স্থাপত্যে কাঠ একটি আদিম নির্মাণ উপকরণ। সেই অন্ধকার যুগ থেকে আজ পর্যন্ত নির্মাণশিল্পে কাঠের চাহিদার একটুকুও কমতি নেই। তবে কাঠ দিয়ে আকাশচুম্বী ভবন নির্মাণ একসময় ছিলো কল্পনারও অতীত।
আধুনিক প্রকৌশল, উন্নত প্রকৌশলকৃত কাঠ (Mass Timber) এবং ডিজিটাল নির্মাণ প্রযুক্তির কারণে সেই কল্পনা এখন বাস্তবে রূপ নিয়েছে। এর সর্বশেষ ও সবচেয়ে আলোচিত উদাহরণ হলো অ্যাটলাসিয়ান সেন্টার (Atlassian Central)। এটি অস্ট্রেলিয়ার সিডনিতে নির্মাণাধীন এবং সম্প্রতি এটি পূর্ণ কাঠামোতে পরিনত। ৩৯ তলা ও প্রায় ১৮০ মিটার (৫৯০ ফুট) উচ্চতার এই ভবনটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ “হাইব্রিড টিম্বার টাওয়ার” হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রকল্প শুধু উচ্চতার জন্য নয়; বরং টেকসই নির্মাণ, কম কার্বন নির্গমন, উদ্ভাবনী কাঠামোগত নকশা এবং ভবিষ্যতের অফিস ভবনের নতুন ধারণার জন্যও আন্তর্জাতিকভাবে আলোচিত।
অ্যাটলাসিয়ান সেন্টার (Atlassian Central)
অ্যাটলাসিয়ান সেন্টার হলো প্রযুক্তি প্রতিষ্ঠান “অ্যাটলাসিয়ান” এর নতুন বৈশ্বিক সদর দপ্তর, যা সিডনির সেন্টার স্টেশন সংলগ্ন টেক সেন্ট্রাল অঞ্চলে নির্মিত হচ্ছে। প্রকল্পটির যৌথ মালিক অ্যাটলাসিয়ান ও ডেসাস। ভবনটি সম্পন্ন হলে এটি শুধু অফিস নয়, বরং প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই নগর উন্নয়নের একটি প্রতীক হয়ে উঠবে। এটি ২০২৬ সালের শেষ দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ডিজাইনার
এই ভবনের স্থাপত্য নকশা করেছে বিশ্বখ্যাত “SHoP Architects” এবং অস্ট্রেলিয়ার “BVN”। কাঠামোগত প্রকৌশল ও ফ্যাসাড নকশার দায়িত্বে রয়েছে “Eckersley O’Callaghan”। নির্মাণ কাজ পরিচালনা করছে Built ও Obayashi Corporation যৌথভাবে উদ্যোগ। এই আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্পটিকে বিশ্বের অন্যতম উদ্ভাবনী উচ্চ ভবন নির্মাণে পরিণত করেছে।
এটি কেন বিশ্বের সর্বোচ্চ হাইব্রিড টিম্বার টাওয়ার?
অনেকেই মনে করেন ভবনটি পুরোপুরি কাঠের তৈরি। বাস্তবে তা নয়। Atlassian Central একটি “Hybrid Timber Building”। অর্থাৎ এতে তিনটি প্রধান উপাদান ব্যবহার করা হয়েছে—
- Mass Timber
- Structural Steel
- Green Concrete
প্রতিটি উপাদান যেখানে সবচেয়ে কার্যকর সেখানে সেটিই ব্যবহার করা হয়েছে। এই সমন্বিত পদ্ধতিতে ভবনের ওজন কমেছে, কাঠামোগত শক্তি বেড়েছে এবং নির্মাণজনিত কার্বন নির্গমনও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।
দীর্ঘ উচ্চতার প্রকৌশল বিস্ময়
