• Home
  • বিশেষ রচনা
  • ইউক্রেন পুন:গঠনে আশিবার্দ হতে পারে থ্রিডি প্রিন্টিং
Ukrine

ইউক্রেন পুন:গঠনে আশিবার্দ হতে পারে থ্রিডি প্রিন্টিং

এর নরম ধূসর রেখা এবং মসৃণ, বাঁকানো বাহ্যিক কাঠামোর কারণে প্রজেক্ট হাইভকে স্কুলের চেয়ে বরং একটি ওয়েলনেস রিট্রিট বা আধুনিক শিল্প জাদুঘরের মতো দেখায়।

কাঠামোটির এই স্বতন্ত্র গঠনশৈলী গুটিপোকা বা মৌচাকের মতো দেখায়। কারণ হলো এই ভবনটি তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি অত্যাধুনিক নির্মাণ পদ্ধতি: থ্রিডি প্রিন্টিং সিস্টেম।

ইউক্রেনের লভিভের ২৩ নং স্কুল থেকে ২০০ ফুটেরও কম দূরত্বে অবস্থিত ৩,৯৮৩ বর্গফুটের এই শিক্ষাকেন্দ্রটির দেয়ালগুলো মাত্র ৪০ ঘণ্টায় নির্মাণ করা হয়েছ। একটি কোবড গ্যান্ট্রি প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়েছিলো যা ডিজিটাল ব্লুপ্রিন্ট অনুসরণ করে কেকের উপর আইসিং বা পাইপিং করার মতো করে কংক্রিট ঢালাই করে।

এই পাইলট প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত অলাভজনক সংস্থা টিম৪ইউএ-এর প্রতিষ্ঠাতা জঁ-ক্রিস্টফ বোনিস দাবি করেন, এটি ইউরোপের প্রথম থ্রিডি-প্রিন্টেড শিক্ষা প্রতিষ্ঠান। তিনি জানান, “আমি কোনো নির্মাতা নই; আমি স্থপতি বা ডেভেলপার হতে চাই না। কিন্তু রোবোটিক্স এবং এআই-এর মাধ্যমে, প্রযুক্তির সাহায্যে আমরা (নির্মাণ) প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারি” যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

School
ইউক্রেনের থ্রিড প্রিন্টেড স্কুল। ছবি: সিএনএন

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে তার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করার পরই, লভিভের মতো জায়গাগুলো একটি বিশাল সমস্যার সম্মুখীন হয়েছিলো। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র লভিভ অঞ্চলেই ১,৭৩,০০০ মানুষ বাস্তুচ্যুত ছিলো।

বোনিস বলেন, প্রজেক্ট হাইভ স্কুলটিকে চারটি অতিরিক্ত শ্রেণীকক্ষ সরবরাহ করবে। এই কক্ষগুলো যুদ্ধ বিগ্রহের কারণে বাস্তুচ্যুত অতিরিক্ত শিক্ষার্থীদের জায়গা দিয়ে সহায়তা করবে। তিনি আশা করেন, প্রকল্পটি সফল হলে, এটি “ইউক্রেনে স্থানীয় নির্মাণকাজের অন্যতম একটি হাতিয়ার হিসেবে থ্রিডি প্রিন্টিংকে” অনেক বেশি উৎসাহিত করবে।

ব্ল্যাকআউট এবং বোমা হামলা

বিশেষজ্ঞের মতে, থ্রিডি-প্রিন্টেড নির্মাণ প্রচলিত নির্মাণ পদ্ধতির চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত এবং আরও টেকসই হতে পারে। স্কুলটির নকশার জন্য টিম৪ইউএ ইউক্রেনীয় স্টুডিও বালবেক ব্যুরো এবং প্রকৌশলগত কাজের জন্য স্থাপত্য সংস্থা আর্স লোঙ্গার সাথে যৌথভাবে কাজ করেছে।

২০২২ সালের সেপ্টেম্বরে একতলা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ভিত্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজটি মূলত মাত্র তিন মাসে শেষ হবে বলে আশা করা হয়েছিলো।

পরে ২০২২ সালের অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে দেশজুড়ে রাশিয়ার বিমান হামলা ও বোমাবর্ষণে বিদ্যুৎ গ্রিডসহ প্রধান বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ফলে লভিভে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। স্থানীয় সম্প্রদায়গুলো সৌরবিদ্যুৎ ও জেনারেটরের উপর নির্ভরশীল হয়ে পড়লে, প্রজেক্ট হাইভের কাজ স্থগিত করা হয়।

গত গ্রীষ্মে লভিভের পরিস্থিতি স্থিতিশীল হয় এবং বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়। ফলে অবশেষে প্রিন্টারটি সরবরাহ করা সম্ভব হয়। কাজ শুরুর পর ভবনটির কংক্রিটের কাঠামো প্রিন্ট করতে সব মিলিয়ে দুই দিনেরও কম সময় লেগেছিলো।

3D Paint
থ্রিডি প্রিন্টেড স্কুলের দেয়ালের ভেতরের পাশ। ছবি: সিএনএন

২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পটি উদ্বোধনের সময় ঘোষণা করা হলে আবারও দেখা দেয় বিপত্তি। অর্থসঙ্কটে মুখ থুবরে পড়ে প্রকল্পটি। গত এক বছরে ইউক্রেনে নির্মাণ ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। সেকারণে ছাদ, জানালা, দরজা ও অভ্যন্তরীণ নকশার মতো চূড়ান্ত পর্যায়ের কাজগুলো শেষ করতে ৪ লক্ষ ডলার প্রয়োজন পড়ে।

একটি ব্যয়বহুল বিকল্প

তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি হওয়ায় এবং এর মাধ্যমে নির্মিত ভবনগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কে সীমিত তথ্য থাকায়, থ্রিডি-প্রিন্টেড নির্মাণ মূলত এককালীন প্রকল্প বা গবেষণা সহযোগিতার জন্য ব্যবহৃত হয়ে আসছে।

ডাচ স্থাপত্য সংস্থা ডাস (DUS) ২০১৫ সাল থেকে থ্রিডি-প্রিন্টেড বাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এবং টেক্সাস-ভিত্তিক নির্মাণ সংস্থা আইকন (ICON) টেক্সাসের অস্টিন ও মেক্সিকোর নাকাজুকাতে সম্পূর্ণ কমিউনিটি থ্রিডি-প্রিন্ট করেছে। ২০২০ সালে, দুবাই ফিউচার ফাউন্ডেশন বিশ্বের প্রথম থ্রিডি-প্রিন্টেড বাণিজ্যিক ভবন হয়ে ওঠে এবং ২০২১ সালে, মালাউইতে বিশ্বের প্রথম থ্রিডি-প্রিন্টেড স্কুলটি সম্পন্ন হয়, যার দেয়ালগুলো মাত্র ১৮ ঘণ্টায় তৈরি করা হয়েছিল।

তবে, হংকং বিশ্ববিদ্যালয়ের সহযোগী স্থাপত্য অধ্যাপক ক্রিশ্চিয়ান লাঙ্গে, যিনি সেখানে রোবোটিক ফ্যাব্রিকেশন ল্যাবের তত্ত্বাবধান করেন। লাঙ্গে বলেছেন যে বৃহৎ আকারের নির্মাণের ক্ষেত্রে এই প্রযুক্তি এখনও শৈশবাবস্থায় রয়েছে। চলমান সংঘাত বা অস্থিরতাপূর্ণ অঞ্চলে নির্মাণকাজে থ্রিডি প্রিন্টিং ব্যবহারের সুবিধা সম্পর্কে লাঙ্গে সন্দিহান।

যদিও এই প্রযুক্তি প্রচলিত নির্মাণ পদ্ধতির চেয়ে সস্তা হওয়ার সম্ভাবনা রাখে, তবে প্রিন্টারগুলোর প্রাথমিক খরচ অত্যন্ত বেশি হতে পারে এবং এগুলোর আকারের কারণে স্থানান্তর করা কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়ে।

ল্যাঞ্জের মতে, থ্রিডি প্রিন্টিংয়ের চেয়ে সস্তা ও দ্রুততর বিকল্প রয়েছে, যেমন প্রিফ্যাব্রিকেটেড এবং মডিউলার ভবন। কারখানায় তৈরি অংশ দিয়ে বানানো এসব মডিউলারগুলো নির্মাণস্থলে দ্রুত একত্রিত করা সহজ। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এ ধরণের স্থাপনা বেশ জনপ্রিয়ও ছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুনর্গঠন কার্যক্রম এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য সস্তা আবাসনের ব্যবস্থা করতে এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হতো।

3D School
ইউক্রেনের থ্রিডি প্রিন্টেড স্কুলের টপ ভিউ। ছবি: সিএনএন

ল্যাঞ্জ বলেন, “অস্থায়ী আশ্রয়কে স্থায়ী আশ্রয় হতে হবে এমন কোনো কথা নেই। থ্রিডি প্রিন্টিং সত্যিই দারুণ। বিশেষ করে যখন বিশেষ জ্যামিতিক আকৃতির প্রয়োজন হয় তখন সম্পূর্ণ স্বাধীনতা থাকে। আকৃতি সোজা নাকি বাঁকা তাতে রোবট বা যন্ত্রের কিছু যায় আসে না।”

কিন্তু ইউক্রেনে, যেখানে বহু প্রযুক্তিবিদ, নির্মাণ শ্রমিক এবং শিল্প বিশেষজ্ঞরা সম্মুখ সমরে লড়ছেন, সেখানে অটোমেশন সিস্টেম শ্রমিকের ঘাটতি মোকাবিলায় সাহায্য করতে পারে। প্রজেক্ট হাইভের ঠিকাদার প্রতিষ্ঠান ৭সিআই গ্রুপের ব্যবস্থাপনা অংশীদার ওলগা গাভুরা বলেন, “এই প্রযুক্তি যে কম সংখ্যক বিশেষজ্ঞ দিয়ে নির্মাণকাজে সাহায্য করে, তা একটি উল্লেখযোগ্য সুবিধা।”

যেহেতু রাশিয়ার বিমান হামলা দেশটির অবকাঠামো ক্রমাগত ধ্বংস করে চলেছে। ২০২৪ সালেই লভিভসহ বিভিন্ন শহরকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে যাতে বেসামরিক নাগরিক নিহত এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাভুরা বিশ্বাস করেন, যে পরিমাণ স্থাপনা পুনর্নির্মাণ করতে হবে  তার জন্য থ্রিডি প্রিন্টিংয়ের যেনো বিকল্পই নেই।

তিনি বিশ্বাস করেন, প্রজেক্ট হাইভের মতো পাইলট প্রকল্পগুলো কেবল নির্মাণ প্রক্রিয়া পরীক্ষার পাশাপাশি আরও অনেক সুবিধা দেবে। ইউক্রেনের ভবিষ্যতের এমন এক প্রজন্মকে প্রশিক্ষণ দিতেও সাহায্য করবে যারা ভবিষ্যতে নিজেরাই এই প্রযুক্তি প্রয়োগ করতে পারবে।

সম্প্রদায় পুনর্গঠন

দুর্যোগ ও সংঘাতপূর্ণ অঞ্চলে থ্রিডি-প্রিন্টেড নির্মাণের সম্ভাবনা দেখতে পাওয়া একমাত্র সংস্থা টিম৪ইউএ নয়। অ্যারিজোনা-ভিত্তিক নির্মাণ সংস্থা ডায়মন্ড এজ বর্তমানে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বোমা আশ্রয়কেন্দ্র এবং সামরিক অবকাঠামো প্রিন্ট করার বিষয়ে আলোচনা করছে।

ডায়মন্ড এজ একটি পেটেন্ট করা থ্রিডি প্রিন্টিং সিস্টেম ব্যবহার করে, যা তাদের দাবি অনুযায়ী, ভবনগুলোর দেয়ালকে তাপরোধী করে। প্রতিষ্ঠানটির সিইও ওসলান বলেন, তার কোম্পানির তৈরি কাঠামো কাঠের ফ্রেমে তৈরি কাঠামোর চেয়ে ৩০% বেশি শক্তি-সাশ্রয়ী এবং ক্যাটাগরি ৫ হারিকেন বা মাঝারি ভূমিকম্প সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী।

কিয়েভ স্কুল অফ ইকোনমিক্সের একটি গবেষণা অনুসারে, রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর ক্ষতিপূরণ করতে আনুমানিক ১৫১.২ বিলিয়ন ডলার খরচ হবে। গবেষকরা দেখেছেন যে, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে ৩,৫০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১,৬০,০০০-এর বেশি বাড়িঘর ছিলো।

ইউক্রেন পুনর্গঠনের কাজ শুরু করতে থ্রিডি প্রিন্টিং-এর বিশাল সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ওসলান বলেন, তারা আশা করে সামরিক বা মানবিক কাঠামো নির্মাণের জন্য আজ তারা ইউক্রেনকে যা কিছু সরবরাহ করছে, তা শেষ পর্যন্ত দেশের বিভিন্ন সম্প্রদায়ের পুনর্গঠনের জন্য বাড়িঘর নির্মাণে রূপান্তরিত হবে।

নতুন স্কুল ভবনের জন্য আরও একটি সংশোধিত উদ্বোধনের তারিখের অপেক্ষায় থাকলেও, বোনিস ইতিমধ্যেই আরও দুটি উচ্চাভিলাষী থ্রিডি প্রিন্টিং প্রকল্পের পরিকল্পনা করছেন। এগুলো হলো, খেরসনে একটি সেতু এবং কিয়েভের কেন্দ্রে একটি আটতলা ভবন।

টিম৪ইউএ আশা করে এই পরীক্ষামূলক প্রকল্পগুলো তাদের গতি ও দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যতের প্রকল্পগুলোর জন্য খরচ কমাতে সাহায্য করবে। এরই মধ্যে বোনিস একটি ব্যক্তিগত সংস্থা প্রতিষ্ঠা করছেন, যা ইউক্রেনে ‘প্রিন্টিং অ্যাজ এ সার্ভিস’ প্রদানের জন্য দুটি থ্রিডি প্রিন্টার কিনবে এবং এর থেকে প্রাপ্ত মুনাফা টিম৪ইউএ-এর মানবিক সহায়তা কার্যক্রমে সাহায্য করবে।

Related Posts

জনসংখ্যা হ্রাসে স্থাপত্যের ভূমিকা নিয়ে কেউ কথা বলতে চায় না

ইতিহাসের বেশিরভাগ সময় জুড়েই, মানব সমাজ জনসংখ্যা বৃদ্ধির সাথে মানিয়ে নেয়ার চর্চা করে এসেছে। তবে সেই ধারণাটি বদলে…

তাজহাট জমিদার বাড়ি বাংলার ইতিহাসের সাক্ষী

তাজহাট জমিদার বাড়ি বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের এক স্মারক। পুরান রংপুর যা বর্তমানে তাজহাট উপজেলা হিসেবে পরিচিত সেখানেই গড়ে…

নিখিল: নৃত্যের ছন্দে গড়া স্মৃতির অনুরণন

নিখিল রেসিডেন্স (একজন নৃত্যশিল্পীর বাড়ি)অবস্থান: ৩৩৫, নর্থ বাগবাড়ি, সিলেট।প্রধান স্থপতি: স্থপতি রাজন দাসআলোকচিত্র: Prantography  নিখিল রেসিডেন্স এমন এক…

প্রথমবার AIA মেডেল পেলেন জাপানের স্থপতি শিগেরো ব্যান

আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেকটস (AIA)। তারা প্রতি বছরই একজন আমেরিকান স্থপতিকে সম্মাননা হিসেবে AIA গোল্ড মেডেল দিয়ে থাকে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *