Image

স্থাপত্যের মৃত্যুর পর কী হয়?

স্থাপত্যের জীবন সাধারণত ব্যবহারকে কেন্দ্র করে আবর্তিত হয়। একটি ভবন নির্মিত হয় মানুষের বসবাস, কাজ, বিনোদন, বাণিজ্য কিংবা সামাজিক কর্মকাণ্ডের জন্য। কিন্তু সেই ব্যবহার একসময় থেমে গেলে কী ঘটে? দরজা বন্ধ হয়ে গেলে, মানুষ চলে গেলে এবং রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে গেলে কি একটি ভবনের স্থাপত্যিক মূল্যও শেষ হয়ে যায়?

চীনের জিনহুয়া শহরের জিনহুয়া আর্কিটেকচার পার্ক এই প্রচলিত ধারণার সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। একসময় আন্তর্জাতিক স্থাপত্যের এক অসাধারণ প্রদর্শনী হিসেবে গড়ে ওঠা এই পার্ক আজ অনেকটাই পরিত্যক্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ব্যবহারের বাইরে চলে যাওয়ার পর এর কিছু স্থাপনা যেন আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে।

ভবনগুলো এখন আর কেবল ব্যবহারযোগ্য স্থাপত্য নয়। সেগুলো হয়ে উঠেছে সময়, স্মৃতি, ক্ষয় এবং শিল্পের প্রতীক। আর্কিটেকচার ম্যাগাজিনে অ্যারন বেটস্কির সাম্প্রতিক লেখাটিও মূলত এই রূপান্তরকে কেন্দ্র করেই। বন্ধনের পাঠকদের জন্য তার মূল্যায়ন তুলে ধরা হলো।

স্থাপত্যের একটি আন্তর্জাতিক প্রদর্শনী

জিনহুয়া আর্কিটেকচার পার্কের ধারণাটি করেছিলেন শিল্পী এআই উয়েইউইয়েই। জিনহুয়া শহরের জিযুন নদীর তীর ধরে একটি দীর্ঘায়ত ল্যান্ডস্কেপের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের স্থপতিদের নকশা করা ১৭টি প্যাভিলিয়ন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। প্রকল্পটির নির্মাণপর্ব ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে সম্পন্ন হয়।

Herzong
হিরজং জেন স্পেস যা এখন পরিত্যাক্ত। ছবি: আর্কিটেক্ট

এটি ছিলো এক অর্থে একটি উন্মুক্ত স্থাপত্য প্রদর্শনী—যেখানে দর্শক একই ভূদৃশ্যে একাধিক স্থপতির সম্পূর্ণ ভিন্ন স্থাপত্য-ভাবনার বহি:প্রকাশ দেখতে পারেন। অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে ছিলেন ওয়াং শু, তাতিয়ানা বিলবাও, ইউং হো চ্যাং, তোশিকো মরি, হারজোগ এবং ডি মিউরন এবং লিউ জিয়াকুনের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত স্থপতিরা।

প্রকল্পটি বৃহত্তর জিনডং নতুন জেলার পুনঃউন্নয়ন পরিকল্পনার অংশ ছিলো। ফলে প্রথমদিকে এটি কেবল একটি শিল্প বা স্থাপত্য প্রদর্শনী ছিল না। এটি ছিলো নতুন আবাসিক এলাকার জন্য একটি বহু সুযোগ সুবিধা সম্পন্ন আবাসন হিসেবেও পরিকল্পিত হয়েছিল। প্যাভিলিয়নগুলোর মধ্যে ছিল ক্যাফে, চায়ের ঘর, প্রদর্শনীস্থান, বইয়ের দোকান, নিউজস্ট্যান্ড এবং অন্যান্য জনসেবামূলক স্থাপনা। কিন্তু পরে পরিকল্পনা আর বাস্তবতার মধ্যে দূরত্ব তৈরি হয়।

ব্যবহার হারিয়ে যাওয়ার গল্প

সময়ের সঙ্গে পার্কটি পর্যাপ্ত ব্যবহারকারী হারাতে থাকে। কোথাও অপারেটর পাওয়া যায়নি, কোথাও রক্ষণাবেক্ষণের অভাব দেখা দেয়। একই সঙ্গে শহরের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রাধিকারের পরিবর্তনও পার্কটির ওপর প্রভাব ফেলে। ফলে আন্তর্জাতিক স্থাপত্যের এই উচ্চাভিলাষী প্রকল্প ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

