ধাতব বস্তু কাটার মেশিন 

সভ্যতার ক্রমবিকাশে লোহা, তামা, দস্তা, নিকেল, স্টিল প্রভৃতি ধাতব পদার্থের ভূমিকা অসামান্য। নির্মাণ প্রকল্প, জাহাজ, যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের উপকরণ তৈরিতে ধাতব পদার্থসমূহের বহুল ব্যবহার লক্ষণীয়। বিশেষত শিল্প বিকাশে এসব ধাতব উপকরণ রেখেছে অগ্রণী ভূমিকা। তবে ধাতু কোনো নির্দিষ্ট আকারে থাকে না। বিভিন্ন খনি ও প্রাকৃতিক উৎস থেকে ধাতব উপকরণ সংগ্রহের পর তা বিভিন্ন আকার দেওয়া হয়। তবে লোহা, পাইপ, তার ইত্যাদি উপকরণসমূহ চাহিদামতো আকারে সব সময় মেলে না। এ জন্য প্রয়োজনমতো কেটে নিতে হয় অথবা আকার দিতে হয়। আর এই ধাতব বস্তুগুলোকে সঠিকভাবে বিভিন্ন আয়তনে কাটার জন্য ব্যবহার করা হয় নানা আঙ্গিকের কাটার মেশিন। কাজের গতি বাড়াতে এই মেশিনগুলো দারুণ কার্যকর।

আগে স্টিল বা অন্যন্য ধাতব বস্তু কাটতে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হতো। এতে সময় ও শ্রম লাগত বেশি। তবে ধাতব বস্তু কাটার বিভিন্ন মেশিন আবিষ্কারের ফলে অনেক সহজ হয়েছে কাটার কাজটি। বিভিন্ন কাজে বিশে^র মতো এ দেশেও বেড়েছে কাটার মেশিনের ব্যবহার ও চাহিদা। বিশেষ করে স্থাপনা ও অবকাঠামো নির্মাণকাজে, জাহাজ নির্মাণে। তা ছাড়া সম্প্রতি পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় বড় নির্মাণ প্রকল্পে হরহামেশাই ব্যবহৃত হচ্ছে কাটার মেশিন।

রড বা স্টিল কাটার যেভাবে কাজ করে

বিভিন্ন ধরনের কাটার মেশিন আছে। যেমন, কল-কারখানায় বিভিন্ন ধরনের ধাতব বস্তু কাটতে রকমভেদে কাটার মেশিন ব্যবহার করা হয়। এগুলোর বেশির ভাগই স্বয়ংক্রিয় হয়ে থাকে। আবার নির্মাণ ক্ষেত্রে অন্য ধরনের কাটার মেশিন ব্যবহৃত হয়। এই মেশিনগুলোতে সাধারণত একটি কাটার ব্লেড ব্যবহার করে এই ব্লেডের মাধ্যমে মেশিনের হাতল ধরে পরিমাপ অনুযায়ী রড বা স্টিল কাটা হয়। বিভিন্ন কারখানায় কাজের গতি বাড়াতে আধুনিক স্বয়ংক্রিয় মেশিন ব্যবহৃত হয়। স্বয়ংক্রিয় মেশিনগুলোতে বস্তুগুলো রাখার জন্য একটি ফ্রেম, সুরক্ষামূলক ঢাকনা ও গিয়ার শিফটসহ একটি ডিস্ক কাটার থাকে, যা কাজ করে অটোমেটিকভাবে।

কাটার মেশিনে যা যা থাকে

  • ফ্রেম ও ওপরের প্ল্যাটফর্ম
  • হ্যান্ডেল
  • স্টপার
  • মেশিন ভাইস
  • বৈদ্যুতিক মোটর
  • পালি
  • রড বা স্টিল বসানোর জায়গা
  • কাটিং ডিস্ক
  • বিদ্যুৎ ব্যবহারের সার্কিট
  • ট্রান্সমিশন বেল্ট এবং কিছু ক্ষুদ্র পার্টস।

কাটার মেশিন বাছাই

ধাতব বস্তুর ধরনভেদে কাটার মেশিনও হয় ভিন্ন। যেমন: বড় প্রকল্পে অধিক শক্তিমাত্রা ও আয়তনের স্টিল ও অন্যান্য ধাতব ব্যবহার করা হয়, আবার ছোট আয়তনের নির্মাণের জন্য প্রয়োজন এর বিপরীত। তা ছাড়া ধাতুভেদে কাটার মেশিনও হয় ভিন্ন প্রকৃতির। কাটার মেশিনের যত কার্যকারিতা-

গ্রেন্ডার/গ্রেন্ডিং মেশিন

কম গ্রেডের বা কম পুরুত্বের রড/স্টিল কাটতে গ্রেন্ডার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটি দিয়ে কাটার পাশাপাশি ব্লেড পরিবর্তন করে মসৃণও করা যায়। এ ছাড়া এই গ্রেন্ডিং মেশিন দিয়ে দেয়াল কাটা, ছিদ্র করার মতো কাজ করা যায়। ওয়েল্ডিংয়ের পর বা কোনো ধাতব জোড়া দেওয়ার পর এটিকে মসৃণ করতে এই গ্রেন্ডিং মেশিনের ব্যবহার ব্যাপক। বাজারে বিভিন্ন ধরনের গ্রেন্ডিং মেশিন পাওয়া যায়। যার মধ্যে রয়েছে-

  • বেল্ট গ্রেন্ডিং মেশিন
  • বেঞ্চ গ্রেন্ডিং মেশিন
  • টুল এবং কাটার গ্রেন্ডিং মেশিন
  • অ্যাঙ্গেল গ্রেন্ডিং মেশিন ও অন্যান্য।

লেদ মেশিন

কাটার ক্ষেত্রে লেদ মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ। এটি কোনো বস্তুকে নিজের অক্ষে ঘোরানোর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে যেমন: কাটিং, স্যান্ডিং, নার্লিং, ড্রিলিং বা ডিফরমেশন। এসব কাজ বিভিন্ন কাটিং টুলের সাহায্যে করা হয়।

ওয়াটার জেট কাটার মেশিন

ওয়াটার জেট মেশিনে উচ্চ চাপ ও গতিসম্পন্ন পানির ব্যবহার করে ধাতু বা অন্যান্য বস্তুকে কাটা হয়। কাটার এই প্রক্রিয়া প্রকৃতিতে পানির দ্বারা সাধারণ ক্ষয়ের মতোই। তবে ত্বরান্বিত গতিতে একই স্থানে নিবিষ্ট করে কাজটি করা হয়। অনেক সময় পানির সঙ্গে ঘর্ষক পদার্থ (বালু অথবা ধাতব কণা) মিশিয়েও কাটার কাজটি করা হয়। এই প্রক্রিয়ায় খুব শক্ত ধাতু থেকে শুরু করে কাগজ পর্যন্ত কাটা যায়। উচ্চ প্রযুক্তির কলকারখানাসহ বিমান শিল্প, জাহাজশিল্প, গাড়িশিল্পে এই প্রযুক্তির ব্যবহার ব্যাপক। বর্তমানে অনেক ধরনের ওয়াটার জেট কাটার মেশিন বাজারে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • শুধু ওয়াটার জেট
  • অ্যাবরেসিভ ওয়াটার জেট (পানির ছিদ্রের ভেতর দিয়ে বের হওয়ার পর ঘর্ষক পদার্থ মেশানো হয়)
  • স্লারি জেট (পানি নজেলে প্রবেশের আগেই ঘর্ষক পদার্থ মেশানো হয়) ও অন্যান্য।

