শিট পাইলিং কি আমরা কতজন বুঝি? বাসা বাড়ি নির্মাণ করতে গেলেও অনেক সময় শিট পাইলিং করতে হয়। আর শিট পাইলিং নিয়ে নানা প্রশ্নের উত্তর দিবেন স্থপতি সুবীর কুমার সাহা।
- শিট পাইল বলতে কী বোঝায়?
পাতলা স্টিলের শিট, কংক্রিট স্ল্যাব, কাঠের তক্তা প্রভৃতিকে একটির সঙ্গে আরেকটি যুক্ত করে ভূ-গর্ভস্থ মাটিতে স্থাপন করে মাটি বা পানি ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো ব্যবহার করা হয়, তাকে বলা হয় শিট পাইল।
- কী কী কাজে শিট পাইল ব্যবহার করা হয়?
সাধারণত যে উদ্দেশ্যে শিট পাইল ব্যবহৃত হয়Ñ
- বাল্কহেড নির্মাণে
- ডক এবং পোতাশ্রয় নির্মাণে
- সি-ওয়াল, ব্রেক ওয়াটার নির্মাণে
- ভূ-গর্ভস্থ পানি চলাচলকে বাধা প্রদানে
- নদী, খাল, পুকুর, সমুদ্র বা যেকোনো জলাশয় পাড়কে ভাঙন থেকে রক্ষা করতে
- ভিত্তি এবং ভিত্তির নিম্নস্থ মাটিকে সীমাবদ্ধ রাখতে এবং পার্শ্বসরণ প্রতিরোধে
- কাঠামোর ভিত্তি ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করতে
- ড্যামের নিচে বাধা দানে (ঈঁঃ ঙভভ) দেয়াল হিসেবে ব্যবহারে
- ভিত্তির খাদের খাড়া পার্শ্বকে প্রতিরোধ করতে
- মাটিকে সীমাবদ্ধ করার ফলে ভারবহন ক্ষমতা বাড়াতে।
- শিট পাইল দেয়াল বলতে কী বোঝায়?
মাটিকে ধরে রাখার উদ্দেশ্যে পাশাপাশি সারিবদ্ধভাবে শিট পাইল মাটির অভ্যন্তরে বসিয়ে যে ধারাবাহিক খাড়া দেয়াল নির্মাণ করা হয়, তাকে শিট পাইল দেয়াল বলে।
- শিট পাইল দেয়াল ব্যবহারভেদে কত প্রকার ও কী কী?
ব্যবহারভেদে শিট পাইল দেয়াল তিন প্রকার। যেমন-
- ক্যান্টিলিভার শিট পাইলিং
- অ্যাংকরড শিট পাইলিং
- ব্রেসড শিটিং।
- শিট পাইল দেয়াল কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
শিট পাইল দেয়াল সাধারণত পানিতে কোনো কাঠামো স্থাপনে, অস্থায়ী এবং কম ভারী নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- ক্যান্টিলিভার শিট পাইলিং কী?
যে শিট পাইল দেয়ালের উচ্চতা ৩ মিটারের চেয়ে কম, তাকে ক্যান্টিলিভার শিট পাইলিং বলে।
- অ্যাংকরড শিট পাইলিং কী?
যে শিট পাইল দেয়াল উচ্চতায় বেশি তাকে অ্যাংকরড শিট পাইলিং বলে। এর ওপরের ভূমিতলের কাছে অথবা ওপরের ভূমিতলে অ্যাংকর রড থাকে।
প্রকাশকাল: বন্ধন, ৮২তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭।