কৃত্রিম বুদ্ধিমত্তা এখন স্থাপত্যের দৃশ্যায়ন বা রেন্ডারিং তৈরির জগতে এক অনিবার্য উপাদান হয়ে উঠেছে। আনবিল্ট ভবন, কল্পিত ইন্টেরিয়র কিংবা ভবিষ্যতের নগর দৃশ্য সবকিছুই এখন এআই টুলের মাধ্যমে বাস্তবসদৃশভাবে তৈরি করা যাচ্ছে।
কিন্তু এই বাস্তবতা এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে দর্শকের পক্ষে আসল ও কৃত্রিম দৃশ্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। ঠিক এই সমস্যা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট (EU AI Act)-এর একটি গুরুত্বপূর্ণ ধারা কার্যকর হয়েছে, যা বাস্তবসদৃশ এআই-জেনারেটেড আর্কিটেকচারাল রেন্ডারিং প্রকাশকারী শিল্পী ও প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাধ্যবাধকতা তৈরি করেছে।
ইউরোপীয় ইউনিয়নে যথাযথভাবে লেবেল না করে এমন রেন্ডারিং প্রকাশ করলে জরিমানার মুখে পড়তে হতে পারে।

আইনটি কী বলছে
গত ২ আগস্ট থেকে কার্যকর হওয়া ইইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্টের ৫০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বাস্তবসদৃশ ছবি, অডিও বা ভিডিও নির্মাতাদের অবশ্যই প্রকাশ করতে হবে যে সংশ্লিষ্ট কনটেন্ট এআই দ্বারা তৈরি বা পরিবর্তিত হয়েছে কি না, যাতে প্রতারণার মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে।
অনেক সৃজনশীল কাজ এই বিধানের আওতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হলেও, আইনি প্রতিষ্ঠান অ্যাডলশ-গডার্ডের কাউন্সেল সিমন সিয়েনিভিচ দেজিনকে জানিয়েছেন, বাস্তবসদৃশ এআই-নির্মিত ভবন ও ইন্টেরিয়রের ভিজ্যুয়ালাইজেশন আইনের সংজ্ঞা অনুযায়ী “ডিপফেক” ক্যাটাগরির মধ্যেই পড়ে বলে মনে হচ্ছে।
তার ভাষায়, যদি কোনো দৃশ্য বাস্তবসদৃশ হয়, তাতে মানুষ হাঁটাচলা করছে দেখানো হয় এবং তা এআই দিয়ে তৈরি, তাহলে সেটিকে অবশ্যই এআই-জেনারেটেড হিসেবে লেবেল করতে হবে।

পণ্যের ছবি এবং জনস্বার্থ-সম্পর্কিত লেখাও প্রভাবিত
শুধু রেন্ডারিং নয়, ফটোগ্রাফির মাধ্যমে পণ্য প্রদর্শনকারী ডিজাইনার ও প্রতিষ্ঠানগুলোকেও নতুন বাধ্যবাধকতার বিষয়ে সচেতন হতে হবে, কারণ কোনো ছবিতে এআই-নির্মিত কোনো বস্তুগত পরিবর্তন হলে তাও লেবেল করতে হবে।
টেক্সট কনটেন্টের ক্ষেত্রেও একই ধরনের বাধ্যবাধকতা রয়েছে, তবে কেবল তখনই যখন তা “জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে জনগণকে অবহিত করার উদ্দেশ্যে” প্রকাশ করা হয়। ফলে সাধারণ ওয়েব কপি লেবেল করার প্রয়োজন পড়বে না, তবে টেকসইতা, ভোক্তা অধিকার এবং ইএসজি (পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক) কৌশল-সংক্রান্ত লেখা এই নিয়মের আওতায় পড়বে, যদি না তা কোনো মানুষ দ্বারা যথাযথভাবে পর্যালোচিত হয়ে থাকে।
এছাড়া প্রকাশের বাধ্যবাধকতা ব্র্যান্ডের ওয়েবসাইটে গ্রাহকসেবার জন্য ব্যবহৃত এআই চ্যাটবটকেও প্রভাবিত করবে, যা আইনের ৫০(১) উপধারার আওতাভুক্ত। সিয়েনিভিচের পরামর্শ, এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ উপায় হলো গ্রাহকের সঙ্গে প্রথম যোগাযোগেই স্পষ্টভাবে জানানো যে তারা একটি “এআই-চালিত টুল” বা “এআই বট”-এর সঙ্গে মিথস্ক্রিয়া করছেন।
এছাড়া চ্যাটজিপিটি ও ন্যানো বানানার মতো টুল নির্মাতা প্রযুক্তি কোম্পানিগুলোকে সিন্থেটিক কনটেন্টে মেশিন-রিডেবল মার্কার যুক্ত করার বাধ্যবাধকতাও এই বিধানে রয়েছে, যা ব্যবহারকারীরা এখন আর সরাতে পারবেন না।

বিতর্কের প্রেক্ষাপটে এই বিধান
শৈল্পিক, সৃজনশীল, ব্যঙ্গাত্মক বা কাল্পনিক কাজের ক্ষেত্রে তুলনামূলক শিথিল প্রকাশ-নিয়ম প্রযোজ্য, তবে আর্কিটেকচারাল রেন্ডারিং বা বিজ্ঞাপনের মতো আংশিকভাবে প্রচারণামূলক উদ্দেশ্যে তৈরি কনটেন্টের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।
৫০ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়নকে স্বাগত জানাতে পারেন আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন শিল্পীরা, যারা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে পেশাদার থ্রিডি রেন্ডারিংয়ের বদলে এআই জেনারেশন ব্যবহার তাদের কারিগরি দক্ষতাকে খাটো করে এবং ত্রুটিপূর্ণ ফলাফল তৈরি করে।
পাশাপাশি এআই সিস্টেম প্রশিক্ষণে মানুষের তৈরি বিপুল পরিমাণ কাজ সাধারণত অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগেও ক্ষোভ রয়েছে, এবং এই আশঙ্কাও রয়েছে যে জেনারেটিভ এআই টুল ব্যবহারের ফলে তৈরি কাজ কপিরাইট সুরক্ষা না পেয়ে অন্যরা অবাধে নকল করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের এই নতুন বিধান স্থাপত্য ও ডিজাইন খাতে এআই ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাস্তবসদৃশ রেন্ডারিং, পণ্যের ছবি বদল এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট লেখা সবক্ষেত্রেই এখন এআই ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে জানানো বাধ্যতামূলক হয়ে উঠেছে।
যদিও শুরুতে কঠোর জরিমানার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে, তবু এই আইন দীর্ঘমেয়াদে স্থপতি, ডিজাইনার ও ভিজ্যুয়ালাইজেশন শিল্পীদের কাজের স্বচ্ছতা এবং মৌলিকত্বের প্রশ্নে নতুন মানদণ্ড তৈরি করতে পারে। একইসঙ্গে এটি এআই-নির্মিত কনটেন্টের নৈতিকতা ও কপিরাইট নিয়ে চলমান বৃহত্তর বিতর্কেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তথ্যসূত্র:
ডিজেইন
















