চীনের সুজৌ শহরকে বলা হয় ‘চীনা বাগানের দোলনা’। শহরটির ঐতিহাসিক বাগান, জল, পাথর, পথ ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক বহু শতাব্দী ধরে চীনা নকশাচিন্তার একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। এই ঐতিহ্যকে সরাসরি অনুকরণ না করে আধুনিক স্থাপত্যের ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছে।
এই প্রকল্পটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে ডেনিশ স্থাপত্য প্রতিষ্ঠান বিয়ার্কে ইঙ্গেলস গ্রুপ (BIG)। তাদের নকশায় নির্মিত সুঝো সমসাময়িক শিল্পকলা জাদুঘর (সুঝো মোকা) যেন একটি প্রচলিত জাদুঘর নয়। এটি একটি সমকালীন ‘স্থাপত্যিক গ্রাম’।
প্রায় ৬০,০০০ বর্গমিটার আয়তনের এই সাংস্কৃতিক কমপ্লেক্সটি জিনজি লেকের তীরে অবস্থিত। ২০২৬ সালের ৩০ আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি BIG-এর প্রথম সম্পন্ন আর্ট মিউজিয়াম।
ভবন নয়, যেন একটি গ্রাম
মিউজিয়ামটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর বিন্যাস। প্রচলিত জাদুঘরের মতো একটি বিশাল একক ভলিউম তৈরি না করে BIG ভবনটিকে ১২টি আন্তঃসংযুক্ত প্যাভিলিয়নে ভাগ করেছে। প্রতিটি প্যাভিলিয়ন যেন একটি স্বতন্ত্র স্থাপত্যিক বস্তু, কিন্তু সবগুলোকে একত্রে বেঁধেছে একটি দীর্ঘ, বাঁকানো, ফিতা-সাদৃশ ছাদ।
এই পদ্ধতির ফলে ভবনটি একটি বড় ‘অবজেক্ট’ হয়ে ওঠেনি। বরং প্যাভিলিয়নগুলোর মধ্যবর্তী স্থানগুলোতে তৈরি হয়েছে বাগান, উঠান, পথ, সেতু এবং উন্মুক্ত জনপরিসর। ফলে দর্শক শুধু গ্যালারির ভেতরে প্রবেশ করেন না; তিনি স্থাপত্য, প্রকৃতি, পানি এবং শিল্পের মধ্য দিয়ে হাঁটেন। BIG-এর ভাষায়, মিউজিয়ামটি শহর ও লেকের মাঝখানে বাধা না হয়ে একটি সংযোগ হিসেবে কাজ করে।

সুজৌ বাগানের আধুনিক ব্যাখ্যা
এই প্রকল্পের স্থাপত্যিক দর্শনের কেন্দ্রে রয়েছে চীনা বাগানের ঐতিহ্যবাহী ল্যাঙ। এটি মূলত একটি আবৃত করিডোর বা পথ, যা বাগানের বিভিন্ন অংশকে সংযুক্ত করে এবং চলার সময় বিভিন্ন দৃশ্যকে ফ্রেম করে।
BIG এই ঐতিহ্যবাহী করিডোরকে সরাসরি পুনর্নির্মাণ করেনি। বরং সেটিকে একটি বৃহৎ স্থাপত্যিক নেটওয়ার্কে রূপ দিয়েছে। করিডোরের ধারণা কখনো গ্যালারিতে, কখনো প্যাভিলিয়নে, কখনো সেতুতে রূপান্তরিত করেছে। এটি কখনো আবার বাগানের মধ্য দিয়ে যাওয়া পথেও রূপান্তরিত হয়েছে।
ফলে এখানে স্বয়ংক্রিয়ভাবেই চলাচলের অভিজ্ঞতা অর্জন করেছে প্রকল্পটি। একজন দর্শক চাইলে সরাসরি একটি প্রদর্শনীতে যেতে পারেন, আবার চাইলে বাগানের মধ্য দিয়ে ঘুরে অন্য প্যাভিলিয়নে যেতে পারেন। অর্থাৎ স্থাপত্যটি দর্শককে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে বাধ্য করে না বরং আবিষ্কারের সুযোগ তৈরি করে।
