• Home
  • স্থাপত্য
  • লাইব্রেরি যখন সামাজিক বন্ধনের শক্তিশালী মাধ্যম
Image

লাইব্রেরি যখন সামাজিক বন্ধনের শক্তিশালী মাধ্যম

ওরেগনের দ্রুত বর্ধনশীল ডেশুটস কাউন্টিতে তৈরি হয়েছে একটি নতুন প্রজন্মের পাবলিক লাইব্রেরি।  যুক্তরাষ্ট্রের স্থাপত্য প্রতিষ্ঠান দ্য মিলার হাল পর্টনারশিপের নকশায় নির্মিত এই ভবনটি শুধু বই পড়া বা ধার নেওয়ার জায়গা হিসেবে পরিকল্পিত হয়নি। এটি শিক্ষা, সৃজনশীলতা, সামাজিক যোগাযোগ, গবেষণা ও কমিউনিটি কার্যক্রমের একটি বহুমুখী নাগরিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

২০২৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া এই লাইব্রেরি সমসাময়িক পাবলিক স্থাপত্যে লাইব্রেরির পরিবর্তিত ভূমিকার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

দ্রুত পরিবর্তনশীল অঞ্চলের জন্য নতুন লাইব্রেরি

লাইব্রেরিটি শহরের পূর্বদিকে, ২৭ নম্বর সড়ক ও ওয়াইল্ডারনেস ওয়ের এর কাছে প্রায় ৯.৩৭ একর জায়গার ওপর নির্মিত। ভবনটির আয়তন প্রায় ১ লাখ বর্গফুট। প্রকল্পটি ডেশুটস পাবলিক লাইব্রেরির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ।

এই অঞ্চলের জনসংখ্যা দ্রুত বাড়ছে। লাইব্রেরি নির্মাণের জায়গাটি স্টিভেনস র‍্যাঞ্চ উন্নয়ন এলাকার অংশ। এখানে নতুন আবাসন, পার্ক ও স্কুল গড়ে উঠছে।

স্থানীয় কর্তৃপক্ষের পরিকল্পনায় আশপাশে বিপুলসংখ্যক নতুন বাসস্থান যুক্ত হওয়ার ফলে ভবিষ্যতে এই এলাকার নাগরিক অবকাঠামোর ওপর চাপ আরও বাড়বে। তাই নতুন লাইব্রেরিকে শুধু বর্তমান ব্যবহারকারীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মাথায় রেখেও পরিকল্পনা করা হয়েছে।

২০২০ সালে ডেশুটস কাউন্টির ভোটাররা লাইব্রেরি ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়নের জন্য ১৯৫ মিলিয়ন ডলারের বন্ড কর্মসূচি অনুমোদন করেন।

নতুন কেন্দ্রীয় লাইব্রেরির সেই বৃহৎ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একই উদ্যোগের আওতায় Redmond Library নির্মাণ এবং কয়েকটি বিদ্যমান শাখার সংস্কারও করা হয়েছে।

লাইব্রেরি যখন শুধু বইয়ের জায়গা নয়

আধুনিক লাইব্রেরির ধারণা গত কয়েক দশকে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। একসময় লাইব্রেরির মূল কাজ ছিল বই সংরক্ষণ, পাঠককে বই দেওয়া এবং নীরব পাঠের পরিবেশ তৈরি করা। ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সেই ভূমিকা বদলে গেছে।

স্টিভেন্স র‌্যাঞ্চের লাইব্রেরির সেই পরিবর্তনেরই স্থাপত্যগত প্রতিফলন। এখানে বইয়ের সংগ্রহের পাশাপাশি শেখা, তৈরি করা, আলোচনা করা, দলগতভাবে কাজ করা এবং সামাজিকভাবে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভবনটিতে কমিউনিটি মিটিং ও স্টাডি রুম, কো-ওয়ার্কিং স্পেস, শিশুদের জন্য ডিসকোভারি সেন্টার এবং কিশোরদের জন্য বিশেষায়িত জায়গা রয়েছে।

অর্থাৎ ভবনটির নকশায় ‘লাইব্রেরি’কে একটি নির্দিষ্ট কার্যক্রমের ভবন হিসেবে না দেখে কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে।

ম্যাস টিম্বারের উষ্ণতা

প্রকল্পটির অন্যতম আকর্ষণ এর বিশাল কাঠের স্থাপত্য। মিলার হাল পার্টনারশিপের এই লাইব্রেরি নকশায় কাঠকে কেবল একটি নির্মাণ উপাদান হিসেবে নয় স্থাপত্যের দৃশ্যমান ও অনুভবযোগ্য অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রকল্পটি শুরু থেকেই  বিশাল কাঠের লাইব্রেরি হিসেবে পরিচিতি পেয়েছিল।

