বিংশ শতাব্দী জুড়ে আধুনিক স্থাপত্য ও নগর পরিকল্পনা মূলত রাস্তাকেন্দ্রিক চিন্তাধারায় গড়ে উঠেছে—সড়কের বিন্যাস, মোড় ও ফুটপাতমুখী দালানকোঠাই শহরের কাঠামো নির্ধারণ করে বলে ধরে নেওয়া হয়। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু ঐতিহাসিক শহর একেবারে ভিন্ন যুক্তিতে গড়ে উঠেছিল।
গাড়ি বা রাস্তা প্রধান হয়ে ওঠার বহু আগে, নদীই ছিল এসব শহরের প্রকৃত সড়ক, বাজার এবং জনজীবনের কেন্দ্র। মানুষ চলাচল করত নৌকায়, ব্যবসা-বাণিজ্য গড়ে উঠত নদীতীর ঘিরে, আর ভবনগুলো মুখ ফিরিয়ে রাখত জলের দিকেই, পিচঢালা পথের দিকে নয়। এই দৃষ্টিভঙ্গি থেকে শহরগুলোকে দেখলে বোঝা যায়, অবকাঠামো মানেই কেবল রাস্তা নয়—এখানে নদীই ছিল সেই মৌলিক অবকাঠামো।
অনন্যা নায়ক একজন স্থপতি ও লেখক। তার কাজের মূল ক্ষেত্র স্থাপত্য, টেকসই নকশা এবং বিল্ডিং ফিজিক্সের আন্তঃসম্পর্ক। সম্প্রতি অনন্যা নায়ক-এর “Rivers Before Roads: How Southeast Asia’s Waterways Produced an Alternative Urbanism” শীর্ষক প্রবন্ধটি ArchDaily-তে প্রকাশিত হয়। যার ভিত্তিতে এই ফিচারটি রচনা করেছেন স্থপতি সুপ্রভা জুঁই।

জলপথ যেভাবে বসতির ভিত্তি গড়েছিল
দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে নৌ-চলাচল উপযোগী নদীগুলোই নির্ধারণ করত কোথায় বসতি গড়ে উঠবে এবং তা কীভাবে বিস্তৃত হবে। এসব নদী অভ্যন্তরীণ কৃষিভূমিকে সামুদ্রিক বাণিজ্যপথের সঙ্গে যুক্ত করত। ফলে আধুনিক পরিবহন ব্যবস্থার বহু শতাব্দী আগেই পণ্য, মানুষ ও চিন্তার আদান-প্রদান সম্ভব হতো।
ভিয়েতনামের ঐতিহাসিক বন্দরনগরী হোই আন এর একটি প্রকৃষ্ট উদাহরণ। থু বন নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল বণিক-বাড়ি, গুদামঘর, সমাবেশ ভবন ও বাজার—যেখানে নৌকাই ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের সরাসরি মাধ্যম। ইউনেস্কোর নথি অনুযায়ী, শহরটির সংরক্ষিত নগর-কাঠামো আজও সেই যুগের সাক্ষ্য বহন করে, যখন রাস্তার সংযোগ নয়, নদীর সংযোগই স্থান-মর্যাদা নির্ধারণ করত।

জল যখন প্রধান চলাচলের মাধ্যম, তখন স্থাপত্যও ভিন্নভাবে গড়ে ওঠে। সড়ক-নির্ভর শহরে ভবন সাধারণত রাস্তার দিকে মুখ করে, সেখানেই প্রবেশপথ ও দোকানপাট কেন্দ্রীভূত হয়। নদী-নির্ভর শহরে এই বিন্যাস উল্টে যায়। নৌকাই হয়ে ওঠে পথচারীর বিকল্প, ঘাট হয় ফুটপাতের বিকল্প, আর নদীতীরই হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। ভবনের প্রবেশদ্বার সাজানো হতো জলপথ থেকে আগমনের কথা মাথায় রেখে, স্থলপথ থাকত অনেকটাই গৌণ।

ব্যাংককের খাল: “প্রাচ্যের ভেনিস”
এই নগর-দর্শনের সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা যায় ব্যাংককে, যেখানে বিস্তৃত খাল-জালের কারণে শহরটি একসময় “প্রাচ্যের ভেনিস” নামে পরিচিত ছিল। সড়ক সম্প্রসারণ শহরের কাঠামো বদলে দেওয়ার অনেক আগে খালগুলোই ছিল ব্যাংককের মূল চলাচল-ব্যবস্থা। বাড়িগুলো সরাসরি খালের দিকে মুখ করে থাকত, মন্দিরগুলোর আনুষ্ঠানিক প্রবেশপথ খালমুখী রাখা হতো, আর ভাসমান বাজার বসত এমন জায়গায় যেখানে নৌপথ মিলিত হতো।
খালপাড় একই সঙ্গে হয়ে উঠত রাস্তা, বাজার ও পাড়ার মিলনস্থল। নগর-ইতিহাসবিদ মার্ক অ্যাসকিউ-এর গবেষণায় উঠে এসেছে, ব্যাংককের এই নগর-বিন্যাস তার জলপথ থেকে বিচ্ছিন্ন করে বোঝাই সম্ভব নয়—অবকাঠামো ও স্থাপত্য এখানে একসঙ্গেই বিকশিত হয়েছিল।

