স্থাপত্য শিল্পের প্রতিযোগিতায় প্রতিদিনই গড়ে উঠছে আধুনিক ডিজাইনের বাড়ি। থাকছে সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা। তবে স্থাপত্য বলতে সুন্দর বাড়ি নির্মাণকেই বুঝায় না। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জ্বালানি সাশ্রয় এবং মানুষের সুস্থ জীবনযাপনের উপযোগী আবাস গড়ে তোলাও আধুনিক স্থাপত্যের অন্যতম লক্ষ্য।
জলবায়ু পরিবর্তনের প্রভাব, নগরায়ণ এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে স্থপতিরা এখন এমন ভবন নির্মাণে মনোযোগ দিচ্ছেন, যা মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে।
এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের সমারসেটে “চার্লস জিলেস্পি আর্কিটেকচার”-এর নকশায় নির্মিত ”দ্য লিনহে” প্রকল্পটি একটি অনন্য উদাহরণ। ঐতিহ্যবাহী কৃষি স্থাপনার আদলে নির্মিত এই আধুনিক বাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর বন্যপ্রাণীবান্ধব কলোনেড।

এটি শুধু নান্দনিক সৌন্দর্যই বাড়ায় না, পাশাপাশি ভবনের জ্বালানি দক্ষতা বৃদ্ধি, প্রাকৃতিক আলো ও বাতাসের ব্যবহার নিশ্চিত করা। এ ধরণের প্রকল্প পাখি ও ক্ষুদ্র প্রাণীদের জন্য নিরাপদ আবাস তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চার্লস জিলেস্পি আর্কিটেকচার
চার্লস জিলেস্পি আর্কিটেকচার যুক্তরাজ্যভিত্তিক একটি স্থাপত্য প্রতিষ্ঠান। তারা পরিবেশবান্ধব, টেকসই এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবন নকশার জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিষ্ঠানটি এমন সব প্রকল্পে কাজ করে যেখানে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, জলবায়ু এবং ভূপ্রকৃতিকে গুরুত্ব দেওয়া হয়।
তাদের নকশার অন্যতম বৈশিষ্ট্য হলো টেকসই উপকরণ ব্যবহার, প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের সর্বোচ্চ ব্যবহার এবং কম কার্বন নিঃসরণ। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়তো থাকেই। দ্য লিনহে প্রকল্পটি এই দর্শনেরই বাস্তব প্রতিফলন।
দ্য লিনহে প্রকল্প
ইংরেজি “Linhay” শব্দটির উৎপত্তি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কৃষি সংস্কৃতি থেকে। অতীতে Linhay ছিলো খোলা সামনের একটি কৃষি ভবন। এখানে গবাদিপশু রাখা হতো এবং খড় সংরক্ষণ করা হতো। চার্লস জিলেস্পি আর্কিটেকচার এই ঐতিহ্যবাহী স্থাপত্যকে আধুনিক আবাসিক নকশায় রূপান্তর করেছে। ফলে ভবনটি দেখতে যেমন গ্রামীণ ঐতিহ্যের প্রতিফলন মনে হয়। তবে এর ভেতরে রয়েছে আধুনিক জীবনযাপনের সব সুবিধা।
দ্য লিনহে প্রকল্পটি নির্মিত হয়েছে ইংল্যান্ডের মনোরম সমারসেট (Somerset) কাউন্টিতে। প্রকল্পটির সাথে সমন্বয় হওয়ার মতো সমারসেটের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সবুজ প্রান্তর। এখানে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, পাহাড়ি ঢাল, বনাঞ্চল এবং বন্যপ্রাণীর সমৃদ্ধ আবাসস্থল। এই প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই ভবনটির নকশা তৈরি করা হয়েছে।

স্থাপত্যশৈলী ও উপকরণ
এই প্রকল্পের সবচেয়ে আলোচিত অংশ হলো দক্ষিণমুখী দীর্ঘ কলোনেড। স্থাপনায় কলোনেড হলো এক সারিতে অবস্থিত অনেকগুলো স্তম্ভ, পিলার বা খুঁটি। ঐতিহাসিক অনেক রাজবাড়ি বা প্রাসাদের বারান্দার সামনে এরকম সারিবদ্ধ স্তম্ভ বা কলোনেড দেখা যায়। এই প্রকল্পে এটি একাধিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।
গ্রীষ্মকালে সূর্যের উচ্চ কোণের আলো কলোনেডের কারণে সরাসরি ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে ঘর শীতল থাকে। শীতাতপ যন্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা কমে। পাশপাশি বিদ্যুৎও সাশ্রয় হয়ে থাকে।
একইভাবে কলোনেডযুক্ত বারান্দাসহ ঘরে শীতকালের তাপমাত্রা বেশি থাকে। শীতকালে সূর্যের কোণ নিচু থাকে। সে সময় সূর্যের আলো কলোনেডের নিচ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ফলে ঘর স্বাভাবিকভাবে উষ্ণ থাকে। এ সময় হিটারের চাহিদাও কম হয়ে থাকে।
দ্য লিনহে প্রকল্পের নকশার অন্যতম বড় সাফল্য হলো এটি শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির জন্যও নির্মাণ করা হয়েছে। এজন্য এখানে রয়েছে পাখির বাসার উপযোগী স্থান, বাদুড়ের আশ্রয়, মৌমাছির আবাস। প্রজাপতির জন্য নিরাপদ পরিবেশ এবং বিভিন্ন উপকারী কীটপতঙ্গের বাসস্থানও রাখা হয়েছে প্রকল্পের ডিজাইনে। বর্তমানে ইউরোপে জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরণের নকশাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।
বাড়ির ছাদজুড়ে রয়েছে সবুজ উদ্ভিদ। ছাদে সবুজায়ন করায়ও ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ছাদে খুব বেশি রোদ পড়লেও তা সহজেই গরম হয় না। বৃষ্টির সময় পানি সরাসরি ড্রেনে না গিয়ে উদ্ভিদের শোষণকাজে ব্যবহার করা হয়। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। ফলে কার্বন নি:সরণের মাত্রা ও এ প্রকল্পে কম।

দ্য লিনহে প্রকল্পের প্রতিটি কক্ষ এমনভাবে নকশা করা হয়েছে যাতে দিনের বেশিরভাগ সময় কৃত্রিম আলোর প্রয়োজন হয় না। ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে স্বাভাবিক বাতাস চলাচল করে। ঘরের ভেতরে আর্দ্রতা কম থাকায় বসবাস আরও আরামদায়ক হয়।
প্রকল্পের নির্মাণ উপকরণ
এই প্রকল্পে যথা সম্ভব স্থানীয় উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রকল্পের নির্মাণে ব্যবহৃত সব উপকরণের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তবে স্থপতি প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য, নির্মাণ দলের বিবরণ এবং প্রকল্পের ছবির ভিত্তিতে ব্যবহৃত প্রধান নির্মাণ উপকরণ সম্পর্কে যথেষ্টই নির্ভরযোগ্য ধারণা পাওয়া যায়।
এই প্রকল্পের প্রধান নির্মাণ উপকরণ হলো কাঠ। ছাদের কাঠামো, কলোনেডের অংশ, দরজা-জানালা, অভ্যন্তরীণ ফিনিশিং এবং কিছু বহিরাংশের ডিজাইনেও কাঠের ক্ল্যাডিং ব্যবহার করা হয়েছে। কাঠ ব্যবহারের ফলে ভবনের কার্বন ফুটপ্রিন্ট কমে।
তবে কিছু কিছু ক্ষেত্রে স্টিলের ব্যবহারও করা হয়েছে। কাঠামোগত সংযোগ, ছাদের কিছু অংশ এবং কলোনেডের শক্তিবৃদ্ধির কাজে কাঠামো তৈরিতে স্টিল ব্যবহার করা হয়েছে। ভিত্তি, মেঝের স্ল্যাব, রিটেইনিং স্ট্রাকচার এবং কাঠামোগত বেসে ব্যবহার করা হয়েছে কংক্রিট।
জলবায়ু পরিবর্তনের যুগে এই নকশার গুরুত্ব
বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত গরম এবং অনিয়মিত আবহাওয়ার কারণে ভবিষ্যতের স্থাপত্যে টেকসই নকশার গুরুত্ব বাড়ছে। দ্য লিনহে প্রকল্প আমাদের দেখিয়ে দিয়েছে প্রকৃতিকে ধ্বংস না করেও উন্নত আবাসন নির্মাণ সম্ভব। ভবন একই সঙ্গে সুন্দর, আরামদায়ক এবং পরিবেশবান্ধবও হতে পারে। জীববৈচিত্র্য রক্ষায় স্থাপত্যও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দ্য লিনহে প্রকল্পে তা প্রমাণিত।

স্থাপত্যে প্রকৃতির প্রত্যাবর্তন
একসময় ভবন নির্মাণ মানেই ছিল প্রকৃতিকে সরিয়ে কংক্রিটের জঙ্গল তৈরি করা। তবে আধুনিক স্থাপত্যে সে ধারণা বদলাচ্ছে। আধুনিক স্থপতিরা বুঝতে পেরেছেন যে মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে টেকসইভাবে বাঁচতে পারে না। তাই নতুন প্রজন্মের স্থাপত্যে ভবনকে এমনভাবে নকশা করা হচ্ছে, যাতে গাছপালা, পাখি, কীটপতঙ্গ এবং মানুষের জন্য সমানভাবে উপযোগী পরিবেশ তৈরি হয়।
চার্লস জিলেস্পি আর্কিটেকচার-এর দ্য লিনহে প্রকল্পটি প্রমাণ করেছে যে একটি বাড়ি শুধু মানুষের থাকার স্থান নয়। এটি পরিবেশ, জলবায়ু এবং জীববৈচিত্র্যের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। ঐতিহ্যবাহী লিনহে বার্ন-এর ধারণাকে আধুনিক প্রযুক্তি, সবুজ ছাদ, প্যাসিভ সোলার ডিজাইন এবং বন্যপ্রাণীবান্ধব কলোনেডের মাধ্যমে নতুন রূপ দেওয়া হয়েছে। ফলস্বরূপ, ভবনটি একদিকে যেমন শক্তি সাশ্রয়ী ও আরামদায়ক, অন্যদিকে তেমনি পাখি, মৌমাছি, প্রজাপতি ও অন্যান্য ছোট প্রাণীর জন্যও নিরাপদ আশ্রয় তৈরি করেছে।
জলবায়ু পরিবর্তনের এই সময়ে দ্য লিনহে প্রকল্প আমাদের শেখায় ভবিষ্যতের স্থাপত্য কেবল ইস্পাত, কংক্রিট ও কাচের সমন্বয়েই হবে না। মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক সুপরিকল্পিত রূপ হবে আধুনিক স্থাপত্য। বাংলাদেশের মতো জলবায়ু-সংবেদনশীল দেশেও এমন নকশা থেকে শিক্ষা নিয়ে পরিবেশবান্ধব, জ্বালানি-দক্ষ এবং জীববৈচিত্র্যসমৃদ্ধ আবাসন গড়ে তোলা সম্ভব। তাই এই প্রকল্প শুধু একটি বাড়ি নয় টেকসই স্থাপত্যের ভবিষ্যৎ পথনির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: ডিজেইন
















