দরজা এমন এক কাঠামো, যা ভবনের ভেতর ও বাইরের পরিসরের মধ্যকার যোগসূত্র। দরজা দৃশ্যত বিষয়বস্তু ছাড়াও অদৃশ্য বিষয়বস্তু নিয়ন্ত্রণ করে, যা অভ্যন্তরীণ স্পেসের ওপর ব্যাপক প্রভাব ফেলে। বাড়িতে অতিথি এলে প্রথমেই কড়া নাড়ে দরজায়। দুয়ার যেনতেন হলে ঘরের সৌন্দর্যের ষোলো আনাই মিছে। বাড়িতে ঢোকার দরজা যদি দেখতে ভালো না হয় তাহলে ভেতরে যতই ভালো ইন্টেরিয়র ডিজাইন করুন না কেন মন মানবে কি! আর তাই স্থাপনার সৌন্দর্যে দরজাও হওয়া চাই নান্দনিক ও দৃষ্টিনন্দন।
বাড়ির স্থাপত্যশিল্পের বৈচিত্র্যের সঙ্গে ভিন্নতা এসেছে সদর দরজাও। যেহেতু সদর দরজাই একটি বাড়ির প্রথম দর্শনবস্তু, তাই এ ক্ষেত্রেও আভিজাত্যের ছোঁয়া থাকাটাই বাঞ্ছনীয়। ঘরের মূল প্রবেশদ্বার নির্বাচনে বিশেষ নজর রাখা উচিত। অবশ্যই একটু ভারী দরজা ব্যবহার করা ভালো। কারণ, বাড়ির নিরাপত্তার খাতিরে দরজাটি হওয়া চাই আরও মজবুত। এক পাল্লার দরজার চল থাকলেও নতুনভাবে বিভিন্ন ডিজাইনে দুই পাল্লার দরজাও নজর কাড়ছে সমভাবে। আবার দরজার ফ্রেমেও আনা যেতে পারে নতুনত্ব। অন্দরে যদি কাঠের ব্যবহার বেশি হয়, যেমন ঘরের সিলিং কিংবা ফ্লোর যদি হয় কাঠের, তবে মূল দরজার চৌকাঠটি কাঠেরই হওয়া উত্তম। সেক্ষেত্রে সেগুন কাঠই শ্রেয়। শোবার ঘরে সাধারণত এক পাল্লার সরলরৈখিক কাঠের দরজা ব্যবহার করা যেতে পারে। কাঠের টেক্সার দেওয়া বিভিন্ন হালকা দরজার খোঁজ মিলবে আসবাবের দোকানে। শিশুদের ঘরের দরজাটা হওয়া চাই একটু হালকা ম্যাটেরিয়ালে তৈরি, যাতে এটি অনায়াসে খোলা যায়। এ ছাড়া ওদের ঘরের রঙের সঙ্গে মিল রেখে দরজার রঙে আসতে পারে বৈচিত্র্য।
একটি স্থাপনার নান্দনিক বিকাশে দরজা সত্যিই গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ। স্থাপনার বহিঃপ্রাচীরে একটি নান্দনিক দরজা স্থাপনাটির স্কেল, মাসিংয়ের ধরনসহ অভ্যন্তরীণ চিত্র তুলে ধরতে সক্ষম। গৃহে প্রবেশদ্বার বা বহির্ভাগের দরজাগুলোর আবহাওয়া নিরপেক্ষতা বজায় রাখা উচিত, যাতে রোদ-বৃষ্টি বা ঝড়েও তা অটুট থাকে। দরজা নির্মাণ বা নির্ণয় যা-ই হোক না কেন খেয়াল রাখতে হবে অভ্যন্তরীণ স্পেস ও বহির্ভাগের মধ্যকার তাপমাত্রার ভারসাম্যটা যেন বজায় থাকে। এ ক্ষেত্রে আলোও বেশ গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ দরজাগুলোর ক্ষেত্রে লক্ষ রাখা উচিত যেন দৃশ্যত ও ধ্বনিতাত্ত্বিক গোপনীয়তা বজায় থাকে। সব ধরনের দরজা বা দ্বার সচ্ছল কর্মক্ষমতা, ব্যবহারের নিরাপত্তা এবং পর্যাপ্ত আলো ও বায়ু চলাচল ব্যবস্থার ওপর ভিত্তি করে বিবেচনা করা উচিত। বহিঃপ্রাচীরের দরজার ক্ষেত্রে লক্ষ রাখতে হবে যেন দরজাটি আবহাওয়া নিরপেক্ষ প্রলেপসম্পন্ন হয়। দরজা অবশ্যই বিল্ডিং কোড অনুযায়ী অগ্নি প্রতিরোধক্ষম ও জরুরি বহির্গমন ব্যবস্থাসম্পন্ন হওয়া উচিত। দরজার ইউনিট সাধারণত কারখানায় নির্মিত হয়। নির্মাণকালীন লক্ষণীয় বিষয়বস্তুর মধ্যে সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ। দরজার কোনো অংশে ভিসুয়াল এক্সেস থাকলে তার পরিমাপও বেশ লক্ষণীয়।
ডোরফ্রেম
ডোরফ্রেমের বিশদ কারুকার্য একটি দরজার দৃষ্টিগোচরতা স্থাপন করে। দেয়াল নির্মাণের পুরুত্বের ওপর নির্ভর করে ডোরফ্রেম রাফ ওপেনিং (Rough Opening)-এর মধ্যে অথবা দেয়ালের প্রাচীরে ওভারল্যাপ করেও সেট করা যেতে পারে। রাফ ওপেনিং হলো একটি দেয়ালের খোলা অংশ, যার মধ্যে ডোরফ্রেম বসানো হয়। হেড হলো একটি ডোরফ্রেমের সর্বোচ্চ সদস্য। জ্যাম্ব বা চৌকাঠের বাজু সাধারণত ডোরফ্রেমের দুপাশে অবস্থান করে। স্টপ হলো একটি ডোরফ্রেমের প্রজেকটিং অংশ। কেসিং ডোরফ্রেম এবং রাফ ওপেনিংয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করে। থ্রেহোল্ড বা গোবরাট আবহাওয়ার সুরক্ষা প্রদান করে।
ডোর অপারেশন
ডোর অপারেটিং হার্ডওয়্যার বা হাতল এমন হওয়া উচিত যেন সহজেই দরজা খোলা ও বন্ধ করা যায়। মেঝে থেকে ডোর অপারেটিং হার্ডওয়্যার বা হাতলের সর্বাধিক উচ্চতা ৪৮ ইঞ্চি হওয়া উচিত। ডোর অপারেশনের ওপর ভিত্তি করে দরজার রয়েছে রকমফেরÑ
প্ল্যানভেদে দরজার ধরন
সুইঙ্গিং দরজা (Swinging Door)
দরজার অন্য ধরনগুলোর মধ্যে সুইঙ্গিং দরজার ব্যবহার লক্ষণীয়। এ ধরনের দরজা সাধারণত যখন ধাক্কা বা টানা হয় তখন চৌকাঠের প্রেক্ষিতে এটি ঘুরতে সক্ষম। তাই এ ধরনের দরজার ঘূর্ণনের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গার প্রয়োজন। যেকোনো স্থাপনার প্রবেশদ্বার বা কোনো প্যাসেজে ব্যবহারের জন্য এটি যথোপযুক্ত। একটি স্পেসের তাপমাত্রার ভারসাম্যতা ও ধ্বনিতাত্ত্বিক গোপনীয়তা বজায় রাখতে এর জুড়ি নেই।
বাইপাস স্লাইডিং (Bypass Sliding)
এ ধরনের দরজা একে অপরের ওপর স্লাইড করতে সক্ষম। অনেকাংশে এই ধরনের দরজা ওভার হেড ট্র্যাক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এদের নির্দিষ্ট অপারেটিং স্পেসের প্রয়োজন। তবে আবহাওয়া নিরপেক্ষতা ও ধ্বনিতাত্ত্বিক গোপনীয়তা বজায় রাখতে এরা অক্ষম। স্থাপনার বহির্ভাগে এর ব্যবহার দৃশ্যমান। কাচের দরজায় এ ধরনের দরজার ব্যবহার বেশ উল্লেখ্য। এ ছাড়া অভ্যন্তরীণ স্পেসে ভিসুয়াল স্ক্রিনিং হিসেবে এটি ব্যবহৃত হয়।
সার্ফেস স্লাইডিং (Surface Sliding)
এ ধরনের দরজা সার্ফেসের ওপর স্লাইড করতে সক্ষম। সার্ফেস স্লাইডিং দরজা অনেকটা বাইপাস স্লাইডিং দরজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সার্ফেস স্লাইডিং দরজার প্রস্থ বাইপাস স্লাইডিংয়ের চেয়ে বেশি। স্পেসের স্বল্পতায় এ ধরনের দরজা সুইঙ্গিং দরজার পরিবর্তে ব্যবহৃত হয়।
পকেট স্লাইডিং (Pocket Sliding)
পকেট স্লাইডিং দরজা অন্যান্য দরজার চেয়ে বেশ রহস্যময়। কেননা যখন দরজাটি সম্পূর্ণ খোলা হয় এটি অদৃশ্য হয়ে পড়ে। পকেট স্লাইডিং দরজা সন্নিহিত দেয়ালের মধ্য দিয়ে স্লাইড করে। এ ধরনের দরজা ওভার হেড ট্র্যাক (ঙাবৎ ঐবধফ ঞৎধপশ) দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্পেসের স্বল্পতার ক্ষেত্রে এ ধরনের দরজার ব্যবহার কার্যকরী।
ফোল্ডিং (Folding)
ফোল্ডিং দরজায় দুই বা ততোধিক প্যানেল থাকে, যা হিনজ দ্বারা সংযুক্ত থাকে এবং খোলার সময় প্যানেলগুলো ভাঁজ হয়ে খুলে যায়। এ ধরনের দরজার অপারেটিং স্পেস প্রয়োজন। দরজার এই ধরনটিকে বাইফোল্ড দরজা বলা হয়।
নকশা বা ডিজাইনভেদে দরজার রয়েছে ভিন্নতাÑ
- ফ্ল্যাশ দরজা (Flush Door)
- গ্লাস দরজা (Glass Door)
- ভিশন দরজা (Vision Door)
- ন্যারো লাইট দরজা (Narro Light Door)
- লুভার দরজা (Louvered Door)
- ভিশন-লুভার দরজা (Vision-Louvered Door)
ক্যাপশন
একটি দরজার ন্যূনতম পরিমাপসমূহ
একটি দরজার বিভিন্ন অংশ
সুইঙ্গিং দরজা
বাইপাস স্লাইডিং দরজা
সার্ফেস স্লাইডিং দরজা
পকেট স্লাইডিং দরজা
ফোল্ডিং দরজা
ফ্ল্যাশ দরজা
কাচ দরজা
ভিশন দরজা
ন্যারো লাইট দরজা
লুভার দরজা
ভিশন-লুভার দরজা
প্রকাশকাল: বন্ধন, ৮৫তম সংখ্যা, মে ২০১৭।