• Home
  • বিশেষ রচনা
  • বৈশ্বিক স্থাপত্য কি সত্যিকার অর্থে স্থানীয় হতে পারে?
architecture

বৈশ্বিক স্থাপত্য কি সত্যিকার অর্থে স্থানীয় হতে পারে?

স্থাপত্য আজ ক্রমশই বৈশ্বিক রূপ নিচ্ছে। ডিজাইন করছেন এক দেশের স্থপতিরা, প্রকৌশলের কাজ করছেন অন্যদেশের কেউ, আবার নির্মাণ উপকরণ আসে বিভিন্ন মহাদেশ থেকে। কাচের টাওয়ার, প্যারামেট্রিক সম্মুখভাগ, উন্মুক্ত কংক্রিট বা মিনিমালিস্ট অভ্যন্তরীণ ডিজাইনের মতো ধারণাগুলো প্রতিযোগিতা, ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া ও সফটওয়্যারের মাধ্যমে জাতীয় সীমানা ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।

এই প্রবণতার প্রেক্ষাপটেই স্থাপত্যবিষয়ক লেখক মাহশিদ মোতামেদ প্যারামেট্রিক আর্কিটেকচার প্ল্যাটফর্মে একটি মৌলিক প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, বৈশ্বিক স্থাপত্য কি তাহলে সত্যিকার অর্থে স্থানীয় হতে পারে?

তার নিবন্ধের ভিত্তিতেই বন্ধনের এই বিশেষ আয়োজন।

বৈশ্বিক স্থাপত্য কি সত্যিকার অর্থে স্থানীয় হতে পারে? ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

বৈশ্বিক স্থাপত্যভাষার উত্থান

আধুনিকতাবাদ স্থাপত্যে বৈশ্বিকীকরণের সূচনা করেছিল অনেক আগেই। লে করবুজিয়ে, মিস ভান ডার রোহে ও গ্রোপিউসের মতো স্থপতিরা এমন এক আন্তর্জাতিক স্থাপত্যভাষা তৈরি করেছিলেন, যা কার্যকরী পরিকল্পনা, কংক্রিট-ইস্পাত কাঠামো ও প্রমিত নির্মাণপদ্ধতির মাধ্যমে যেকোনো ভৌগোলিক প্রেক্ষাপটে প্রয়োগযোগ্য হবে বলে ধারণা করা হয়েছিল।

এতে স্থাপত্য প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে উপকৃত হলেও, এই “সর্বজনীন” নকশা প্রায়ই স্থানীয় জলবায়ু, সংস্কৃতি ও নির্মাণ-ঐতিহ্যকে উপেক্ষা করেছে।

আজকের বৈশ্বিকীকরণ এই সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। দূরবর্তী শহরগুলোর বিমানবন্দর, শপিং মল, হোটেল বা করপোরেট ভবন প্রায় একই রকম দেখতে হয়ে যাচ্ছে। ফলে তৈরি হচ্ছে এক ধরনের “স্থাপত্যিক একরূপতা”। প্রতিটি শহর নিজেকে বিশেষ করে তুলতে চাইলেও, শেষমেশ সবাই একই রকম ভবন বানিয়ে ফেলছে।

“সর্বজনীন” নকশা প্রায়ই স্থানীয় জলবায়ু, সংস্কৃতি ও নির্মাণ-ঐতিহ্যকে উপেক্ষা করেছে। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

স্থানীয়তা শুধু চেহারার বিষয় নয়

সমসাময়িক স্থাপত্যের একটি সাধারণ ভুল ধারণা হলো ভবন দেখতে “স্থানীয়” মনে হলেই সেটাকে স্থানীয় বলে ঘোষণা করা। আঞ্চলিক পাথর, ঐতিহ্যবাহী নকশা বা পুরোনো মোটিফ ব্যবহার করলেও ভবন তার প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন থেকে যেতে পারে। এতে স্থানীয়তার আকর্ষণীয় চেহারা তৈরি হয় ঠিকই, কিন্তু জায়গার সঙ্গে প্রকৃত সম্পর্ক তৈরি হয় না।

জলবায়ু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উষ্ণ-শুষ্ক অঞ্চলের ভবনকে রোদ, বাতাস, তাপ ও পানির স্বল্পতার সঙ্গে যেভাবে খাপ খাইয়ে নিতে হয়, শীতল অঞ্চলের ভবনের প্রয়োজন তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আধুনিক প্রযুক্তি এই সাড়া দেওয়ার পদ্ধতি বদলাতে পারে, কিন্তু ভৌগলিক বাস্তবতা মুছে ফেলতে পারে না। সংস্কৃতিও একই রকম গুরুত্বপূর্ণ। 

জলবায়ুই স্থাপত্যের ভাষা ঠিক করে দেয়—উষ্ণ-শুষ্ক আর শীতল অঞ্চলের চাহিদা একেবারে ভিন্ন। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

