ব্যবসা যেন তাঁর ধ্যান-জ্ঞান; তাঁর নেশা। কোনো আনন্দভ্রমণ বা অন্য কোনো কাজে গেলেও মনটা পড়ে থাকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে। তাই নিজের ব্যবসা ও ব্যবসাপ্রতিষ্ঠান রেখে কোথাও যেতে চান না তিনি। ব্যবসার প্রতি এমন মমত্ববোধ ও ভালোবাসার কারণে ক্রমেই বাড়ছে তাঁর ব্যবসায়িক পরিসর। অত্যন্ত ক্ষুদ্র পর্যায় থেকে শুরু করে আজ তিনি সফল এক ব্যবসায়ী। তিনি নতুন সোনাগাজী বাসস্ট্যান্ড, ফেনীর ‘মেসার্স এবায়েদ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ হানিফ। বন্ধনের নিয়মিত আয়োজন ‘সফল যাঁরা কেমন তাঁরা’ পর্বে এবার জানাব সফল এ মানুষটির সাফল্যকথন। সহযোগিতায় ছিলেন আকিজ সিমেন্ট কোম্পানির জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
ব্যবসায়ী মোহাম্মদ হানিফের জন্ম ১৯৭৬ সালের ৩১ ডিসেম্বর, ফেনীতে। বাবা মরহুম এবায়েদ উল্লাহ ও মা মরহুমা ফাতেমা বেগম। তিনি ১৯৯২ সালে গোবিন্দপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ১৯৯৭ সালে একই কলেজ থেকে বিএসএস ডিগ্রি সম্পন্ন করেন। নির্মাণপণ্য ব্যবসার মাধ্যমে ২০০০ সালে শুরু হয় তাঁর ব্যবসায়িক জীবন। বর্তমানে তিনি আকিজ সিমেন্টের ফেনী-১ টেরিটরির এক্সক্লুসিভ ডিলার।
মোহাম্মদ হানিফ ব্যবসায়ী হবেন তা কখনোই ভাবেননি। ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার। সে প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত! কিন্তু বাবার অসুস্থতায় তা আর সম্ভব হয়নি। অসুস্থ বাবা তাঁর প্রিয় সন্তানকে কিছুতেই চোখের আড়াল করতে চাননি। সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তাঁর পাশে থাকতে ছেলেকে অনুরোধ জানান। এমন পরিস্থিতিতে তিনি প্রিয় বাবাকে ছেড়ে দেশ ছেড়ে যেতে পারেননি। কিন্তু বাবা সুস্থ হননি, পাড়ি জমান না-ফেরার দেশে! বছর পেরোলে আবারও চেষ্টা করেন বিদেশ যাওয়ার। এবার বাদ সাধেন মা। পরিবারের বড় ভাইও প্রবাসী। তাই মা চাননি দুই ছেলে একসঙ্গে চোখের আড়াল হোক। তাই বিদেশ যাওয়ার শখ তাঁকে বাদ দিতেই হয়। অযথা বসে না থেকে স্বল্পপরিসরে শুরু করেন রড-সিমেন্টের ব্যবসা। কিছুদিন পর মাও পরলোকগমন করলে আর সাত-পাঁচ না ভেবে মনোনিবেশ করেন নির্মাণপণ্য ব্যবসাতেই।
ব্যবসার শুরুটা অত্যন্ত স্বল্পপুঁজিতে। অর্ধলাখও হবে না! এই পুঁজি নিয়ে নির্মাণপণ্য ব্যবসা করার সাহস দেখানোটাই বোকামি! তবুও আত্মবিশ্বাসে বলীয়ান মোহাম্মদ হানিফ সিদ্ধান্তটি নিতে পিছপা হননি। ব্যবসার পরিসর বাড়াতে পেয়েছেন এলাকার সবার সহযোগিতা। কারণ, বাল্যকাল থেকেই এলাকায় ছিল ভালো ছেলে হিসেবে বেশ সুনাম। এ জন্য স্বল্পপণ্য নিয়েও তিনি সফলতার সঙ্গে ব্যবসা করেছেন। তবে অধিক মুনাফার চিন্তা না করে ভালো ব্র্যান্ডের গুণগতমানের পণ্য বিক্রির ব্যাপারে প্রথম থেকেই মনোযোগী হয়েছেন। ফলে সফলতার পথে কোনো কিছুই বাধা হতে পারেনি। পাশাপাশি জড়িয়ে পড়েন কাপড় ও স্যানিটারি পণ্য ব্যবসায়। সেখানেও পান অভাবনীয় সাফল্য। তবে তা নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করেছেন। ছোট পরিসরে গড়ে তুলেছেন একটি খামার। ইচ্ছে আছে বড় পরিসরে খামারটিকে রূপ দেওয়ার।
ফেনীর বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এই প্রতিযোগিতায় টিকে থাকা রীতিমতো চ্যালেঞ্জিং। আর তাই নিজ কৌশলে; প্রথাগত ব্যবসার প্রতিক‚লে ব্যবসা পরিচালনা করেই সফলতা পেয়েছেন ব্যবসায়ী হানিফ। এই সাফল্যে সবচেয়ে বড় সহায়ক আকিজ সিমেন্ট। গুণগতমানের এ পণ্যটি তাঁকে দিয়েছে অনন্য ব্যবসায়িক সাফল্য। তাঁর অভূতপূর্ব বিক্রয়-সাফল্যে ও প্রতিবছর কোম্পানির দেওয়া নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করায় কোম্পানির পক্ষ থেকে পেয়েছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভারতসহ নানা দেশ ভ্রমণের অফার।
ব্যবসায়ী হানিফ বিয়ে করেন ২০০৩ সালে। স্ত্রী পারভীন আক্তার কাজল। এ দম্পতির দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে কায়সার হামিদ তাসিন ফেনী সেন্ট্রাল হাইস্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী, ছোট ছেলে ফয়সাল হামিদ তানিন ফেনী মডেল হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। মেয়ে ফাতেমা নুসরাত তাসনিহা একটি নূরানি মাদ্রাসায় শুরু করেছে শিক্ষাজীবন। ব্যবসার পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডেও জড়িত। তিনি মাইজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সভাপতি। সহযোগিতা করেন স্থানীয় মসজিদ-মাদ্রাসার নানা মানবিক কার্যক্রমে।
একনজরে
ব্যবসাপ্রতিষ্ঠানের নাম: মেসার্স এবায়েদ ট্রেডার্স
অবস্থান: সোনাগাজী বাসস্ট্যান্ড, ফেনী
ব্যবসা শুরু: ২০০০ সালে
নির্মাণপণ্য: সিমেন্ট, স্যানিটারি পণ্য
সাফল্যসূত্র
নিজ কৌশলে; প্রথাগত ব্যবসার প্রতিক‚লে ব্যবসা পরিচালনা করেই সফলতা পেয়েছেন ব্যবসায়ী হানিফ। এই সাফল্যে সবচেয়ে বড় সহায়ক আকিজ সিমেন্ট। গুণগতমানের এ পণ্যটি তাঁকে দিয়েছে অনন্য ব্যবসায়িক সাফল্য।
অধিক মুনাফার চিন্তা না করে ভালো ব্র্যান্ডের গুণগতমানের পণ্য বিক্রির ব্যাপারে প্রথম থেকেই মনোযোগী হয়েছেন। ফলে সফলতার পথে কোনো কিছুই বাধা হতে পারেনি।
প্রকাশকালঃ বন্ধন, ১২৬তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০২১