সড়কের উত্থান ও নদীমুখী স্থাপত্যের অবক্ষয়
উনবিংশ ও বিংশ শতাব্দীতে ঔপনিবেশিক প্রশাসন এবং পরবর্তীতে জাতীয় সরকারগুলো যখন সড়ক-অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ শুরু করে, তখন থেকেই নদী-নির্ভর নগর-জীবনের প্রাধান্য কমতে থাকে। নতুন বাণিজ্যিক এলাকা গড়ে উঠতে থাকে জলপথের বদলে রাস্তা ঘিরে, সেতু নৌ-চলাচলের গুরুত্ব কমিয়ে দেয়, আর খালগুলো ক্রমে হয়ে ওঠে যানবাহনের প্রতিবন্ধক।
ব্যাংককে বহু খাল ধীরে ধীরে ভরাট করে সড়ক-নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যবহার করা হয়। একসময় যেসব ভবন জলের দিকে সক্রিয় মুখ রাখত, সেগুলো ধীরে ধীরে নদীর দিকে পিঠ ফিরিয়ে নেয়—নদীতীর পরিণত হয় পরিষেবা-করিডোর বা অবহেলিত জায়গায়। হোই আনেও পরিবর্তিত বাণিজ্যপথ ও নদীতে পলি জমার কারণে বন্দরটির আন্তর্জাতিক গুরুত্ব ক্রমশ কমে যায়, যদিও এর সংরক্ষিত নগর-কাঠামো আজও পুরোনো সেই স্থাপত্য-দর্শনের সাক্ষ্য বহন করে চলেছে।

জলবায়ু সংকটে জলপথের পুনর্বিবেচনা
বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক শহর ভিন্ন প্রেক্ষাপটে হলেও আবার জলের সঙ্গে নিজেদের সম্পর্ক নতুন করে ভাবতে শুরু করেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা বৃদ্ধি ও জলবায়ু অভিযোজনের প্রয়োজনে ব্লু-গ্রিন অবকাঠামো ও জল-সংবেদনশীল পরিকল্পনার প্রতি নতুন আগ্রহ তৈরি হয়েছে।
জাতিসংঘের হ্যাবিট্যাট, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট এবং ডেলটারেসের মতো প্রতিষ্ঠানগুলো ক্রমেই এমন নগর-কৌশলের পক্ষে জোর দিচ্ছে, যেখানে জলপথকে প্রকৌশলগত বাঁধ দিয়ে আলাদা না রেখে বরং দৈনন্দিন অবকাঠামোর অংশ করে নেওয়া হয়। যদিও এসব উদ্যোগের চালিকাশক্তি এখন পরিবেশগত চাপ, তবু এতে অনেকাংশে প্রতিধ্বনিত হয় সেই পুরোনো স্থানিক নীতি, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার নদী-শহরগুলোতে বহুকাল ধরে প্রোথিত ছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন নদী-নগরগুলো হুবহু পুনরুৎপাদন করা সম্ভব নয়—এগুলো গড়ে উঠেছিল নির্দিষ্ট পরিবেশগত, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে, যা পুনরাবৃত্তিযোগ্য নয়। তবু এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, রাস্তা কেবল একটিমাত্র সম্ভাব্য কাঠামো, আর মানুষের চলাচলের পদ্ধতির ওপরই নির্ভর করে স্থাপত্য কীভাবে রূপ নেয়।
জলবায়ু অনিশ্চয়তার এই সময়ে, এই জলপথ-নির্ভর নগর-ঐতিহ্য শুধু ইতিহাসের কৌতূহলোদ্দীপক অধ্যায় নয়—বরং তা প্রমাণ করে, শহর বহুকাল ধরেই এমন অবকাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা আজকের প্রচলিত ধ্যান-ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন।

লেখক পরিচিতি
অনন্যা নায়ক বেঙ্গালুরু থেকে স্থাপত্যে স্নাতক (B.Arch) এবং যুক্তরাজ্যের University of Edinburgh থেকে অ্যাডভান্সড সাসটেইনেবল ডিজাইনে স্নাতকোত্তর (MSc) ডিগ্রি অর্জন করেন।
স্কটল্যান্ডে বিল্ডিং পারফরম্যান্স কনসালট্যান্ট হিসেবে কাজ করার পর বর্তমানে তিনি ভারতের বিভিন্ন শহরে পরিচালিত নিজের ডিজাইন স্টুডিওর নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নকশা-ভাবনায় প্রযুক্তিগত গবেষণা ও স্থাপত্যচিন্তার সমন্বয় ঘটে, যেখানে ভবনের পরিবেশগত ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তার কার্যকারিতা বিশেষভাবে গুরুত্ব পায়।
















