স্বল্প দূরত্বে অধিক আর বিরতিহীন পণ্য স্থানান্তর বা পরিবহনে অনন্য এক মাধ্যম কনভেয়র (Conveyor)। এটি এমন এক স্বয়ংক্রিয় যন্ত্র, যা অনবরত একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে আবর্তিত হয়। অপেক্ষাকৃত ভারী ও বেশি পরিমাণ পণ্য পরিবহনে যন্ত্রটি অধিক কার্যকরী। নির্মাণ প্রকল্পের মাটি ও অন্যান্য উপকরণ, খনি থেকে বিভিন্ন খনিজ উত্তোলন ও শিল্পকারখানায় কনভেয়র ব্যবহার করা হয়। এ ছাড়া এয়ারপোর্টে ব্যাগ, লাগেজ ও মালামাল পরিবহনে এবং জাহাজ থেকে পণ্য খালাসেও যন্ত্রটি ব্যাপক হারে ব্যবহৃত হয়। একটি কনভেয়র সিস্টেম কয়েক শ শ্রমিক, কর্মঘণ্টা এবং ব্যয় সাশ্রয় করে। সোনা, কয়লা ও অন্যান্য খনিজ পদার্থ উত্তোলন, পরিবহন এবং বড় নির্মাণ প্রকল্পে কনভেয়র ছাড়া চিন্তাই করা যায় না।
কার্যকারিতা এবং প্রয়োজনভেদে বিভিন্ন ধরনের কনভেয়র পাওয়া যায়। এগুলোর শক্তি, পরিবহন ক্ষমতা, আয়তন ও গঠনেও রয়েছে ভিন্নতা। বিশ্বের সবচেয়ে বড় কনভেয়র সিস্টেম রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি প্রায় ৬৩ কিলোমিটার দীর্ঘ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বোডিংটন বক্সাইট মাইন নামক খনিতে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিঙ্গেল বেল্টের কনভেয়র যা ৩১ কিলোমিটার দীর্ঘ। তবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক কনভেয়র বেল্টটির অবস্থান ভারতের মেঘালয় থেকে বাংলাদেশের ছাতক সুনামগঞ্জের সিমেন্ট কারখানা অবধি। এই কনভেয়র বেল্ট সিস্টেমটি প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ। মূলত লাইমস্টোন এবং অন্যান্য খনিজ পদার্থ পরিবহনে কনভেয়রটি ব্যবহৃত হয়। এর পরিবহন ক্ষমতা প্রতিঘণ্টায় প্রায় ৯৬০ টন।
রকমফের
বিভিন্ন ধরনের কনভেয়ার মেশিন ও বেল্ট ব্যবস্থা প্রচলিত থাকলেও প্রধানত তিন ধরনের মেশিন অধিক ব্যবহৃত হয়। সেগুলো-
১. শেকার কনভেয়র (Shaker Conveyor)
২. স্ক্যাপার চেইন কনভেয়র (Scraper Chain)
৩. বেল্ট কনভেয়র (Belt Conveyor)
এ ছাড়া অন্যান্য কনভেয়রের মধ্যে রয়েছেÑ
- গ্রাভিটি কনভেয়র
- গ্রাভিটি স্কেটহুইল কনভেয়র
- ওয়ার মেশ কনভেয়র
- বাকেট কনভেয়র
- ফ্লেক্সিবল কনভেয়র
- ভার্টিক্যাল কনভেয়র
- স্পাইরাল কনভেয়র
- ভাইব্রেটিং কনভেয়র
- পিনিউমেটিক কনভেয়র
- বেল্ট ড্রাইভেন লাইভ রোলার কনভেয়র
- লাইন শ্যাফট রোলার কনভেয়র
- চেইন কনভেয়র
- স্ক্রিউ কনভেয়র
- ওভারহেড আই-বিম কনভেয়র
- ডাস্টপ্রুফ কনভেয়র
- অটোমোটিভ কনভেয়র
- ওভারল্যান্ড কনভেয়র
- ড্রাগ কনভেয়র।
বেল্ট কনভেয়র
