নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক

বিক্রি করুন পণ্য, বিবেক নয়!

চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আমের সুখ্যাতি দেশজুড়ে। ক্ষীরসা, আম্রপালি, ল্যাংড়া, ফজলিসহ হরেক রকম আমের দিগন্ত বিস্তৃত বাগান এলাকাটির সর্বত্রই। প্রতিবছর গ্রীষ্মে এখানে বসে আমের বিশাল মেলা। এ সময় দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ী আর ভ্রমণপিপাসুদের পদচারণে মুখর হয়ে ওঠে আমখ্যাত জনপদটি। বরেন্দ্র অঞ্চলে হওয়ায় ইতিহাস-ঐতিহ্যের ধারক হলেও সম্প্রতি ব্যবসা-বাণিজ্যে আর কৃষিতে এলাকাটিতে লেগেছে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া। নির্মাণসামগ্রীর ব্যবসায়ও এসেছে দারুণ গতি। জেলা শহরটির বারঘরিয়া বাজারে অবস্থিত মেসার্স শফিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম শফিক। এলাকার সফল নির্মাণপণ্য ব্যবসায়ী। বন্ধন-এর ‘সফল যাঁরা কেমন তাঁরা’ পর্বে তাঁর সফলতার কাহিনি জানতে সঙ্গী হলেন আকিজ সিমেন্টের পরিবেশক মেসার্স প্রিয় ট্রেডিং করপোরেশনের অর্থ সংগ্রাহক মো. রফিকুল ইসলাম। আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা আবু ফতে আল নোমানের সহযোগিতায় থাকছে সফল এ ব্যবসায়ীর সাফল্য-কথন।

এলাকায় শফিকের পরিচিতি একজন পরিশ্রমী ব্যবসায়ীর পাশাপাশি আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা মানুষ হিসেবে। জন্ম ১ জুন ১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়াতে। বাবা আলহাজ সুলতান আহমেদ আর মা মোছা. রাহেলা বেগম। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে পঞ্চম। চামাগ্রাম হে.না উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাসের পর কর্মসূত্রে পাড়ি জমান দক্ষিণ কোরিয়ায়। সেখানে কাজ করতেন স্থানীয় এক শিল্পপ্রতিষ্ঠানে। চার বছর পর দেশে ফেরেন। শুরু করেন ব্যবসা। এ ব্যবসা-সে ব্যবসায় কাটে কটি বছর; কিন্তু কোনোটাতেই পেলেন না সফলতার দেখা। ঘোর হতাশা ঘিরে ধরলেও মনে মনে খুঁজতে থাকেন নতুন ব্যবসা। সব সময় ভাবতেন এমন কিছু করবেন, যা তাঁকে সমাজে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করে সমৃদ্ধ করবে ব্যবসাকে। সবদিক বিবেচনায় এলেন নির্মাণপণ্য ব্যবসায়। বারঘরিয়া বাজারেই পসরা সাজালেন সিমেন্ট, রড আর ঢেউটিনের। নিজের দক্ষতায় ব্যবসার প্রসার ঘটায় শেষমেশ থিতু হলেন এ ব্যবসাতেই। 

শফিকুল ইসলাম শফিক এখন এলাকার একজন সফল ব্যবসায়ী হলেও ব্যবসায় তাঁর ছিল না কোনো ধরনের পূর্বঅভিজ্ঞতা। বিদেশে থাকাকালীন প্রচুর পরিশ্রম করতেন; আর তাই বোঝেন শ্রমের মর্যাদা। নির্মাণপণ্য ব্যবসার প্রসারে শুরুতে দিতে হয়েছে প্রচুর শ্রম। সব সময় গুণগতমানের পণ্য বিক্রি করেন স্বল্প মুনাফায়। সঠিক ওজন নিশ্চিত করেন ডিজিটাল মেশিনে। পণ্য বিক্রিতে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করেন না। এসব কারণে এলাকার সবাই তাঁকে বিশ্বাস করে সহজেই। এমনকি দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন তাঁর দোকানের পণ্য কিনতে। খুচরা পর্যায়েই বিক্রিটা বেশি। তবে অত্র এলাকার সব রকমের ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণপণ্যের সরবরাহকারী তিনি। সাধারণত বাকিতে পণ্য বিক্রি করেন না, তবে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে বাকিতে পণ্য দিয়ে থাকেন। পন্থাটি ব্যবসায়িক প্রসারে দারুণ কার্যকর। 

