Image

নিখিল: নৃত্যের ছন্দে গড়া স্মৃতির অনুরণন

নিখিল রেসিডেন্স এমন এক স্থাপত্য, যেখানে ঘর কেবল বসবাসের স্থানের মাঝেই সীমাবদ্ধ নয়। এখানে পরম্পরা, স্মৃতি ও সম্পর্ক এবং জীবনের চলমান অভিজ্ঞতার স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। সিলেটের একটি ঘনিষ্ঠ, প্রথাগত পাড়ার ভেতরে অবস্থিত এই বাড়ি বাইরে থেকে নীরব ও সংযত হলেও ভেতরে এটি এক গভীর, প্রবাহমান জীবনচর্চার জায়গা। এখানে নৃত্য, অতীত এবং দৈনন্দিন জীবন একে অপরের সঙ্গে মিশে গেছে।

এই বাড়ির মূল ধারণা “স্থান” এবং “মানুষ” এই দুই চিরন্তন সত্তার পারস্পারিক সংলাপ। যারা এখানে বসবাস করেন, তারা শুধু নতুন ঘরে প্রবেশ করলেন এমন নয়। তারা তাদের অতীত, পূর্বপুরুষের স্মৃতি এবং সম্পর্ককেও সঙ্গে নিয়ে নতুনভাবে জীবনকে গড়ে তোলেন। ক্ষিতি স্থপতি-এর এই প্রকল্পটি বাঙ্গালিয়ানাকে নিংড়ে এনেছে ষোলোয়ানা।

নীরব পাড়ার ভেতরে স্থাপত্যের অবস্থান

নিখিল রেসিডেন্স এমন একটি ঘনবসতিপূর্ণ ও আন্তরিক পাড়ায় অবস্থিত, যেখানে সামাজিক সম্পর্ক অত্যন্ত গভীর আর বাড়িগুলো একে অপরের খুব কাছাকাছি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাড়িটি কোনোভাবেই নিজেকে আলাদা বলে জাহির করে না। বরং চারপাশের পরিবেশের সঙ্গে নীরবে মিশে যায়।

বাইরের ফ্যাসাডে কোনো অতিরিক্ত জাকজমক নেই। এমন এক সংযত উপস্থিতি, যা পাড়ার অংশ হয়েই থাকে। 

ছিমছাম প্রবেশ পথ যেন মিলে যায় চারপাশের আবহের সাথে। ছবি: ক্ষিতি স্থপতি
ঘর ও স্মৃতির পুনর্গঠন

এই বাড়ির সবচেয়ে মানবিক দিক হলো স্মৃতির ধারাবাহিকতা। এখানে প্রতিটি মানুষ তাদের অতীতকে নতুন ঘরের ভেতরে বহন করে আনতে পেরেছেন। কেউ দেয়ালে প্রিয়জনের ছবি রাখেন, কেউ বইয়ের কোণ গড়ে নেন, আবার কেউ নীরব অনুপস্থিতিকে নিজের মতো করে ধারণ করেন।

একজন চিকিৎসক ও তাঁর স্ত্রী নৃত্যশিল্পী নীলাঞ্জনা দাশ। তাদের একমাত্র কন্যা এবং দুই মাকে নিয়ে গড়ে উঠেছে এই পরিবারের আবাস। দুই পরিবারের পিতৃপুরুষেরা আজ আর বেঁচে নেই, তবে তাঁদের শূন্যতা প্রতিটি কোণেই অনুভব করা যায়। যেন দুই পরিবারের স্মৃতি, সম্পর্ক ও অনুভূতির সুতোয় বোনা এক নকশিকাঁথা। 

নাচের ক্লাসের মাঝে ক্ষণিকের বিরতে শিক্ষার্থীরা। ছবি: ক্ষিতি স্থপতি
নৃত্যকে কেন্দ্র করে স্থাপত্যের সংগঠন

এই বাড়ির সবচেয়ে শক্তিশালী ধারণা হলো নৃত্যকে কেন্দ্র করে পুরো স্পেসের বিন্যাস। নিচতলায় নৃত্যচর্চার জায়গা, উপরে আবাসিক জীবন এবং ছাদে খোলা আকাশ, এই তিন স্তর মিলে তৈরি হয়েছে এক ধারাবাহিক প্রবাহ।

প্রবেশ ঘটে একটি মেজানাইন স্তর থেকে। যেখান থেকে চলাচল দুই দিকে ভাগ হয়ে যায়। নিচে নৃত্যশালা এবং উপরে আবাসিক অংশ। মাঝখানের খোলা উঠোন পুরো বাড়িকে আলো ও বাতাসের মাধ্যমে সংযুক্ত করে রাখে। ফলে কোনো স্পেস আলাদা না হয়ে একে অপরের সঙ্গে প্রবাহমান থেকে যায়।

