• Home
  • পার্শ্বরচনা
  • সংরক্ষণের লড়াই: যুক্তরাষ্ট্রজুড়ে স্থাপত্যের ভাগ্য নিয়ে বিতর্ক
Image

সংরক্ষণের লড়াই: যুক্তরাষ্ট্রজুড়ে স্থাপত্যের ভাগ্য নিয়ে বিতর্ক

স্থাপত্যের ইতিহাস রক্ষা করা কখনোই সহজ কাজ নয়। পুরনো ভবনের বয়সজনিত জীর্ণতা, রক্ষণাবেক্ষণের তহবিলের অভাব, আর নতুন নির্মাণের লাভজনক সম্ভাবনা, এই তিন উপাদান প্রায়ই ঐতিহাসিক স্থাপত্যকে ফেলে দেয় সংরক্ষণ বনাম ধ্বংসের দ্বন্দ্বে। 

সম্প্রতি ওয়াশিংটনের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে এরো সারিনেনের নকশা করা টার্মিনাল ভবনের ওপর নতুন নির্মাণের পরিকল্পনা প্রকাশ্যে আসার প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যকর্মকে ঘিরে চলমান ও অতীতের বিতর্কগুলো নিয়ে একটি পর্যালোচনা তুলে ধরা হলো। 

কানিয়ে ওয়েস্ট যেভাবে তাদাও আনদো-এর নকশা করা একটা সৈকত-বাড়ির ভেতরটা পুরো খালি করে ফেলেছিলেন, আবার ফ্র্যাংক লয়েড রাইটের তৈরি একমাত্র আকাশচুম্বী ভবনের করুণ কথা, এমনকি ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের করা একাধিক সংস্কার-প্রকল্পের কথা থেকেই বোঝা যায়, স্থাপত্য রক্ষার এই লড়াই কতটা কঠিন আর তিক্ত হতে পারে। 

কিছু ভবন সম্পূর্ণ সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে, কিছু ভাঙার অপেক্ষায়, আর বাকিগুলো বছরের পর বছর এ দুইয়ের মাঝামাঝি ঝুলে আছে।

২০২৫-এর অক্টোবরে ট্রাম্পের প্রস্তাবিত বিশাল বলরুমের জন্য ভাঙা হয় হোয়াইট হাউসের ইস্ট উইং। ছবি: ডিজেইন
হোয়াইট হাউসের ইস্ট উইং, ওয়াশিংটন ডিসি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রস্তাবিত একটি বিশাল বলরুমের জায়গা করে দিতে ২০২৫ সালের অক্টোবরে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলা হয়। সংরক্ষণবাদীরা এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, এবং স্থানীয় নিয়ন্ত্রক সংস্থার নকশা অনুমোদন সত্ত্বেও একাধিক বিচারক নির্মাণ বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন। 

২০২৬ সালের জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নির্মাণকাজে একটি বিস্তৃত ভূগর্ভস্থ নিরাপত্তা কমপ্লেক্স যুক্ত হতে পারে বলে জানা গেছে। ধ্বংস ও নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন এখনও আদালতে বিচারাধীন।

আর্টস কমিশন নভেম্বর-২০২৫-এ ফোয়ারাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভাঙার পক্ষে ভোট দেয়। ছবি: ডিজেইন
ভেইয়াঁকুর ফোয়ারা, ক্যালিফোর্নিয়া

সান ফ্রান্সিসকোর এই অস্বাভাবিক ফোয়ারাটিকে ২০২৫ সালের নভেম্বরে সান ফ্রান্সিসকো আর্টস কমিশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে, এবং আশেপাশের চত্বর সংস্কারের পরিকল্পনার অংশ হিসেবে এটি ভেঙে ফেলার পক্ষে ভোট দেয়। 

স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও শহর কর্তৃপক্ষ এ বছরের শুরুর দিকে ফোয়ারা ভাঙার কাজ শুরু করে, তবে তার আগে নির্মাণকাজের একটি ব্লো টর্চ থেকে ছড়িয়ে পড়া আগুনে সংক্ষিপ্ত সময়ের জন্য এটি জ্বলে ওঠে।

ডালাস সরকার গত বছর আই.এম. পেইয়ের পুরনো সিটি হল থেকে কার্যক্রম সরানোর সম্ভাবনা খতিয়ে দেখার ভোট দেয়। ছবি: ডিজেইন
ডালাস সিটি হল, টেক্সাস 

গত বছরের শেষদিকে ডালাস শহর সরকার ভোট দিয়ে স্থপতি আই. এম. পেই-নির্মিত ১৯৭০-এর দশকের ব্রুটালিস্ট সিটি হল ভবন থেকে কার্যক্রম সরিয়ে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়, যার কারণ হিসেবে দেখানো হয় ভবনটির বয়স ও রক্ষণাবেক্ষণের ব্যয়। 

এই স্থানান্তর হলে ঐতিহাসিক এই স্থাপনার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। ভবনে থেকে যাওয়া বা স্থানান্তরিত হওয়া নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, এবং প্রতিবেদন অনুযায়ী ভোটদানকারী কাউন্সিল স্পষ্টতই বিভক্ত।

ভবনটি ল্যান্ডমার্ক মর্যাদা পাওয়ার পরপরই স্নোহেটা নকশা সংকুচিত করে পুরো সম্মুখভাগ অক্ষত রাখে। ছবি: ডিজেইন
৫৫০ ম্যাডিসন আকাশচুম্বী ভবন, নিউ ইয়র্ক 

নিউ ইয়র্কের এই আইকনিক আকাশচুম্বী ভবনটি দীর্ঘদিন খালি পড়ে থাকার পর, স্থাপত্য সংস্থা স্নোহেটা একটি সংস্কার প্রস্তাব দেয় যাতে কাঠামোর কিছু অংশ কাচ দিয়ে মোড়ানোর পরিকল্পনা ছিল। 

প্রাথমিক নকশায় টাওয়ারের ভিত্তি প্রতিস্থাপনের জন্য বহুতল কাচের ব্লক প্রস্তাব করা হয়েছিল, কিন্তু ভবনটি ল্যান্ডমার্ক মর্যাদা পাওয়ার পরপরই স্নোহেটা নকশা সংকুচিত করে পুরো সম্মুখভাগ অক্ষত রাখে। সংস্থাটি ২০২২ সালে এই সংশোধিত সংস্কারকাজ সম্পন্ন করে।

ডোকোমোমো ২০২২-এ একে আমেরিকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভবন বলে চিহ্নিত করে; আগস্টে স্টেডিয়াম সংরক্ষণের ভোট। ছবি: ডিজেইন
মিয়ামি মেরিন স্টেডিয়াম, ফ্লোরিডা 

১৯৯২ সালে বন্ধ হওয়ার পর থেকে মিয়ামি মেরিন স্টেডিয়ামকে ঘিরে একটি দীর্ঘস্থায়ী সংরক্ষণ-সংকট চলছে। তখন থেকে এটি খালি পড়ে আছে এবং স্থানীয় বন্দরের ওপর বিস্তৃত এর অনন্য স্থানে গ্র্যাফিতিতে ভরে গেছে। 

সংরক্ষণ সংগঠন ডোকোমোমো ২০২২ সালে এটিকে আমেরিকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি হিসেবে চিহ্নিত করে, এবং প্রাথমিক নির্বাচনের সময় আগস্টে মিয়ামির বাসিন্দারা স্টেডিয়ামটি সংরক্ষণের আশায় একজন পরিচালনাকারী অনুমোদনের জন্য ভোট দেবেন বলে জানা গেছে।

২০১৪-এ ধ্বংসের হুমকিতে পড়লেও গ্রেভসের চেষ্টায় সংস্কারের সিদ্ধান্ত হয়; ২০২০-এ পুনরায় চালু। ছবি: ডিজেইন
পোর্টল্যান্ড মিউনিসিপাল সার্ভিসেস বিল্ডিং, ওরেগন

মাইকেল গ্রেভসের ১৯৮২ সালে নির্মিত পোর্টল্যান্ড মিউনিসিপাল সার্ভিসেস বিল্ডিং যুক্তরাষ্ট্রে পোস্টমডার্ন স্থাপত্য সংরক্ষণের সূচনাকারী ভবনগুলোর একটি। ২০১৪ সালে ভবনটি ধ্বংসের হুমকির মুখে পড়ে, তবে গ্রেভস নিজেসহ বিভিন্ন সমর্থকের সহায়তায় পোর্টল্যান্ড সিটি কাউন্সিল শেষ পর্যন্ত ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত নেয় এবং ভবনটি ২০২০ সালে পুনরায় চালু হয়।

২০২৪-এ প্রাইস টাওয়ার নিয়ে মালিক ও রাইট কনজারভেন্সির আইনি লড়াই শুরু হয়। ছবি: ডিজেইন
প্রাইস টাওয়ার, ওকলাহোমা 

২০২৪ সালের শেষদিকে ফ্র্যাংক লয়েড রাইটের একমাত্র নির্মিত আকাশচুম্বী ভবন প্রাইস টাওয়ার নিয়ে স্থানীয় মালিক ও ফ্র্যাংক লয়েড রাইট কনজারভেন্সির মধ্যে একটি বিতর্কিত আইনি লড়াই শুরু হয়, যখন সংগঠনটি আবিষ্কার করে যে ভবনের অভ্যন্তরের মূল আসবাবপত্র “অননুমোদিতভাবে” বিক্রি করা হয়েছে। ২০২৬ সালের মার্চে এই মামলার নিষ্পত্তি হয়, যখন একজন নতুন মালিক ভবনটি কিনে নেন এবং একে হোটেল-আবাসন, ছাদের বার ও নিচতলার রেস্তোরাঁসহ পুনরায় ব্যবহারের সংস্কার-পরিকল্পনা করেন।

ট্রাম্প নিজের নাম ভবনে যুক্ত করেছিলেন, যা পরে সরিয়ে ফেলা হয়। ছবি: ডিজেইন
দ্য কেনেডি সেন্টার, ওয়াশিংটন ডিসি 

জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টস নিয়ে চলমান বিতর্ক শুরু হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প এর নেতৃত্ব অপসারণ করার পর, এবং পরে তিনি ভবনের বাইরের অংশ সংস্কারের একটি প্রস্তাবও দেন। ট্রাম্প নিজের নাম ভবনে যুক্ত করেছিলেন, যা পরে সরিয়ে ফেলা হয়। প্রেসিডেন্টের ভবন পুনর্গঠনের আইনি অধিকার নিয়ে চলমান বিতর্ক অব্যাহত আছে, এবং আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (এআইএ)-এর মতো সংগঠন মূল নকশা সংরক্ষণের আশায় সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলায় যোগ দিয়েছে।

প্রিজারভেশন হিউস্টন জানায়, লক্ষ্য সম্পত্তি পুনরুদ্ধার ও এর ধারাবাহিক সংরক্ষণ। ছবি: ডিজেইন
ভিক্টর লান্ডি হাউস, টেক্সাস

টেক্সাস হিস্টোরিক্যাল ফাউন্ডেশন, হিউস্টন মড, ডোকোমোমো ইউএস এবং প্রিজারভেশন হিউস্টনসহ একদল সংরক্ষণবাদী গত বছরের শেষদিকে আমেরিকান স্থপতি ভিক্টর লান্ডির হিউস্টনের ব্যক্তিগত বাড়িটি রক্ষার এক কঠিন লড়াইয়ে জয়ী হন। এই দলের সহায়তায় ড্যান ও ক্যারল প্রাইস বাড়িটি কিনে নেন, যা একে ধ্বংসের হাত থেকে বাঁচায়। প্রিজারভেশন হিউস্টন জানায়, পরিকল্পনা হলো “সম্পত্তিটি পুনরুদ্ধার করা এবং এর ধারাবাহিক ব্যবহার ও সংরক্ষণের সম্ভাবনা খুঁজে বের করা।”

ভবনের স্থপতি বার্ট্রান্ড গোল্ডবার্গের ছেলে জিওফ্রি গোল্ডবার্গের মতে এই ভবনটি “সংরক্ষণের যোগ্য।” ছবি: ডিজেইন
এলগিন মেন্টাল হেলথ সেন্টার মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল বিল্ডিং, ইলিনয় 

শিকাগোর বাইরে অবস্থিত বৃত্তাকার এলগিন মেন্টাল হেলথ সেন্টার মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল বিল্ডিং দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর গত বছরের শুরুর দিকে ধ্বংসের সম্ভাবনার মুখে পড়ে। বর্তমানে ধ্বংসের কোনো ব্যাপকভাবে প্রতিবেদিত সময়সীমা নেই, তবে ভবনের স্থপতি বার্ট্রান্ড গোল্ডবার্গের ছেলে জিওফ্রি গোল্ডবার্গের মতে এই ভবনটি “সংরক্ষণের যোগ্য।”

বাড়িটিকে একটি “বাংকারে” রূপান্তরের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইয়ে কাঠামোটি বিক্রি করে দেন। ছবি: ডিজেইন
মালিবু হাউস, ক্যালিফোর্নিয়া 

জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশা করা মালিবুর একটি সৈকত-বাড়ি ২০২৪ সালে সংগীতশিল্পী ইয়ে (কানিয়ে ওয়েস্ট) ও তাঁর স্ত্রী বিয়াঙ্কা সেনসোরির হাতে ভেতর থেকে খালি হয়ে কংক্রিটের কাঠামোয় পরিণত হয়। বাড়িটিকে একটি “বাংকারে” রূপান্তরের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইয়ে কাঠামোটি বিক্রি করে দেন।

এই এগারোটি ঘটনা একসঙ্গে দেখলে স্পষ্ট হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্রে স্থাপত্য সংরক্ষণের প্রশ্নটি কেবল নান্দনিক বিতর্ক নয় এটি রাজনীতি, আইন, অর্থনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের এক জটিল সংঘাত। কিছু ক্ষেত্রে সংরক্ষণবাদীদের প্রচেষ্টা সফল হয়েছে, যেমন প্রাইস টাওয়ার বা ভিক্টর লান্ডি হাউসের ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে যেমন হোয়াইট হাউসের ইস্ট উইং বা ভেইয়াঁকুর ফোয়ারায়, ঐতিহাসিক কাঠামো রক্ষা করা যায়নি। 

বাকিগুলো এখনও ঝুলে আছে অনিশ্চয়তার মধ্যে আদালতের সিদ্ধান্ত, নতুন মালিকের সিদ্ধান্ত কিংবা স্থানীয় ভোটের অপেক্ষায়। এই সংগ্রামগুলো মনে করিয়ে দেয়, একটি ভবনের স্থাপত্যিক মূল্য টিকিয়ে রাখতে হলে শুধু নকশার সৌন্দর্য নয়, প্রয়োজন হয় নিরবচ্ছিন্ন রাজনৈতিক ইচ্ছাশক্তি, তহবিল ও জনসমর্থনের।

তথ্যসূত্র: 

ডিজেইন

Related Posts

ক্যারিবীয় অঞ্চলে দুর্যোগ সহনশীল স্থাপত্যের রূপান্তর

হ্যারিকেন ইরমা। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হওয়া আধুনিক ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। ঘণ্টায়…

দ্য লিনহে: প্রকৃতির সাথে জীবনের সম্মিলন

স্থাপত্য শিল্পের প্রতিযোগিতায় প্রতিদিনই গড়ে উঠছে আধুনিক ডিজাইনের বাড়ি। থাকছে সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা। তবে স্থাপত্য বলতে…

রূপকথা থেকে সত্যি হলো জাপানের ফল-আকৃতির বাস স্টপ

জাপানের নাগাসাকি প্রিফেকচারের ইসাহায়া শহরের কোনাগাই এলাকা পরিচিত এক অদ্ভুত সুন্দর দৃশ্যের জন্য। এখানে রাস্তার ধারে সারি সারি…

হ্যাবিটাট ৬৭:একটা মাস্টার্স থিসিস যেভাবে হয়ে উঠল বিশ্বখ্যাত ভবন

একটি বহুতল ভবন, অথচ দেখতে যেন বিশাল এক কংক্রিটের ভাস্কর্য বা লোগো। অথচ প্রায় ৬০ বছর আগে কানাডার…

বৈচিত্র্যময় সাম্প্রতিক স্থাপত্যের এক ঝলক

স্থাপত্য জগতের জনপ্রিয় ম্যাগাজিন ডিজেইন প্রতি মাসে পাঠকপ্রিয় বাড়িগুলোর একটি তালিকা প্রকাশ করে। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিনব…

কানাডা আমেরিকাকে যুক্ত করলো যে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ২৭ জুলাই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে “গর্ডি হাও ইন্টারন্যাশনাল ব্রিজ”।…

ভারহুত স্তূপ: বৌদ্ধ স্থাপত্যের এক অতি প্রাচীন নিদর্শন

ভারতীয় উপমহাদেশ এশীয়ার প্রাগৈতিহাসিক যুগ থেকেই ঐতিহ্যবাহী। ভোলগা থেকে গঙ্গা পর্যন্ত অনেক পথ পরিক্রমায় আজ হয়তো আধুনিকতার হাওয়া…

ইতালিয়ানদের ২ হাজার বছরের আবেগ লুকিয়ে আছে কলোসিয়ামে

দুই হাজার বছর আগের কথা। মানুষ দলবদ্ধ হয়ে থাকতেই পছন্দ করতো। তখন ছিলো গোষ্ঠীভিত্তিক, এলাকা ভিত্তিক বসতি। ছিলো…

স্থাপত্য ও ডিজাইনের ছয় আয়োজন

প্রতি মাসেই বিশ্বজুড়ে স্থাপত্য ও নকশা বিষয়ক নানা প্রদর্শনী, উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত হয়, যা এই শিল্পের সৃজনশীলতা…