একটি ভবন যখন তার মূল ব্যবহার হারায়, তখন তার স্থাপত্যকে আমরা নতুনভাবে দেখতে শুরু করি। আগে যে প্যাভিলিয়নটি ছিল চায়ের ঘর, সেটি এখন একটি ভাস্কর্যের মতো মনে হতে পারে। যে কাঠামোটি ছিল সংবাদপত্র বিক্রির জায়গা, সেটি এখন সময়ের হারিয়ে যাওয়া এক সামাজিক অভ্যাসের স্মারক। যে রেস্তোরাঁয় একসময় মানুষ বসতো, সেটি এখন কেবল একটি স্থাপত্যিক কাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ কার্যকারিতা হারিয়ে স্থাপত্যের ফর্ম সামনে চলে আসে।

হার্জগ এবং ডি মেউরনের স্মরণীয় স্টিল টাওয়ার

পার্কটির সবচেয়ে শক্তিশালী স্থাপত্যিক উপস্থিতিগুলোর একটি হলো হার্জগ এবং ডি মেউরনের জেন স্পেস। উঁচু স্টিলের কাঠামোটি আশপাশের ল্যান্ডস্কেপের ওপর দৃশ্যত আধিপত্য বিস্তার করে। লাল রঙের ধাতব প্লেটগুলো স্তরে স্তরে উঠে গেছে এবং একটি সংকীর্ণ প্রবেশপথকে ঘিরে তৈরি করেছে নাটকীয় দৃশ্য।

Tea House
লিউ জিয়াকুন টিহাউজটিতে এখন আর কেউ আসে না। ছবি: আর্কিটেক্ট

এর মধ্যে চীনা মন্দিরের ছাদ ও অলংকরণের বিমূর্ত ইঙ্গিত দেখা যায়। কিন্তু এটি সরাসরি কোনো ঐতিহ্যবাহী স্থাপত্যের অনুকরণ নয়। বরং ঘন ও ফাঁকা, ভারী ও হালকা— যা এই বিপরীত বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি দৃশ্যগত টান তৈরি করা হয়েছে।

আজ যখন পার্কের মূল কার্যক্রম প্রায় অনুপস্থিত, তখন এই টাওয়ারটি আরও বেশি একটি মনুমেন্ট হিসেবে প্রতিভাত হয়।

লিউ জিয়াকুনের ভাসমান চা-ঘর

অপরদিকে লিউ জিয়াকুনের পাঁচটি চায়ের ঘর সম্পূর্ণ ভিন্ন স্থাপত্যিক ভাষা ব্যবহার করেছে। এগুলোকে মাটি থেকে স্টিলের কাঠামোর সাহায্যে কিছুটা ওপরে তুলে দেওয়া হয়েছে। স্বচ্ছ আবরণ এবং ঘাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙের ব্যবহার এগুলোকে ল্যান্ডস্পেপের সঙ্গে এক ধরণের নরম সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছে।

একসময় এখানে চা পরিবেশনের কথা ছিলো। এখন সেখানে সেই সামাজিক কর্মকাণ্ড নেই। ফলে স্থাপনাগুলো আর চায়ের ঘর হিসেবে নয়, বরং পেশা এবং চিন্তাভাবনার প্রতীক হিসেবে দেখা যায়। এখানে স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ পায়। দেখা যায় ব্যবহার শেষ হয়ে গেলেও স্থানের স্মৃতি থেকে যায়।

অসম্পূর্ণতার সৌন্দর্য

পার্কের আরেকটি আকর্ষণ হলো এমন কিছু স্থাপনা, যেগুলোর নকশাতেই অসম্পূর্ণতার ধারণা ছিলো। জোহান ডি ওয়াচটারের ইস্পাতের স্ক্যাফোল্ডিং এবং কাচঘেরা উঁচু প্যাভিলিয়নগুলো একসময় রেস্তোরাঁ হিসেবে ব্যবহৃত হয়েছিলো। এখন কাঠামোটি যেনো আধুনিকতাবাদের একটি অসমাপ্ত প্রকল্পের প্রতীক হয়ে আছে।

স্থাপত্য এখানে সমাপ্ত কোনো বস্তু নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। মানুষ আসে, কার্যক্রম শুরু হয়, আবার থেমে যায়। কাঠামোটি থেকে যায় এবং সময় তার ওপর নতুন অর্থ আরোপ করে।

ঝ্যাং ইয়ংহির ব্যাপক জায়গাও একইভাবে ছোট ছোট প্যাভিলিয়ন, সিরামিক টাইল, ক্লেরিস্টোরি, ওভারহ্যাং এবং কাট আউটের সমন্বয়ে একটি ক্ষুদ্র বসতির অনুভূতি তৈরি করে। আজ সেখানে মানুষের বাস্তব বসতি নেই। ফলে স্থাপনাটি যেনো হারিয়ে যাওয়া একটি সম্প্রদায়ের স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে।