রিবন ছাদ: প্রকল্পের সবচেয়ে শক্তিশালী পরিচয়
মিউজিয়ামের ১২টি প্যাভিলিয়নের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে একটি বিশাল রিবন-সাদৃশ ধারাবাহিক ছাদ। ছাদটির নরম বাঁক এবং ঢেউ খেলানো প্রান্ত সুজৌর ঐতিহ্যবাহী স্থাপত্যের কার্নিশ ও টাইল-ছাদের স্মৃতিকে জাগিয়ে তোলে।
কিন্তু এর সবচেয়ে চমকপ্রদ দিকটি মাটির ওপর থেকে নয় পাখির চোখে দেখলে বোঝা যায়। ছাদের জ্যামিতি একটি ইনফিনিটি নট (Knot) এর মতো পরস্পরকে জড়িয়ে রেখেছে। পাশের নাগরদোলা থেকে দর্শকরা মিউজিয়ামটিকে অনেক ওপর থেকে দেখতে পারেন। এ কারণে BIG ছাদকে ভবনের এক ধরনের পঞ্চম সম্মুখখভাগ হিসেবে বিবেচনা করেছে।
অর্থাৎ ছাদ এখানে শুধু বৃষ্টির পানি বা রোদ থেকে সুরক্ষা দেওয়ার প্রযুক্তিগত উপাদান নয়; এটি পুরো ভবনের ভিজ্যুয়াল পরিচয়ও তৈরি করে।
কাঁচ ও স্টেইনলেস স্টিলের স্থাপত্য
ভবনের সম্মুখভাগে ব্যবহার করা হয়েছে ঢেউ খেলানো কাঁচ এবং উষ্ণ টোনের স্টেইনলেস স্টিল। এই উপকরণ নির্বাচনও প্রকল্পের পরিবেশগত ধারণার সঙ্গে যুক্ত।
কাঁচের পৃষ্ঠে আকাশ, পানি ও বাগানের প্রতিফলন তৈরি হয়। ফলে ভবনের সীমানা সবসময় দৃঢ়ভাবে দৃশ্যমান থাকে না। দিনের বিভিন্ন সময়ে আলো ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ভবনের চেহারাও বদলে যায়।

এখানে স্থাপত্য যেন নিজেকে দৃশ্যমান করার পাশাপাশি তার চারপাশের প্রকৃতিকে প্রতিফলিত করার মাধ্যম হয়ে উঠেছে।
সেতু, টানেল ও চলাচলের নতুন অভিজ্ঞতা
১২টি প্যাভিলিয়ন শুধু মাটির ওপরের পথ দিয়ে সংযুক্ত নয়। বিভিন্ন অংশের মধ্যে রয়েছে সেতু ও ভূগর্ভস্থ টানেল। ফলে পুরো কমপ্লেক্সে চলাচলের একাধিক স্তর তৈরি হয়েছে।
এই বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো প্রদর্শনীর ধরন, ঋতু কিংবা আবহাওয়ার ওপর ভিত্তি করে দর্শনার্থীদের চলাচল পরিবর্তন করা সম্ভব। একই সঙ্গে স্থাপত্যটি একটি সরল করিডোরভিত্তিক জাদুঘরের পরিবর্তে একটি স্থানিক সংযোগে পরিণত হয়েছে।
গ্যালারি ও জনপরিসরের সমন্বয়
১২টি প্যাভিলিয়নের সবগুলো একই কাজের জন্য নয়। মূল প্রদর্শনী গ্যালারির পাশাপাশি এখানে রয়েছে বহুমুখী সাংস্কৃতিক ও জনসাধারণের ব্যবহারের জায়গা। প্রকল্পের বিভিন্ন অংশে প্রদর্শনী হল, বহুমুখী হল, থিয়েটার, রেস্তোরাঁ এবং দর্শনার্থী কেন্দ্রের মতো কার্যক্রমও রাখা হয়েছে।
আরও গুরুত্বপূর্ণ হলো, মিউজিয়ামের বাইরের অংশও ডিজাইনের অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন বাগান ও ভাস্কর্য বাগান দর্শকদের ভবনের বাইরে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত জিনজি লেকের পানির কিনারার সাথে সংযোগ তৈরি করে।
এখানে তাই জাদুঘর বলতে শুধু চার দেয়ালের মধ্যে থাকা শিল্পকর্মকে বোঝানো হয়নি। পুরো ল্যান্ডস্কেপই প্রদর্শনীর অভিজ্ঞতার অংশ।
শিল্প, প্রকৃতি ও পানির ত্রিমাত্রিক সম্পর্ক
এটি সুজৌর ঐতিহ্যবাহী বাগানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ঐতিহাসিক চীনা বাগানে পানি, পাথর, উদ্ভিদ, দেয়াল ও স্থাপত্য একে অন্যের পরিপূরক। BIG সেই সম্পর্ককে সমকালীন সাংস্কৃতিক কমপ্লেক্সে পুনর্গঠন করেছে।
সুঝো সমসাময়িক শিল্পকলা জাদুঘর শুধু একটি নতুন জাদুঘরই নয়। এটি BIG-এর স্থাপত্যচিন্তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। BIG সাধারণত এমন প্রকল্পের জন্য পরিচিত যেখানে ভবন, ল্যান্ডস্কেপ এবং পাবলিক স্পেসের সীমারেখা একে অন্যের সঙ্গে মিশে যায়। সুজৌ মিউজিয়ামে সেই ধারণাটি আরও বৃহৎ সাংস্কৃতিক পরিসরে প্রয়োগ করা হয়েছে।

বিশেষ করে উল্লেখযোগ্য হলো BIG যা চীনা ঐতিহ্যকে নকল করেনি। বরং তার স্থানিক যুক্তিকে সমকালীন স্থাপত্যে অনুবাদ করেছে। ‘ল্যাঙ’ উঠান, মণ্ডপ, বাগান এবং জলের মতো ঐতিহ্যবাহী উপাদানগুলো এখানে নতুন আকার পেয়েছে।
এই কারণেই সুঝোকে কেবল একটি সমসাময়িক শিল্প জাদুঘর হিসেবে দেখলে প্রকল্পটির স্থাপত্যিক গুরুত্ব পুরোপুরি বোঝা যায় না। এটি আসলে চীনা বাগান-সংস্কৃতি, আধুনিক মিউজিয়াম, ল্যান্ডস্কেপ স্থাপত্য এবং BIG-এর গণনামূলক আকৃতি নির্মাণ পদ্ধতির একটি সমন্বিত পরীক্ষাও বটে।
সমসাময়িক শিল্প জাদুঘর সুঝোর সবচেয়ে বড় শিক্ষা হলো—একটি মিউজিয়ামকে সবসময় একটি বিশাল, বন্ধ ও স্বতন্ত্র ভবন হতে হবে তা নয়। এটি একটি ল্যান্ডস্কেপ, একটি জনসাধারণের পথ এবং একটি সাংস্কৃতিক গ্রাম হিসেবেও কাজ করতে পারে।
১২টি প্যাভিলিয়ন, তাদের ওপর দিয়ে বয়ে যাওয়া রিবন-ছাদ, কাঁচ ও স্টেইনলেস স্টিলের প্রতিফলনই শেষ অভিজ্ঞতা নয়। বাগানের পথ, সেতু, টানেল এবং জিনজি লেক—সব মিলিয়ে BIG এমন একটি ব্যতিক্রম স্থাপত্য তৈরি করেছে যা সময়োপযোগী। এখানে শিল্প দেখার অভিজ্ঞতা আর স্থাপত্যের মধ্য দিয়ে হাঁটার অভিজ্ঞতা আলাদা থাকে না।
সুজৌর কয়েকশ বছরের বাগান-ঐতিহ্যকে ভবিষ্যতের মিউজিয়ামে রূপান্তর করার এই প্রচেষ্টাই প্রকল্পটিকে সমকালীন চীনা স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ করে তুলেছে।
সূত্র: ডিজাইনবুম



