১৮০ মিটার উচ্চতায় একটি কাঠ-নির্ভর ভবন নির্মাণ প্রকৌশলীদের জন্য বিশাল চ্যালেঞ্জ। তাই এখানে একটি শক্তিশালী স্টিল ও কংক্রিট কাঠামোর সঙ্গে Mass Timber-কে একসাথে ব্যবহার করা হয়েছে।
এর ফলে—
- ভবনের ওজন কমেছে
- নির্মাণের গতি বেড়েছে
- ভূমিকম্প ও বাতাস প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে
- দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত হয়েছে
এই পদ্ধতি ভবিষ্যতের উচ্চ ভবন নির্মাণে একটি নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
৭৫,০০০ বর্গমিটার কর্মক্ষেত্র
ভবনটিতে প্রায় ৭৫,০০০ বর্গমিটার ফ্লোর এরিয়া রয়েছে। এখানে হাজারো কর্মীর জন্য আধুনিক অফিস, উন্মুক্ত কর্মপরিসর, প্রাকৃতিক আলোসমৃদ্ধ ইন্টেরিয়র এবং সবুজ উন্মুক্ত স্থান রাখা হয়েছে। ভবনটি ৫,০০০-এর বেশি কর্মীর জন্য পরিকল্পিত। পাশাপাশি নিচতলায় একটি ১৩৭ কক্ষের YHA হোটেলও থাকবে।

১০,০০০ ঘনমিটার প্রকৌশলকৃত কাঠ
এই প্রকল্পে প্রায় ১০,০০০ ঘনমিটার বিশেষায়িত প্রকৌশলকৃত কাঠ ব্যবহার করা হয়েছে। এই কাঠ অস্ট্রিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৮,০০০ টন স্ট্রাকচারাল স্টিল এবং ৩০,০০০ ঘনমিটার গ্রিন কংক্রিট ব্যবহৃত হয়েছে। এই উপকরণগুলোর সমন্বয় ভবনটিকে শক্তিশালী এবং পরিবেশবান্ধব করে তুলেছে।
ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ও প্রিফ্যাব্রিকেশন
নির্মাণ শুরুর আগে প্রকৌশলীরা পুরো ভবনটি ডিজিটালভাবে ভার্চুয়াল মডেলে সংযোজন ও নির্মাণ-ধাপ পরিকল্পনা করেন। এর ফলে—
- নির্মাণ ত্রুটি কমেছে,
- উপকরণের অপচয় কমেছে,
- সময় সাশ্রয় হয়েছে,
- সাইটে দ্রুত সংযোজন সম্ভব হয়েছে।
এই ডিজিটাল সমন্বয় এত বড় হাইব্রিড কাঠামো নির্মাণের অন্যতম ভিত্তি।
টেকসই নির্মাণে নতুন মানদণ্ড
বর্তমান বিশ্বে নির্মাণশিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো কার্বন নিঃসরণ কমানো। বিশ্বব্যাপী মোট কার্বন নির্গমনের উল্লেখযোগ্য অংশ ভবন নির্মাণ ও পরিচালনা থেকে আসে। এই বাস্তবতাকে সামনে রেখে Atlassian Central প্রকল্পটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে নির্মাণের শুরু থেকে ভবন পরিচালনার পুরো সময়জুড়ে পরিবেশের ওপর প্রভাব কমানো যায়।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো প্রচলিত উচ্চ ভবনের তুলনায় “Embodied Carbon” বা নির্মাণ উপকরণ উৎপাদন, পরিবহন ও নির্মাণে সৃষ্ট কার্বন নিঃসরণ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা। এই লক্ষ্য অর্জনের জন্য প্রকৌশলকৃত কাঠ, পুনর্ব্যবহারযোগ্য ইস্পাত, কম-কার্বন কংক্রিট এবং উন্নত নির্মাণ কৌশল ব্যবহার করা হয়েছে।
কেন কাঠ ভবিষ্যতের নির্মাণ উপকরণ?
কাঠকে দীর্ঘদিন ধরে ছোট বাড়ি বা নিম্ন-উচ্চতার ভবনের উপকরণ হিসেবে দেখা হলেও আধুনিক Mass Timber প্রযুক্তি সেই ধারণা বদলে দিয়েছে।

জীবাশ্ম জ্বালানিমুক্ত পরিচালনার পরিকল্পনা
Atlassian Central শুধু নির্মাণে নয়, ভবন পরিচালনার ক্ষেত্রেও পরিবেশবান্ধব নীতি অনুসরণ করছে। প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য—
- ১০০% নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার
- জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবন পরিচালনা
- শক্তি-সাশ্রয়ী যান্ত্রিক ব্যবস্থা
- উচ্চ দক্ষতার বায়ু চলাচল প্রযুক্তি
- স্মার্ট শক্তি ব্যবস্থাপনা
এ ধরণের উদ্যোগ ভবিষ্যতের অফিস ভবনের জন্য একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের সর্বোচ্চ ব্যবহার
প্রচলিত অনেক অফিস ভবনে দিনের বেশিরভাগ সময় কৃত্রিম আলো এবং এয়ার কন্ডিশনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু Atlassian Central
- বড় কাচের ফ্যাসাড
- উন্মুক্ত কর্মপরিসর
- বহুস্তরবিশিষ্ট সবুজ এলাকা
- প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ
- প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থা
এসব ব্যবস্থার ফলে বিদ্যুৎ খরচ কমবে এবং কর্মীদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বাড়বে।
মানুষের জন্য নকশা করা একটি অফিস
এই ভবনের নকশায় শুধু প্রযুক্তির কথা ভাবা হয়নি সমান গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের অভিজ্ঞতাকে।
ভবনে থাকবে—
- উন্মুক্ত সামাজিক স্থান
- বিশ্রামাগার
- সবুজ উদ্যান
- সহযোগিতামূলক কর্মপরিবেশ
- বহুমুখী সভাকক্ষ
- কমিউনিটি স্পেস
এভাবে ভবনটি একটি কর্মস্থলের পাশাপাশি সামাজিক যোগাযোগের কেন্দ্র হিসেবেও কাজ করবে।

Tech Central অঞ্চলের প্রাণকেন্দ্র
সিডনির “Tech Central” বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবন অঞ্চল হিসেবে গড়ে উঠছে। এই অঞ্চলে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ কোম্পানী রয়েছে।
Atlassian Central এই পুরো এলাকার অন্যতম প্রধান আইকনিক ভবনে পরিণত হবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র তৈরি করবে।
ডিজিটাল নির্মাণ প্রযুক্তির সফল ব্যবহার
এই প্রকল্পে Building Information Modeling (BIM), ডিজিটাল টুইন প্রযুক্তি এবং ত্রিমাত্রিক সমন্বিত নির্মাণ পরিকল্পনা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি উপাদানের অবস্থান আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে কমেছে নির্মাণ ত্রুটি। নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। সময়মতো প্রকল্প সম্পন্ন করার সম্ভাবনা বেড়েছে শতভাগ।
নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা
কাঠের ভবন নিয়ে অনেকের মনে অগ্নি-নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে। তবে প্রকৌশলকৃত Mass Timber সাধারণ কাঠের মতো আচরণ করে না। এতে পুরু কাঠের স্তর ব্যবহার করা হয়েছে। ভবনটিকে অগ্নি প্রতিরোধী ব্যবস্থাপনায় নকশা লেআউট করা হয়েছে। এছাড়া স্প্রিংকলার ব্যবস্থা, ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত অগ্নি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করে।
বিশ্ব স্থাপত্যে Atlassian Central-এর গুরুত্ব
এই ভবন প্রমাণ করেছে যে ভবিষ্যতের আকাশচুম্বী ভবন শুধুমাত্র কংক্রিট ও স্টিলের ওপর নির্ভরশীল হবে না। বিশ্বের বিভিন্ন দেশ এখন কানাডা, নরওয়ে, সুইডেন, জাপান, অস্ট্রেলিয়া, উচ্চ ভবন নির্মাণে প্রকৌশলকৃত কাঠ ব্যবহারের দিকে এগুচ্ছে।
ভবিষ্যতের নগর উন্নয়নের মডেল
বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকে বড় শহরগুলোতে কম-কার্বন নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ স্থাপত্য, স্মার্ট বিল্ডিং, প্রিফ্যাব্রিকেটেড নির্মাণ এবং Mass Timber প্রযুক্তি আরও বেশি গুরুত্ব পাবে।
সিডনির Atlassian Central বিশ্বের সর্বোচ্চ হাইব্রিড টিম্বার টাওয়ার ভবিষ্যতের টেকসই নির্মাণশিল্পের একটি দৃষ্টান্ত। ১৮০ মিটার উচ্চতা, ৩৯ তলা, প্রকৌশলকৃত কাঠ, স্টিল ও গ্রিন কংক্রিটের সমন্বিত ব্যবহার এবং কম-কার্বন নকশা এটিকে বিশ্বের অন্যতম উদ্ভাবনী আকাশচুম্বী ভবনে পরিণত করেছে।
এই প্রকল্প দেখিয়েছে আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং মানবকেন্দ্রিক নকশা একসাথে কাজ করলে উচ্চ ভবনও হতে পারে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য শহরেও এ ধরনের হাইব্রিড টিম্বার ভবন নির্মাণের প্রবণতা বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: ডিজাইনবুম

