“আঞ্চলিক শৈলী”র সমস্যা

স্থানীয় পরিচয়ের অনুসন্ধান অনেক সময় আরেকটি সমস্যা তৈরি করে। তা হলো নিম্নমানের এক “আঞ্চলিক শৈলী”র উদ্ভাবন। যখন স্থপতিরা একটি আন্তর্জাতিক ধাঁচের ভবনকে স্থানীয় দেখাতে চেষ্টা করেন, তখন তারা সাধারণ একটি কাঠামোর গায়ে চেনা সাংস্কৃতিক প্রতীক জুড়ে দেন। যেমন ঐতিহ্যবাহী খিলান, জ্যামিতিক নকশা, অলংকৃত পর্দা-দেয়াল, স্থানীয় রং কিংবা পরিচিত ছাদের আকৃতি হয়ে ওঠে পরিচয়ের দৃশ্যগত চিহ্ন মাত্র। এই পদ্ধতি সংস্কৃতিকে নিছক সাজসজ্জায় নামিয়ে আনতে পারে।

অথচ ভবনের পরিচয় গড়ে ওঠার কথা ছিল আশপাশের সঙ্গে তার সম্পর্ক এবং পরিবেশগত অবস্থার সঙ্গে তার সাড়া দেওয়ার ধরনের ওপর ভিত্তি করে। এই পার্থক্যটি বিশেষভাবে চোখে পড়ে দ্রুত উন্নয়নশীল অঞ্চলগুলোতে। মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার শহরগুলো প্রায়ই দুই দিক থেকে চাপে থাকে। তারা নিজেদের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে চায়, আবার বিশ্বমানের স্বীকৃত স্থাপত্যও বানাতে চায়। এর ফল কখনো হয় স্থানীয় ঐতিহ্যের সূক্ষ্ম ও মার্জিত পুনর্ব্যাখ্যা, আবার কখনো নিছক গতানুগতিক আঞ্চলিক অনুকরণ।

স্থানীয় পরিচয়ের অনুসন্ধান অনেক সময় নিম্নমানের এক “আঞ্চলিক শৈলী”র উদ্ভাবন করে। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

দৈনন্দিন জীবনের গুরুত্ব

স্থানীয় স্থাপত্যের সবচেয়ে কঠিন পরীক্ষাটি সম্ভবত দৃশ্যগত নয়, বরং সামাজিক। একটি ভবন কি সত্যিই বোঝে মানুষ কীভাবে জীবনযাপন করে? স্থাপত্য তখনই স্থানীয় হয়ে ওঠে যখন তা দৈনন্দিন আচরণকে ধারণ করে। একটি সফল ভবনের উচিত মানুষ কীভাবে একত্র হয়, চলাফেরা করে, বিশ্রাম নেয়, উদযাপন করে ও কাজ করে তার সঙ্গে সাড়া দেওয়া। আবাসিক ভবনের উচিত পরিবার-কাঠামো ও গার্হস্থ্য জীবনের ধরন বোঝা। 

এখানেই ব্যহারকারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় জ্ঞানে এমন তথ্য থাকে, যা স্যাটেলাইট চিত্র, পরিবেশগত সফটওয়্যার বা আন্তর্জাতিক নকশা-নির্দেশিকার মাধ্যমে জানা যায় না। বাসিন্দারা ঋতুভিত্তিক পরিবর্তন, অনানুষ্ঠানিক চলাচলের পথ, সামাজিক সীমারেখা, অস্বস্তিকর জায়গা এবং দৈনন্দিন অভিযোজনগুলো সম্পর্কে জানেন।

স্থানীয় স্থাপত্যের সবচেয়ে কঠিন পরীক্ষাটি সম্ভবত দৃশ্যগত নয়, বরং সামাজিক। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

একজন বৈশ্বিক স্থপতি কি স্থানীয় ভবন ডিজাইন করতে পারেন?

স্থাপত্য চর্চার ক্রমবর্ধমান আন্তর্জাতিকীকরণ লেখকত্ব নিয়ে একটি অস্বস্তিকর প্রশ্ন তোলে, যে স্থপতি কোনো নির্দিষ্ট জায়গায় কখনো বাস করেননি, তিনি কি সেই জায়গার সঙ্গে সত্যিকার অর্থে যুক্ত স্থাপত্য তৈরি করতে পারেন? এর কোনো সহজ উত্তর নেই। স্থপতিরা সবসময়ই নিজের জন্মস্থানের বাইরে কাজ করে এসেছেন। বাণিজ্য, অভিবাসন, শিক্ষা, উপনিবেশবাদ, রাজনৈতিক নেটওয়ার্ক ও পেশাগত বিনিময়ের মধ্য দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই জ্ঞান ভ্রমণ করেছে। সমস্যা তখনই দেখা দেয়, যখন বহিরাগত দক্ষতা স্থানীয় জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

