নিজের পছন্দমতো বাড়ি বানানোর কথা ভাবছেন? কিভাবে বানাবেন? নিজেই কি নিজের বাড়ি বানাতে পারবেন? বাড়ি বানানোর আগে এমন হাজারও প্রশ্ন আমাদের মাথায় আসে। তবে এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করে না এমনও অনেক মানুষ আছে।
আপনার সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে ডিজিন আর্কাইভ থেকে এখানে আটটি সফল আবাসিক স্ব-নির্মিত প্রকল্পের উদাহরণ দেওয়া হলো। এই প্রকল্পগুলোর মালিক নিজেরাই ডিজাইন করেছেন, নির্মাণ করেছেন। মজার বিষয় হলো তারা কেউ আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার নয়।
পেকহ্যাম হাউস, যুক্তরাজ্য
পেকহ্যাম হাউসটি লন্ডনের স্টুডিও সারম্যান ওয়েস্টনের পরিচালক টম সারম্যান এবং পার্সি ওয়েস্টনের জন্য ডিজাইন করা হয়েছিলো। তবে তাদের নিজের বাড়িটি নিজেরাই নির্মাণ করেছিলেন।
এই জুটি বলেছেন যে, প্রচলিত কাঠামোর বাইরে প্রকল্পটি তৈরি করার ফলে তাদের উপর “বিশেষ কিছু করার একটি চাপ” তৈরি হয়েছিল এবং নিজেরাই এটি নির্মাণ করার ফলে এর নকশাটি আরও অনন্য হয়ে উঠেছে।
সারম্যান বলেন, নির্মাণের সময় ক্রমাগত পরিবর্তন এবং পরিমার্জন করার ক্ষমতা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। তারা মনে করেন, নির্মাণস্থলে থেকে বিভিন্ন জিনিস পরিবর্তন করার ফলে প্রকল্পটি আরও সমৃদ্ধ হয়েছে।

হেলেন স্ট্রিট হাউস, যুক্তরাষ্ট্র
সিয়াটলের এই বাড়িটি মালিকরা নিজেরাই নির্মাণ করেছেন। তবে বাড়িটি ডিজাইন করেছেন মার্কিন স্টুডিও এমডব্লিউ ওয়ার্কস। বাড়িটি তারা নিজেরা নির্মাণ করলেও নির্দেশনা নিয়েছেন এমডব্লিউ ওয়ার্কসের কাছ থেকে।
পুরোনো কাঠের আবরণে মোড়া এই বাড়িটি একটি উঠানকে ঘিরে তৈরি করা হয়েছে। মালিকের আগের বাড়ির চেয়ে নিজেদের আগ্রহ ও রুচিকে আরও ফুটিয়ে তোলার জন্য বাড়িটি এভাবে নির্মাণ করা হয়েছে। নিজেরাই এটি তৈরি করার ফলে তারা একটি সীমিত নির্মাণ বাজেটের মধ্যেই নির্মাণকাজ শেষ করতে পেরেছিলেন।

ক্লে রাইজ, যুক্তরাজ্য
স্থপতি আন্দ্রে টেম্পলটন ফোর্ড দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নিজের এবং তার পরিবারের জন্য এই বাড়িটি তৈরি করেন। এর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর বাঁকানো তিন-স্তরবিশিষ্ট ছাদ। ছাদটি কাছাকাছি অবস্থিত আর্টস অ্যান্ড ক্রাফটস-শৈলীর ভবনগুলোর একটি আধুনিক ব্যাখ্যা বলা যেতে পারে।
নির্মাণের সময় সংক্ষেপ করার পাশাপাশি নির্ভুলতা নিশ্চিত করতে, ফোর্ড একটি প্রিফ্যাব্রিকেটেড কাঠের কাঠামো বেছে নেন। কাঠামোটি নির্মাণ প্রকল্পে কাজের সময় কমিয়ে মাত্র দুই সপ্তাহে নিয়ে আসে।

অ্যাটওয়াটার হাউস, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অ্যাটওয়াটার হাউসে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু এর সর্বশেষ সংস্কারে, এর মালিক—স্থপতি রেবেকা রুডলফ এবং কলিন থম্পসন—তাদের ক্রমবর্ধমান পরিবারের পরিবর্তিত চাহিদা মেটাতে বাড়িটিকে নতুন করে গড়ে তুলেছেন।
দুই দশক ধরে এই জুটির হাতে গড়া বাড়িটিতে বিভিন্ন ধরনের উপকরণের এক বিচিত্র মিশ্রণ রয়েছে।এর নকশাটি সেই জায়গায় তাদের বসবাসের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত।

ডেনমার্কের আরহুসে টমি র্যান্ডের পারিবারিক বাড়ি
স্থপতি টমি র্যান্ড আরহুসে তার পারিবারিক বাড়িটি তৈরি করেন নিজে। এর একটি কারণ ছিলো তার আবাসন উন্নয়ন সংস্থার জন্য একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে এটিকে ব্যবহার করা। আরেকটি কারণ ছিল নিজের বাড়ি তৈরির আজীবনের স্বপ্ন পূরণ করা।
টমির বাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে হলো তার একটি সর্পিল সিঁড়ি। সিঁড়িটি ৬৩০টি সিএনসি-কাটা প্লাইউডের টুকরো দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি। বাড়িটির ব্লক-আকৃতির, ধূসর রঙের বাইরের অংশ কাঠের কম্বিনেশন বাইরে থেকে দারুণ দেখা যায়।
টমি বলেন, এই বাড়ি নির্মাণের সময় তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি পেয়েছিলেন তা হলো নকশা এবং উপকরণের সাথে আপোস না করা। তিনি তা করেননি, এবং প্রতিদিন যখন তিনি এই বাড়িতে থাকেন, তখন এটি এক অসাধারণ তৃপ্তি দেয়।

যুক্তরাজ্যের লেটন হাউস
জো বার্কের নকশায় লন্ডনের আরেকটি স্ব-নির্মিত বাড়ি হলো লেটন হাউস। স্থপতি জো বার্ক নিজেই নিজের জন্য এই বাড়িটির নকশা ও নির্মাণ করেন। এই বাসস্থানটি একটি বিদ্যমান টেরেসের শেষ প্রান্তে স্থাপন করা হয়েছে। বার্ক পাশের বাড়িতে থাকাকালীন এটি তৈরি করেছিলেন।
এর নকশাটি সংলগ্ন বাড়িগুলোর আনুপাতিকতা ও জানালা বিন্যাস একটি ছন্দে আবদ্ধ হয় তার নকশায়। একই সাথে বোর্ডমার্কড কংক্রিট ও ফ্যাকাশে ইটের মতো সমসাময়িক ফিনিশিংয়ের সাথে সামনের সবুজ অংশটুকু একটি বৈপরীত্য তৈরি করে।

এজ হাউস, নেদারল্যান্ডস
স্টুডিও প্রোটোটাইপ মূলত এজ হাউস নির্মাণের পরিকল্পনা করেনি। তবে নির্মাণকাজ চলাকালীন ঠিকাদার দেউলিয়া হয়ে গেলে, স্টুডিওটি তাদের ক্লায়েন্টের সাথে যৌথভাবে এই দায়িত্ব গ্রহণ করে।
বাড়িটি আমস্টারডামের একটি এলাকায় একটি ত্রিভুজাকার প্লটের উপর অবস্থিত। এখানে পরিকল্পনা সংক্রান্ত নিয়মকানুন বেশ শিথিল। এর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কৌণিক দেয়াল এবং উপকরণের ব্যবহারে।
স্টুডিওটি জানায়, স্থপতি হিসেবে তারা ক্লায়েন্টদের সাথে মিলে ভবনটি চূড়ান্ত করার দায়িত্ব নিয়েছিলেন। তাদের সহায়তার জন্য সমস্ত যোগ্য ব্যক্তি ও ফিনিশিং বিশেষজ্ঞরা তাদের সঙ্গ দিয়েছিলো।


















