গ্যাসের চুলার খুঁটিনাটি

খাবারের স্বাদ রান্নায় আর রান্নার স্বাদ চুলায়। রাইস কুকার ব্যবহার করে রান্নার চেয়ে গ্যাসের চুলায় রান্নার স্বাদই আলাদা। ফলে গ্যাসের চুলার কোনো বিকল্প নেই। গ্রামগঞ্জে মাটি ও সিমেন্টের চুলার প্রচলন থাকলেও শহুরে কিংবা নাগরিক জীবনে গ্যাসের চুলার প্রচলনই সবচেয়ে বেশি। মানুষের রুচিবোধ ও চাহিদার ওপর ভিত্তি করে নানা রকম ও নানা সুযোগ-সুবিধার গ্যাসের চুলার উৎপত্তি ঘটেছে।

বাজারে রয়েছে দেশি-বিদেশি নানা রকম গ্যাসের চুলা। সাধারণত বাজারে লোহা, টিন, স্টিল, কাচ ও মার্বেল পাথরের তৈরি গ্যাসের চুলা পাওয়া যায়। এসবের মধ্যেও রয়েছে ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের চুলা। যেমন, দেশীয় কোম্পানির মধ্যে রয়েছে আরএফএল, আশা, ইউনিভার্সাল, ওয়ালটন, কোয়ান্টাম, মিয়াকো, নিক্কো, কমেট প্রভৃতি। বিদেশি কোম্পানির মধ্যে রয়েছে অ্যারিস্টোন (ইতালি), কিনবো (তুরস্ক), আকাই এলজি, মিয়ামানজিয়াম, ডিজিনি, জেসিএলসহ নানা ধরনের চুলা।

দেশি ব্র্যান্ড

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে এসব দোকানে দেশীয় ব্র্যান্ড বা নন-ব্র্যান্ডের চুলা রয়েছে। এর মধ্যে নন-ব্র্যান্ডের চুলার কোম্পানি হচ্ছে আশা ও ইউনিভার্সেল। আর ব্র্যান্ডের মধ্যে রয়েছে আরএফএল, মিয়াকো, নিক্কো ও ওয়ালটন।

বিদেশি ব্র্যান্ড 

বাংলাদেশের সাধারণ মার্কেট কিংবা সড়কের পাশে গড়ে ওঠা হার্ডওয়্যার দোকানগুলোতে সাধারণত নন-ব্র্যান্ডের লোহা বা স্টিলের তৈরি চুলা পাওয়া যায়। পক্ষান্তরে অভিজাত মার্কেটগুলোর দোকানে বিদেশি খ্যাতিমান ব্র্যান্ডের চুলাই স্থান পেয়েছে বেশি। বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল-৬-এ এসব চুলার শোরুমও রয়েছে। রয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ডের হরেক রকম চুলার সংগ্রহ। 

চুলার রকমফের 

সাধারণত কাচ বা মার্বেল পাথরে এসব চুলার বডি তৈরি। স্টার্টার সুইচ ঘোরালেই এসব চুলায় আগুন জ্বলে। এগুলোকে অটোচুলাও বলে। এসব চুলার মানভেদে এখনকার দাম প্রায় ৪ হাজার থেকে ২৫ হাজার টাকা মধ্যে। এ ধরনের চুলায় দুটি থেকে পাঁচটি বার্নার থাকে। বার্নারের সংখ্যার সঙ্গে দরদামও ওঠানামা করে। এসব চুলার বিক্রয়োত্তর সেবার জন্য ওয়ারেন্টি ও গ্যারান্টি দেওয়া হয়।

সাশ্রয়ী দামেও অটোচুলা রয়েছে। এর মধ্যে অন্যতম আরএফএল, মিয়াকো, নিক্কো, কমেট, ইউনিভার্সাল, কোয়ান্টামসহ দেশি ব্র্যান্ডের কিছু চুলা। এ রকম প্রতিটি চুলা পেয়ে যাবেন ২ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকার মধ্যে। বাসার ব্যবহৃত চুলাগুলোর বেশির ভাগই সাধারণ চুলা। এসব চুলায় দিয়াশলাই বা ম্যাচের কাঠি ব্যবহার করে আগুন জ্বালাতে হয়। সাধারণত এই চুলাগুলো লোহা কিংবা স্টিলের হয়ে থাকে। এগুলোর মধ্যে ওয়ান বার্নারের চুলার বর্তমান বাজারমূল্য ৩০০ থেকে ৬০০ টাকা। আর টু বার্নারের দাম ৬০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। 

