মৃত্যুর ছায়া পেরিয়ে সুরক্ষাজালে মোড়া ‘দ্য ভেসেল’: খাঁচা নাকি শিল্প?

                                                      কাওসার আবেদীন সেতু

নিউইয়র্ক শহরের হাডসন ইয়ার্ডের দিকে তাকালেই চোখে পড়ে এক বিশাল মৌচাকের মতো স্থাপনা ‘দ্য ভেসেল’ (The Vessel)। তবে এর চকচকে তামাটে আবরণের আড়ালে লুকিয়ে আছে এক মর্মান্তিক ইতিহাস। ২০২১ সালে একের পর এক আত্মহত্যার ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল এই দর্শনীয় স্থানটি। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর, অবশেষে সুরক্ষাজাল (Safety netting) লাগিয়ে ২০২৪ সালের ২৮ অক্টোবর এটি আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

রকফেলার সেন্টারের পর ম্যানহাটনের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প এই হাডসন ইয়ার্ড। আর ১৫০ ফুট উঁচু ভেসেলকে তৈরি করা হয়েছিল এর মূল আকর্ষণ হিসেবে- যেন মানুষ এখানে এসে ছবি তোলে এবং ইনস্টাগ্রামে শেয়ার করে। কিন্তু নতুন করে সুরক্ষাজাল যুক্ত করার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, ২০১৯ সালে বড়সড় নকশাগত ত্রুটি নিয়েই এটি যাত্রা শুরু করেছিল এবং সে সময় এর নিচু রেলিং নিয়ে করা প্রাথমিক সতর্কবার্তাগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে- নতুন এই রূপ কি আসলেই আগের চেয়ে ভালো?

শুরুর সেই ত্রুটি এবং মর্মান্তিক পরিণতি

বিলিয়নিয়ার স্টিফেন এম. রস পরিচালিত রিয়েল এস্টেট ফার্ম ‘রিলেটেড কোম্পানিজ’-এর মালিকানাধীন এই ভেসেল মূলত অসংখ্য সিঁড়ির একটি গোলকধাঁধা। কাচ আর ইস্পাতের গগনচুম্বী অট্টালিকার মাঝে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা থেকে পুরো এলাকার ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়।

উদ্বোধনের আগেই সমালোচকরা সতর্ক করেছিলেন যে, এর নিচু রেলিং এবং সুরক্ষাজালের অভাব আত্মহত্যার মতো ঘটনাকে উসকে দিতে পারে। তাদের সেই আশঙ্কাই করুণভাবে সত্য প্রমাণিত হয়।

তিনটি আত্মহত্যার ঘটনার পর ২০২১ সালের জানুয়ারিতে ভেসেল কয়েক মাসের জন্য বন্ধ রাখা হয়। এরপর বাড়তি নিরাপত্তা কর্মী, দর্শনার্থীদের জন্য ‘বাডি সিস্টেম’ (একা প্রবেশ না করা) এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সাইনবোর্ড লাগিয়ে এটি আবার খোলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, ২০২১ সালের জুলাইয়ে ১৪ বছরের এক কিশোরের আত্মহত্যার পর ভেসেলের সিঁড়িগুলো দীর্ঘ তিন বছরের জন্য পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

নতুন রূপ: নান্দনিকতা বনাম নিরাপত্তা

ভেসেলের নকশাকার ‘হেদারউইক স্টুডিও’ জানিয়েছে, তারা এমন একটি সমাধান খুঁজছিল যা দর্শনার্থীদের পূর্ণ নিরাপত্তা দেবে, কিন্তু ভেসেলের মূল আকৃতি ও অভিজ্ঞতায় কোনো আঁচড় ফেলবে না।

হাডসন ইয়ার্ডের চিফ অপারেটিং অফিসার অ্যান্ড্রু রোজেন বলেন, “আমরা এমন একটি কাস্টমাইজড সমাধান বের করতে পেরেছি, যা নান্দনিকতার পাশাপাশি মানুষের দেখার সুযোগ এবং নিরাপত্তার মাঝে একটি সুন্দর ভারসাম্য তৈরি করেছে।”

খাঁচায় বন্দি এক অভিজ্ঞতা

কেমন লাগছে নতুন এই ভেসেলে উঠতে? ১০ ডলারের টিকিট কেটে, কড়া নিরাপত্তা পেরিয়ে ভেতরে ঢুকলেই দেখা যায় তামাটে রঙের চকচকে সিঁড়ির গোলকধাঁধা। নিরাপত্তারক্ষীরা কড়া নজর রাখছেন, আর এর মাঝেই পর্যটকরা ছবি তুলতে তুলতে ওপরে উঠছেন।

তবে এখন আর আগের মতো অবাধে ঘোরা যায় না। তৃতীয় ও চতুর্থ ধাপে বসানো হয়েছে সুরক্ষাজাল। নতুন গেট আর জালের কারণে ভেসেলের বেশ কিছু অংশ এখন বন্ধ। যত ওপরে ওঠা যায়, হাঁটার জায়গা তত সরু হয়ে আসে। মোট আটটি ধাপের মধ্যে সপ্তম ধাপে গিয়ে দর্শনার্থীরা কেবল দক্ষিণ দিকের একটিমাত্র প্ল্যাটফর্মেই যেতে পারেন, যেখান থেকে ম্যানহাটনের দৃশ্য কিছুটা বাধাগ্রস্ত মনে হয়। আর একদম ওপরের তলাটি তো পুরোপুরি নিষিদ্ধ।

১৫৪টি সিঁড়ির এই গোলকধাঁধায় ওঠানামার অভিজ্ঞতা এক অদ্ভুত ও অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয়। এটি একই সঙ্গে যেমন রোমাঞ্চকর তেমনি ভীতিকর। 

সমালোচকদের চোখে: ‘শিল্প নয়, যেন এক কয়েদখানা’

নিরাপত্তার স্বার্থে জাল বসানো হলেও, স্থাপত্য সমালোচকরা এটি মোটেও ভালোভাবে নেননি। তাদের মতে, সুরক্ষাজাল বসানোর ফলে এটি functional বা কার্যকরী নিরাপত্তার দিকটি হয়তো সামলেছে, কিন্তু স্থাপনাটি এখন দেখতে আরও বেশি কদর্য ও বেঢপ লাগছে।

স্থপতি ও অধ্যাপক জ্যাকব অ্যালস্পেকটর এর আগে ভেসেলকে বিখ্যাত গ্রাফিক আর্টিস্ট এম. সি. এশারের ‘সিঁড়ির গোলকধাঁধার দুঃস্বপ্ন’-এর সঙ্গে তুলনা করেছিলেন। নতুন রূপ দেখে তিনি বলেন, “এমনিতেই এটি এক ধরনের বিদঘুটে স্থাপনা ছিল, এখন জাল বসিয়ে এর সৌন্দর্য আরও নষ্ট করা হয়েছে। ছবি ও ভিডিওতে এই সুরক্ষাজালগুলোকে খাঁচা বা কারাগারের মতো লাগছে। মানুষ হয়তো টাকা দিয়ে এটি দেখতে যাবে, কিন্তু এটি কোনো উন্নতি নয়; বরং উল্টোটা।”

আরেক স্থাপত্য সমালোচক ম্যাট শ, যিনি ২০১৬ সালেই এর নিরাপত্তা নিয়ে পত্রিকায় প্রচ্ছদ প্রতিবেদন করে সতর্ক করেছিলেন, বলেন, “এই প্রজেক্টের শুরু থেকেই কোনো সঠিক পরিকল্পনা ছিল না।”

তার মতে, ভেসেল এখন চিরকালের জন্য দুটি বিষয়ের প্রতীক হয়ে রইল:

প্রথমত: কত হাস্যকর ও উদ্ভটভাবে এই প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল।

দ্বিতীয়ত: এখানে তরতাজা কিছু মানুষের প্রাণ ঝরে গেছে।

শুধুই কি টাকার অহংকার?

ম্যাট শ মনে করেন, সুরক্ষাজাল ভেসেলের মূল সমস্যার কোনো সমাধান নয়। এর মূল সমস্যা হলো এই স্থাপনার কোনো বাস্তব ব্যবহারিক নেই। গন্তব্যহীন এই অন্তহীন সিঁড়িগুলো নগর পরিকল্পনার নান্দনিকতা এবং উপযোগিতা, উভয় ক্ষেত্রেই ব্যর্থ।

সমস্যাটির শিকড় আসলে এর নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে। সাধারণ মানুষের কোনো মতামতের তোয়াক্কা না করে, কেবল বদ্ধ ঘরে বসে এর নকশা চূড়ান্ত করা হয়েছিল।

ম্যাট শ-এর ভাষায়, “মানুষের আসলে কী প্রয়োজন, সে সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। এটি আসলে এমন এক ব্যক্তির টাকার অহংকারের স্মৃতিস্তম্ভ, যার কাছে প্রয়োজনের চেয়ে বেশি টাকা আছে। এবং তারা পুরো কাজটাই ভুল করেছে।”

নিরাপত্তার চাদরে মুড়ে ভেসেল হয়তো আবার জেগে উঠেছে, কিন্তু এর গায়ে লেগে থাকা বিষণ্ণ অতীত আর বর্তমানের ‘খাঁচাসদৃশ’ রূপ দর্শনার্থীদের মনে এক দীর্ঘস্থায়ী প্রশ্নেরই জন্ম দিয়ে যাবে।

রেফারেন্স লিংকঃ The Vessel in NYC’s Hudson Yards reopens with safety netting 3 years after spate of suicides. But is it any better? | CNN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *