হাওর জীবন

চারদিকে পানি: বাংলাদেশের আবাসন কোন পথে?

একটি দেশের ভবিষ্যৎ অনেক সময় তার মানচিত্রেই লেখা থাকে। সেই লেখা বুঝতে হলে তাকাতে হয় পরিসংখ্যানের দিকে, নদীর স্রোতের দিকে। আর সেই স্রোতের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা ঘরবাড়ির দিকে।

বাংলাদেশের ক্ষেত্রে সেই মানচিত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। উত্তর থেকে দক্ষিণে নদী তার তীর গিলে খাচ্ছে, দক্ষিণ থেকে উত্তরে সমুদ্র তার সীমানা বাড়িয়ে দিচ্ছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে কোটি কোটি মানুষের ঘরবাড়ি। যাদের ভিত্তি একদিন স্থায়ী বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু আজ যা প্রতি বছরই কিছুটা করে অনিশ্চিত হয়ে উঠছে।

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদন ও বাংলাদেশের নদীভাঙন নিয়ে অনুসন্ধানী রিপোর্ট পড়লে একটি অভিন্ন বার্তা স্পষ্ট হয়ে ওঠে: পানির উচ্চতা বাড়ছে, আর সেই পানির সামনে আমাদের স্থাপত্য যতটা প্রস্তুত হওয়া উচিত ছিল, ততটা এখনো হয়ে ওঠেনি।

হাওর জীবন
প্রকৃত করণীয় হলো, লোকজ্ঞানকে প্রাতিষ্ঠানিক নীতি, আধুনিক প্রকৌশল আর পর্যাপ্ত অর্থায়নের সঙ্গে জুড়ে দেওয়া। ছবি: ডেইলিস্টার

এই ফিচারে আমরা দেখব, বর্তমান পরিবেশের প্রকৃত অবস্থা কী, ভবিষ্যতের পূর্বাভাস কতটা উদ্বেগজনক, বাংলাদেশের আবাসনের সামনে ঠিক কী ধরনের হুমকি অপেক্ষা করছে, আর এই বাস্তবতায় স্থাপত্য ও নগর-পরিকল্পনার করণীয় কী।

পটভূমি: সমুদ্র, নদী আর বৃষ্টির সংকট

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠ ক্রমেই বাড়ছে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত তা বছরে গড়ে বেড়েছে ৪.৭ মিলিমিটার করে; ২০২৪ সালে এসে তা রেকর্ড ৫.৯ মিলিমিটারে পৌঁছায়। এর তিনটি প্রধান কারণ: হিমবাহ ও বরফচাদর গলে যাওয়া, উষ্ণতায় সমুদ্রজল প্রসারিত হওয়া, আর পৃথিবীর অতিরিক্ত তাপের প্রায় ৯১ শতাংশ সমুদ্র নিজেই শুষে নেওয়া।

প্রায় ৭৭ কোটি মানুষ অর্থাৎ, প্রতি দশজনে একজন আজ জোয়ারের সর্বোচ্চ রেখা থেকে মাত্র পাঁচ মিটারের মধ্যে বাস করেন। নিচু বদ্বীপ-নগরের তালিকায় ঢাকা, মুম্বাই আর কলকাতার নাম জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্টেও উঠে এসেছে। যেখানে চৌদ্দ লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারানোর ঝুঁকিতে আছেন। উপকূলীয় অবকাঠামোর ক্ষতি এরই মধ্যে ১.৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে; অভিযোজন ছাড়া বার্ষিক ক্ষতি পৌঁছাতে পারে ১.৪ ট্রিলিয়ন ডলারে।

সমুদ্র থেকে দূরে, বাংলাদেশের ভেতরেও জমি হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। গত পাঁচ দশকে যমুনা, গঙ্গা আর পদ্মা মিলে গ্রাস করেছে মোট ১,৫৮,৩৫৩ হেক্টর জমি যা ঢাকার দুই সিটি করপোরেশনের মিলিত আয়তনের প্রায় পাঁচ গুণ। নতুন চর কিছু জমি ফিরিয়ে দিলেও নিট ক্ষতি দাঁড়ায় প্রায় ১,১৫৩ বর্গকিলোমিটার যা রাজধানীর প্রায় চার গুণ। ২০২৬ সালের পূর্বাভাসে তিন নদীর এগারোটি স্থানে আরও ৯১৫ হেক্টর জমি ভাঙনের ঝুঁকিতে, যেখানে বিপন্ন প্রায় ৭৩টি স্থাপনা। এরমাঝে আছে চারটি স্কুল, তিনটি মসজিদ, একটি ক্লিনিক। সামগ্রিকভাবে ভাঙনের হার আগের চেয়ে প্রায় নয় গুণ কমেছে, কিন্তু চরিত্র বদলেছে। একসময়ের সবচেয়ে কম ভাঙনকারী গঙ্গাই এখন সবচেয়ে বেশি জমি গিলছে।

নদী ভাঙ্গন
দুর্যোগ আসার আগেই মানুষকে বাঁচাতে হলে ভালো পূর্বাভাস ব্যবস্থা লাগবে। ছবি: ডেইলিস্টার

এই সংকটকে যদি কেউ শুধু গরিব বা অপ্রস্তুত দেশের সমস্যা মনে করেন, জাপানের নাগোয়া শহর সেই ধারণা ভেঙে দেয়। ১৮৯০ সালের পর সর্বোচ্চ ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর এই প্রযুক্তি-উন্নত শহরে মাত্র এক ঘণ্টায় ১০৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়। “৫০ বছরে একবার হয় এমন বৃষ্টি” ধরে তৈরি হয়, কিন্তু এই “বিরল” ঘটনাই এখন বারবার ঘটছে। পানির চাপ সামলাতে না পেরে তা বেরিয়ে আসে সবচেয়ে দুর্বল জায়গা ম্যানহোল কভার দিয়ে।

পাশের ইয়োক্কাইচি শহরে পানি উঠে যায় ট্রাফিক সিগন্যালের সমান উচ্চতায়। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় পুরো জমি কংক্রিটে ঢাকা থাকায় বৃষ্টির পানি মাটিতে শোষিত হতে পারেনি, পুরো চাপ গিয়ে পড়ে ড্রেনেজের ওপর। জাপানের মতো সুপরিকল্পিত শহর যদি এভাবে ভেঙে পড়তে পারে, তবে আমাদের মতো কম-প্রস্তুত শহরের জন্য কী অপেক্ষা করছে?

এর একটা উত্তর মেলে আলফাজিওর সাম্প্রতিক এক সমীক্ষায়। বিশ্বের ৭২টি বড় শহরের জলবায়ু-সহনশীলতা যাচাই করে তারা দেখিয়েছে, সবচেয়ে কম সহনশীল শহরের তালিকায় চতুর্থ স্থানে ঢাকা, নয় নম্বরে চট্টগ্রাম। বিপরীতে শীর্ষে থাকা শিকাগো ফল পাচ্ছে তার বিশাল ভূগর্ভস্থ “ডিপ টানেল প্রজেক্ট”-এর মতো দশকব্যাপী বিনিয়োগের।

মাটির হিসাব: ভূমি ব্যবহারের বদলে যাওয়া চিত্র

নদী আর সমুদ্রের গল্পের বাইরেও বাংলাদেশের মাটি নিজের ভেতর থেকেই এক ধরনের নীরব চাপের মধ্যে আছে। দেশের মোট আয়তনের প্রায় ৫৯ শতাংশ এখনো আবাদযোগ্য এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, যেখানে দেশের মোট প্রায় দেড় কোটি হেক্টরের মধ্যে সাড়ে আটাশি লাখ হেক্টরের বেশি জমি কৃষিকাজের উপযোগী। কিন্তু এই অনুপাত প্রতি বছরই কিছুটা কমছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, নগরায়ন ও শিল্পায়নের চাপে বছরে প্রায় ০.৪৩ শতাংশ হারে কৃষিজমি কমে যাচ্ছে যা এক দশকের হিসাবে একটা বড় জেলার সমান জমি হারিয়ে যাওয়ার শামিল।

গ্রামীন জীবন
নদীর কাছে পরাজিত বাংলাদেশের এই জ্যেষ্ঠ নাগরিক। ছবি: ডেইলিস্টার

শহরকেন্দ্রিক চিত্র আরও উদ্বেগজনক। এক সময়ের খাল-পুকুর-বিলে ভরা ঢাকা তার প্রাকৃতিক জলধারণ ক্ষমতা দ্রুত হারাচ্ছে। রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যান অনুযায়ী, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যেই ব্যক্তি-মালিকানা, রিয়েল এস্টেট আর নানা প্রতিষ্ঠানের হাতে ঢাকার প্রায় সাড়ে নয় হাজার একর বন্যাপ্রবাহ অঞ্চল ও জলাশয়ের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার একরই ভরাট হয়ে গেছে। ফলাফল স্পষ্ট – যেসব নিম্নভূমি, খাল আর জলাভূমি ঐতিহাসিকভাবে বৃষ্টির পানি ধরে রাখত ও নিষ্কাশন করত, সেগুলোর ক্রমাগত ভরাট এখন জলাবদ্ধতার ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে জনঘনত্বও সীমা ছাড়িয়ে যাচ্ছে: মূল ঢাকার প্রায় ৯০ শতাংশ এলাকা এক একরে ১৫০ জন বসবাসের প্রচলিত মানদণ্ড ছাড়িয়ে গেছে।

অর্থাৎ গ্রামে কৃষিজমি রূপান্তরিত হচ্ছে বসতি আর শিল্পে। অন্যদিকে শহরে জলাশয় রূপান্তরিত হচ্ছে কংক্রিটে। আর দুই প্রান্তেই মানুষ ক্রমেই ঠাসাঠাসি করে বাস করতে বাধ্য হচ্ছে এমন জমিতে, যেটার নিজস্ব পানি ধারণক্ষমতা দিন দিন কমছে। নদীভাঙন আর সমুদ্রস্ফীতি যেখানে বাইরে থেকে ভূমি কেড়ে নিচ্ছে, সেখানে এই ভূমি-ব্যবহারের ধরন ভেতর থেকেই একই সংকটকে আরও তীব্র করে তুলছে। কারণ যে মাটিতে পানি শোষিত বা সঞ্চিত হওয়ার কথা, তা ক্রমেই এমন এক পৃষ্ঠে পরিণত হচ্ছে, যেখান থেকে পানির আর ফেরার পথ নেই।

সামনে যা অপেক্ষা করছে

এই সংকটের সবচেয়ে অস্বস্তিকর দিক হলো, এর একটা বড় অংশ এখন আর ঠেকানো যাবে না। সবচেয়ে ভালো পরিস্থিতিতেও ২১০০ সাল নাগাদ সমুদ্র বাড়তে পারে ০.৫৫ মিটার পর্যন্ত। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তা এক মিটারেরও বেশি হতে পারে, আর নির্গমন খুব বেশি বাড়লে প্রায় দুই মিটার পর্যন্তও পৌঁছাতে পারে।

নদী ভাঙ্গন
যেখানে ঠেকানো আর সম্ভব না, সেখানে মানুষকে পরিকল্পনা করে সরিয়ে নেওয়াও একটা স্থাপত্য-সিদ্ধান্ত। ছবি: ডেইলিস্টার

আন্টার্কটিকার থোয়েটস হিমবাহ যা আয়তনে প্রায় ১,৯০,০০০ বর্গ কিলোমিটার এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয়। এই হিমবাহ পুরোপুরি ভেঙে পড়লে একাই সমুদ্রপৃষ্ঠ হঠাৎ আধা মিটারেরও বেশি বাড়িয়ে দিতে পারে, আর সেই ক্ষতি আর কখনো পূরণ হবে না।

পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১২০ কোটি মানুষ ঘরছাড়া হতে পারেন। বাংলাদেশের নিজস্ব হিসাবেও, একই সময়ের মধ্যে দেশের প্রতি সাতজনের একজন জলবায়ু পরিবর্তনের কারণে ঘরছাড়া হবেন, আর এর প্রায় ২৬.৬ শতাংশের জন্য দায়ী থাকবে একা নদীভাঙনই।