একজন আন্তর্জাতিক স্থপতি স্থানীয় ভবন তৈরি করতে পারেন। সেক্ষেত্রে তার ডিজাইন-প্রক্রিয়াটি সত্যিকার অর্থেই এর প্রেক্ষাপটের প্রতি মনোযোগী হয় এবং স্থানীয় দক্ষতাকে অন্তর্ভুক্ত করে। এর জন্য প্রয়োজন গবেষণা, সহযোগিতা, অভিযোজন এবং কখনো কখনো অন্য জায়গায় গড়ে ওঠা ধারণাগুলো ছেড়ে দেওয়ার ইচ্ছা। 

স্থপতিরা সবসময়ই নিজের জন্মস্থানের বাইরে কাজ করে এসেছেন। ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

বৈশ্বিক ও স্থানীয়র মিথ্যা দ্বিধা পেরিয়ে

বৈশ্বিক ও স্থানীয় স্থাপত্যের এই বিতর্ক আসলে একটি ভুল দ্বিধা তৈরি করে। যেন প্রযুক্তি বনাম সংস্কৃতি, বা আন্তর্জাতিক নকশা বনাম আঞ্চলিক পরিচয়ের মধ্যে একটা বেছে নিতে হবে। বাস্তবে চ্যালেঞ্জ হলো এই দুটোকে একসঙ্গে কাজে লাগানো। বৈশ্বিক জ্ঞান দেয় নতুন প্রযুক্তি ও কাঠামোগত কৌশল, আর স্থানীয় জ্ঞান দেয় জলবায়ু, সংস্কৃতি ও জায়গার বোঝাপড়া। ভবিষ্যতের স্থাপত্যে দুটোই দরকার হবে।

তাই আসল প্রশ্ন এটা নয় যে বৈশ্বিক প্রভাব বাদ দিয়ে সম্পূর্ণ স্থানীয় হওয়া সম্ভব কি না। কারণ সম্ভব না এবং তার কোন প্রয়োজনও নেই। স্থাপত্য সবসময়ই বিনিময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে। বরং আসল প্রশ্ন হলো, বৈশ্বিক স্থাপত্য কি নির্দিষ্ট জায়গার উপযোগী হয়ে উঠতে পারে? এটা তখনই সম্ভব, যখন স্থপতিরা স্থানীয়তাকে শুধু নান্দনিক সাজসজ্জা হিসেবে না দেখে মানুষ, পরিবেশ, সংস্কৃতি ও জায়গার মধ্যকার একটি জটিল সম্পর্ক হিসেবে বোঝেন।

ছবি: প্যারামেট্রিক আর্কিটেকচার

বৈশ্বিক স্থাপত্যকে কোনো জায়গার অংশ হতে হলে বিশ্বকে বাদ দিতে হবে না। বরং সেই জায়গার সঙ্গে এমনভাবে যুক্ত হতে হয়, যেন ভবনটি ঠিক একইভাবে অন্য কোথাও তৈরি করা সম্ভব না হতো। এই একরকম হয়ে যাওয়া স্থাপত্যের দুনিয়ায়, কোনো জায়গার সঙ্গে গভীর সম্পর্কই হয়তো হয়ে উঠবে প্রকৃত নিজস্বতার নতুন মাপকাঠি।

এটাই বৈশ্বিকীকরণের অদ্ভুত শিক্ষা, স্থাপত্য যত বেশি পরস্পরসংযুক্ত হয়, ততই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বোঝা যে একটি ভবন আসলে কোথায় দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত স্থানীয় স্থাপত্যের প্রকৃত মাপকাঠি হলো ভবনটি ঐতিহ্যবাহী দেখতে কি না বা স্থানীয় উপকরণ ব্যবহার করেছে কি না তা নয়, বরং তার অস্তিত্ব সেই পরিস্থিতির সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত, যে পরিস্থিতি তাকে জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: 

প্যারামেট্রিক আর্কিটেকচার

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

হোমালি যেনো রেস্তোরাঁ নয় ধান গাছের জীবন গল্প

নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?

স্থাপত্য বলতে এতদিন আমরা বুঝেছি ইট, কংক্রিট আর কাঁচের কাঠামো তৈরির শিল্প। কিন্তু বর্তমান সময়ে এই ধারণা বদলে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

অভিনেতার নিউ ইয়র্কের বাড়িতে এক অবাক করা পল্লীসুলভ ছোঁয়া
সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট
হোমরালি রেস্তোরাঁ
স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন
আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?
স্থাপত্যে প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Arch De Trump
কেন স্বেচ্ছায় নিজের “স্থপতি” উপাধি মুছে ফেললেন RIBA সভাপতি?
construction