যুক্তরাজ্যের নির্মিত পরিবেশ (built environment) সংশ্লিষ্ট পেশাগুলোর ভবিষ্যৎ কাঠামো নিয়ে সরকার একটি পরামর্শ প্রক্রিয়া (consultation) চালাচ্ছে। এরই প্রতিক্রিয়ায় রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (RIBA)-এর সভাপতি ক্রিস উইলিয়ামসন একটি মতামতমূলক লেখায় স্থপতিদের আইনি সুরক্ষা কাঠামো নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন, বিদ্যমান আর্কিটেক্টস অ্যাক্ট বাতিল করে এমন একটি নতুন ব্যবস্থা চালু করতে হবে, যেখানে নির্দিষ্ট কিছু “গুরুত্বপূর্ণ কার্যক্রম” শুধুমাত্র নিবন্ধিত ও নিয়ন্ত্রিত পেশাজীবীদের জন্য সংরক্ষিত থাকবে।
তার লেখা থেকে জানা যায়, গত বছর তিনি স্বেচ্ছায় আর্কিটেক্টস রেজিস্ট্রেশন বোর্ড (Architects Registration Board, ARB)-এর সদস্যপদ ছেড়ে দেন, ফলে নিজেকে আনুষ্ঠানিকভাবে “আর্কিটেক্ট” বলে আখ্যায়িত করার অধিকারও হারান। উল্লেখ্য, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি RIBA-এর ইতিহাসে (দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকে) প্রথম এমন সভাপতি হয়ে ওঠেন যিনি একজন যোগ্যতাসম্পন্ন (নিবন্ধিত) আর্কিটেক্ট নন।
তিনি বলেছিলেন, মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পেশাগত সক্ষমতার সর্বোচ্চ মান বজায় রাখার উপর নির্ভরশীল, শুধু দায়িত্বপ্রাপ্তদের চাকরির উপাধির উপর নয়। এই কাজ তিনি ইচ্ছাকৃতভাবে করেছিলেন বর্তমান নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি গুরুতর অসঙ্গতি প্রকাশ করার জন্য।
যুক্তরাজ্যে স্থাপত্য পেশা নিয়ন্ত্রণ করে আর্কিটেক্টস অ্যাক্ট ১৯৯৭ (Architects Act 1997) নামের একটি আইন। এই আইনের সেকশন ২০ অনুযায়ী শুধু “আর্কিটেক্ট” উপাধিটিই সুরক্ষিত। কেউ যদি ARB-তে নিবন্ধিত না থেকেও নিজেকে “আর্কিটেক্ট” বলে দাবি করেন, তাহলে তার সর্বোচ্চ ২৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা এবং ফৌজদারি রেকর্ড হতে পারে।

কিন্তু উইলিয়ামসনের সমালোচনা হলো, এই আইনটি আসলে একটি ফাঁকা বুলি মাত্র। কারণ এটি শুধু “নাম” ব্যবহারের অধিকার নিয়ন্ত্রণ করে। স্থাপত্য একটি বাস্তব এবং ঝুঁকিপূর্ণ কাজ। অথচ নকশা তৈরি, ভবন পরিকল্পনা বা নির্মাণ তদারকি করার জন্য কোনো লাইসেন্স, প্রশিক্ষণ বা যোগ্যতার প্রয়োজন নেই।
ফলে যে কেউ, কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই, শুধু নিজেকে “আর্কিটেক্ট” না বললেই এই একই কাজ সম্পূর্ণ বৈধভাবে করতে পারবে। উইলিয়ামসন নিজেই ARB ছেড়ে দিয়ে এই ফাঁকফোকরের জীবন্ত উদাহরণ হয়ে দেখিয়ে দিলেন যে, আইনটি জনগণের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং কেবল একটি নামের সুরক্ষা দিচ্ছে। যা তার মতে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি স্ববিরোধী ও অকার্যকর দিক।