বাংলাদেশের আবাসনের সামনে যে হুমকি

বাংলাদেশের আবাসনের জন্য হুমকিটা তিনটি ভাগে স্পষ্ট হয়ে ওঠে।

প্রথম ভাগে, আছে ধীরে ধীরে চলতে থাকা ক্ষয় তথা নদীভাঙন। এটা প্রতি বছর হাজারো পরিবারকে ঘরছাড়া করে। শুরুতে তাদের চরে ঠেলে দেয়, তারপর শহরের বস্তিতে। জামালপুরের ইব্রাহিম মিয়া তিন একর জমি হারিয়ে এখন ঢাকার কারওয়ান বাজারে দিনমজুরি করেন। শরীয়তপুরের মাঝেরকান্দি গ্রাম একই মানুষের জীবদ্দশায় তিনবার সরে গেছেন। এই দুই উদাহরণ দেখায়, এই ক্ষয় শুধু সংখ্যার হিসাব নয়, এটা মানুষের প্রতিদিনের বাস্তবতা।

বরফগলা
হিমবাহ ভেঙে পড়লে সমুদ্রপৃষ্ঠ বেশি বেড়ে গেলে সেই ক্ষতি আর কখনো পূরণ হবে না। ছবি: ইউএনডিপি

দ্বিতীয় ভাগে, আছে হঠাৎ আঘাত। নাগোয়ার মতো এক ঘণ্টার প্রচণ্ড বৃষ্টি, যা পুরনো হিসাবে গড়া ড্রেনেজ ব্যবস্থাকে মুহূর্তেই অকেজো করে দিতে পারে। ঢাকার খাল-জলাশয় ভরাট আর ময়লা-জমা নালার কথা মাথায় রাখলে বলা যায়, এমন বিপর্যয় এখানে জাপানের চেয়েও বেশি খারাপ হতে পারে।

তৃতীয় ভাগে, আছে দীর্ঘমেয়াদী, বৈশ্বিক চাপ ও সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি। এটা ধীরে ধীরে উপকূলের জমি লবণাক্ত করে তুলবে, বসবাসের অযোগ্য করে তুলবে, আর একই সঙ্গে ঢাকা-চট্টগ্রামের মতো বড় শহরকেও আরও ঝুঁকিতে ফেলবে।

দেখা যাচ্ছে বাংলাদেশের আবাসন একসঙ্গে তিন দিক থেকে চাপে আছে: ভেতর থেকে নদীর ক্ষয়, ওপর থেকে বর্ষার হঠাৎ আঘাত, আর বাইরে থেকে সমুদ্রের ধীর অগ্রগতি। এই তিন চাপ সামলাতে যা দরকার তা হলো: নির্ভরযোগ্য বাঁধ, দ্রুত পানি সরানোর ব্যবস্থা, আগাম সতর্কবার্তা, সুরক্ষিত জলাশয়। আলফাজিওর তালিকায় ঢাকা-চট্টগ্রামের অবস্থানেও ঠিক এই ঘাটতিটাই ফুটে উঠেছে।

অনিবার্যের সঙ্গে বসবাস: স্থাপত্যের নতুন ব্যাকরণ

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বিশ্বের সবচেয়ে বড় অগ্রাধিকার, যাতে উষ্ণায়ন আর সমুদ্রবৃদ্ধির গতি কমানো যায়। কিন্তু তার পাশাপাশি আজই প্রয়োজন অভিযোজন। আর এখানেই স্থাপত্য আর নগর পরিকল্পনা এক নতুন ভূমিকায় অবতীর্ণ হয়—

নদী পাড়ের শহর
ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় পুরো জমি কংক্রিটে ঢাকা থাকায় বৃষ্টির পানি মাটিতে শোষিত হতে পারেনা। ছবি: ইউএনডিপি
  • পূর্বাভাস-ভিত্তিক নকশা: দুর্যোগ আসার আগেই মানুষকে বাঁচাতে হলে ভালো পূর্বাভাস ব্যবস্থা লাগবে। আর শহরের অবকাঠামো ও ভবনের নকশাও সেই পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে করতে হবে।
  • প্রতিরক্ষামূলক ও প্রাকৃতিক স্থাপত্য: সমুদ্রপ্রাচীর, ম্যানগ্রোভ বনায়ন, বালিয়াড়ি পুনরুদ্ধার এসব শুধু প্রকৌশল নয়। এগুলো আসলে প্রকৃতিকেই স্থাপত্যের সঙ্গী করে তোলার চেষ্টা। সলোমন দ্বীপপুঞ্জের গ্রামবাসীরা নদীর কাদামাটির তীরে ম্যানগ্রোভ লাগিয়ে আসলে একটা জীবন্ত প্রাচীর গড়ে তোলেন, যা কংক্রিটের চেয়েও নমনীয় অথচ একই রকম কার্যকর।
  • সুপরিকল্পিত পশ্চাদপসরণ (ম্যানেজড রিট্রিট): যেখানে ঠেকানো আর সম্ভব না, সেখানে মানুষকে পরিকল্পনা করে সরিয়ে নেওয়াও একটা স্থাপত্য-সিদ্ধান্ত। কীভাবে, কোথায় আর কতটা সম্মানের সঙ্গে একটা জনগোষ্ঠীকে নতুন জায়গায় বসানো যায়, সেটাও নকশারই অংশ।
  • উন্নত তথ্যভাণ্ডার: অনেক জায়গায় সমুদ্রের অবস্থা মাপার মৌলিক ব্যবস্থাই নেই। অথচ ভালো নকশার প্রথম শর্তই হলো নির্ভরযোগ্য তথ্য।
  • আইনি কাঠামোর স্পষ্টতা: জমি পানির নিচে চলে গেলে রাষ্ট্র ও সমুদ্রসীমার কী হবে, সেই প্রশ্নের উত্তর খোঁজাও এখন জরুরি। কারণ একটা জাতির অস্তিত্ব কোনো না কোনোভাবে তার জমির সঙ্গে জড়িয়ে থাকে।

তবে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনের জন্য বছরে প্রয়োজন আনুমানিক ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার, অথচ ২০২৩ সালে বৈশ্বিক অভিযোজন অর্থায়ন ছিল মাত্র প্রায় ২৬ বিলিয়ন ডলার। এই বিশাল ফারাকই বলে দেয়, সবচেয়ে সুচিন্তিত নকশাও অর্থায়নের অভাবে কাগজেই আটকে থাকতে পারে।

শেষ কথা: যে ঘর পানির ভাষা শেখে, সে-ই টিকে থাকে

সমুদ্র বাড়ছে, নদী গিলছে, বর্ষা আরও অনিয়মিত ও আকস্মিক হয়ে উঠছে। আর এই তিনের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের আবাসন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের প্রধান নাভিদ হানিফের কথায়, “সমুদ্রপৃষ্ঠ বাড়ছে। আমাদের সহনশীলতা, আমাদের অর্থায়ন, আমাদের উচ্চাকাঙ্ক্ষা এসবকে তার চেয়েও দ্রুত বাড়তে হবে।” এই বাক্যটি বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ আমরা এমন এক দেশ, যার ভূগোলই তাকে সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে, অথচ যার হাতে সেই ঝুঁকি মোকাবিলার সম্পদ এখনো সীমিত।

চার্ট
ঢাকার জলাশয় ও জলধারণ এলাকা হ্রাস (২০১০ বনাম ২০১৯) তথ্যসূত্র: রাজউক ডিটেইল এরিয়া প্ল্যান (DAP) ২০২২

তবুও আশার জায়গা আছে। আর তা লুকিয়ে আছে এই দেশের মানুষের নিজস্ব অভিযোজন দক্ষতার মধ্যেই। চরাঞ্চলের বাঁশ-টিনের ঘর, যা প্রয়োজনে খুলে অন্যত্র বসানো যায়; মাঝেরকান্দির মতো গ্রাম, যা তিনবার সরেও নতুন করে দাঁড়িয়ে যায়; কাথুরিয়ার গ্রামবাসী, যারা দিনের আলোয় প্রতিবেশীর ঘর ভাঙতে হাতে হাত মেলায় এসবই এক ধরনের নীরব, অ-প্রাতিষ্ঠানিক স্থাপত্য-জ্ঞান, যা রাষ্ট্রীয় পরিকল্পনার আগেই জন্ম নিয়েছে।

