নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও হয়ে ওঠেছে। এমন পরিস্থিতে স্থাপত্যের ভাষাও বদলে যায় ডিজাইনের নান্দনিকতায়। হোমালি হোমালি রেস্তোরাঁ সেই ভাবনারই একটি জীবন্ত উদাহরণ।
এখানে ধানগাছের জীবনচক্র, থাই বাড়ির স্মৃতি এবং সমকালীন রেস্তোরাঁর কার্যকারিতা একসঙ্গে কাজ করেছে। ফলে স্থানটি শুধু খাবার পরিবেশনের জন্য তৈরি একটি ইন্টেরিয়র নয়। এখানে থাইল্যান্ডের কৃষি, খাদ্যসংস্কৃতি ও পরিচয়কে নিউইয়র্কের নগরজীবনের সঙ্গে যুক্ত করার একটি নকশাগত প্রচেষ্টামাত্র।
থাই বাড়ির স্মৃতি আর ধানগাছের জীবনচক্র
হোমালি রেস্তোরাঁর নকশার কেন্দ্রে রয়েছে একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা। সেটি হলো ধান কেবল খাবার নয়, এটি একটি সাংস্কৃতিক পরিচয়ও। রেস্তোরাঁটির নাম এসেছে থাই শব্দ হোম মালি (hom mali) থেকে, যার অর্থ সুগন্ধি জুঁইচাল। এই নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সিউরেন্স ডিজাইনের ডিজাইনার বাড নিতায়া ও ইয়ুনহার পুরো ইন্টেরিয়রকে ধানগাছের জীবনচক্রের রঙ ও উপকরণ দিয়ে সাজিয়েছেন।

মাটি থেকে ধানের শীষ
নকশাটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর রঙের ধারাবাহিকতা। মাটির উষ্ণতা বোঝাতে ব্যবহার করা হয়েছে টেরাকোটা টাইলস। তরুণ ধানগাছের প্রতীক হিসেবে এসেছে জেড রিভার মার্বেল। পরিণত ধানগাছের সোনালি আভা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন সোনালি রঙের উপাদানে। আর ধানের শস্যের সাদা রঙ প্রতিফলিত হয়েছে ভেতরের সাদা পৃষ্ঠে। এই রঙের বিন্যাস কোনো বিচ্ছিন্ন সাজসজ্জা নয়; বরং পুরো রেস্তোরাঁর একটি ধারণাগত স্থাপত্যভাষা।
প্রবেশপথের ওয়েলকাম লাউঞ্জে শুকনো ধানের শীষ ঝুলিয়ে রাখা হয়েছে। মেজানাইনের স্কাইলাইটের নিচে দেয়ালে ধানের মোটিফযুক্ত ত্রিমাত্রিক প্রিন্টেড ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে। ফলে দর্শনার্থী রেস্তোরাঁয় প্রবেশের পর থেকেই ধানের জীবনচক্রের সঙ্গে পরিচিত হতে থাকেন।
ঐতিহ্যবাহী থাই বাড়ির সমকালীন রূপ
হোমালির ইন্টেরিয়রকে একটি থাই বাড়ির সমকালীন ব্যাখ্যা হিসেবে ভাবা হয়েছে। তবে এখানে ঐতিহ্যকে সরাসরি অনুকরণ করা হয়নি। এই রেস্তোরাঁয় বাড়ির মতো স্বস্তিদায়ক পরিবেশ, পারিবারিক স্মৃতি এবং ব্যক্তিগত সামগ্রীকে আধুনিক রেস্তোরাঁর কার্যকরী বিন্যাসের সঙ্গে যুক্ত করা হয়েছে।

