• Home
  • ফোকাস
  • ট্রাম্পের প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চ যে কারণে ক্লাসিক্যাল স্থাপত্যের ভুল পাঠ
Image

ট্রাম্পের প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চ যে কারণে ক্লাসিক্যাল স্থাপত্যের ভুল পাঠ

ক্লাসিক্যাল স্থাপত্যের ভাষা বারবার ইতিহাসের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মুহূর্তে ফিরে এসেছে। কখনো বিজয়ের প্রতীক হিসেবে, কখনো রাষ্ট্রীয় পরিচয়ের ভাষা হিসেবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে প্রস্তাবিত একটি ট্রায়াম্ফাল আর্চ এই ঐতিহ্যকে নতুন করে বিতর্কের মুখে দাঁড় করিয়েছে। 

সমালোচকদের মতে, এটি ক্লাসিক্যাল স্থাপত্যের পুনরাবৃত্তি তো নয়ই, বরং তার অর্থ ও শৃঙ্খলার একটি বিচ্যুতি। এই বিতর্কই তুলে ধরেছে ক্লাসিক্যাল স্থাপত্যের প্রকৃত ভাষা এবং তার সমকালীন রাজনৈতিক ব্যবহার সম্পর্কে।

ট্রায়াম্ফাল আর্চের ঐতিহাসিক ভিত্তি

ট্রায়াম্ফাল আর্চ হলো বিজয়, সাফল্য বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার জন্য নির্মিত একটি ‘স্মারক তোরণ’, বা ‘বিজয়দ্বার’। এই ধারণাটি প্রাচীন রোমে বিজয় ও সামরিক অর্জনের স্মারক হিসেবে বিকশিত হয়। যেমন আর্চ অব টাইটাস, বা আর্চ অব কনস্টানটাইন এই কাঠামোগুলো নির্দিষ্ট বিজয়, নির্দিষ্ট শাসক এবং নির্দিষ্ট ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে।

দ্য আর্কিটেক্টস নিউজপেপার-এ প্রকাশিত মতামতে চিন্তাবিদ নাওমি লি জানাচ্ছেন যে, এটি প্যারিসের Arc de Triomphe (আর্ক দ্য ত্রিয়ঁফ) এর ঐতিহ্যের একটি আধুনিক রূপ। এটি নেপোলিয়নের বিজয়ের স্মারক হিসেবে শুরু হলেও সময়ের সাথে জাতীয় স্মৃতির একটি বিস্তৃত প্রতীক হয়ে উঠেছে। যেখানে সামরিক বিজয় ও মানবিক ক্ষতির স্মৃতি একত্রিত হয়েছে।

সমালোচকদের মতে, এটি ক্লাসিক্যাল স্থাপত্যের পুনরাবৃত্তি তো নয়ই, বরং তার অর্থ ও শৃঙ্খলার একটি বিচ্যুতি। ছবি: দ্য আর্কিটেক্টস নিউজ
ক্লাসিক্যাল নকশার শৃঙ্খলা ও অনুপাত

ক্লাসিক্যাল স্থাপত্য কেবল আকার বা অলংকরণের বিষয় নয়। এটি অনুপাত, শ্রেণিবিন্যাস (hierarchy) এবং স্থাপত্যিক শৃঙ্খলার উপর নির্ভরশীল। Arc de Triomphe-এর ক্ষেত্রে যেমন দেখা যায়, এর ভর, স্তম্ভ এবং উপরের অংশের ভারসাম্য এমনভাবে নির্ধারিত যাতে কোনো অংশ অন্য অংশকে অতিক্রম করে না।

এই ঐতিহ্যের মূল ভিত্তি রোমান স্থাপত্য, এবং ভিট্রুভিয়াসের নীতি। যেখানে স্থাপত্যের সৌন্দর্য নির্ধারিত হয় “order, arrangement, symmetry, propriety” (শৃঙ্খলা, বিন্যাস, প্রতিসাম্য ও শোভনতা) ইত্যাদির মাধ্যমে। এই দৃষ্টিকোণ থেকে ক্লাসিক্যাল স্থাপত্য একটি সুনির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা। ট্রায়াম্ফাল আর্চে তা দেখা যায় না।