বড় এবং দীর্ঘমেয়াদি নির্মাণ প্রকল্পে নির্মাণসামগ্রী অভ্যন্তরীণভাবে বহন, স্থানান্তর বা পরিবহনের কাজে বেল্ট কনভেয়র ব্যবহৃত হয়। মূলত নির্মাণসামগ্রী অভ্যন্তরীণ কাজে অবিরামভাবে এবং তুলনামূলক দ্রুতগতিতে পরিবহনের জন্য বেল্ট কনভেয়র প্রয়োজন হয়। এই বেল্ট সাধারণত পিভিসি ও রাবারের তৈরি। বেল্টের দুটি লেয়ার থাকে। নিচের লেয়ার বেল্টটিকে শক্তভাবে ধরে রাখে। একে কারকাস বলে। ওপরের লেয়ারকে বলে কাভার। কারকাস তৈরি হয় ওভেন, লাইলন, পলেস্টার ও সুতি কাপড়ে এবং কাভার তৈরিতে ব্যবহৃত হয় রাবার ও প্লাস্টিক। নিরবচ্ছিন্ন এবং ভারী পণ্য পরিবহন করতে হয় বলে এই বেল্টকে তৈরি করা হয় অত্যন্ত শক্তপোক্ত করে। একাধিক পুলির সাহায্যে ঘোরে এই বেল্টটি। একটি কনভেয়রের মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থাকে। এগুলোর মধ্যে রয়েছে-
- কন্টিনিয়াস বেল্ট: এটি একটি প্রান্তবিহীন বেল্ট। পরিবহনের বস্তুর প্রকৃতি অনুযায়ী বেল্টের ধরন, গ্রেড ও সাইজ নির্ধারণ করা হয়। মালামাল পরিবহনের সময় সৃষ্ট টেনশন যাতে প্রতিরোধ করতে পারে সে জন্য বেল্টকে যথেষ্ট মজবুত করে তৈরি করা হয়।
- আইডলার: এটি কন্টিনিয়াস বেল্টের সাপোর্ট। বেল্টকে চালানোর জন্য শক্তি নির্বাচনের সময় আইডলারের সারফেস ও বেল্টের মধ্যকার ঘর্ষণের ব্যাপারে সচেতন থাকতে হয়।
- পুলি: কনভেয়ার বেল্ট পুলি সিস্টেমের মাধ্যমে চালানো হয়। এটি প্রান্তে অথবা মধ্যে স্থাপন করা যেতে পারে। পুলির সংখ্যা নির্ভর করে কী পরিমাণ লোড বেল্টের ওপর আসবে তার ওপর।
- ড্রাইভিং ইউনিট: কনভেয়ার বেল্টকে চালানোর জন্য একাধিক পুলি ব্যবহৃত হয়। এ পুলিসমূহকে চালানোর জন্য শক্তির মোটর বা ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়।
- টেকআপ-ইকুইপমেন্ট: বেল্ট কাজে ব্যবহৃত হওয়ার পর এর প্রসারিত হওয়ার প্রবণতা দেখা দেয়। এ প্রবণতাকে পরীক্ষা করা এবং তা সমন¦য় সাধনের জন্য উপযুক্ত টেকআপ-ইকুইপমেন্ট ব্যবহৃত হয়।
- সাপোর্টিং স্ট্রাকচার: বেল্ট কনভেয়ারের অত্যাবশ্যকীয় অংশসমূহকে ধারণ করার জন্য উপযুক্ত সাপোর্টিং স্ট্রাকচার প্রয়োজন হয়।
- বিশেষ সরঞ্জাম: কাজের চাহিদা অনুযায়ী কনভেয়র বেল্টে কখনো কখনো বিশেষ ধরনের সরঞ্জাম ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে অন্যতমÑ
- হোল্ড ব্যাক
- ফিডার
- টিপার।
হোল্ড ব্যাক: হোল্ড ব্যাক একটি যান্ত্রিক সরঞ্জাম, যা পুলিকে একদিকে ঘুরতে সাহায্য করে। যখন বেল্ট আনতভাবে চলে তখন হোল্ড ব্যাক ব্যবহার করা হয় এবং এ অবস্থায় হোল্ড ব্যাকের অনুপস্থিতিতেও পাওয়ার ফেল করলে বেল্টের উপরকার মালামাল বিপরীত দিকে যেতে দেওয়া হয়।
ফিডার: বেল্টের ওপরের মালামাল সমহারে সরবরাহ করার জন্য ফিডার ব্যবহার করা হয়।
টিপার: বেল্টের মালামাল নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই তুলে নেওয়ার জন্য বেল্টের ওপরে টিপার স্থাপন করা হয়।
অন্যান্য সহায়ক অনুষঙ্গ
- স্কাটিং
- পুলি ল্যাগিং
- ল্যাডার্স
- ফ্রেম অ্যান্ড স্টেইনজাস।
প্রকাশকাল: বন্ধন, ৮৮তম সংখ্যা, আগস্ট ২০১৭।