লেজার কাটিং মেশিন

লেজার কাটিং পদ্ধতি একটি অত্যাধুনিক ও নির্ভুল কাটিং পদ্ধতি। একটি লেজার কাটিং মেশিনে লেজার রশ্মির দ্বারা সৃষ্ট তাপে নির্দিষ্ট বস্তুটি কাটা হয়। রশ্মি যেখানে পড়ে বস্তুটি সেখানটা গলে গিয়ে বাষ্পীভূত হয়। এই ভাবে কাজের জিনিসটির উপরিতলে যে খাঁজের সৃষ্টি হয়, তা হলো খোদন। বেশির ভাগ ক্ষেত্রেই এই মেশিনটি দিয়ে নকশা করার জন্য খোদনের কাজ করা হয়। এ ছাড়া কত পরিমাপ তাপ উৎপাদিত হবে তা মেশিনটি দিয়ে নির্ধারণ করা যায়। এতে ধাতব কাটার কাজটি আরও সহজ হয়।

গ্রেন্ডিং মেশিনে ব্যবহৃত ব্লেড

গ্রেন্ডিং মেশিনে ব্যবহৃত ব্লেড দিয়েই মূলত ধাতব বস্তু কাটার কাজটি করা হয়। ব্লেড পাথরের টুকরো বা ফলক, ধাতু (যেমন- ইস্পাত), চিনামাটিসহ বিভিন্ন পদার্থ দ্বারা তৈরি হতে পারে। ক্ষেত্রবিশেষে এই ব্লেডগুলো ব্যবহার করা হয়। যেমন, দেয়াল কাটার জন্য ইস্পাতের ব্লেড, রড কাটার জন্য পাথরের ফলকের তৈরি ব্লেড প্রভৃতি। এ ছাড়া পাইপ কাটার জন্য আবার অন্য ধরনের ব্লেড ব্যবহৃত হয়।

কাটার মেশিনের যত সুবিধা

  • কর্মঘণ্টা কমে
  • কাজের গতি বাড়ে
  • আয়তন অনুযায়ী ধাতব পদার্থ টুকরো করা যায়
  • কম পরিশ্রমে অনেক বেশি কাজ করা যায়
  • রড বা স্টিলের অপচয় হয় কম।

অসুবিধা

  • বিদ্যুতের মাধ্যমে মেশিন চলায় অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটতে পারে
  • অনেক সময় ব্যবহৃত ব্লেড ভেঙে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে
  • লেজার রশ্মি বা ওয়াটার জেট কাটার মেশিন নষ্ট হলে মেরামত করতে দক্ষ ইঞ্জিনিয়ার পাওয়া মাঝেমধ্যে কঠিন হয়ে দাঁড়ায়
  • কিছু মেশিন অতিরিক্ত শব্দদূষণ করে।

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের কাটার মেশিনের দরদাম

বাংলাদেশে যে কাটার মেশিন, গ্রেন্ডিং মেশিন বা ব্লেডগুলো পাওয়া যায় এর বেশির ভাগই চীন আর ভারত থেকে আমদানি করা। এ ছাড়া জাপান, কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের পণ্য আমদানি করা হয়। তবে কিছু প্রতিষ্ঠান নিজস্ব বিক্রয়কেন্দ্রের মাধ্যমেও পণ্য বিক্রি করে। বাজারে ধরনভেদে কাটার মেশিনের দরদাম-

নামদেশইঞ্জিনভোল্টেজদাম (টাকা)
DeWALTভারত৩ হর্স পাওয়ার২২০V৩০ হাজার-৩৫ হাজার
TOTALচীন৩ হর্স পাওয়ার২২০V১৬ হাজার-১৮ হাজার
SWচীন৩ হর্স পাওয়ার২২০V১৪ হাজার ৫০০-১৬ হাজার
DCAচীন৩ হর্স পাওয়ার২২০V১৫ হাজার ৫০০-১৭ হাজার ৫০০
KENচীন৪ হর্স পাওয়ার২২০V১৬ হাজার-১৮ হাজার

এ ছাড়া মডেল, গ্যারান্টি, ওয়ারেন্টি ও প্রস্তুতকারক দেশভেদে দামের তারতম্য হয়।

বহুল ব্যবহৃত গ্রেন্ডিং মেশিন

বাংলাদেশের বাজারে প্রাপ্ত বিভিন্ন ধরনের গ্রেন্ডিং মেশিনের দরদাম-

নামদেশভোল্টেজদাম (টাকা)
TOTALচীন৭১০V১৪ হাজার-১৮ হাজার
TOTALচীন৮০০V১ হাজার ৮০০-২ হাজার
DW ৮০০V৩ হাজার ৭০০-৪ হাজার
CROWN ৬০০V১ হাজার ৮০০-২ হাজার