ক্লাসিক্যাল ঐতিহ্যের অপব্যাখ্যা ও সমালোচনা

নাওমি’র লেখাটিতে সমালোচকদের উদ্ধৃত করে বলা হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত আর্চটি ক্লাসিক্যাল রূপ ব্যবহার করলেও তার অন্তর্নিহিত শৃঙ্খলা অনুসরণ করছে না। স্থাপত্য তাত্ত্বিকদের মতে, ক্লাসিক্যাল ভাষা কোনো আলাদা আলাদা অলংকরণের সমষ্টি নয়। এটি একটি সামগ্রিক নীতি-নির্ভর ব্যবস্থা।

লুক্সেমবার্গীয় স্থপতি লিওন ক্রিয়ারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যখন এই নীতি উপেক্ষিত হয়, তখন ক্লাসিক্যাল রূপ কেবল একটি “caricature” অর্থাৎ, ব্যাঙ্গচিত্রে পরিণত হয়। যেখানে ফর্ম থাকে, কিন্তু যুক্তি হারিয়ে যায়।

সমালোচকদের মতে, ট্রাম্পের আর্চটি ক্লাসিক্যাল রূপ নিলেও তার শৃঙ্খলা মানে না। ছবি: দ্য আর্কিটেক্টস নিউজ
প্রতীকী ভাষা ও অতিরঞ্জনের সমস্যা

প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চ বাহ্যিকভাবে ক্লাসিক্যাল ভাষা অনুসরণ করলেও সমালোচকদের মতে এর অনুপাত ভারসাম্যহীন এবং অতিরিক্ত অলংকরণে ভরপুর। বিশেষ করে সোনালি অলংকরণ ও বৃহৎ স্কেল এটিকে অতিরঞ্জিত করে তোলে।

এছাড়া “ONE NATION UNDER GOD” শিলালিপিটি এটিকে একটি বহুস্তরীয় নাগরিক স্মারকের বদলে সরাসরি রাজনৈতিক বার্তার দিকে নিয়ে যায়। যা ক্লাসিক্যাল ঐতিহ্যের সূক্ষ্মতা থেকে দূরে সরিয়ে দেয়।

টাইপোলজির প্রশ্ন ও ঐতিহাসিক অসামঞ্জস্য

ক্লাসিক্যাল স্থাপত্যে প্রতিটি কাঠামোর একটি নির্দিষ্ট টাইপোলজি বা ব্যবহারগত যুক্তি থাকে। ট্রায়াম্ফাল আর্চ সাধারণত সামরিক বিজয়কে কেন্দ্র করে গঠিত। কিন্তু ২৫০তম জাতীয় বার্ষিকীকে এই কাঠামোর মাধ্যমে উপস্থাপন করা টাইপোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ হতে হয়।

লেখাটিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সাধারণত ওয়াশিংটন মনুমেন্টের মতো ওবেলিস্ক, লিংকন মেমোরিয়ালের মতো টেম্পল ফর্ম, বা ক্যাপিটল ভবনের মতো ডোম ব্যবহার করে জাতীয় প্রতীক নির্মাণ করেছে। যা তুলনামূলকভাবে ভিন্ন প্রতীকী ভাষা বহন করে।

২৫০তম জাতীয় বার্ষিকীকে এই কাঠামোর মাধ্যমে উপস্থাপন করা টাইপোলজিক্যালভাবে প্রশ্নবিদ্ধ। ছবি: দ্য আর্কিটেক্টস নিউজ
স্থায়িত্ব, উপাদান ও ঐতিহ্যের ধারাবাহিকতা

ক্লাসিক্যাল স্থাপত্যে উপাদানের সত্যতা গুরুত্বপূর্ণ। ট্রায়াম্ফাল আর্চে সত্যতারও ঘাটতি দেখা যায়। পাথরকে পাথর হিসেবে অনুভব করা, ভরকে ভর হিসেবে বোঝা। সমালোচকদের মতে, প্রস্তাবিত আর্চের ডিজিটাল-সদৃশ, চকচকে ও অতিরিক্ত পরিশীলিত রূপ স্থায়িত্ব এবং ঐতিহ্যের অনুভূতিকে দুর্বল করে দিতে পারে।

Arc de Triomphe-এর মতো ঐতিহাসিক কাঠামো সময়ের সাথে ‘প্যাটিনা’ অর্থাৎ মৃদু রঙের পরিবর্তন অর্জন করে, যা তাকে আরও গভীর অর্থ প্রদান করে। এই ধরণের সময়-নির্ভর রূপান্তর ক্লাসিক্যাল স্থাপত্যের গুরুত্বপূর্ণ অংশ।

নাগরিক অর্থ ও রাজনৈতিক প্রেক্ষাপট

লেখাটির একটি গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে যে, স্মারক স্থাপত্যের উদ্দেশ্য হওয়া উচিত সময় ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে ওঠা। কিন্তু প্রস্তাবিত আর্চটিকে তার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলাদা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এর স্কেল, শিলালিপি এবং অলংকরণ একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত হয়ে যায়। যা এর সর্বজনীন নাগরিক প্রতীকে পরিণত হওয়ার ক্ষমতাকে সীমিত করতে পারে।

ট্রাম্পের প্রস্তাবিত আর্চটি ক্লাসিক্যাল ভাষার শৃঙ্খলা ও টাইপোলজিক্যাল সংহতি নিয়ে প্রশ্ন তোলে। ছবি: দ্য আর্কিটেক্টস নিউজ

Arc de Triomphe সময়ের সাথে তার রাজনৈতিক উৎস ছাড়িয়ে একটি জাতীয় স্মৃতির প্রতীকে পরিণত হতে পেরেছিল। কারণ তার নকশাগত শৃঙ্খলা, অনুপাত এবং ঐতিহ্যগত যুক্তি ছিল সুসংহত। এর বিপরীতে ট্রাম্পের প্রস্তাবিত আর্চটি ক্লাসিক্যাল ভাষা ব্যবহার করলেও সেই শৃঙ্খলা ও টাইপোলজিক্যাল সংহতি নিয়ে প্রশ্ন তোলে।

ফলে বিতর্কটি কেবল একটি স্থাপত্য প্রকল্পকে ঘিরেই নয়, এটি ক্লাসিক্যাল স্থাপত্যের অর্থ, তার রাজনৈতিক ব্যবহার এবং সমকালীন স্মারক নির্মাণের উদ্দেশ্যকে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তুলে ধরে। ট্রায়াম্ফাল আর্চ তাতে ব্যর্থ।

তথ্যসূত্র

দ্য আর্কিটেক্টস নিউজ

নাওমি লি এর সংক্ষিপ্ত পরিচিতি:

নাওমি নিউইয়র্কভিত্তিক একজন লেখক ও সম্পাদক। তিনি দ্য অ্যাস্টোরিয়ান সাহিত্য সাময়িকীর সম্পাদক-প্রধান। এটি ধ্রুপদি সাহিত্যিক রীতিনীতির ভিত্তিতে পরিচালিত হয়। 

তিনি Duke University থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেন এবং স্থাপত্যকে কেন্দ্র করে শিল্প-ইতিহাসে একটি সার্টিফিকেট সম্পন্ন করেন। তার লেখা ও নিবন্ধ প্রকাশিত হয়েছে The Threepenny Review, Apollo, Expat Press, Hobart Pulp এবং Assouline-সহ বিভিন্ন প্রকাশনায়।

Related Posts

টাইলসের রকমফের ও আধুনিক ভবন নির্মাণ

বর্তমান সময়ে একটি ভবনের নান্দনিকতা, স্থায়িত্ব এবং ব্যবহারিক সুবিধা নিশ্চিত করতে টাইলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় টাইল শুধুমাত্র…

ভারতের ৪টি সুন্দর স্মৃতি থেকে নির্মিত বাড়ি

ভারতের সবচেয়ে সুন্দর বাড়িগুলো প্রায়শই স্মৃতি থেকে শুরু হয়। রান্নাঘর পুরোনো আম গাছের গন্ধে ভরপুর থাকে, করিডোরে হাসির…

গাছকে কেন্দ্র করে নির্মিত আবাসনের নতুন ভাষা: ‘হোমস অ্যারাউন্ড ট্রিজ’

দ্রুত নগরায়ণ, জমির সংকট এবং বাজারকেন্দ্রিক আবাসন উন্নয়নের চাপে সমসাময়িক ভারতীয় শহরগুলোতে আবাসন ক্রমেই একটি পণ্য হিসেবে বিবেচিত…

ফেনীর নামকেও সমৃদ্ধ করে চাঁদগাজী মসজিদ

বাংলাদেশের ইতিহাসের অনেক স্মৃতি আমাদের নস্টালজিক করে তোলে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ঐতিহাসিক মসজিদগুলো। এমনই এক ঐতিহাসিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *