পেরেক-কথন

অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের রুম বা ফ্লোর ডেকোরেশন বা সাজসজ্জা করা হালে প্রচলিত এক ধারায় পরিণত হয়েছে। এই ডেকোরেশনের কাজে সিমেন্টের দেয়ালের সঙ্গে বোর্ড বা কাঠ লাগাতে তারকাঁটার জুড়িমেলা ভার। এ ছাড়া আসবাব ও ইমারত নির্মাণের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয় পেরেক বা তারকাঁটা। বিশ^ায়নের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমানে পেরেক বা তারকাঁটার রয়েছে ব্যাপক চাহিদা। দিন দিনই পেরেকের চাহিদা বাড়ছে। পেরেকের চাহিদা গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলে সমান। ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে। এবারের আয়োজন নানা রকম তারকাঁটা বা পেরেক নিয়ে।

কাঁচামাল

পেরেক তৈরির কাঁচামাল হিসেবে আয়রন ওয়্যার বা লোহার তার ব্যবহৃত হয়। এটি ৩০-৩২ টাকা কেজি দরে বাজারে বিক্রি হয়। স্থানীয় বাজারে এসব কাঁচামাল পাওয়া যায়। তা ছাড়া অনলাইনেও লোহার তার পাওয়া যায়।

পেরেকের রকমফের

বাজারে অনেক ধরনের পেরেক পাওয়া যায়। উপাদানের ভিত্তিতে পেরেক সাধারণত দুই ধরনের-

১.     স্টিল ও

২.    লোহার। 

স্টিলের পেরেক

স্টিলের পেরেক যথেষ্ট মজবুত হওয়ায় সহজে বেঁকে যায় না। ফলে যে মাধ্যমে পেরেক লাগানো হয় সে মাধ্যমও মজবুত হতে হয়। যেমন-সিমেন্টের দেয়ালে স্টিলের পেরেক ব্যবহার করা হয়। বর্তমানে বিভিন্ন অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের রুম বা ফ্লোর সাজানোর কাজে স্টিলের পেরেক ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই ডেকোরেশনের কাজে সিমেন্টের দেয়ালের সঙ্গে বোর্ড বা কাঠ লাগাতে স্টিলের তারকাঁটা ব্যবহৃত হয়। এ ছাড়া অফিস বা বাসাবাড়িতে ছবির ফ্রেম, ওয়ালম্যাট, ওয়াল হ্যাঙ্গার ইত্যাদি দেয়ালে ঝোলানোর কাজে স্টিলের পেরেক ব্যবহৃত হয়। বাজারে পাওয়া ভালো মানের স্টিলের পেরেক চীন থেকে আমদানি করা হয়। তা ছাড়া দেখতে স্টিলের মতো অমসৃণ একধরনের পেরেকও বাজারে পাওয়া যায়। এর ফিনিশিংটা ভালো না হওয়ায় ব্যবহারের সময় বেঁকে যায়। দামেও এ পেরেক অনেকটাই সাশ্রয়ী। লোহার পেরেকের চেয়ে কিছুটা বেশি এই নকল পেরেকের মূল্য। স্টিলের পেরেকের সাইজভেদে দরদাম- 

স্টিলের পেরেকের দরদাম

সাইজ (ইঞ্চি)দাম (প্রতি কেজি)
৩/৪ (থ্রি ফোর)২২০-২৪০ টাকা
১ (এক ইঞ্চি)১৮০-২০০ টাকা
১.৫ (দেড় ইঞ্চি)১৬০-১৮০ টাকা
২ (দুই ইঞ্চি)১৬০-১৮০ টাকা
২.৫ (আড়াই ইঞ্চি)১৬০-১৮০ টাকা
৩ (তিন ইঞ্চি)১৬০-১৮০ টাকা
৪ (চার ইঞ্চি)১৬০-১৮০ টাকা

কেজি মাপ ছাড়াও প্যাকেটে স্টিলের পেরেক বিক্রি হয়। ১ ইঞ্চি থেকে ৩ ইঞ্চি সাইজের পেরেকের প্যাকেট বাজারে পাওয়া যায়। প্যাকেটভেদে বিক্রি করা স্টিল পেরেকের সাইজ, দরদাম ও পরিমাণ-

সাইজআনুমানিক সংখ্যাদাম
১ ইঞ্চির প্যাকেট১ হাজার পরিমাণের মতো৭০০-৮০০ টাকা
১.৫ ইঞ্চির প্যাকেট২ হাজার পরিমাণের মতো৮০০-৯০০ টাকা
২ ইঞ্চির প্যাকেট১ হাজার পরিমাণের মতো৯০০-১০০০ টাকা
২.৫ ইঞ্চির প্যাকেটদেড় হাজার পরিমাণের মতো১০০০-১১০০ টাকা
৩ ইঞ্চির প্যাকেট১ হাজার পরিমাণের মতো১২০০-১৩০০ টাকা

লোহার পেরেক

বিভিন্ন রকমের লোহার পেরেক বাজারে বিক্রি হয়। যেমন: স্বাভাবিক বা মোটা লোহার পেরেক, চিকন লোহার পেরেক, বোমা কাঁটা বা গোমা কাঁটা লোহার পেরেক। এ ছাড়া গজাল লোহা নামে বাজারে আরেক ধরনের লোহার পেরেক রয়েছে। লোহার পেরেকের বহুবিধ ব্যবহার চারপাশে হয়ে থাকে। কাঠের যেকোনো অবকাঠামো যেমন- আসবাব তৈরি, ঘর তৈরি, ডেকোরেশন ফ্রেম তৈরি, নৌকা, ট্রলার, লঞ্চ, জাহাজ তৈরিতে লোহার পেরেক বহুল ব্যবহৃত হয়। আকারভেদে লোহার পেরেকের দরদাম-

মোটা লোহার পেরেকের দরদাম

সাইজদাম (প্রতি কেজি)
১/২ ইঞ্চি১২০-১৪০ টাকা
৩/৪ ইঞ্চি৯০-১১০ টাকা
১ ইঞ্চি৯০-১১০ টাকা
সোয়া ইঞ্চি৯০-১১০ টাকা
দেড় ইঞ্চি৯০-১১০ টাকা
২ ইঞ্চি৭০-৯০ টাকা
আড়াই ইঞ্চি৭০-৯০ টাকা
৩ ইঞ্চি৭০-৯০ টাকা
৪ ইঞ্চি৯০-১১০ টাকা
৫ ইঞ্চি৯০-১১০ টাকা
৬ ইঞ্চি৯০-১১০ টাকা
৭ ইঞ্চি৯০-১১০ টাকা
৮ ইঞ্চি৯০-১১০ টাকা

চিকন লোহার পেরেকের দরদাম

সাইজদাম (প্রতি কেজি)
এক ইঞ্চি৯০-১১০ টাকা
সোয়া৯০-১১০ টাকা
দেড়৯০-১১০ টাকা
আড়াই৯০-১১০ টাকা

বোমা কাঁটা

বোমা কাঁটা বা গোমা কাঁটা, যা জুতা তৈরি ও মেরামতের কাজে বেশি ব্যবহৃত হয়। সাধারণত জুতার কারখানা, মুচির দোকান এবং কাঠের আসবাবে রেকসিন বা চামড়ার ব্যবহারে এই বোমা কাঁটার বহুল ব্যবহার লক্ষ করা যায়। নিচে বোমা কাঁটার সাইজ ও দরদাম দেওয়া হলো-

বোমা কাঁটার দরদাম

সাইজ (ইঞ্চি)দরদাম (প্রতি কেজি)
১/২ (হাফ ইঞ্চি)৬৫-৮০ টাকা
৩/৪  (থ্রি ফোর)৭০-৯০ টাকা
৫/৮ (ফাইভ এইট)৭০-৯০ টাকা

গজাল লোহা

অনেক আগ থেকে উপমহাদেশে গজাল লোহার ব্যবহার হয়ে আসছে। নদীমাতৃক বাংলাদেশে নৌ-পথে যাতায়াতের মাধ্যম কাঠের তৈরি নৌকা, মাছ ধরার ট্রলার, লঞ্চ এমনকি বহু যুগ আগেকার কাঠের তৈরি জাহাজ তৈরিতে ব্যাপকভাবে গজাল লোহার ব্যবহার হতো। ভারী এক বা একাধিক কাঠকে মজবুতভাবে আটকে রাখতে এর জুড়ি নেই। কাঠের ঘরের খুঁটি জোড়া দেওয়া, দৌড়ি (দরজার নিচের কাঠ), পাইড় (দরজার ওপরের কাঠ) ইত্যাদির ভারী কাঠ লাগানোর জন্য গজাল লোহার ব্যবহৃত হয়। বাজারে পাওয়া গজাল লোহার প্রচলিত সাইজ ও দরদাম-

গজাল লোহার দরদাম

সাইজ (ইঞ্চি)দরদাম (প্রতি কেজি)
৪ ইঞ্চি১৪০-১৮০ টাকা
৫ ইঞ্চি১৪০-১৮০ টাকা
৬ ইঞ্চি১৪০-১৮০ টাকা
৭ ইঞ্চি১৪০-১৮০ টাকা
৮ ইঞ্চি১৪০-১৮০ টাকা
১০ ইঞ্চি১৪০-১৮০ টাকা
১২ ইঞ্চি১৪০-১৮০ টাকা
১৪ ইঞ্চি১৪০-১৮০ টাকা
১৬ ইঞ্চি১৪০-১৮০ টাকা
১৮ ইঞ্চি১৪০-১৮০ টাকা

পেরেক তৈরির যত যন্ত্রপাতি

  • ওয়্যার নেল মেকিং মেশিন
  • ওয়্যার নেলপলিশ মেশিন
  • ওয়্যার নেল গ্রেন্ডার মেশিন।

পেরেক তৈরি করতে লাগে এই তিন ধরনের মেশিন। ওয়্যার নেল মেকিং মেশিনের সর্বনিম্ন দাম ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত রয়েছে। বাজেট অনুযায়ী এই মেশিন ক্রয়-বিক্রয় করা হয়।

ওয়্যার নেলপলিশ মেশিনের সর্বনিম্ন দাম ৫০ হাজার টাকা। ৩ লাখ টাকা পর্যন্ত হয় এই মেশিন বাজারে কেনাবেচা হয়। সাধ্য অনুযায়ী যে যার মতো এই মেশিন ক্রয় করে ব্যবসা করে থাকে।

ওয়্যার নেল গ্রেন্ডার মেশিনের সর্বনিম্ন দামও ৫০ হাজার টাকা। ২ থেকে ৩ লাখ টাকা দামের মেশিনও বাজারে পাওয়া যায়। ব্যবসায়ীরা বাজেট অনুযায়ী এই মেশিন কিনে থাকেন। পেরেক তৈরির কারখানার জন্য ৮০০-১০০০ ফুট জায়গা লাগে। আর প্রয়োজন বাণিজ্যিক বিদ্যুৎ-সংযোগ। ওয়্যার নেল মেকিং মেশিন দিয়ে প্রথমে পেরেক তৈরি করা হয় পরে ওয়্যার নেলপলিশ দিয়ে স্বচ্ছ বা পরিষ্কার চকচকে করা হয়। আর গ্রেন্ডার মেশিন দিয়ে বিভিন্ন সাইজের পেরেক বানানো হয়।

প্রাপ্তিস্থান

আপনার নিকটস্থ যেকোনো হার্ডওয়্যারের দোকানে খুচরা ও পাইকারি ভিত্তিতে পেরেক বিক্রি হয়।

প্রকাশকাল: বন্ধন, ১১৩তম সংখ্যা, সেপ্টেম্বর ২০১৯।

মোহাম্মদ রবিউল্লাহ
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top