প্রকৃত করণীয় হলো, এই লোকজ্ঞানকে প্রাতিষ্ঠানিক নীতি, আধুনিক প্রকৌশল আর পর্যাপ্ত অর্থায়নের সঙ্গে জুড়ে দেওয়া। কারণ শেষ পর্যন্ত, যে ঘর পানির সঙ্গে আপস করতে শেখে না, সে ঘর টিকেও থাকতে শেখে না। আর যে জাতি সময় থাকতে সেই ভাষা রপ্ত করে নেয়, ভবিষ্যতের পানি তার জন্য শত্রু নয়, বরং এক পরিচিত, সহাবস্থানযোগ্য প্রতিবেশী হয়েই থেকে যায়।

তথ্যসূত্র:

জাতিসংঘ সংবাদ, ডেইলিস্টার, সিইজিআইএস); জাপান টুডে, আলফাজিও, নিউইয়র্ক টাইমস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, রাজউক ডিএপি

Related Posts

মানুষের জন্য হবে আগামীর স্থাপত্য

স্থাপত্য কখনোই শুধু ইট, কংক্রিট, স্টিল কিংবা কাচের সমন্বয়ে তৈরি কোনো স্থির বস্তু নয়। এটি মানুষের জীবনযাপন, সংস্কৃতি,…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

বিশ্বমঞ্চে বাংলাদেশের সমকালীন আলোচিত স্থাপনা

“We shape our buildings; thereafter they shape us.”— স্যার উইনস্টন চার্চিল এই প্রবাদপ্রতিম উক্তিটি মনে করিয়ে দেয়, স্থাপত্য…

কংক্রিটের আড়ালে সাও পাওলোর স্থাপত্য ও নগরজীবন

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোকে অনেকে শুধু একটি কংক্রিটের জঙ্গল হিসেবে চেনেন। রিও দে জেনেইরোর সৈকত বা ব্রাজিলের…

শতবর্ষী গুদাম যেভাবে কার্পেট শোরুম হলো

মুম্বাইয়ের ভিক্টোরিয়ান টেক্সটাইলের শতবর্ষী গুদামের নাম হয়েছে জয়পুর কার্পেট। তবে আজ তার জরাজীর্ণতা ঘুচে রূপ নিয়েছে নতুন ঠিকানায়।…

আগামীর স্থাপত্য: এআই সঙ্গে না থাকলে পথ হারানোর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রায় প্রতিটি পেশাগত ক্ষেত্রের কর্মপ্রবাহে ঢুকে পড়েছে। আর স্থাপত্য শিল্পও এর ব্যতিক্রম নয়। বহু বছর…

হারানো স্টোন হাউসের জায়গায় দাঁড়াল ৭০০ বছরের পুরনো “গ্লাস হাউস”

জার্মানির রয়টলিঙেন শহরের পুরনো এলাকায়, শতাব্দীপ্রাচীন কাঠের বাড়িগুলোর মাঝে একটি স্বচ্ছ কাচের ভবন জেগে উঠেছে। এটি স্টুটগার্টভিত্তিক প্রতিষ্ঠান…

স্থাপত্য প্রতিষ্ঠানের উত্তরাধিকার: প্রতিষ্ঠাতার পর কী হয়?

একজন প্রতিষ্ঠাতা স্থপতি চিরকাল থাকবেন না। এই সত্য মেনে নিয়ে আগে থেকে পরিকল্পনা করা সহজ নয়। তবে প্রতিষ্ঠান…

ছোট জায়গার বড় বাড়ি হি হাউজ

সীমিত জায়গার মধ্যে একটি বাড়িকে কতটা আরামদায়ক, কার্যকর এবং নান্দনিক করে তোলা যায়? সুইডেনের পশ্চিম উপকূলে স্টুডিও এলসিঙ্গারের…