দুই তলা জুড়ে বিভিন্ন ধরনের বসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশের পর রয়েছে একটি ওয়েলকাম লাউঞ্জ, এরপর নয় আসনের প্রধান বার। বড় দলের জন্য রয়েছে বসার ব্যবস্থা এবং পর্দা দিয়ে আলাদা করা প্রায় ২০ আসনের একটি ডাইনিং রুম। মেজানাইনে আরও রয়েছে সবার জন্য উন্মুক্ত খাবার ঘর। নিচতলায় দৃশ্যমান ওয়াইন রুম এবং তার ওপর ড্রাই এজিং রুম রাখা হয়েছে।
এই বিন্যাসের ফলে রেস্তোরাঁটি একদিকে যেমন সামাজিক, অন্যদিকে তেমনি ব্যক্তিগত অভিজ্ঞতার সুযোগ তৈরি করে। কেউ বারের কাছে বসে খাবার উপভোগ করতে পারেন, আবার কেউ অপেক্ষাকৃত নিরিবিলি পরিবেশে দীর্ঘ সময় কাটাতে পারেন।
উপকরণে কৃষির স্মৃতি
স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে হোমালির বিশেষত্ব হলো উপকরণকে প্রতীকী ভাষায় ব্যবহার করা। টেরাকোটা টাইলস, জেড মার্বেল, সাদা পৃষ্ঠ এবং সোনালি রঙ—সবকিছু মিলে ধানগাছের একটি বিমূর্ত চিত্র তৈরি করেছে। এখানে উপকরণ শুধু সৌন্দর্য বাড়ানোর কাজেই ব্যবহার করা হয়নি। উপকরণগুলোর বিন্যাস একটি গল্পও বলছে।
এই ধরনের নকশা সমকালীন রেস্তোরাঁ স্থাপত্যে গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্র্যান্ড পরিচয়কে কেবল লোগো বা সাইনেজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এ ধরণের ডিজাইন মেঝে, কাউন্টার, দেয়াল, আলো এবং বসার স্থান—সবকিছুর মধ্যেই সেই পরিচয় ছড়িয়ে দেয়। হোমালি রেস্তোরাঁয় ধান তাই একটি ভিজ্যুয়াল মোটিফের পাশাপাশি একটি স্থানিক ধারণা।

ব্যক্তিগত স্মৃতি থেকে জনপরিসর
রেস্তোরাঁটির তিন প্রতিষ্ঠাতাই ব্যাংককের বাসিন্দা। তাঁদের ব্যক্তিগত স্মৃতি ও থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। থাইল্যান্ড থেকে আনা শিল্পকর্ম, পারিবারিক সামগ্রী এবং পুরোনো রান্নার বই ব্যবহার করা হয়েছে ভেতরের শেলফে। ফলে স্থানটি একটি সাধারণ থাই রেস্তোরাঁর চেয়ে বেশি কিছু হয়ে উঠেছে। এটি যেন একটি সাংস্কৃতিক স্মৃতির ঘর।
প্রথম তলার ডাইনিং রুমকে তাঁরা বসার ঘর হিসেবেও ভাবেছেন। সেখানে থাইল্যান্ড থেকে আনা বিভিন্ন সামগ্রী, পুরোনো বই এবং শিল্পকর্ম রাখা হয়েছে। এই উপাদানগুলো রেস্তোরাঁর পরিবেশকে আরও ব্যক্তিগত ও ঘরোয়া করে তোলে।
খাবার ও স্থাপত্য
হোমালির নকশা খাবারের ধারণার সঙ্গেও সরাসরি যুক্ত। রেস্তোরাঁটি থাই রান্নার একটি সমকালীন ব্যাখ্যা উপস্থাপন করে, যেখানে জুঁইচাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে চাল কেবল একটি পার্শ্বপদ নয়; বরং পুরো অভিজ্ঞতার কেন্দ্রে রয়েছে।
এই কারণে হোমালির স্থাপত্যকে শুধু থাই-স্টাইল ইন্টেরিয়র বলা যথেষ্ট নয়। এটি খাদ্য, সংস্কৃতি ও স্থাপত্যের সমন্বিত এক নকশা। ধানের জীবনচক্র থেকে শুরু করে থাই বাড়ির স্মৃতি—সবকিছু মিলিয়ে এখানে একটি সম্পূর্ণ গল্প তৈরি হয়েছে।

কেন সমসাময়িক স্থাপত্যে হোমালি গুরুত্বপূর্ণ?
হোমালি দেখায়, একটি রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন কীভাবে সাংস্কৃতিক পরিচয়কে সমকালীন স্থাপত্যের ভাষায় প্রকাশ করতে পারে। এখানে ঐতিহ্য কোনো স্থির ছবি নয়। রঙ, উপকরণ, আলো, বসার বিন্যাস এবং ব্যক্তিগত স্মৃতির মাধ্যমে ঐতিহ্যকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হোমালি থাই সংস্কৃতিকে বিদেশি দর্শকের জন্য সাজিয়ে তোলার বদলে, থাই পরিচয়কে নিজের স্বাভাবিক ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছে। এই কারণেই প্রকল্পটি রেস্তোরাঁ ডিজাইনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ। এখানে খাবারের স্বাদ, স্থানের অনুভূতি এবং সাংস্কৃতিক স্মৃতি একই নকশায় একত্রিত হয়েছে।
সূত্র: ডিজেন

