ব্লেডের দাম

বাংলাদেশে বিভিন্ন ধরনের কাটার ব্লেড পাওয়া যায়। কোম্পানিভেদে একেক দাম আবার রড কাটার ব্লেড বা দেয়াল কাটার ব্লেড বা অন্যান্য ব্লেডের দামে পার্থক্য রয়েছে। ব্লেডগুলো আকার ও মেশিনের ধরন অনুযায়ী দামের তারতম্য লক্ষণীয়। গ্রেন্ডিং মেশিনে ব্যবহৃত কয়েকটি ব্লেডের দরদাম-

নামদেশআকার (ইঞ্চি)দাম (টাকা)
গোল্ড এলিফ্যান্টচীন১৬  ৩২০-৩৮০ 
সিনো বি গোল্ডচীন১৬  ১৬০-২০০ 
গোল্ডেন স্টারচীন১৬১৩০-১৬০ 

রক্ষণাবেক্ষণ

কাটার মেশিনগুলো মূলত বিদ্যুচ্চালিত। তাই মেশিনগুলো যত্নসহকারে রক্ষণাবেক্ষণ করতে হয়। এ ছাড়া পানি ও বিদ্যুতের মধ্যে রয়েছে দারুণ দ্বন্দ¦। তাই এগুলো পানি থেকে দূরে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে মেশিনগুলোর স্থায়িত্ব অনেকটাই বাড়ে। আর নষ্ট হলে অভিজ্ঞ মেকানিক দ্বারা মেরামত করিয়ে নিতে হবে।

নষ্ট হলে মেরামত করা হয় যেখানে

প্রায় সব কাটার মেশিনে মোটর ব্যবহার করা হয়। ছোট সাইজের মেশিনগুলো বা গ্রেন্ডিং মেশিন সাধারণত স্থানান্তর করে মেরামত করা গেলেও বড় মেশিনগুলো বা কলকারখানায় ব্যবহৃত অত্যধিক বড় আকারের মেশিনগুলো নষ্ট হলে দক্ষ মেকানিকের কাছে নিয়ে গিয়ে মেরামত করতে হয়। এ ছাড়া লেজার রশ্মি দিয়ে ধাতব কাটার মেশিন বা পানির গতিকে কাজে লাগিয়ে ধাতব কাটার মেশিনগুলো মেরামত করতে দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন হয়। আবার গ্রেন্ডিং মেশিন বা ছোট সাইজের মেশিনগুলোর মোটর বা ক্ষুদ্র যন্ত্রাংশ নষ্ট হলে স্থানীয় ইলেকট্রিক মেকানিকদের সাহায্যে মেরামত করতে দেখা যায়।

পাওয়া যাবে যেখানে

রাজধানীসহ দেশের অন্য শহরগুলোর হার্ডওয়্যার দোকানে পাওয়া যায় ছোট সাইজের ধাতব কাটার মেশিন, গ্রেন্ডিং মেশিন বা কাটারের জন্য ব্যবহৃত ব্লেডগুলো। এ ছাড়া গ্যাটকো বা এইচএমবিআরের মতো বিভিন্ন টুলস বিক্রয় প্রতিষ্ঠানের শোরুম থেকে সংগ্রহ করতে পারেন দরকারি পণ্যটি। এ ছাড়া অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের ঠিকানা ও পণ্যের বিক্রয়মূল্য। ঢাকার নবাবপুর থেকে সহজেই পাইকারি কিংবা তুলনামূলক কম মূল্যে খুচরাভিত্তিক পণ্যটি সংগ্রহ করতে পারবেন।

প্রকাশকাল: বন্ধন, ১১৭তম সংখ্যা, জানুয়ারি ২০২০।

মোয়াজ্জেম হোসেন
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top