কাঠের কাঠামো একটি পাবলিক ভবনের অভ্যন্তরে ভিন্ন ধরনের পরিবেশ তৈরি করতে পারে। কংক্রিট ও ইস্পাতনির্ভর অনেক প্রাতিষ্ঠানিক ভবনের তুলনায় দৃশ্যমান কাঠের পৃষ্ঠ মানুষের কাছে অপেক্ষাকৃত উষ্ণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অনুভূতি তৈরি করে। লাইব্রেরির মতো দীর্ঘ সময় অবস্থানের ভবনে এই বৈশিষ্ট্য বিশেষ গুরুত্বপূর্ণ।

এখানে কাঠের কাঠামো এবং অভ্যন্তরীণ স্থানের সম্পর্কও গুরুত্বপূর্ণ। কাঠের বিম ও কলামকে লুকিয়ে না রেখে স্থাপত্যের অংশ হিসেবে প্রকাশ করলে ভবনের কাঠামো ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হয়ে ওঠে। ফলে স্থাপত্য শিক্ষার ক্ষেত্রেও ভবনটি একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠতে পারে।

অভ্যন্তরীণ বিন্যাস

স্টিভেন্স র‌্যাঞ্চ লাইব্রেরি একটি তিনতলা ভবন। এর সঙ্গে ছাদের ব্যবস্থাও রয়েছে। প্রায় ১ লাখ বর্গফুটের এই আয়তনকে বিভিন্ন ধরনের ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভাগ করা হয়েছে।

নকশার মূল লক্ষ্য হলো একই ভবনের মধ্যে বিভিন্ন মাত্রার কার্যক্রমকে একসাথে ব্যবস্থাপনা করানো। একদিকে থাকবে অপেক্ষাকৃত শান্ত পাঠ ও গবেষণার পরিবেশ। অপরদিকে থাকবে থাকবে শিশু-কিশোরদের সক্রিয় কার্যক্রম, দলগত আলোচনা, মিটিং ও সৃজনশীল কাজের জায়গা।

এই ধরনের জোনভিত্তিক ফ্লোর একটি আধুনিক লাইব্রেরির জন্য গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে একই ভবনে একজন গবেষক নীরবে কাজ করতে পারেন। একজন শিক্ষার্থী দলগত প্রকল্পে অংশ নিতে পারেন। একটি শিশু আকর্ষণীয় শিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে এবং কোনো কমিউনিটি সংগঠন সভা, সেমিনার ইত্যাদিও আয়োজন করা যেতে পারে।

বড় সিঁড়ি, সামাজিক যোগাযোগ ও চলাচল

ভবনের অভ্যন্তরে একটি উল্লেখযোগ্য ফিচার হলো বড় সিড়ি। মিলার হালের প্রকল্প-সংক্রান্ত প্রকাশনায়ও এই সিঁড়িকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

আধুনিক পাবলিক ভবনে সিঁড়ি শুধু এক তলা থেকে অন্য তলায় যাওয়ার উপকরণ নয়। সঠিকভাবে পরিকল্পনা করলে এটি সামাজিক যোগাযোগের স্থান হয়ে উঠতে পারে। প্রশস্ত সিঁড়ি মানুষকে বসতে, অপেক্ষা করতে, কথা বলতে বা ভবনের বিভিন্ন অংশের সঙ্গে দৃশ্যগতভাবে যুক্ত হতে সাহায্য করে।

এই লাইব্রেরির ক্ষেত্রে এই ধারণাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ পুরো ভবনের দর্শনই হলো মানুষকে শুধু বইয়ের সঙ্গে নয়, একে অপরের সঙ্গে যুক্তও করা।

প্রকৃতি ও শহরের মধ্যে সংযোগ

লাইব্রেরির সাইট নির্বাচনও প্রকল্পটির গুরুত্বপূর্ণ অংশ। ৯.৩৭ একরের জায়গাটি শুধু ভবন বসানোর জন্য ব্যবহৃত হয়নি। এর পাশাপাশি হাঁটা ও সাইকেল চলাচলের অবকাঠামোর সংযোগ রয়েছে। সাইটের আশপাশে ১০ ফুট প্রশস্ত পথচারী ও বাইসাইকেল চালানোর রাস্তাও তৈরি করা হয়েছে।

স্থাপত্যের দৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ। একটি পাবলিক ভবনের সাফল্য শুধু তার অভ্যন্তরের আয়তন বা সুন্দর সম্মুখ বা এক্সটেরিয়র দিয়েই নির্ধারিত হয় না। ভবনটিতে মানুষ কীভাবে পৌঁছাবে, কোথায় দাঁড়াবে, কীভাবে প্রবেশ করবে এবং আশপাশের নগর পরিবেশের সঙ্গে কীভাবে যুক্ত হবে—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।

শিশু ও তরুণদের জন্য আলাদা ভাবনা

সমসাময়িক লাইব্রেরিতে শিশুদের স্থান ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই লাইব্রেরিতে শিশুদের জন্য ডিসকভারি কেন্দ্র রাখা হয়েছে, যা প্রচলিত নীরব পাঠাগারের ধারণার চেয়ে অনেক বেশি সক্রিয় শেখার পরিবেশের দিকে ইঙ্গিত করে।