সব সময়ই গুণগতমানের পণ্য বিক্রিতে মনোযোগ তাঁর। বেশ কয়েক বছর হলো বিক্রি করছেন আকিজ সিমেন্ট। পণ্যটি বিক্রিতে নিজ এলাকায় তিনি অনবদ্য। আকিজ সিমেন্টের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের প্রাইম সেলার। পণ্যটি বিক্রির শুরুর বছরেই এলাকটিতে হন দ্বিতীয়। পরের বছরই চলে আসেন শীর্ষ স্থানে। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ এই তিন জেলায় হন প্রথম। পরের বছর সমগ্র উত্তরবঙ্গে শীর্ষ স্থান অর্জন করে গড়েন বিরল দৃষ্টান্ত। তাঁর এ অভাবনীয় সাফল্যে কোম্পানির পক্ষ থেকে পেয়েছেন নানা ধরনের উপহার ও সম্মাননা। কয়েকবার বিদেশভ্রমণের সুযোগ পেয়েও ব্যবসায়িক ব্যস্ততায় যেতে পারেননি। তবে এবার আকিজ সিমেন্টের দেওয়া নির্দিষ্টসংখ্যক পণ্য বিক্রির সুবাদে যাচ্ছেন থাইল্যান্ডে। 

ব্যবসায়ীক পণ্য সাথে ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক
ব্যবসায়ীক পণ্য সাথে ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক

সফল এ ব্যবসায়ী বিয়ে করেছেন ১৯৯৮ সালে। স্ত্রী শামসুন্নাহার শিল্পী। সুখী এ দম্পতির তিন ছেলে। বড় ছেলে মো. নাঈম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সরকারি হরিমোহন উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে, মেজো ছেলে মো. কাইয়ুম উদ্দিন পঞ্চম শ্রেণিতে এবং ছোট ছেলে মো. মাহি উদ্দিন প্রথম শ্রেণিতে বারঘরিয়া ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলে পড়ছে। বারঘরিয়া বাজারে এখন তাঁর একটি শোরুম ও তিনটি গোডাউন। পাশাপাশি রয়েছে অন্য ব্যবসাও। ইটভাটাসহ আমের বাণিজ্যিক বাগানও আছে তাঁর। কয়লার ব্যবসা করছেন স্থানীয়ভাবে। এলাকার ইটভাটাগুলোতে তিনি কয়লা সরবরাহ করে থাকেন। সামাজিক কাজের সঙ্গেও জড়িয়েছেন নিজেকে। বারঘরিয়া বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমানে কাজীপাড়া জামে মসজিদের সভাপতি এবং মাদ্রাসা ও গোরস্থানের সদস্য। এলাকার দুস্থদের সাধ্যমতো সহায়তা করেন। 

হাস্যোজ্জ্বল এ ব্যবসায়ী আত্মবিশ্বাসে বলীয়ান। যেকোনো পণ্যের বাজার সৃষ্টির পাশাপাশি তাঁকে জনপ্রিয় করে তোলার অসাধারণ ক্ষমতা রয়েছে তাঁর। নিয়ন্ত্রণ করতে পারেন ক্রেতার ক্রয় ইচ্ছাকেও। আর এটা সম্ভব হয়েছে দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা আর নিজস্ব সততায়। 

মাহফুজ ফারুক

প্রকাশকাল: বন্ধন ৫৪ তম সংখ্যা, অক্টোবর ২০১৪

Related Posts

ব্যবসার সাফল্যে চাই পরিকল্পনা

জীবন মানে যুদ্ধ; আর যুদ্ধে জেতার বড় উপায় কৌশল। তেমনি ব্যবসায় সাফল্য পেতেও হতে হয় কৌশলী; দিতে হয়…

ব্যবসায় সফলতায় চাই মনোবল

দেশের প্রাচীন জনপদ নওগাঁ। ছোট ছোট নদীবহুল বরেন্দ্র এ ভূমি প্রাচীনকাল থেকেই কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। কৃষিকাজের উপযোগী হওয়ায়…

সততায় যিনি আপসহীন

একজন সফল ব্যবসায়ী হিসেবে সকলে তাঁকে আদর্শ মানলেও ব্যবসায়িক জীবনের শুরুতে অনেক ব্যবসাতেই  হয়েছেন ব্যর্থ। ব্যক্তিজীবন ও সংসারেও…

ব্যবসায়ীকে হতে হবে সাহসী

রাজধানী ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জ। ঢাকার সঙ্গে সহজ ও দ্রুত যোগাযোগব্যবস্থার কারণে প্রতিনিয়তই ঘটছে ব্যবসা-বাণিজ্যের প্রসার; গড়ে উঠছে অসংখ্য…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq