• Home
  • সবিশেষ
  • নিজের বাড়ি নিজেই করি
    এইচবিআরআইয়ের প্রশিক্ষণ নিয়ে নিজেই করুন বাড়ি নির্মাণ
নিজের বাড়ি নিজেই করি

নিজের বাড়ি নিজেই করি
এইচবিআরআইয়ের প্রশিক্ষণ নিয়ে নিজেই করুন বাড়ি নির্মাণ

দেশের প্রচলিত নির্মাণকাজের গুণগত মান বাড়াতে এবং নতুন উপকরণ উদ্ভাবন ও নির্মাণকৌশল উন্নয়নের লক্ষ্যে গবেষণার গুরুত্ব সর্বজনবিদিত। এ লক্ষ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গবেষণাকাজ সুষ্ঠুভাবে পরিচালনা এবং উদ্ভাবিত নির্মাণ উপকরণ ও পদ্ধতিসমূহ স¤প্রসারণের জন্য কাজ করছে। 

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে সম্পদ অত্যন্ত সীমিত এবং ভূমির তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, সেখানে গবেষণার মাধ্যমে নির্মাণ উপকরণ ও সম্পদের অপচয়রোধ, মিতব্যয়ী অনুশীলন ও মান নিয়ন্ত্রণের উপায় জনপ্রিয়করণ এবং প্রচলিত নির্মাণপদ্ধতির পরিবর্তে আধুনিক নতুন নির্মাণ উপকরণ ও কৌশল উদ্ভাবনের প্রয়োজনীয়তা একান্তই অনস্বীকার্য। 

উপরিউক্ত লক্ষ্যগুলোর পাশাপাশি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট দেশের জনগণের, বিশেষ করে গৃহনির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণদানের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে। নিজের বাড়ি নিজেই করি এর মধ্যে অন্যতম।

বাড়ির ডিজাইন স্কেচ

প্রশিক্ষণের উদ্দেশ্য

বাড়ি নির্মাণের আগে একজন নির্মাতার মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা থাকে, নির্মাণকাজে হাত দেওয়ার পর সে উৎসাহ ও উদ্দীপনায় ভাটা পড়তে থাকে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার মনে প্রশ্ন জাগে, বাড়িটি সময়মতো হবে তো? নির্মাণকাজ ঠিকমতো হবে কি না? ইট, বালু, সিমেন্ট ও রডের গুণগতমান ঠিক আছে কি না? প্রাক্কলিত মূল্যের মধ্যেই বাড়িটির নির্মাণকাজ শেষ করা যাবে কি না? এ ধরনের সমস্যা একজন নির্মাতাকে অনেক সময় অত্যন্ত অসহায় আর হতাশাগ্রস্ত করে তোলে। তা ছাড়া নির্মাণবিষয়ক সরকারি বিধি-বিধান ও আইন সম্পর্কে জনমনে রয়েছে সচেতনতার অভাব। এসব বিষয় বিবেচনায় রেখে পাকা বাড়ি নির্মাণের বিভিন্ন সমস্যার সমাধান, নির্মাণব্যয় হ্রাস এবং সুষ্ঠুভাবে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে পাকা বাড়ি নির্মাতাদের সঠিক ধারণা প্রদানের জন্যই ‘নিজের বাড়ি নিজেই করি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। 

প্রশিক্ষণের বিষয়াবলি

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় যেসব সমস্যা সম্পর্কে ধারণা ও বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করা হয়ে থাকে, তা হচ্ছে-

  • প্রশিক্ষণকোর্সের উদ্দেশ্য ও কোর্সের উদ্বোধন।
  • বাড়ি নির্মাণের আগে করণীয় বিষয়াবলি যথা জমি নির্বাচন, স্থাপত্য ও কাঠামো নকশা প্রণয়ন, মৃত্তিকা পরীক্ষা ইত্যাদি। 
  • বাড়ির নির্মাণব্যয় নিরূপণ করা। 
  • নির্মাণ উপকরণ যেমন ইট, বালু, সিমেন্ট, রড, কাঠ, ক্রয়ের আগে মান যাচাই করার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা প্রদান।
  • দক্ষ মিস্ত্রি নির্বাচন ও নিয়োগ করা।
  • নির্মাণের সময় ভুলক্রুটি সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া এবং সাবধানতা অবলম্বন করা।
  • বাড়ির বিভিন্ন অংশে রং ব্যবহারের পদ্ধতি।
  • বাড়িতে পানি সরবরাহ ও পয়োনিস্কাশনব্যবস্থা। 
  • বাড়ির বৈদ্যুতিক ও যান্ত্রিক সার্ভিস সম্পর্কে ধারণা প্রদান।
  • নির্মাণ উপকরণের অপচয় রোধকরণ। 
  • নির্মাণব্যয় হ্রাসকরণ এবং 
  • এইচবিআরআই উদ্ভাবিত প্রযুক্তি ও উপকরণ সম্পর্কে ধারণা দেওয়া। 

প্রশিক্ষণের পদ্ধতি

উপরিউক্ত বিষয়াবলি প্রশিক্ষণকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণার্থীগণকে প্রতিষ্ঠানের ফিজিক্যাল টেস্টিং ল্যাবরেটরিতে নির্মাণ উপকরণের গুণাগুণ সম্পর্কে প্রাকটিক্যাল ধারণা দেওয়া হয়। তা ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন মডেল হাউস, ফেরো সিমেন্ট প্রযুক্তি, প্রিস্ট্রেস্টড প্রিকাস্ট মাইক্রো পাইল ইত্যাদি সরেজমিনে ফিল্ড ভিজিট করানো হয়। প্রশিক্ষণের পঞ্চম দিন একটি প্রশিক্ষণ মূল্যায়ণ গ্রহণ করা হয়। প্রশিক্ষণশেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়।

প্রশিক্ষক

কোর্সটি পরিচালনা করেন নির্মাণকাজের সঙ্গে জড়িত এবং দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত অত্র  প্রতিষ্ঠানের গবেষক, প্রকৌশলী, স্থপতি এবং বিজ্ঞানীরা। এ ছাড়া নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য  প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ পর্যন্ত আয়োজিত প্রশিক্ষণ

এ যাবৎ ৭৬টি ব্যাচে প্রায় তিন হাজার বাড়ি নির্মাতা এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 

প্রশিক্ষণের সময়কাল

প্রশিক্ষণকোর্সটি সান্ধ্যকালীন। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ দিন অনুষ্ঠিত হয়। তবে ঢাকার বাইরে প্রশিক্ষণকোর্সটি পূর্ণ দিবস এবং তা স্থানভেদে দুই-তিন দিনের হয়। 

প্রশিক্ষণে অংশ নেওয়ার যোগ্যতা

যেকোনো ব্যক্তি পুরুষ অথবা মহিলা, যিনি পাকাবাড়ি নির্মাণ করতে যাচ্ছেন বা ভবিষ্যতে বাড়ি নির্মাণ করতে ইচ্ছুক, এমন ব্যক্তি কিংবা প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নিতে পারেন। 

কোর্স রেজিস্ট্রেশন ফি

এই প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশনের লক্ষ্যে দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করা হয়। আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ৪০ জনকে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বর্তমানে এ প্রশিক্ষণ কর্মসূচির কোর্স ফি দুই হাজার টাকা মাত্র। 

বিভাগীয় ও অন্যান্য শহরে অনুষ্ঠিত কোর্সসমূহ

প্রতিবার এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তিটি দৈনিক সংবাদপত্রে প্রকাশের পর চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনেকে যোগাযোগ করে। তাঁদের এই আগ্রহের প্রতি সাড়া দিয়ে এইচবিআরআই কর্তৃপক্ষ প্রতিবছর কমপক্ষে দুটি কোর্স ঢাকার বাইরে পর্যায়ক্রমে আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এ যাবৎ মোট ছয়টি কোর্স ঢাকার বাইরে অনুষ্ঠিত হয়েছে। 

বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন

বিভাগীয় শহরে অনুষ্ঠিত কোর্সসমূহ

ঢাকায় চলমান ৭৭তম কোর্স

১৪-১৫ জুন, ২০১৩ হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী ‘নিজের বাড়ি নিজেই করি’ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। এতে সর্বমোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

প্রশিক্ষণের স্থান

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউড (এইচবিআরআই)

১২০/৩ দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬।

যোগাযোগ

কোর্স কো-অর্ডিনেটর 

ফোন : ৯০০০৮১৯-২২

অথবা

সদস্যসচিব, ‘প্রশিক্ষণ সেল’

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট 

ফোন : ৮০৩৪০৯৫। 

পরিশেষ

বাড়ি নির্মাতাদের উপযোগী ‘নিজের বাড়ি নিজেই করি’ প্রশিক্ষণ কর্মসূচিটি কেবল ঢাকার আয়োজনে সীমাবদ্ধ না রেখে প্রতিটি বিভাগীয় শহরে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা শহরে আয়োজনের উদ্যোগ নেওয়া দরকার। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, সিডিএ, কেডিএ, আরডিএর সহযোগিতায় ঢাকার বাইরেও এ প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা সম্ভব। ইতিমধ্যে চারটি বিভাগীয় শহরে এবং দুটি জেলা শহরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং অন্যান্য বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ শহরে কর্মসূচিটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রকাশকাল: বন্ধন ৪৩ তম সংখ্যা, নভেম্বর ২০১৩

Related Posts

নিজের বাড়ি নিজে করবেন?

নিজের পছন্দমতো বাড়ি বানানোর কথা ভাবছেন? কিভাবে বানাবেন? নিজেই কি নিজের বাড়ি বানাতে পারবেন? বাড়ি বানানোর আগে এমন…

হারবিন অপেরা হাউস শুধু স্থাপত্যই নয় যেনো সংস্কৃতির মিলনমেলা

এমএডি আর্কিটেক্টস উত্তর চীনের হারবিন শহরে অবস্থিত তাদের সম্পূর্ণ হারবিন অপেরা হাউস উন্মোচন করেছে। ২০১০ সালে, এমএডি হারবিন…

উহানে জলের বুকে স্বস্তির জীবন

উহান আরবান কনস্ট্রাকশনের কাইউয়ান সেনবো রিসোর্ট,যা চীনের উহানের হৌগুয়ান হ্রদের উত্তর তীরে অবস্থিত। এখানে রয়েছে আইকনিক ‘জায়ান্ট ব্যানিয়ান…

পবিত্র কাবা ঘরের নির্মাণশৈলী

ইসলামিক স্থাপত্যের অভাব নেই দেশে, বিদেশে। তবে ইসলামের সবচেয়ে প্রাচীন স্থাপত্য বলতে গেলে বলতে হবে কাবা ঘরের কথা।…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

ফিরে দেখা ২০২৬ ফুটবল বিশ্বকাপ ও আগামীর স্টেডিয়াম
Art Gallery
Award
দক্ষিণ কোরিয়ায় সিউলের আবাসন স্থাপত্যে নতুন দিগন্ত
ভবিষ্যতের ৮টি স্টেডিয়াম যা প্রচলিত ধারণা বদলে দেবে
নুহাশ পল্লী: হুমায়ূন আহমেদের স্বপ্নের সবুজ রাজ্য
Cover
Ramna Park
রেলিং: নিরাপত্তা, সৌন্দর্য ও স্থায়িত্বের সমন্বয়