বিদেশি গ্যাস চুলার দরদাম

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, বিদেশি মিয়াকো ব্র্যান্ডের গ্যাসের চুলার দাম ৬ হাজার থেকে ২৫ হাজার টাকা মধ্যে। মিয়ামানজিয়াম ব্র্যান্ডের চুলার দাম ৫ হাজার ২০০ থেকে ১৪ হাজার ৫০০ টাকা। ডিজনি ব্র্যান্ডের চুলার দাম ৩ হাজার ৮০০ থেকে ২৫ হাজার টাকা। এসব চুলার বডি গ্যাস কিংবা মার্বেল পাথরে তৈরি।

অপর দিকে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে দেশি ব্র্যান্ডগুলো ভালো মানের গ্যাসের চুলা তৈরি করছে। দেশি ব্র্যান্ডের মধ্যে রয়েছে আরএফএল, ওয়ালটন ও মিয়াকো। 

দেশি চুলার দরদাম

দেশীয় কোম্পানি আরএফএলের রয়েছে হরেক রকম গ্যাসের চুলা। কয়েকটি শ্রেণিতে এসব চুলার নামকরণ করা হয়েছে। যেমন, টপার গ্যাস স্টোভ, অটো গ্যাস স্টোভ ও নন-অটো গ্যাস স্টোভ আর আরএফএল গ্যাস স্টোভ। এসব চুলার বডি আয়রন, স্টিল ও গ্যাসের। কাস্ট আয়রন কিংবা গ্যালভানাইজড আয়রন দিয়ে তৈরি ওয়ান বার্নার ও টু বার্নারের স্টিলের চুলা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা ও ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়। ওয়ান বার্নারের গ্যাসের চুলা ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে এবং গ্যাসের তৈরি টু বার্নারের চুলা ২ হাজার ৫০০ থেকে ৭  হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হয়। মিয়াকো কোম্পানির গ্যাসের চুলার মূল্যও প্রায় একই রকম। 

ওয়ালটনের গ্যাসের চুলার মধ্যে রয়েছে সিঙ্গেল বার্নার, ডাবল বার্নার, গ্যাস টপ সিঙ্গেল বার্নার, গ্যাস টপ ডাবল বার্নার। সিঙ্গেল বার্নারের চুলা ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়। ডাবল বার্নারের চুলা ২ হাজার ১০০ থেকে ৫ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়। গ্যাস টপ সিঙ্গেল বার্নারের চুলা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে বেচাকেনা হয়। আর গ্যাস টপ ডাবল বার্নারের চুলা বিকিকিনি হয় ৩ হাজার ২০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায়। এসব চুলার বডি গ্যাস কিংবা মার্বেল পাথরের ওপর দাম নির্ভর করে। 

ওয়ারেন্টি ও গ্যারান্টি

এখন প্রায় বেশির ভাগ ব্র্যান্ডের চুলা বিক্রয়োত্তর দুই থেকে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি প্রদান করে থাকে। আর সাধারণ অটোচুলাগুলোতে থাকে নির্দিষ্ট মেয়াদে বিক্রয়োত্তর সেবা। তা ছাড়া হার্ডওয়্যার দোকানগুলোতে চুলার সব ধরনের মেরামতের ব্যবস্থা রয়েছে। চুলার সুইচ, বার্নার ও কানেক্টর নাট এসব কিনে এনে আপনি নিজেও ঠিক করে নিতে পারেন। চুলার সুইচ এবং কানেক্টর নাটের দাম পড়বে ৫০-১৫০ টাকা। 

যেখানে পাবেন

ঢাকাসহ দেশের প্রায় সব জেলা শহর কিংবা উপজেলার হার্ডওয়্যার দোকানে চুলা ও চুলা মেরামতের সবকিছু পেয়ে যাবেন সহজেই। তবে যদি দেখে-শুনে কিনতে চান তাহলে চলে আসুন গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট লেভেল-৬, গুলশান ডিসিসি সুপার মার্কেট ১ ও ২, মিরপুর-১০, মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেটসহ রাজধানীর সর্বত্রই।


প্রকাশকালঃ বন্ধন, ১০৪তম সংখ্যা, ডিসেম্বর ২০১৮

মোহাম্মদ রবিউল্লাহ
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top