স্থাপত্য যখন ল্যান্ডস্কেপের অংশ

জিনহুয়া আর্কিটেকচার পার্কের বিশেষত্ব শুধু ১৭টি আলাদা ভবনেই সীমাবদ্ধ নয়।  এগুলোর ল্যান্ডস্কেপের সাথে সম্পর্কও আছে।

নদীর গতিপথ অনুসরণ করে হাঁটতে গেলে দর্শক কখনো খোলা সবুজ এলাকায়, কখনো গাছপালার ভেতর, আবার কখনো বিচ্ছিন্ন কোনো প্যাভিলিয়নের সামনে এসে দাঁড়ান। এই অভিজ্ঞতা একটি প্রচলিত ভবন পরিদর্শনের মতো নয়। এখানে দর্শক একই সঙ্গে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এবং সময়ের অভিজ্ঞতা লাভ করেন।

HHF Playground
এইচএইচএফ উন্মুক্ত খেলার মাঠ। ছবি: আর্কিটেক্ট

একসময় এসব স্থাপনা মানুষকে সক্রিয় করতো। এখন তারা মানুষকে থামিয়ে দেয়—দেখতে, ভাবতে এবং অতীতের সঙ্গে বর্তমানকে তুলনা করতে। এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

‘রুইন’ হিসেবে নতুন জীবন

পরিত্যক্ত স্থাপত্যকে আমরা সাধারণত ব্যর্থতার প্রতীক হিসেবেই দেখি। কিন্তু জিনহুয়া আর্কিটেকচার পার্কের ক্ষেত্রে ক্ষয়ই যেনো নতুন নান্দনিকতা তৈরি করেছে।

ফাটল, বন্ধ দরজা, ক্ষয়প্রাপ্ত পৃষ্ঠ, আগাছা এবং প্রকৃতির অনুপ্রবেশ—সবকিছু মিলে ভবনগুলোকে এক ধরনের সমসাময়িক ধ্বংসাবশেষে পরিণত করেছে। এগুলো এখন আর কেবল স্থপতির পরিকল্পনার ফল নয়। স্থপতি, নির্মাণ, ব্যবহার, অবহেলা, প্রকৃতি ও সময়—সব মিলিয়ে তৈরি একটি নতুন স্থাপত্যিক অবস্থা। যা স্থাপত্যশিল্পের আরেক মাত্রা সৃষ্টি করে।

একটি নতুন ভবন আমাদের নির্মাণের ক্ষমতা দেখায়। একটি পুরোনো ও ক্ষয়প্রাপ্ত ভবন আমাদের সময়ের ক্ষমতা দেখায়।

সংরক্ষণ নাকি ক্ষয়কে গ্রহণ?

এখন প্রশ্ন হলো—এই স্থাপনাগুলোর ভবিষ্যৎ কী হওয়া উচিত? সবকিছু নতুন করে সংস্কার করে এগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কি সঠিক সিদ্ধান্ত? নাকি ক্ষয়কে স্থাপত্যের নতুন পরিচয় হিসেবে গ্রহণ করা উচিত?

স্থাপত্য গবেষক ও সমালোচক অ্যারন বেটস্কির প্রস্তাব দ্বিতীয়টির কাছাকাছি। তিনি মনে করেন, বিপজ্জনক অংশগুলো নিরাপদ করা, ক্ষয় থেকে তৈরি ঝুঁকি দূর করা এবং বন্ধ বা ভাঙা দরজা-জানালা সরিয়ে দিয়ে স্থাপনাগুলোকে তাদের বর্তমান অবস্থার স্মারক হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত রাখা যেতে পারে।

এটি সংরক্ষণের প্রচলিত ধারণা থেকে ভিন্ন। এখানে লক্ষ্য ভবনকে ‘নতুনের মতো’ করে তোলা নয়; বরং তার বর্তমান ইতিহাসকে সংরক্ষণ করা।

ভবনের পরেও স্থাপত্যের জীবন

জিনহুয়া আর্কিটেকচার পার্ক আমাদের শেখায়, একটি ভবনের জীবন তার ব্যবহার শেষ হওয়ার সঙ্গে শেষ হয় না। কখনো একটি ভবন ব্যবহার হারিয়ে স্মৃতিতে পরিণত হয়। কখনো তা ল্যান্ডস্কেপের অংশ হয়। কখনো তা মনুমেন্ট হয়ে ওঠে। আবার কখনো তার ক্ষয়ই তাকে শিল্পের মর্যাদা দেয়।

এই পার্কের ১৭টি প্যাভিলিয়ন হয়তো তাদের পরিকল্পিত ভবিষ্যৎ পায়নি। কিন্তু তাদের বর্তমান অবস্থাই হয়তো স্থাপত্য সম্পর্কে আরও গভীর একটি প্রশ্ন সামনে এনেছে। স্থাপত্যের সাফল্য কি কেবল তার কার্যকারিতায়, নাকি সময়ের পরীক্ষায় টিকে থাকা তার নান্দনিক ও সাংস্কৃতিক ক্ষমতাতেও?

একসময় এটি ছিল ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন। আজ এটি অতীতের একটি দৃশ্যমান দলিল। আর সেই রূপান্তরের মধ্যেই এর সবচেয়ে বড় স্থাপত্যিক শক্তি লুকিয়ে আছে।

স্থাপত্য যখন তার ব্যবহার হারায়, তখন কখনো কখনো তার মৃত্যু হয় না। বরং এটি একটি নতুন শিল্পজীবনের শুরু হয়।

সূত্র: আর্কিটেক্টস ম্যাগাজিন

Related Posts

জল স্থলের মিশেলে নেদারল্যান্ডের জলের জীবন

নেদারল্যান্ডসের স্থাপত্যের সঙ্গে জল যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। দেশটির ভূপ্রকৃতি, পোল্ডার, খাল, নদী, হ্রদ এবং জলাভূমি মানুষের বসতি…

আমস্টারডামের নতুন গ্রন্থাগার: প্রতিবেশীদের এক “লিভিং রুম”

বই আর তাকে ভরা পুরোনো ধাঁচের গ্রন্থাগারের ধারণাটা এখন বদলে যাচ্ছে। ডাচ তিনটি স্থাপত্য প্রতিষ্ঠান ম্যাটার মেকার্স, এডব্লিউআর…

চীনের জলাভূমির নীরবতায় দাঁড়িয়ে থাকা ইস্পাতের এক কবিতা

প্রকৃতি দেখার জন্য মানুষ চিরকালই উঁচু জায়গা খুঁজেছে। কিন্তু স্থাপত্য কীভাবে সেই দেখাকে একটা যাত্রায় রূপ দিতে পারে…

গাছের চারপাশে বোনা লুয়ান্ডার নতুন গ্রন্থাগার

আঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় স্প্যানিশ স্থাপত্য প্রতিষ্ঠান টিপসা আরকিটেক্তুরা সম্প্রতি একটি গ্রন্থাগারের ডিজাইন সম্পন্ন করেছে। যেখানে গাছপালাকে সরিয়ে না…

কংক্রিটের আড়ালে সাও পাওলোর স্থাপত্য ও নগরজীবন

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোকে অনেকে শুধু একটি কংক্রিটের জঙ্গল হিসেবে চেনেন। রিও দে জেনেইরোর সৈকত বা ব্রাজিলের…

শতবর্ষী গুদাম যেভাবে কার্পেট শোরুম হলো

মুম্বাইয়ের ভিক্টোরিয়ান টেক্সটাইলের শতবর্ষী গুদামের নাম হয়েছে জয়পুর কার্পেট। তবে আজ তার জরাজীর্ণতা ঘুচে রূপ নিয়েছে নতুন ঠিকানায়।…

আগামীর স্থাপত্য: এআই সঙ্গে না থাকলে পথ হারানোর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রায় প্রতিটি পেশাগত ক্ষেত্রের কর্মপ্রবাহে ঢুকে পড়েছে। আর স্থাপত্য শিল্পও এর ব্যতিক্রম নয়। বহু বছর…

হারানো স্টোন হাউসের জায়গায় দাঁড়াল ৭০০ বছরের পুরনো “গ্লাস হাউস”

জার্মানির রয়টলিঙেন শহরের পুরনো এলাকায়, শতাব্দীপ্রাচীন কাঠের বাড়িগুলোর মাঝে একটি স্বচ্ছ কাচের ভবন জেগে উঠেছে। এটি স্টুটগার্টভিত্তিক প্রতিষ্ঠান…

স্থাপত্য প্রতিষ্ঠানের উত্তরাধিকার: প্রতিষ্ঠাতার পর কী হয়?

একজন প্রতিষ্ঠাতা স্থপতি চিরকাল থাকবেন না। এই সত্য মেনে নিয়ে আগে থেকে পরিকল্পনা করা সহজ নয়। তবে প্রতিষ্ঠান…