সরকার নির্মিত পরিবেশ সংক্রান্ত পেশা, ট্রেড ও কর্মসংস্থানের জন্য নতুন কৌশল প্রণয়নের কথা ভাবছে। আর উইলিয়ামসনের মতে এখনই প্রকৃত পরিবর্তনের সুযোগ। তার ভাষায়, এটি পুরো ব্যবস্থা ঢেলে সাজিয়ে আরও নিরাপদ ও জবাবদিহিমূলক একটি নির্মিত পরিবেশ গড়ে তোলার একটি সুযোগ।
RIBA ইতোমধ্যে এই লক্ষ্যে একটি বিস্তারিত প্রস্তাবনাও প্রকাশ করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী, পরিকল্পিত একক নির্মাণ নিয়ন্ত্রক সংস্থার (single construction regulator) অধীনে একটি “বিল্ট এনভায়রনমেন্ট কাউন্সিল” (Built Environment Council) গঠন করা হবে, যা আইনজীবীদের নিয়ন্ত্রণকারী “লিগ্যাল সার্ভিসেস বোর্ড”-এর আদলে তৈরি।

শুধু চার্টার্ড সদস্যপদভুক্ত ও এই কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত পেশাজীবীরাই “সংরক্ষিত কার্যক্রম” (reserved activities) যেমন পরিকল্পনা আবেদন জমা দেওয়া বা বিল্ডিং রেগুলেশনের প্রিন্সিপাল ডিজাইনারের দায়িত্ব পালন করার অনুমতি পাবেন। উইলিয়ামসন বলেছেন, বর্তমানে যে কেউ যোগ্যতা প্রমাণ ছাড়াই পরিকল্পনা বা বিল্ডিং রেগুলেশন আবেদন জমা দিতে পারেন, যা ব্যবস্থার একটি গুরুতর দুর্বলতা।
লেখায় তিনি জোর দিয়েছেন, একটি প্রকল্পের পুরো জীবনচক্র জুড়ে গুণমান নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। এর জন্য দক্ষ ও যোগ্য পেশাজীবীদের প্রকল্পের একদম শুরুর দিকে যুক্ত করা এবং পুরো প্রক্রিয়া জুড়ে তাদের সম্পৃক্ত রাখা জরুরি বলে তিনি মনে করেন। RIBA-এর “টুওয়ার্ডস টুমরোজ আর্কিটেকচার” (Towards Tomorrow’s Architecture) কর্মসূচির মাধ্যমে সংস্থাটি ঠিক এই ধরনের পরিবর্তনের পক্ষেই কাজ করছে।
এই কর্মসূচি চারটি মূল বিষয়ে গঠিত। স্থাপত্য শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করা; পেশার ব্যবসায়িক টেকসইতা বাড়াতে ফি সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা আনা; সংগ্রহ প্রক্রিয়া (procurement) উন্নত করা; এবং নিয়ন্ত্রণ কাঠামো সংস্কারের জন্য “বাতিল, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ” (repeal, reserve and regulate) নামের একটি প্রচারণা চালানো, যার মধ্য দিয়েই মূলত আর্কিটেক্টস অ্যাক্ট বাতিলের দাবি উঠে আসছে।
তিনি স্বীকার করেন, এই মাত্রার পরিবর্তন সহজ নয়। পেশার নিয়ন্ত্রণ কাঠামোর মূল অংশে সংস্কার আনতে দরকার সাহসী চিন্তাভাবনা। এমনকি তার চেয়েও সাহসী পদক্ষেপ। তবে তার মতে এটি এক প্রজন্মে একবারই আসে এমন একটি সুযোগ, যা হাতছাড়া করা উচিত নয়। জনগণ একটি নিরাপদ ও গর্ব করার মতো নির্মিত পরিবেশ পাওয়ার দাবিদার, আজ এবং আগামী প্রজন্মের জন্যও।
তথ্যসূত্র:
আর্কিটেক্টস জার্নাল

