শিশুদের জন্য স্থাপত্যে সাধারণত রঙ, স্কেল, আলো, বসার বৈচিত্র্য এবং আকর্ষণীয় শিক্ষার পরিবেশের সুযোগ গুরুত্বপূর্ণ। একইভাবে কিশোরদের জন্য পৃথক জায়গা তাদের স্বাধীনভাবে শেখা, সামাজিক যোগাযোগ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সুযোগ তৈরি করে।

এভাবে লাইব্রেরিটি বয়সভেদে ব্যবহারকারীদের ভিন্ন প্রয়োজনকে স্থাপত্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছে।

কর্মক্ষেত্রের নতুন ধারণা

বর্তমানে অনেক মানুষ স্থায়ী অফিসের বাইরে কাজ করেন। শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, ছোট উদ্যোক্তা কিংবা দূরবর্তীভাবে কাজ করা পেশাজীবীদের জন্য পাবলিক লাইব্রেরি একটি বিকল্প কর্মপরিবেশ হয়ে উঠতে পারে।

ফলে লাইব্রেরি এখন কেবল জ্ঞান সংগ্রহের জায়গা নয় এটি জ্ঞান উৎপাদনের জায়গাও।

স্থায়িত্ব ও উপকরণের ভাষা

মিলার হাব পার্টনারশিপের কাজের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য হলো পরিবেশগত স্থায়িত্বকে স্থাপত্যের সঙ্গে যুক্ত করা। স্টিভেন্স র‌্যাঞ্চতেও কাঠের ব্যবহার সেই বৃহত্তর পরিবেশগত চিন্তার সঙ্গে সম্পর্কিত।

কাঠের ব্যবহারের ক্ষেত্রে কাঠের উৎস, উৎপাদন, পরিবহন, কাঠামোগত দক্ষতা এবং ভবনের পুরো জীবনচক্র বিবেচনা করা গুরুত্বপূর্ণ। তবে শুধু কাঠ ব্যবহার করলেই একটি ভবন স্বয়ংক্রিয়ভাবে টেকসই হয়ে যায় না।

ভবনের শক্তি কর্মক্ষমতা, বহিরাবরণ, যান্ত্রিক ব্যবস্থা, দিবালোক, স্থান নকশা এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এই প্রকল্পে এসব বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করার চেষ্টা করা হয়েছে।

স্টিভেন্স র‌্যাঞ্চের কেন্দ্রীয় লাইব্রেরিটি একটি লাইব্রেরির চেয়েও বেশি কিছু। এটি দ্রুত পরিবর্তনশীল একটি অঞ্চলের জন্য নির্মিত নতুন ধরনের নাগরিক স্থাপত্য। এখানে জ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সামাজিকতা ও প্রকৃতি একই স্থাপত্যের মধ্যে একত্রিত হয়েছে।

প্রায় ১ লাখ বর্গফুটের এই তিনতলা ভবনে বিশাল কাঠের উষ্ণতা, বহুমুখী কমিউনিটি স্পেস, শিশু ও তরুণদের জন্য বিশেষায়িত পরিবেশ, সব মিলিয়ে তৈরি হয়েছে একটি সমকালীন জনপরিসর।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবনটি মানুষকে শুধু বই পড়তে আমন্ত্রণ জানায় না বরং শিখতে, তৈরি করতে, কাজ করতে এবং একে অপরের সঙ্গে যুক্ত হতে আমন্ত্রণ জানায়।

সূত্র: দ্য আর্কিটেক্ট’স নিউজপেপার

Related Posts

নতুন করে রূপান্তরের পথে যুক্তরাষ্ট্রের বেলভেডের

যুক্তরাষ্ট্রের ‘বেলভেডের’ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মারিন কাউন্টির একটি ধনী এবং ছোট আবাসিক শহর। সান ফ্রান্সিসকো বে-র অববাহিকায় দুটি দ্বীপ…

আবার কি ফিরবে ‘সোনালী আঁশের’ সোনালী দিন?

নির্মাণের চাহিদা দিনদিনই বাড়ছে। তবে পরিবেশবান্ধব স্থাপনা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, গবেষণা ও কখনো কখনো উদ্বেগ। চলতি বছরে…

ByBySarwar Alam Aug 12, 2026

হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে, ফাং-এনগা প্রদেশের মাতালাই প্রকল্পের প্রবেশপথে দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক স্থাপনা যার নাম, গোয়া টাওয়ার। ইট, কংক্রিট…

শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম

চীনের শেনজেন শহরে একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের জন্য নতুন ডিজাইন প্রকাশ করেছে ডাচ স্থাপত্য সংস্থা এমভিআরডিভি (MVRDV)। “বিহাইলু আর্ট…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

bukharest
স্থাপত্যের ভাষা বদলে দেওয়া ল্য করবুজিয়ের কিছু স্থাপনা
Jetty
Belvedere
ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ রূপকথা নাকি কংক্রিটের দানব?
আবার কি ফিরবে ‘সোনালী আঁশের’ সোনালী দিন?
হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’
শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম
লস অ্যাঞ্জেলেসের রাফি লেয়ারার রঙিন অফিস