স্টেডিয়ামগুলো স্থাপত্যের পাশাপাশি স্মার্ট স্টেডিয়াম হিসেবে নতুন প্রজন্মের ক্রীড়া অবকাঠামো। এখানে দর্শক ব্যবস্থাপনা, নিরাপত্তা, জ্বালানি সাশ্রয় ও ডিজিটাল অভিজ্ঞতা একসঙ্গে যুক্ত করা হয়েছে।
অনেক স্টেডিয়ামে 5G নেটওয়ার্ক, স্মার্ট টিকিটিং, ফেসিয়াল রিকগনিশন ও AI-নির্ভর crowd monitoring ব্যবহার হচ্ছে, ফলে প্রবেশ–প্রস্থান দ্রুত ও নিরাপদ হবে।
বড় LED স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও রিয়েল-টাইম ডেটা দর্শক অভিজ্ঞতাকে আরও ইন্টারঅ্যাকটিভ করছে। পাশাপাশি সৌরশক্তি, পানি পুনর্ব্যবহার ও শক্তি সাশ্রয়ী কুলিং প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে।
সব মিলিয়ে বিশ্বকাপ ২০২৬ দেখাচ্ছে, আধুনিক স্টেডিয়াম এখন শুধু খেলার মাঠ নয়, বরং প্রযুক্তি ও নগর ব্যবস্থার সমন্বিত বহুমাত্রিক জনপরিসর।

ডিজাইনে আছে যাদের ভূমিকা
বিশ্বকাপ ২০২৬-এর স্টেডিয়ামগুলো নির্মাণ ও সংস্কারের পেছনে কাজ করেছে বিশ্বের শীর্ষ স্থাপত্য ও প্রকৌশল প্রতিষ্ঠানগুলো। HOK, HKS, Populous, EwingCole, Rockwell Group-এর মতো প্রতিষ্ঠানগুলো আধুনিক ক্রীড়া স্থাপত্যে দীর্ঘদিন ধরে কাজ করছে।
তাদের নকশায় কয়েকটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়- বহুমুখী ব্যবহার, টেকসই প্রযুক্তি, দর্শকের অভিজ্ঞতা এবং নগর সংযোগ। স্টেডিয়ামগুলোকে কেবল খেলার স্থান হিসেবে না দেখে শহরের অর্থনীতি ও পর্যটনের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রকৌশলীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিভিন্ন আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গে মানিয়ে স্টেডিয়ামগুলোকে প্রস্তুত করা। কোথাও অতিরিক্ত গরম, কোথাও বৃষ্টিপ্রবণ পরিবেশ, আবার কোথাও ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় নিয়ে কাঠামোগত নকশা তৈরি করতে হয়েছে।

পর্যটন, নগর পরিকল্পনা ও বিশ্বকাপ
বিশ্বকাপকে ঘিরে আয়োজক শহরগুলো পর্যটন অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ করছে। বিমানবন্দর সম্প্রসারণ, গণপরিবহন, নতুন হোটেল, পথচারী অবকাঠামো ও পাবলিক স্পেস উন্নয়নের কাজ চলছে বিভিন্ন শহরে।
বিশেষ করে নিউইয়র্ক-নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি ও টরন্টো বিশ্বকাপকে নগর ব্র্যান্ডিংয়ের সুযোগ হিসেবে ব্যবহার করছে। স্টেডিয়ামকে ঘিরে রেস্টুরেন্ট, খুচরা ব্যবসা, সাংস্কৃতিক আয়োজন এবং বিনোদন অঞ্চল তৈরি করা হচ্ছে, যা বিশ্বকাপের পরও শহরের অর্থনীতিতে ভূমিকা রাখবে।

বৈশ্বিক বিনোদন শিল্প ও শ্রমিকের বাস্তবতা
বিশ্বকাপ ফুটবল একটি বিশাল বাণিজ্যিক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। কোটি মানুষের বিনোদনের এই আয়োজনের পেছনে থাকে স্টেডিয়াম নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিপুল শ্রমশক্তির কাজ। এই শ্রমের বড় অংশই করে থাকে নির্মাণ শ্রমিকরা, যাদের অনেকেই অভিবাসী এবং অস্থায়ী চুক্তিতে কাজ করেন।
শ্রমিকদের বাস্তবতা
কাতারে আয়োজিত গত বিশ্বকাপে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা থেকে অনেক শ্রমিক কাজ করতে আসেন। ৬০০০-এরও বেশি শ্রমিক এই মেগা ইভেন্ট বাস্তবায়ন করতে যেয়ে প্রাণ হারায়, যার মাঝে অনেক বাংলাদেশী ছিলেন। তখন থেকেই প্রশ্ন ওঠে কি ধরনের পরিবেশে তারা থাকছেন এবং মৃত্যু পরবর্তী কি দায়িত্ব তাদের প্রতিবারের প্রতি পালন করছে ফিফা। দুঃখজনক হলেই সত্যি ফুটবলের আনন্দ আয়োজনের কাছে এই বিষয়গুলো গুরুত্ব পায়নি। বিশ্বকাপ যে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো সেই সাফল্যের পেছনে শ্রমিকদের ভূমিকা অপরিহার্য হলেও তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি।
সমাধানসমূহ
- স্বাধীন শ্রম পরিদর্শন বাধ্যতামূলক করা
- ন্যায্য মজুরি ও নিরাপদ চুক্তি নিশ্চিত করা
- মানসম্মত আবাসন ব্যবস্থা প্রদান করা
- ঝুঁকিপূর্ণ কাজে প্রযুক্তির ব্যবহার বাড়ানো
- ঠিকাদারি ব্যবস্থায় স্বচ্ছতা আনা
- মানবাধিকার মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা ও সচেতনতা বৃদ্ধি

শেষ কথা
বিশ্বকাপ ২০২৬ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি সমসাময়িক স্থাপত্য ও নগর উন্নয়নের একটি বড় মাইলফলক। তিনটি দেশজুড়ে বিস্তৃত এই আসর দেখিয়ে দিচ্ছে কীভাবে একটি ইভেন্ট স্টেডিয়াম, পরিবহন, পর্যটন এবং শহুরে অবকাঠামোকে একসঙ্গে পুনর্গঠন করতে পারে।
স্টেডিয়ামগুলো এখানে যেমন খেলার জায়গা তেমনই আধুনিক শহরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। কোথাও পুরোনো স্থাপনার আধুনিকায়ন, কোথাও নতুন প্রযুক্তি-নির্ভর নকশা সব মিলিয়ে এটি টেকসই ও সংযুক্ত নগর ভাবনার উদাহরণ।
সবশেষে, এই বিশাল আয়োজনের পেছনে থাকা অবকাঠামো ও শ্রম বাস্তবতা মনে করিয়ে দেয়, এই জাঁকজমকের মূল ভিত্তি আসলে পরিকল্পনা, প্রযুক্তি এবং মানুষের শ্রমের সমন্বয়।
তথ্যসূত্র
১। ArchDaily, ILO reports, BBC, The Guardian, Fifa


