অভ্যন্তরের সরল নকশার মাঝে ধারণ করা হয়েছে পরম্পরার বিশেষ ভাব। ছবি: ক্ষিতি স্থপতি
আলো, বাতাস এবং জালির স্থাপত্যিক ভাষা

নিখিল রেসিডেন্সে প্রাকৃতিক আলো ও বাতাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাইলাইট, খোলা স্পেস এবং ইট ও কংক্রিটের জালির মাধ্যমে পুরো বাড়িতে আলো-বাতাসের প্রবাহ তৈরি হয়েছে।

এই জালির ত্রিভুজাকৃতি নকশা শুধু সৌন্দর্যের খাতিরে তৈরি হয়নি। এটি নৃত্যের ছন্দ ও গতির একটি স্থাপত্যিক প্রতিফলন। আলো যখন এই জালির ভেতর দিয়ে ভেঙে ভেঙে প্রবেশ করে, তখন পুরো অভ্যন্তর একটি পরিবর্তনশীল, জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয়।

উমুক্ত উঠোনজুড়ে আসে আলো আর বাতাস। ছবি: ক্ষিতি স্থপতি
অভ্যন্তরের আবহ: শান্তরস

বাড়ির ভেতরের পরিবেশকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় “শান্তরস”-এর মাধ্যমে। এটি এমন এক নীরবতা, যেখানে স্মৃতি, শিল্পচর্চা এবং দৈনন্দিন জীবন একসাথে সহাবস্থান করে।

এই নীরবতা শূন্যতার হাহাকার নয়, বরং এক ধরনের পূর্ণতা যোগায়। এখানে মানুষ নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে এবং চারপাশের পরিবেশের সঙ্গে সংযুক্ত থাকে। এখানে ব্যক্তিগত স্পেস যেমন অন্তরঙ্গ, তেমনি শেয়ার করা স্পেসগুলিও মানুষকে একত্রিত করে।

নিখিল রেসিডেন্স একটি চলমান অভিজ্ঞতা। এখানে ঘর স্মৃতিকে ধারণ করে, আবার সেই স্মৃতি নতুনভাবে গড়ে ওঠার সুযোগও পায়। এই বাড়ি দেখায়, স্থাপত্যের প্রকৃত শক্তি তার আকারে নয়, বরং তার অনুভবে। নৃত্যের ছন্দ, আলো-ছায়ার খেলা, জালির ভেতর দিয়ে প্রবাহিত বাতাস এবং মানুষের নীরব উপস্থিতি সব মিলিয়ে নিখিল একটি সংবেদনশীল, কাব্যিক এবং গভীরভাবে মানবিক স্থাপত্য হয়ে ওঠে।

সংবেদনশীল, কাব্যিক এবং মানবিক স্থাপত্যের অপর নাম নিখিল রেসিডেন্স। ছবি: ক্ষিতি স্থপতি

প্রকল্পের তথ্য:

ক্লায়েন্ট: ডা. যতন ভৌমিক ও নীলাঞ্জনা দাস জুঁই
অন্যান্য টিম সদস্য: অমিতাভ দেবনাথ
নির্মাণ প্রতিষ্ঠান: ক্ষিতি স্থপতি
প্রকল্প ও সাইট ইঞ্জিনিয়ার: খোকন চন্দ্র মজুমদার
ঠিকাদার: লিটন মিয়া
সময়কাল: ২০১৭–২০১৯
মোট নির্মাণ ব্যয়: ১.৪ কোটি টাকা

তথ্যসূত্র

ক্ষিতি স্থপতি-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

Related Posts

অ্যাডাপটিভ রিইউজ: পুরনো ভবনকে যখন নগর-নীতির হাতিয়ার বানানো হয়

শহর একবারে নতুন করে গড়ে তোলা যায় না। ধাপে ধাপে পুরনোর ওপর যোগ হয় নতুনের। কিন্তু আধুনিক উন্নয়নে…

প্রতি বছর পুড়িয়ে ফেলা হয় যে নগরী

স্থাপত্য মানেই কি ইট, কংক্রিট, ইস্পাত আর বছরের পর বছর টিকে থাকা কোনো ভবন? উত্তরটি যদি হয়—না, তাহলে…

নোডক্র্যাফটের মাটি ঢালাই করা প্রকৃতির কাছাকাছি এক ফার্মহাউজ

ভারতীয় স্থাপত্য প্রতিষ্ঠান নোডক্র্যাফট স্টুডিও বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি ফার্মহাউজ তৈরি করেছে। যা গড়ে উঠেছে মাটি ঢালাই প্রাচীর এবং…

লস অ্যাঞ্জেলেসে লেহরার আর্কিটেক্টসের বর্ণিল সাপোর্টিভ হাউজিং

মার্কিন স্থাপত্য প্রতিষ্ঠান লেহরার আর্কিটেক্টস সম্প্রতি সম্পন্ন করেছে লোমা ভের্দে নামের একটি সাপোর্টিভ হাউজিং প্রকল্প, যা লস অ্যাঞ্জেলেসের…